জান্নাতুল ফেরদৌস ঝুমা
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১০:৪৯ এএম
বৈশ্বিক জলবায়ু বিপর্যয়ের জেরে সমসাময়িক বিশ্বের বিপুল জনগোষ্ঠী আজ সংকটাপন্ন। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। জার্মানওয়াচ কর্তৃক প্রকাশিত গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স ২০২৬ অনুযায়ী বাংলাদেশ দীর্ঘমেয়াদি জলবায়ু ঝুঁকিতে রয়েছে। ছবি: সংগৃহীত
বৈশ্বিক জলবায়ু বিপর্যয়ের জেরে সমসাময়িক বিশ্বের বিপুল জনগোষ্ঠী আজ সংকটাপন্ন। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। জার্মানওয়াচ কর্তৃক প্রকাশিত গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স ২০২৬ অনুযায়ী বাংলাদেশ দীর্ঘমেয়াদি জলবায়ু ঝুঁকিতে রয়েছে। বিশ্বের ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম। জলবায়ু পরিবর্তনের বিধ্বংসী প্রভাবে যে ক্ষেত্রগুলো আক্রান্ত তার সম্মুখ সারিতে রয়েছে মৎস্য সেক্টর এবং মৎস্যজীবী সম্প্রদায়। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে টালমাটাল আজ এই জনগোষ্ঠী।
জলবাযু পরিবর্তনের অভিঘাত লোনা পানির মৎস্যজীবী অথবা মিঠাপানির মৎস্যজীবী উভয়কেই আরও ক্ষয়িষ্ণু করে দিচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে মৎস্যজীবী জনগোষ্ঠীকে রক্ষাকল্পে উন্নয়ন যোগাযোগ এবং মূলধারার প্রচলিত গণমাধ্যম কীভাবে কার্যকর অবদান রাখতে পারে তাই আলোচ্য নিবন্ধের বিষয়বস্তু।
মৎস্যজীবী জনগোষ্ঠীর ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব
জলবায়ু পরিবর্তনজনিত ফলাফল অভিযোজন এবং প্রশমনে উন্নয়ন যোগাযোগের ভূমিকা আলোকপাত করার পূর্বে মৎস্যজীবী জনগোষ্ঠীর ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাবের দিকে তাকালে দেখা যায়, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, করা, ঘূণির্ঝড়, জলোচ্ছ্বাস এবং আবহাওয়ার অপূর্বানেমেয় পরিস্থিতির কারণে স্বাদুপানি এবং উপকূলীয় উভয় এলাকার মৎস্যজীবীর আর্থ-সামাজিক অবস্থা হুমকির সম্মুখীন। অতিরিক্ত তাপপ্রবাহ, লবণাক্ততা, পানির দূষণ প্রভৃতি কারণে মিঠাপানিতে মাছের সংকট দেখা যাচ্ছে, কৃত্রিম প্রজনন কলাকৌশল প্রয়োগ করে মাছ চাষ করে চাষিরা পাচ্ছেন না প্রত্যাশানুযায়ী ফলাফল। অন্যদিকে উপকূলীয় অঞ্চলের মৎস্যজীবীদের অবস্থা আরও করুণ। ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের কারণে ঠিকমতো মাছ আহরণে সাগরে যেতে পারে না।
প্রচলিত গণমাধ্যমের ভূমিকা
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবী জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে মূলধারার গণমাধ্যমের প্রচেষ্টা আমরা দেখতে পাই। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সামাজিকমাধ্যম, কমিউনিটি রেডিও মৎস্য খাত, মৎস্যজীবী জনগোষ্ঠী এবং জলবায়ু পরিবর্তনকে কেন্দ্র করে নানা সংকট তুলে ধরছে। কমিউনিটি রেডিও নিয়মিত আবহাওয়ার পূর্বাভাস, সতর্কবার্তা অগ্রিম প্রচার করছে। বিভিন্ন মোবাইল অ্যাপ এবং ভয়েস এসএমএসের মাধ্যমে জেলেদের কাছে আবহাওয়া সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়া হচ্ছে। প্রিন্ট মিডিয়ায় স্থান পাচ্ছে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি সংবলিত সংবাদ, বিভিন্ন বৈজ্ঞানিক সেমিনার ও কর্মশালার সংবাদ যার অধিকাংশই হার্ড নিউজ ও ব্রেকিং নিউজ। এ সংক্রান্ত ইনডেপ্থ রিপোর্টিং ও অনুসন্ধানী সংবাদের পরিমাণ কম। ইলেকট্রনিক মিডিয়ার চিত্রও মোটামুটি একই প্রকৃতির। ব্রেকিং নিউজ ও হার্ড নিউজের পাশাপাশি কৃষি ও মৎস্য খাতভিত্তিক প্রামাণ্য টেলিভিশন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বিভিন্ন চ্যানেলে। প্রামাণ্য এ অনুষ্ঠানগুলোতে মৎস্য খাতের সংকট ও সম্ভাবনার কথা উঠে আসে। প্রান্তিক চাষিদের গল্প শোনা যায় এর মাধ্যমে, যা অবশ্যই প্রশংসার দাবিদার।
উন্নয়ন যোগাযোগের সাথে সমাজবিজ্ঞানী ইএম রজার্সের ডিফিউশন অব ইনোভেশন তত্ত্ব নিবিড়ভাবে সম্পকির্ত। রজার্স বলেছেন, সমাজে নতুন কোনো ধারণা বা ইনোভেশন দুইভাবে জনসাধারণ গ্রহণ করে। প্রথমত, গণযোগাযোগের প্রচলিত মাধ্যম দ্বারা এবং দ্বিতীয়ত আন্তঃব্যক্তিক যোগাযোগের মাধ্যমে। উন্নয়ন যোগাযোগের কৌশল ও অনেকাংশে এভাবেই কাজ করে। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে কেবল তথ্য পৌঁছে দেওয়া নয় বরং তাদেরকে সচেতন করে আচরণগত পরিবর্তনের মাধ্যমে সমস্যা সমাধানের পথ তৈরি করে উন্নয়ন যোগাযোগ। তাই এক্ষেত্রে যোগাযোগীয় টুলসের পাশাপাশি অপিনিয়ন লিডার এবং ভুক্তভোগী জনগোষ্ঠীর অংশগ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে। আলোচ্য বিষয়টির প্রায়োগিক কৌশল নিম্নোক্তভাবে বর্ণনা করা যায় : জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গণমাধ্যম থেকে দুর্যোগের আগাম তথ্য দেওয়ার পাশাপাশি আসন্ন ঝুঁকি কতটুকু, আবহাওয়ার পরিবর্তন, সাগরের উচ্চতা বৃদ্ধি বা লবণাক্ততা বাড়ার ফলে যে সংকটগুলো হতে পারে তার বৈজ্ঞানিক তথ্য সহজ ও বোধগম্য ভাষায় মৎস্যচাষিদের কাছে পৌঁছাতে হবে। মৎস্য খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দুর্যোগকালীন বিকল্প কর্মসংস্থানের বিষয়ে চাষিদের জানাতে হবে।
ডকুমেন্টারির বিভিন্ন ধরন
অ্যাথনোগ্রাফিক ডকুমেন্টারি, পার্টিসিপেটরি ডকুমেন্টারি, ভিজ্যুয়াল ডেটা ম্যাপিং বা মাল্টিমিডিয়া ডকুমেন্টেশন অ্যাপ্রোচেসের মাধ্যমে প্রান্তিক মৎস্যজীবী জনগোষ্ঠীর কথা ও অভিজ্ঞতার বয়ান তুলে ধরা যেতে পারে। একই সাথে নিজেদের জীবনযাত্রা, তাদের সমস্যা, দুর্যোগকালীন চ্যালেঞ্জ, মাছ ধরা প্রভৃতি বিষয়ে নিজেদের মুখে ন্যারেটিভ তৈরি করা যেতে পারে এসব ডকুমেন্টারির মাধ্যমে। ডকুমেন্টারিগুলোর মাধ্যমে পরবর্তীতে সংশ্লিষ্ট নীতি নির্ধারণী পর্যায়ে উপস্থাপনের মাধ্যমে তদনুযায়ী ব্যবস্থা গ্রহণ সম্ভবপর হবে।
অপরদিকে কমিউনিটি রেডিও যা প্রান্তিক মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। জেলেদের সংশ্লিষ্ট সংস্কৃতি ও জীবনাচরণের সাথে মিল রেখে মূলত রেডিওগুলো কাজ করে। এর মাধ্যমে আবহাওয়ার আগাম সতর্কবার্তা, দুর্যোগপরবর্তী করণীয় বা পুনর্বাসন কৌশল জেলেদের জন্য সহজ-সরল ভাষায় জানানো সম্ভব। উল্লেখ্য, ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকায় কমিউনিটি রেডিও কাজ করছে। এ ছাড়াও প্রত্যেক নির্দিষ্ট এলাকার স্ব-স্ব লোকমাধ্যম যেমন : জারি-সারি গান, পুতুলনাচ, ভাটিয়ালী গান, ভাওয়াইয়া গান, নাটিকা প্রভৃতির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তথ্য পৌঁছে দিয়ে সচেতনতা সৃষ্টি করা সম্ভব।
উন্নয়ন যোগাযোগ কৌশল বাস্তবায়নে নরম্যাটিভ মিডিয়া থিওরি অত্যন্ত কার্যকর উপায় হতে পারে। তত্ত্বটি ১৯৫৬ সালে ফ্রেড এস সিয়েবার্ট, থিওডোর পিটারসন, উইলবার শ্র্যাম এবং ডেনিস ম্যাককুয়েল ‘ফোর থিওরি অব দ্য প্রেস’ গ্রন্থে উপস্থাপন করেন। তত্ত্বের সোশ্যাল রেসপনসিবিলিটি এবং উন্নয়ন মিডিয়া তত্ত্ব বিষয় দুটি মূলধারার গণমাধ্যমের ভূমিকাকে সংজ্ঞায়িত করে।
সুতরাং উন্নয়ন যোগাযোগ কৌশল বাস্তবায়নে মূলধারার গণমাধ্যমে কৃষি বিটের সমান গুরুত্ব দিয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি স্বতন্ত্র বিট চালু করা যেতে পারে, যা ইতোমধ্যেই অনেক মিডিয়া হাউস শুরু করেছে। আলোচ্য বিষয়ে হার্ড নিউজ ও ব্রেকিং নিউজের পাশাপাশি অনুসন্ধানী প্রতিবেদন ও গবেষণাধর্মী প্রতিবেদন প্রকাশ ও প্রচার করতে হবে। অন্যদিকে সোশ্যাল মিডিয়া হতে পারে জলবায়ুর প্রভাব মোকাবিলায় অন্যতম প্রভাবশালী মাধ্যম। সংক্ষিপ্ত কনটেন্ট বা তথ্যচিত্র উভয়ই হতে পারে মৎস্যজীবী সম্প্রদায়ের জলবায়ু সংক্রান্ত সংক্রান্ত ক্ষয়ক্ষতি সামলে ওঠার অন্যতম সহায়ক। সুতরাং শুধু ক্ষয়ক্ষতির খতিয়ান নয় বরং খবরের ভেতরের খবর তুলে ধরা মিডিয়ার সোশ্যাল রেসপনসিবিলিটির মধ্যে পড়ে।
যোগাযোগের এজেন্ডা সেটিং তত্ত্বে ড. ম্যাককমবস এবং ড. শ যেমনটা বলেছেন, আমরা কী নিয়ে চিন্তা করব শুধু সেটিই গণমাধ্যম নির্ধারণ করে দেয় না, বরং আমরা কোন কোন বিষয় নিয়ে চিন্তা করব এবং কতটা গুরুত্ব দেব সেটিও নির্ধারণ করে গণমাধ্যম। তাই মৎস্যজীবী সম্প্রদায়ের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাবের সংবাদ প্রাধিকারের ভিত্তিতে গুরুত্ব সহকারে প্রকাশ ও প্রচার করতে হবে পাশাপাশি উন্নয়ন যোগাযোগ কৌশলও প্রয়োগ করতে হবে। এ ছাড়া সরকারি ও বেসরকারি উদ্যোগে মৎস্যজীবী সম্প্রদায় ও উন্নয়ন যোগাযোগের আন্তঃসম্পর্কযুক্ত গুণগত গবেষণা পরিচালনা করতে হবে যেখানে শুধু ক্ষয়ক্ষতির পরিমাণ নয় বরং বিধ্বংসী এ প্রভাবের সাথে প্রান্তিক এই গোষ্ঠীর অভিযোজন এবং ক্ষতির পরিমাণ কমিয়ে আনার রূপরেখাও থাকবে গবেষণার সুপারিশে, যা সংশ্লিষ্ট নীতিনির্ধারণী পর্যায়ের অংশীজনদের এ বিষয়ক উন্নয়ন প্রকল্পে যোগাযোগ কৌশল নীতি প্রণয়নে সহায়তা করবে।
জলবায়ু পরিবর্তনের চোখ রাঙানিতে বিপর্যস্ত মৎস্যজীবী জনগোষ্ঠীর আর্তনাদ বিলীন করতে শুধু জলবায়ু সংক্রান্ত বৈজ্ঞানিক সভা, সেমিনার বা ওয়ার্কশপ সংক্রান্ত সংবাদ প্রচার করাই যথেষ্ট নয়। বরং প্রয়োজন সঠিক যোগাযোগ কৌশল। এ লক্ষ্যে সমন্বিত অনুঘটক হিসেবে কাজ করতে হবে মূলধারার গণমাধ্যম এবং উন্নয়ন যোগাযোগ উভয়কেই। কারণ তথ্যপ্রাপ্তির মাধ্যমে সচেতন হয়ে আচরণগত পরিবর্তনে গণযোগাযোগের উভয় শাখার ভূমিকা অত্যন্ত নিবিড় এবং ফলপ্রসূ।
লেখক: জনসংযোগ কর্মকর্তা, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট