× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাকৃতিক বিপর্যয় বনাম আমাদের প্রস্তুতি

মো. মোয়াজ্জেম হোসেন বাদল

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১০:৪১ এএম

মোয়াজ্জেম হোসেন বাদল। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

মোয়াজ্জেম হোসেন বাদল। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

মাত্র এক মাসের ব্যবধানে ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসের কারণে আবারও বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছে নেপাল। প্রাকৃতিক এই দুর্যোগ যেন দেশটির জন্য একের পর এক যেন সতর্কবার্তা। আগস্টের ভয়াবহ হিমবাহ-উৎপন্ন বন্যা ও প্রাণঘাতী দুর্যোগের ক্ষত শুকানোর আগেই হিমালয় অঞ্চলে আবারও পাহাড়ধস, আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা শঙ্কিত হওয়ার মতো। দেশটির সাম্প্রতিক ঘটনাগুলো শুধু কয়েকটি পাহাড়ি জনপদের দুর্যোগ নয়, এগুলো দক্ষিণ এশিয়ার নদী অববাহিকা, খাদ্যনিরাপত্তা, অবকাঠামো ও কোটি কোটি মানুষের জীবন-জীবিকার জন্য বড় সতর্কসংকেত।

সম্প্রতি নেপাল ভ্রমণের অভিজ্ঞতা আমার মনে গভীর এক ছাপ রেখে গেছে। পাহাড়, মেঘ আর নীল আকাশের যে নেপালকে এতদিন দেখেছি হিমালয় কন্যা হিসেবে। সেখানে গিয়ে প্রকৃতির অন্য এক ভয়ংকর রূপের মুখোমুখি হতে হলো। আগস্টের ভয়াবহ হিমবাহ-উৎপন্ন বন্যা ও প্রাণঘাতী দুর্যোগের ক্ষত তখনও পুরোপুরি শুকায়নি। কোথাও ভেঙে যাওয়া সড়ক, কোথাও ক্ষতবিক্ষত পাহাড়, আবার কোথাও মানুষের জীবনে নেমে আসা দীর্ঘশ্বাসÑ সবকিছুই সেই বিপর্যয়ের ভয়াবহতার সাক্ষ্য বহন করছিল। এবার নেপালে অবস্থানকালে আমি আমার নির্দিষ্ট গন্তব্যে যেতে পারিনি। নেপাল সরকার কাঠমুন্ডু-পোখারা মহ্সড়কটি নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেয়। তাই আমাকে অবস্থান পরিবর্তন করতে হয়। আমি নাগরকোট যাওয়ার সিদ্ধান্ত নিই। সেখানে যাওয়ার পথে মাঝেমধ্যেই বিধ্বস্ত পাহাড়, চূড়া থেকে নেমে আসা পাথর আর পানির সংমিশ্রণে এক কদাকার অবস্থ। পাহাড়ের বুক চিরে মাটি ও পাথর নেমে আসা, প্রবল স্রোতে পানি ছুটে চলা কিংবা রাস্তার একটি অংশ হঠাৎ ধসে পড়ার দৃশ্য ছিল শিউরে ওঠার মতো। প্রকৃতির সামনে মানুষ কতটা অসহায় সেটা উপলব্ধি করা গেল। সবচেয়ে বেশি নাড়া দিয়েছে স্থানীয় মানুষগুলোর মুখ। 

সম্প্রতি এক বৈজ্ঞানিক বিশ্লেষণ দেখা যায়, আগস্টে নেপালের ভুটেকোশি অববাহিকায় ভয়াবহ আকস্মিক বন্যার পেছনে হিমবাহ, পাথর ও মাটির বিশাল অংশ ধসের পর নদীপথে অস্থায়ী প্রতিবন্ধকতা এবং তার পরবর্তী ভাঙন বড় ভূমিকা রেখেছিল। ঘটনাটি কেবল ‘অতিবৃষ্টি’ দিয়ে ব্যাখ্যা করার মতো সরল ছিল না। পাহাড়ের ওপরের একটি পরিবর্তন কীভাবে কয়েক ঘণ্টার মধ্যে নদী উপত্যকা, সেতু, সড়ক ও বসতিতে বিপর্যয় ডেকে আনতে পারেÑ এই ঘটনা তার উদাহরণ। তার পরপরই নেপাল ও ভারতের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি, বন্যা ও ভূমিধসের নতুন দফা প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। নেপালের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি হয়েছে এবং গুরুত্বপূর্ণ নদীগুলোর পানি বিপদসীমার ওপরে উঠেছে। আমার আজকের এই কলাম লেখার উদ্দেশ্য হলোÑ এই সতর্কবার্তার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোথায়? এ ধরনের বিপর্যয় মোকাবিলায় বাংলাদেশ কতটা প্রস্তুত?

উত্তরটি খুব সহজ। বাংলাদেশ হিমালয়ের পাদদেশে নয়, কিন্তু হিমালয়ের ভূ-প্রকৃতির সঙ্গে পানির সম্পর্কের শেষ প্রান্তে। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকার নিম্নভূমিতে অবস্থান করায় উজানের পাহাড়ি অঞ্চলের পরিবর্তন, অতিবৃষ্টি, আকস্মিক বন্যা, ভূমিধস ও নদীর প্রবাহের অস্বাভাবিকতা শেষ পর্যন্ত বাংলাদেশের নদী, জনপদ ও অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। তাই হিমালয়ের দুর্যোগকে ‘ওদের সমস্যা’ হিসেবে দেখার সুযোগ নেই। আমরা কতটা ঝুঁকির মধ্যে তার হিসাব কষতে হবে।

সম্প্রতি এক গবেষণায় দেখা যায়, পাহাড়ের কোনো অংশ হিমবাহের হ্রদে পড়ে বিশাল ঢেউ তৈরি করলেও বিপদ ঘটতে পারে। এই পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলোÑ দুর্যোগ এখন আর আলাদা আলাদা বাক্সে আটকে নেই। একই এলাকায় একই সময়ে অতিবৃষ্টি, পাহাড়ধস, আকস্মিক বন্যা, নদীভাঙন ও যোগাযোগব্যবস্থার বিপর্যয় ঘটতে পারে। একটির অভিঘাত আরেকটিকে তীব্র করে তুলতে পারে।

বাংলাদেশের জন্যও বিপদটি যেখানে- বাংলাদেশ দুর্যোগ মোকাবিলায় একেবারে অপ্রস্তুত দেশ নয়। বরং ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন ও আগাম সতর্কবার্তা ব্যবস্থায় বাংলাদেশের উল্লেখযোগ্য অভিজ্ঞতা রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বর্তমান ডিজিটাল প্ল্যাটফর্মে বন্যা, আকস্মিক বন্যা, পাহাড়ধস, ঘূর্ণিঝড়সহ একাধিক দুর্যোগের রিয়েল টাইম পর্যবেক্ষণের ব্যবস্থা রয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার লক্ষ্যও এখন শুধু ত্রাণ নয়, ঝুঁকি কমানো ও আগাম প্রস্তুতির দিকে জোর দেওয়া। সরকার ২০২৫ সালে জাতীয় দুর্যোগ ঝুঁকি অর্থায়ন কৌশলও গ্রহণ করেছে। একই সঙ্গে ২০২৬ সালে বর্ষাকালীন নদীবন্যার জন্য ‘আগাম পদক্ষেপ গ্রহণের কার্যপ্রণালী’ চালু করার নীতিগত উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৫ সালে বিশ্বব্যাংক বাংলাদেশের বন্যা পুনরুদ্ধার ও ভবিষ্যৎ দুর্যোগ-সহনশীলতা বাড়াতে ২৭০ মিলিয়ন ডলারের অর্থায়ন অনুমোদন করে; চট্টগ্রাম ও সিলেট বিভাগে অবকাঠামো ও বন্যা সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রায় ১৬ লাখ মানুষকে সুরক্ষার লক্ষ্য নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্নটি এখানেইÑ আমরা কি শুধু পরিচিত দুর্যোগের জন্য প্রস্তুত হচ্ছি, নাকি বদলে যাওয়া দুর্যোগের জন্যও প্রস্তুতি নিচ্ছি?

