প্রতীকী ছবি
ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে আরাকান রাজ্য, অর্থাৎ বর্তমান মিয়ানমার থেকে আসা মগ জলদস্যুরা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তারা আইনকানুনের তোয়াক্কা না করে, যা খুশি করে বেড়াত। লুটপাট, ডাকাতি অপহরণ, হত্যাসহ নানা অপরাধে সম্পৃক্ত ছিল তারা। ‘মগের মুল্লুক’ কথাটির উৎপত্তি সেখান থেকেই।
মোগল আমলে ১৬৬৬ সালে বাংলার সুবেদার শায়েস্তা খাঁর আমলে ব্যাপক সামরিক অভিযানে মগরা পরাজিত হয়ে আত্মসমর্পণ করে। তাদের একটি অংশ সুবেদারের অনুমতি নিয়ে ঢাকার একটি এলাকায় বসবাস করতে শুরু করে। সে এলাকাটিই রাজধানী ঢাকার বর্তমান মগবাজার।
একসময়ের প্রবল পরাক্রমশালী মগেরা এখন একটি ক্ষয়িষ্ণু উপজাতি। তবে তাদের অতীত কর্মকাণ্ডের কারণে উৎপত্তি হওয়া ‘মগের মুল্লুক’ কথাটি হারিয়ে যায়নি। এখনও অরাজক কোনো ঘটনা ঘটলে মানুষ মগের মুল্লুক কথাটি উচ্চারণ করে থাকে।
সাম্প্রতিক সময়ে দেশের আইনশৃঙ্খলার অবনতির সঙ্গে সঙ্গে মব সন্ত্রাসের ব্যাপক উত্থান দেশবাসীকে দুশ্চিন্তাগ্রস্ত করে তুলেছে সঙ্গত কারণেই। বিশেষ করে ২০২৪-এর গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বাংলাদেশ পরিণত হয় মবের মুল্লুকে। একশ্রেণির তরুণ প্রচলিত আইনের তোয়াক্কা না করে নিজেদের খেয়ালখুশি মতো কর্মকাণ্ড চালাতে থাকে।
নিজেদের উদ্দেশ্য পূরণের জন্য তারা আক্রান্ত ব্যক্তির গায়ে ‘পতিত ফ্যাসিস্টের দোসর’ তকমা লাগিয়ে দেয় বাছবিচার না করেই। এভাবে বহু সম্মানিত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তাকে হেনস্তা করা হয়েছে, পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এ নিয়ে পত্রপত্রিকায় বহু সমালোচনা হলেও অবস্থার তেমন উন্নতি হয়নি। বরং তৎকালীন অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততা মব সন্ত্রাসকে মহামারি আকারে ছড়িয়ে পড়তে সাহায্য করেছে। একটি রাষ্ট্রে এ ধরনের বেআইনি কর্মকাণ্ড যে মোটেই বাঞ্ছনীয় নয়, তা বলাই বাহুল্য।
মব সন্ত্রাসের আপাত সর্বশেষ শিকার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোহাম্মদ জাওয়াদুল হক। গত পরশু একটি সংঘবদ্ধ দল বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাসে ঢুকে জোরপূর্বক তাকে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করে। একই সঙ্গে সেকশন অফিসার নাজমুল হোসাইনকেও তারা পদত্যাগে বাধ্য করে।
গতকাল প্রতিদিনের বাংলাদেশসহ দেশের সব দৈনিক পত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে। খবরে বলা হয়েছে, মব সন্ত্রাসীরা ভিসিকে এই বলে শাসায় যে তিনি পতিত আওয়ামী লীগের দোসর এবং স্থানীয় ঠিকাদারদের কাজ না দিয়ে ঢাকার ঠিকাদারদের কাজ দিচ্ছেন। তারা ভিসিকে শারীরিকভাবেও লাঞ্ছিত করে। সন্ত্রাসীরা পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়ার পর ভিসিকে বের করে দিয়ে অফিসকক্ষে তালা ঝুলিয়ে দেয়। এ বিষয়ে ভিসি জাওয়াদুল হক গণমাধ্যমকে বলেছেন, ৪০-৫০ জনের একটি সংঘবদ্ধ দল অফিসে ঢুকে জোরপূর্বক তাকে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বলে। ভয়ে ও আত্মরক্ষার্থে তিনি স্বাক্ষর করে দেন। এ ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার মো. গাজিউর রহমান সংবাদমাধ্যমকে বলেছেন, ঘটনার সিসি ফুটেজ সংগ্রহে তারা কাজ করছেন। অন্যদিকে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় যা-ই হোক, তাদের ছাড় দেওয়া হবে না।
নিন্দনীয় এই ঘটনাটি যে জনমনে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে, তাতে সন্দেহ নেই। কেননা এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ দেশবাসী কখনোই কামনা করে না। বিশেষত, রাষ্ট্রক্ষমতায় যখন একটি বিপুল জনসমর্থিত রাজনৈতিক সরকার অধিষ্ঠিত, তখন এ অরাজকতা অত্যন্ত হতাশাজনক। সরকারের তরফ থেকে প্রতিনিয়ত সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলার উন্নয়নের আশ্বাস দেওয়া হচ্ছে।
কিছু ক্ষেত্রে তার প্রমাণও পাওয়া যাচ্ছে। কিন্তু মাঝেমধ্যে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মতো ঘটনা সবকিছুর বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের সম্মুখীন করছে। আমাদের কথা হলো, শিক্ষাঙ্গন, চিকিৎসাক্ষেত্র কিংবা প্রশাসনে বিগত সরকারের অনুসারীদের অবস্থান অস্বাভাবিক নয়। তবে সেটা দেখার দায়িত্ব সরকারের, কোনো ব্যক্তি বা গোষ্ঠির নয়।
আজকাল যেভাবে যাকে-তাকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে মব সন্ত্রাস সৃষ্টি করা হচ্ছে, তা স্বাধীনতার অব্যবহিত পরে ‘দালাল’ আখ্যা দিয়ে নানা ধরনের শত্রুতা উদ্ধারের কথাই স্মরণ করিয়ে দেয়। বলা নিষ্প্রয়োজন, এ প্রবণতা একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ রাষ্ট্রব্যবস্থার সহায়ক নয়।
আমরা বলতে চাই, অবিলম্বে রাজশাহীর মব সন্ত্রাসের হোতাদের আইনের আওতায় আনা হোক। একই সঙ্গে এ অশুভ প্রবণতার টুঁটি চেপে ধরতে হবে এখনই। বাংলাদেশ যাতে মবের মুল্লুক হিসেবে পরিচিতি না পায়, সে ব্যাপারে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।