মনজুরুল ইসলাম
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ০৯:৩০ এএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
দেশের রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়Ñ এটি একটি আদর্শ। এটি জাতীয়তাবাদী রাজনীতির নতুন সিলেবাস। দেশের স্বাধীনতার ঘোষণা, বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রকে বাকশালী শিকলমুক্ত করা, জাতীয় বিপ্লব ও সংহতি প্রতিষ্ঠার সাহসী বীরপুরুষ এ দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বৈরাচার বিরোধী আন্দোলন, গণতন্ত্র প্রতিষ্ঠা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তক, দেশ ও দেশের মানুষের মুক্তির সংগ্রামের আপসহীন নেত্রী প্রেসিডেন্ট জিয়ার সহধর্মিণী বেগম খালেদা জিয়া। আর অপ-রাজনীতির কারণে ধ্বংসস্তূপে পরিণত দেশকে উজ্জ্বল আগামীর পথে এগিয়ে নেওয়ার দায়িত্ব অর্পিত হয়েছে এখন তাদের রক্তের উত্তরসূরি তারেক রহমানের ওপর।
সুতরাং মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত যে দলের প্রতিষ্ঠাতার গোটা পরিবার, সেই দলকে তার নিজের রাজনীতিটাই করতে হবে। আর সেই রাজনীতি হলো মাটি ও মানুষের রাজনীতি, উন্নয়নের রাজনীতি, অর্থনৈতিক মুক্তির রাজনীতি, কর্মক্ষম মানুষ গড়ার রাজনীতি। দেশবাসীকে শান্তিতে ও স্বস্তিতে রাখার রাজনীতি। যে বীর মুক্তিযুদ্ধ করেছেন, তিনি যে তার একাত্তরের স্বপ্ন বাস্তবায়ন দেখে প্রশান্তি বোধ করতে পারেন সেই রাজনীতি। যে শিশু আজ জন্ম নিয়েছে তার নিরাপদ ঠিকানা যেন হয় এই দেশ। কোনো তরুণ যেন হতাশ হয়ে প্রশ্ন না করে ‘এ কোন দেশ’Ñ সেই রাজনীতি বিএনপিকে করতে হবে। সেই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে, দেশবাসীর কাছে চিহ্নিত শত্রু, স্বাধীনতা বিরোধীদের পাতা কোনো ফাঁদেই পা দেওয়া যাবে না। কারণ যারা দেশটা চায়নি, তারা বিএনপির বন্ধু হতে পারে না।
বিগত ১৬ বছরের একটি ফ্যাসিস্ট রিজমের অবসান, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সীমাহীন উচ্ছৃঙ্খলার পর বিএনপি একটি অসহিষ্ণু সময় পাড়ি দিচ্ছে। এ সময়ে দলটির সামনে সবচেয়ে বড় প্রশ্নÑ তারা কি অন্যের রাজনৈতিক এজেন্ডার প্রতিক্রিয়া হিসেবে রাজনীতি করবে, নাকি নিজেদের রাজনৈতিক দর্শন, ইতিহাস, কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা সামনে রেখে নিজস্ব রাজনীতির পথ তৈরি করবে? এই দলের রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, দলটির পথচলা কোনো একটি নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে, একটি নির্দিষ্ট রাজনৈতিক দর্শনÑ বাংলাদেশি জাতীয়তাবাদ, স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি দৃঢ় অবস্থান, গণতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন, বহুদলীয় রাজনীতি এবং বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক উত্থান বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মুক্তিযুদ্ধের সূচনালগ্নে স্বাধীনতার ঘোষণা প্রচারের সঙ্গে তার নাম অঙ্গাঙ্গিভাবে যুক্ত। ৭ নভেম্বর ১৯৭৫-এর রাজনৈতিক পালাবদলের পর তিনি রাষ্ট্র পরিচালনার কেন্দ্রীয় ভূমিকায় উঠে আসেন। তার সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তাগুলোর একটি ছিলÑ বাংলাদেশের নিজস্ব জাতীয় স্বার্থ সামনে রেখে রাষ্ট্রকে এগিয়ে নেওয়া। জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি এখনও প্রাসঙ্গিক। তার রাজনীতির একটি বড় বৈশিষ্ট্য ছিল উন্নয়নকে রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে যুক্ত করা। ফলে বিএনপির রাজনীতি শুধু ক্ষমতায় যাওয়ার রাজনীতি নয়। এর একটি ঐতিহাসিক, অর্থনৈতিক ও জাতীয়তাবাদী রাষ্ট্রচিন্তার শক্ত ভিত্তিও রয়েছে।
এরপর তার সহধর্মিণী একজন গৃহবধূ বেগম খালেদা জিয়ার লড়াই-সংগ্রামের অধ্যায়। দীর্ঘ ৯ বছরের স্বৈরাচার-বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির অন্যতম প্রধান নেত্রী হিসেবে জনগণের ভালোবাসার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। ১৯৯১ সালে ক্ষমতায় এসে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, শিক্ষা, নারী উন্নয়ন, অর্থনীতি, অবকাঠামো, কৃষি, মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ন রাখা এবং বেসরকারি খাতের বিকাশে তার সরকারের নানা উদ্যোগ বাংলাদেশের রাজনীতিতে নতুন পালক যুক্ত করে। অর্থাৎ জিয়াউর রহমানের পর খালেদা জিয়া বিএনপির রাজনীতিকে নতুন সময়ের সঙ্গে মানিয়ে নিয়েছেন। আর এখন সেই ধারাবাহিকতার তৃতীয় গুরুত্বপূর্ণ পর্যায়ে দাঁড়িয়ে আছেন তাদের সন্তান তারেক রহমান।
তারেক রহমানের সামনে তাই শুধু সরকার পরিচালনার দায়িত্ব নয়, বিএনপির দীর্ঘ রাজনৈতিক উত্তরাধিকারকে নতুন সময়ের উপযোগী করে তোলার দায়িত্বও রয়েছে। সে কারণেই তিনি ৩১ দফা নিয়ে নিজস্ব পরিকল্পনায় রাষ্ট্র পরিচালনা করছেন। বাংলাদেশের রাজনীতিতে বিএনপির সামনে এখন একটি বড় সুযোগ ও একই সঙ্গে বড় একটি পরীক্ষা। এই মুহূর্তে বিএনপির সবচেয়ে বড় রাজনৈতিক সিদ্ধান্ত হওয়া উচিতÑ অন্যের রাজনীতির প্রতিক্রিয়া দেখিয়ে নয়, নিজের রাজনীতিটাই করতে হবে।
কারণ বিএনপির নিজের একটি রাজনৈতিক দর্শন আছে। আছে ইতিহাস, আছে আন্দোলন ও রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা এবং আছে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটি রাজনৈতিক রূপরেখা। তারেক রহমানের ৩১ দফা শুধু বিএনপির নির্বাচনী স্লোগান নয়Ñ রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র, নির্বাচনব্যবস্থা, বিচারব্যবস্থা, প্রশাসন, অর্থনীতি, দুর্নীতি দমন, মানবাধিকার এবং জনগণের ক্ষমতায়নের প্রশ্নে এটি একটি রাজনৈতিক রূপরেখা। কিন্তু এখন আর শুধু রূপরেখা প্রকাশ করলেই হবে না। জনগণ জানতে চায়Ñ কখন, কীভাবে তা বাস্তবায়িত হবে। রাজনৈতিক কর্মসূচিকে এখন রাষ্ট্র পরিচালনার কর্মসূচিতে পরিণত করতে হবে।
সরকারের বয়স এখন আট মাস। এ সময়ের সাফল্য মানে সব সমস্যার সমাধান নয়। বরং জনগণকে বিশ্বাস করানো যে, সরকার সমস্যাগুলো চিহ্নিত করেছে এবং সেগুলোর সমাধানে কার্যকর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এখানে মন্ত্রীদেরও নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে হবে। মন্ত্রী হওয়া মানে শুধু দপ্তর পরিচালনা নয়, নিজের মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের দায়ও নিতে হবে। মন্ত্রণালয়ের ব্যর্থতা হলে তার রাজনৈতিক দায় কে নেবেÑ এই প্রশ্নের উত্তর থাকতে হবে। কেউ ভালো করলে তার প্রশংসা হবে, কেউ ব্যর্থ হলে তাকে জবাবদিহি করতে হবে। প্রয়োজনে মন্ত্রীকে পদত্যাগও করতে হবে। সম্প্রতি সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগে বাধ্য হওয়ার ঘটনা জনগণের মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছে। এতে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে, ক্ষমতার চেয়ার আজীবনের নিরাপদ আশ্রয় নয়। জনগণের কাছে জবাবদিহি করতেই হবে। এই সংস্কৃতি প্রতিষ্ঠা করা সম্ভব হলে, বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন দৃষ্টান্ত তৈরি হবে।
রাজনীতিতে একটি পুরনো প্রবণতা হলোÑ কে, কী বলল; কে, কী করল, তার জবাব দিতে গিয়ে নিজের কর্মসূচি হারিয়ে ফেলা। বিএনপির এখন সেই ফাঁদে পড়লে চলবে না। বিরোধী দল সমালোচনা করবে। সংবাদমাধ্যম সরকারের সমালোচনা করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের বক্তব্য আসবে। রাজনৈতিক প্রতিপক্ষ নানা ইস্যু তুলবে। এসবের তথ্যসমৃদ্ধ জবাব দিতে হবে। ক্ষেত্রবিশেষে প্রশাসনিক বা আইনগত ব্যবস্থা নিতে হবে। কিন্তু সরকারের মূল রাজনৈতিক শক্তি যেন বিরোধী শক্তির পেছনে খরচ না হয়। বর্তমান জেনজির যুগে বিএনপির প্রতিদিনের লক্ষ্য হওয়া উচিতÑ জনগণের জীবনমান কীভাবে বদলানো যায়। দ্রব্যমূল্য কমানো, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বাড়ানো, ব্যাংকিং খাত সংস্কার, দুর্নীতি কমানো, আইনশৃঙ্খলা উন্নত করা, স্বাস্থ্যসেবা সহজ করা, শিক্ষার মান বাড়ানো এবং তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি করাÑ এসবই হওয়া উচিত রাজনৈতিক আলোচনার মূল বিষয়।
জনসম্পৃক্ত কর্মকাণ্ডের পাশাপাশি জাতীয়তাবাদকে নতুনভাবে আরও অর্থবহ করতে হবে। বিএনপির সবচেয়ে বড় রাজনৈতিক সম্পদ জাতীয়তাবাদের আদর্শ। কিন্তু জাতীয়তাবাদকে শুধু ইতিহাসের আবেগে আটকে রাখলে চলবে না। আজকের তরুণের কাছে জাতীয়তাবাদ মানে কী, জাতীয়তাবাদের সঙ্গে দেশপ্রেমের সম্পর্ক কীÑ তা তুলে ধরতে হবে। নতুন প্রজন্মের কাছে জাতীয়তাবাদ মানে তার জন্য একটি ভালো বিশ্ববিদ্যালয়, একটি ভালো চাকরি, উদ্যোক্তা হওয়ার সুযোগ, নিরাপদ সমাজ এবং নিজের দেশে সম্মানের সঙ্গে বসবাসের সুযোগ। একজন কৃষকের কাছে জাতীয়তাবাদ মানে ন্যায্য দাম পাওয়া। একজন শ্রমিকের কাছে জাতীয়তাবাদ মানে নিরাপদ কর্মসংস্থান ও ন্যায্য মজুরি।
একজন ব্যবসায়ীর কাছে জাতীয়তাবাদ মানে হয়রানিমুক্ত ব্যবসা, ব্যবসার সকল ক্ষেত্রে অনুকূল পরিবেশ, স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ। একজন প্রবাসীর কাছে জাতীয়তাবাদ মানে রাষ্ট্রের সম্মান এবং নিজের উপার্জনের নিরাপদ ব্যবহার। তবে অসৎ ব্যবসায়ীদের কাছে জিম্মি হওয়া যাবে না। রাষ্ট্রকে বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হবে। আবার জনগণের স্বার্থও রক্ষা করতে হবে। বাংলাদেশের অর্থনীতি এখন অনেক বড়। শিল্প, পোশাক, প্রবাসী আয়, তথ্যপ্রযুক্তি, ওষুধ, কৃষি প্রক্রিয়াজাতকরণ, সমুদ্র অর্থনীতিÑ সব ক্ষেত্রেই নতুন সম্ভাবনা আছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে সরকারকে ব্যবসাবান্ধব হতে হবে। অতএব জাতীয়তাবাদকে মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত করতে হবে।
আন্তর্জাতিক সম্পর্ক হবে জাতীয় স্বার্থভিত্তিক। বাংলাদেশকে কোনো শক্তির বলয়ে পরিণত হওয়ার প্রয়োজন নেই। আবার বিশ্বের কোনো শক্তিশালী দেশের সঙ্গে অকারণে দূরত্ব তৈরিরও প্রয়োজন নেই। ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, মধ্যপ্রাচ্য, রাশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ভিত্তি হতে হবে জাতীয় স্বার্থ। বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, নিরাপত্তা, শ্রমবাজার, জ্বালানি ও কূটনৈতিক সহযোগিতাÑ প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশকে নিজের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবেÑ এটাই হতে পারে আধুনিক বাংলাদেশি জাতীয়তাবাদ।
দলকে নিজের ভেতরেও সংস্কার করতে হবে। তবে রাষ্ট্র সংস্কারের আগে বিএনপিকে নিজেদের দলীয় সংস্কারের দিকেও নজর দিতে হবে। ক্ষমতায় গেলে নেতাকর্মীদের একটি অংশ যদি মনে করেÑ এখন তাদের সুযোগ এসেছে, তাহলে সরকারের জনপ্রিয়তা দ্রুত কমতে পারে। থানা, উপজেলা, জেলা থেকে কেন্দ্র পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের একটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবেÑ সরকার বিএনপির জন্য নয়। বিএনপি জনগণের জন্য। ক্ষমতার সঙ্গে ব্যবসা, টেন্ডার, নিয়োগ, দখল, চাঁদাবাজি কিংবা প্রভাব বিস্তারের সংস্কৃতি যদি ফিরে আসে, তাহলে জনগণ দ্রুতই হতাশ হবে। তারেক রহমানের জন্য তাই দলের নেতাকর্মীদের আচরণ নিয়ন্ত্রণ করাও একটি বড় রাজনৈতিক পরীক্ষা। দলের পক্ষ থেকে একটি শক্ত বার্তা দেওয়া প্রয়োজন যে, অন্যায় করলে দলীয় পরিচয়ে রক্ষা পাওয়া যাবে না। এতে দীর্ঘমেয়াদে জনগণের আস্থা বাড়বে।
গণমাধ্যম ও সমালোচনাকে ভয় পাওয়া যাবে না। একটি গণতান্ত্রিক সরকারের সবচেয়ে বড় শক্তি হলো স্বাধীন গণমাধ্যম ও সমালোচনার অধিকার। সরকারের ভুল ধরিয়ে দেওয়া মানেই সরকার-বিরোধিতা নয়। বরং একটি সরকার যদি নিজের ভুল জানার জন্য একটি কার্যকর ব্যবস্থা তৈরি করে, তাহলে সেটি সরকারের শক্তির পরিচয়। যে সরকার নিজের ভুল স্বীকার করতে পারে, সেই সরকারই দীর্ঘদিন জনগণের আস্থা ধরে রাখতে পারে। তবে অপতথ্য, বট বাহিনী, মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তারেক রহমান পিতার কাছ থেকে পেয়েছেন জাতীয়তাবাদের রাজনীতির ভিত্তি ও ১৯ দফা। মাতার কাছ থেকে পেয়েছেন দেশ ও জনগণের স্বার্থে আপসহীনতার আদর্শ আর নিজের আছে ভবিষ্যৎ রাষ্ট্রের একটি কাঠামোগত চিন্তার ৩১ দফা। এই তিনটিকে একত্রিত করাই হতে পারে তার রাজনৈতিক সাফল্যের সবচেয়ে বড় চাবিকাঠি। এর জন্য প্রয়োজন প্রশাসনিক দক্ষতা, রাজনৈতিক দৃঢ়তা এবং নিজের দলকে কঠোরভাবে শৃঙ্খলার মধ্যে আনা। জনগণ চায় এমন সরকার, যারা অতীত নয়, আগামী দিনের কথা বলবে। তাই বিএনপির রাজনীতির মূল স্লোগান হওয়া উচিত হতে পারেÑ অতীত থেকে শিক্ষা, বর্তমানের জবাবদিহি এবং ভবিষ্যতের বাংলাদেশ। তাহলেই দেশবাসীর চিন্তায় মননে প্রতিষ্ঠিত হবে ‘সবার আগে বাংলাদেশ’।
লেখক: সম্পাদক, প্রতিদিনের বাংলাদেশ