২০২৬ সালের জুলাইয়েই বাংলাদেশে অতিবৃষ্টি, আকস্মিক বন্যা ও পাহাড়ধসে সাতটি জেলায় আনুমানিক ১২ লাখ ৮০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। জাতিসংঘের পরিস্থিতি প্রতিবেদনে ৫৯ জনের মৃত্যুর কথা বলা হয়; চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারে ভারী বৃষ্টির সঙ্গে পাহাড়ধসের ঝুঁকির কথাও উল্লেখ করা হয়েছিল। অর্থাৎ আমাদের নিজেদের ঘর থেকেই সংকেত এসেছে। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের মতো অঞ্চলে পাহাড়, নদী ও ভারী বৃষ্টির সম্মিলিত ঝুঁকি রয়েছে। সেখানে কেবল আবহাওয়ার পূর্বাভাসই যথেষ্ট নয়- কোথায় পাহাড়ের ঢাল অস্থিতিশীল, কোন বসতি ভূমিধসের সম্ভাব্য পথে, কোন সড়ক বন্ধ হলে বিকল্প যোগাযোগ থাকবে না, কোন সেতু বা কালভার্ট ভেঙে গেলে একটি উপজেলা বিচ্ছিন্ন হয়ে যাবেÑ এসব তথ্যও আগাম জানা প্রয়োজন।

ঢাকার কোনো কন্ট্রোল রুমে ঝুঁকির তথ্য পৌঁছানো মানেই একজন পাহাড়ি গ্রামের মানুষ তা জানলেন, এমন নয়। সতর্কবার্তা এমন হতে হবে, যা স্থানীয় মানুষ বুঝতে পারবেন এবং যার সঙ্গে নির্দিষ্ট করণীয় যুক্ত থাকবে। ‘ভারী বৃষ্টির সম্ভাবনা’ একটি আবহাওয়ার তথ্য; ‘রাত ১০টার মধ্যে এই তিনটি গ্রামের মানুষ স্কুল ভবনে আশ্রয় নিন’Ñ এটি একটি কার্যকর দুর্যোগ-নির্দেশনা।

সেই বাস্তবতায় বাংলাদেশের এখনই করণীয়-

১. হিমালয় থেকে বাংলাদেশ পর্যন্ত একটি আঞ্চলিক বহুদেশীয় আগাম সতর্কতা কাঠামো গড়ে তুলতে হবে। শুধু নদীর পানি বাংলাদেশে ঢোকার পর তা মাপলে চলবে না। উজানের অস্বাভাবিক বৃষ্টিপাত, হিমবাহ-হ্রদ, পাহাড় ধস, ভূমিধস ও নদীর আকস্মিক পরিবর্তনের তথ্য যত দ্রুত সম্ভব বিনিময় করতে হবে। 

২. বাংলাদেশের নিজস্ব বহুমাত্রিক ঝুঁকির মানচিত্র নতুন করে তৈরি করতে হবে। পুরনো বন্যা মানচিত্র দিয়ে ভবিষ্যতের ঝুঁকি বোঝা যাবে না। জলবায়ু পরিবর্তন, নতুন বসতি, সড়ক-মহাসড়ক, শিল্প স্থাপন, পাহাড় কাটা, নদীর গতিপথ পরিবর্তনÑ সবকিছু একসঙ্গে বিবেচনায় নিয়ে ইউনিয়ন ও গ্রাম পর্যায় পর্যন্ত কোন এলাকায় কী ধরনের দুর্যোগ হতে পারে তার ডিজিটাল মানচিত্র দরকার।

৩. পাহাড়ি এলাকায় ভূমি ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। পাহাড় কেটে রাস্তা, বসতি কিংবা বাণিজ্যিক স্থাপনা তৈরির অনুমোদন যদি ঝুঁকি মূল্যায়ন ছাড়া দেওয়া হয়, তাহলে প্রাকৃতিক দুর্যোগকে কার্যত আমন্ত্রণ জানানো হবে। 

৪. দুর্যোগের জন্য আলাদা অর্থ নয়, ঝুঁকি কমানোর জন্য আগাম বিনিয়োগ বাড়াতে হবে। বন্যার পর ত্রাণ পাঠানোর চেয়ে আগেই মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, খাদ্য ও ওষুধ মজুদ করা এবং যোগাযোগব্যবস্থা সচল রাখার পরিকল্পনা অনেক বেশি কার্যকর।

৫. স্থানীয় জনগণকে দুর্যোগ ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দুতে আনতে হবে। তাই স্থানীয় স্বেচ্ছাসেবক, ইউনিয়ন পরিষদ, স্কুল, মসজিদ-মন্দির, স্বাস্থ্যকেন্দ্র ও স্থানীয় প্রশাসনকে একই কমান্ড কাঠামোর মধ্যে আনতে হবে।

দুর্যোগ মোকাবিলার প্রচলিত ধারণা হলোÑ বন্যা এলে বাঁধ বানাও, পাহাড় ধসলে রাস্তা পরিষ্কার করো, মানুষ বিপদে পড়লে ত্রাণ দাও। এই মডেল প্রয়োজনীয়, কিন্তু যথেষ্ট কার্যকর নয়। আগামী দিনের বাংলাদেশকে হতে হবে ঝুঁকি-সচেতন। যেখানে কোনো সড়ক নির্মাণের আগে জানা থাকবে সেটি আগামী ৩০ বা ৫০ বছরের বৃষ্টিপাতের পরিবর্তনের সঙ্গে কতটা নিরাপদ; কোনো শহর সম্প্রসারণের আগে জানা থাকবে কোথায় পানি জমবে; কোনো পাহাড়ি বসতি গড়ে ওঠার আগে জানা থাকবে সেই ঢালের ভূতাত্ত্বিক স্থিতিশীলতা কতটা; কোনো নদী ব্যবস্থাপনা প্রকল্প নেওয়ার আগে বিবেচনায় থাকবে উজানের পরিবর্তিত জলপ্রবাহ। 

নেপালের সংকেতকে বাংলাদেশের নীতিতে ভাবতে হবে। কারণ, হিমালয়ের বরফ গলে যাচ্ছেÑ এটি শুধু পাহাড়ের খবর নয়। হিমালয়ের ওপরের পরিবর্তন শেষ পর্যন্ত নদী অববাহিকার নিচের দেশগুলোর পানি, কৃষি, বিদ্যুৎ, খাদ্য, যোগাযোগ ও মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে। এই অঞ্চলের হিমবাহ ও তুষারনির্ভর নদীগুলো এশিয়ার বিপুল জনগোষ্ঠীর পানি ও জীবিকার সঙ্গে যুক্ত। 

বাংলাদেশকে একই সঙ্গে তিনটি কূটনৈতিক ও বৈজ্ঞানিক উদ্যোগ নিতে হবেÑ হিমালয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে তথ্য বিনিময় বাড়ানো, আঞ্চলিক দুর্যোগ সতর্কতা ব্যবস্থা শক্তিশালী করা এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন থেকে অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলার অর্থ নিশ্চিত করা।

হিমালয়ের পাহাড়ধসের শব্দ হয়তো বাংলাদেশের সীমান্তে শোনা যায় না। কিন্তু সেই ধসের পানি যখন নদী হয়ে নিচের দিকে নামে, তখন তার অভিঘাত আর সীমান্ত মানে না। তাই হিমবাহ বিপর্যয় এবং পরবর্তী পাহাড়ধস কেবল নেপাল বা হিমালয়ের জন্য সতর্কবার্তা নয়। এটি বাংলাদেশের জন্যও একটি আয়না। সেই আয়নায় আমাদের দেখতে হবেÑ আমরা কি দুর্যোগের পরে ত্রাণ তৎপরতা চালাবো, নাকি দুর্যোগের আগেই প্রয়োজনীয় প্রতিরোধমূলক প্রস্তুতি নেবো?  এ দুটির মধ্যে পার্থক্যই আগামী দিনের বাংলাদেশ কতটা নিরাপদ হবে, তা নিহিত। এখন সময় দুর্যোগের অপেক্ষা করার নয়, দুর্যোগ আসার আগেই তাকে মোকাবিলার। 

লেখক: কলামিস্ট ও শিল্পোদ্যোক্তা


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা