আবদুল কাদের জীবন
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১০:১৭ এএম
প্রতীকী ছবি
শিশুরা হলো নিষ্পাপ। ফুলের মতো শুভ্রতা ছড়ায়। তাদের মায়াবী মুখ সবার মনে ভালোবাসার জন্ম দেয়। পরিবারের একটি শিশু জন্ম নিলে আনন্দের বন্যা বয়ে যায়। কেউ নাম রাখতে ব্যস্ত। কেউ আদর করতে ব্যস্ত। আবার অনেক বাবা-মা তাদের শিশুর জন্য ভবিষ্যৎ পরিকল্পনা করে রাখেন। শিশু কোন স্কুলে পড়বে, কি পোশাক পরিধান করবেÑ এসব নিয়ে সারাক্ষণ ভাবতে থাকেন পিতামাতা ও শিশুর পরিবার। অন্তত ১০-১২ বছর পর্যন্ত শিশুদের এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেননা সচেতন বাবা-মায়েরা। কিন্তু সোনার চামচ মুখে নিয়ে সব শিশু জন্মায় না। কেউ এই পৃথিবীতে আসে চরম অসহায় হয়ে। যাদের দেখে রাখার কেউ থাকে না। তাদের পড়ালেখা ও ভবিষ্যৎ নিয়ে ভাববার জন্য পরিবারও থাকে না। রাষ্ট্র ও সমাজ তো তাদের দিকে ফিরেও তাকায় না। পথই এদের আশ্রয়, পথই ব ঠিকানা। এরাই ‘পথশিশু’।
পথশিশুদের বেশিরভাগ দেখা যায় শহুরে রাস্তায়। রেললাইন কিংবা বস্তি এলাকায়। কখনো দেখা যায়, ফুটপাতে শুয়ে থাকতে। আবার বৃষ্টির সময় ব্রিজের নিচে আশ্রয় নিতে দেখা যায়। দেশের পথশিশুরা শিশুশ্রম করেই তাদের আহার জোগাড় করে। পথশিশুদের অনেকের বাবা কিংবা মা নেই। আবার থাকলেও নেই কোনো হদিস। বেওয়ারিশ অনেক শিশুকেই পথে ঘুরতে দেখা যায়। কিছু পথশিশুর পরিবার থাকলেও খুবই দরিদ্র। ঠিকমতো একবেলা খেতে পায় না তারা। শিশুর মুখে তুলে দিবেনই-বা কি করে?
‘দ্য কোয়ালিটি স্টাডি অন চিলড্রেন লিভিং ইন স্ট্রিট সিচুয়েশনস ইন বাংলাদেশ ২০২৪’ প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ৩৪ লাখ পথশিশু রয়েছে। এ ছাড়া বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘সার্ভে অন স্ট্রিট চিলড্রেন ২০২২’ প্রতিবেদনে বলা হয়েছে, পথশিশুর প্রতি ১০ জনের আটজনই পথচারীদের দ্বারা নির্যাতন বা হয়রানির শিকার হয়। এই ৩৪ লাখ পথশিশু, তাদের খাবারের কোনো নিশ্চয়তা আছে? তাদের শিক্ষার বন্দোবস্ত করা হয়েছে? বাস্তবতা হলো, তাদের দু’বেলা দু’মুঠো অন্নের নিশ্চয়তা যেখানে নেই, সেখানে শিক্ষা তো বিলাসিতা। কোথাও কোথাও তাদের জীবনেরও নিরাপত্তা নেই! রাষ্ট্র ও সমাজ এখনও কেন পথশিশুদের নিয়ে নিশ্চুপ!
ইউনিসেফের সার্ভে অন স্ট্রিট চিলড্রেন ২০২২-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘এই শিশুদের প্রতি তিনজনের মধ্যে প্রায় একজন (৩০ শতাংশের বেশি) জীবনের মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। ঘুমানোর জন্য বিছানা এবং নিরাপত্তা ও স্বস্তির জন্য দরজা বন্ধ করে রাখা যায়, এমন একটি বাসা তাদের নেই। তারা খোলা আকাশের নিচে রাত কাটায়। শিশুদের কাউকে কাউকে মাটিতে শুধু একটি পাটের ব্যাগ, শক্ত কাগজ, প্লাস্টিকের টুকরো কিংবা একটি পাতলা কম্বল নিয়ে ঘুমাতে হয়। প্রতিবেদনে দেখা যাচ্ছে, প্রায় ৭ শতাংশ শিশু সম্পূর্ণ একা ঘুমায় এবং ১৭ শতাংশ কয়েকজন মিলে ঘুমানোর মাধ্যমে সুরক্ষা ও স্বস্তি খোঁজে। শিশুদের ক্ষেত্রে সহিংসতার প্রতি তিনটি ঘটনার একটি (৩০ দশমিক ৪ শতাংশ) রাতে তাদের ঘুমের সময় ঘটে। এসব ঘটনার মধ্যে শারীরিক ও মানসিক নির্যাতন, এমনকি যৌন নিপীড়ন অন্তর্ভুক্ত। এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করতে অনেক পদক্ষেপ নেওয়া হলেও তা যথেষ্ট নয়। ৩৪ লাখ শিশুর মধ্যে কতজনকে স্বেচ্ছাসেবী সংস্থা ও এনজিওগুলো নিরাপত্তা দিতে পারে? ধরলাম ৫ লাখ! বাকিদের কী হবে?
বর্তমানে ২০২৬ সালে পথশিশুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪০ লাখ। দরিদ্রতাই হলো পথশিশুদের জন্য সবচেয়ে বড় অভিশাপ। রাষ্ট্র এখনও কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে পারেনি।এমন অবহেলায় পথশিশুদের ছেড়ে দেওয়া যাবে না। সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে এসব ‘ফুল’কে রক্ষা করার জন্য। তাদের নিরাপদ ও সুন্দর জীবনযাপনের নিশ্চয়তা দিতে হবে সরকারকে। পথশিশুরা যেনো কোনোভাবেই নিজেদের একা মনে না করে। আমরা তাদের দেখতে পেলেই যেন কাছে টেনে নিই। মাঝেমধ্যে তাদের জন্য সামাজিকভাবে কিছু করাও আমাদের দায়িত্ব। আসুন আমরা আজ থেকে পথশিশুদের আপনজন হওয়ার চেষ্টা করি। সরকারের কাছে অনুরোধ, পথশিশুদের দিকে আপনারা তাকান। অন্যান্য শিশুর মতো তাদেরও মৌলিক ও মানবিক অধিকার নিশ্চিত করুন। এটা তাদের সাংবিধানিক অধিকারও।
লেখক: গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়