গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে পবিত্র রমজান মাস শুরু হওয়ার কথা। কিন্তু সে পব্ত্রি মাস সামনে রেখে এখনই অসাধু ব্যবসায়ী চক্র সক্রিয় হয়ে উঠেছে। বরাবরের মতো এবারও দেশের ভোজ্য তেলের বাজারে কৃত্রিম সংকট তৈরি করে পুনরায় দাম বাড়ানোর পাঁয়তারা চলছে, যা সাধারণ ভোক্তাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বলা বাহুল্য, নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির ক্ষেত্রে সরবরাহ ও দামের সামান্য ওঠানামা মানুষের জীবনযাত্রায় বড় প্রভাব ফেলে। সর্বশেষ দাম সমন্বয়ের কয়েক দিনের মধ্যে আবারও দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পরিশোধনকারী কোম্পানিগুলোর সংগঠন। ইতোমধ্যে বাজারে সরবরাহ কমিয়ে দাম বাড়ানোর পুরনো অপকৌশলের পথ খোঁজা হচ্ছে।
উল্লেখ্য, ৩ সেপ্টেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়। এবার বিশ্ববাজারের অজুহাতে কোম্পানিগুলো আবারও মূল্যবৃদ্ধির দাবি তুলেছে। রিফাইনারদের চিঠি অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম প্রতি টন প্রায় ১ হাজার ৩২৫ ডলারে উঠেছে। আগের মূল্য সমন্বয়ের সময় তা ছিল প্রায় ১ হাজার ২৭০ ডলার। তাদের দাবি, এই বাড়তি ব্যয়ের কারণে বর্তমান দামে বিক্রি করে লোকসান হচ্ছে। এই প্রস্তাবের পরপরই রাজধানীসহ বিভিন্ন জেলায় বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম ঘাটতি তৈরি হয়েছে, যা ভোজ্য তেলের দাম বাড়ানোর ফন্দি। ফলে স্বাভাবিকভাবেই বাজার ব্যবস্থাপনার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে।
গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এ ‘রমজানের আগে সক্রিয় ভোজ্য তেলের সিন্ডিকেট’ শীর্ষক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দাম বাড়ানোর নতুন প্রস্তাবের সময়েই বাজারে বোতলজাত সয়াবিনের সরবরাহ কমে গেছে। ঢাকাসহ কয়েকটি জেলার ব্যবসায়ীরা বলেছেন, তারা চাহিদার তুলনায় কম তেল পাচ্ছেন। তারা বলছেন, কোম্পানিগুলো নতুন করে দাম বাড়াতে চাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, বাংলাদেশে বছরে ভোজ্য তেলের চাহিদা প্রায় ২৪ লাখ টন। এর প্রায় ৯০ শতাংশই আমদানি-নির্ভর। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দেশে সয়াবিন তেল আমদানি হয়েছে প্রায় ২ লাখ ৬১ হাজার টন। আগের বছরের একই সময়ে আমদানি হয়েছিল প্রায় ৪ লাখ ৪৮ হাজার টন। চলতি বছরে সয়াবিন আমদানি প্রায় ৪২ শতাংশ কমেছে।
আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম, ডলার বিনিময় হার, আমদানি ব্যয়, জাহাজভাড়া ও অন্যান্য খরচ বাড়লে স্থানীয় বাজারে তার প্রভাব পড়তেই পারে। কিন্তু সেই মূল্যবৃদ্ধির যৌক্তিকতা কতটা, তা স্বচ্ছভাবে যাচাই করা জরুরি। কারণ আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাত দেখিয়ে দেশীয় বাজারে দ্রুত মূল্য বাড়ানো হলেও দাম কমলে একই গতিতে বাজারদর কমেÑ এমন নজির দেখা যায় না। উদ্বেগের বিষয় হলো, দাম বাড়ানোর প্রস্তাবের সময়ই বাজারে বোতলজাত তেলের সরবরাহ কমে গেছে। বলা হচ্ছে, কোম্পানিগুলো ইচ্ছা করেই বাজারে কম তেল সরবরাহ করে। অভিযোগটি যদি সত্য হয়, তবে এটি কেবল ব্যবসায়িক সিদ্ধান্তের বিষয় নয়। তাই বাজারে কৃত্রিম সংকট তৈরির কারণ খতিয়ে দেখা প্রয়োজন। আমরা মনে করি, সরবরাহ স্বাভাবিক রেখে বাজারের প্রকৃত চাহিদা ও ব্যয়ের ভিত্তিতে মূল্য নির্ধারণ এবং সরবরাহ সংকুচিত করে মূল্যবৃদ্ধির পরিবেশ তৈরি করা এক ধরনের প্রতারণা। যদিও বাণিজ্যমন্ত্রী বলেছেন, যথাযথ যাচাই-বাছাই ছাড়া ভোজ্য তেলের দাম বাড়ানো হবে না।
রমজানকে কেন্দ্র করে ভোজ্য তেলের বাড়তি চাহিদা তৈরি হয় ফি-বছর। ফলে এই সময়ে সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার কথা। কিন্তু তার পরিবর্তে যদি সরবরাহ কমে যায় এবং একই সঙ্গে মূল্যবৃদ্ধির প্রচেষ্টা দেখা দেয় তা হলে ভোক্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হওয়াই স্বাভাবিক। আমরা মনে করি, সরকারের দায়িত্ব শুধু নতুন দাম ঘোষণা বা বাজারে অভিযান পরিচালনার মধ্যে সীমাবদ্ধ থাকা নয়। দরকার আমদানি থেকে পরিশোধন, পরিবহন, ডিলার ও খুচরা পর্যায় পর্যন্ত পুরো সরবরাহ-ব্যবস্থা নিয়মিত তদারকি করা। কোন দামে কাঁচামাল আমদানি হয়েছে, উৎপাদন ও বিপণন ব্যয় কত, কোম্পানিগুলোর মজুদ কত এবং কোন পর্যায়ে কত দামে পণ্য বিক্রি হচ্ছেÑ এসবের জবাব স্বচ্ছ হলে অযৌক্তিক মূল্যবৃদ্ধির সুযোগ অনেকটাই কমবে। আমরা চাই, অতীতের মতো এবারও যেন একই পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে। সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগেভাগেই সতর্ক হওয়া উচিত বলে আমরা মনে করি।
বাজার তদারকি সংস্থাগুলোর উচিত সরবরাহ কমানোর অভিযোগের নিরপেক্ষ তদন্ত করা। কোনো প্রতিষ্ঠান বা গোষ্ঠী যদি বাজার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সিন্ডিকেট তৈরির কৃত্রিম সংকট সৃষ্টি করে থাকে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। মূল্য সমন্বয় যদি সত্যিই প্রয়োজন হয় তার গ্রহণযোগ্য হিসাবও জনগণের সামনে তুলে ধরতে হবে। রমজান পবিত্রতার মাস। এই সময়ে মানুষের দুর্ভোগ বাড়ায় এমন কর্মকাণ্ডে যারা লিপ্ত হয়, তাদের অর্থ-দুর্বৃত্ত বলাই সমীচীন। সেসব দুর্বৃত্তকে কঠোর হাতে দমন করাই রাষ্ট্রের দায়িত্ব। এ বিষয়ে কালক্ষেপণ গ্রহণীয় হবে না।