প্রতীকী ছবি
রান্নার কাজে ব্যবহৃত এলপিজি (লিকুইড পেট্রোলিয়াম গ্যাস) অর্থাৎ তরল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়িয়েছে সরকার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গত পরশু বিকালে নতুন দাম ঘোষণা করেছে এবং ওইদিন সন্ধ্যায়ই তা কার্যকর হয়েছে। সংস্থাটির ঘোষণা অনুযায়ী ১২ কেজি এলপিজির দাম বাড়ানো হয়েছে ২৫২ টাকা। অর্থাৎ এখন থেকে ১২ কেজির এক সিলিন্ডার এলপি গ্যাস ভোক্তাদের কিনতে হবে ১ হাজার ৮৩৭ টাকায়। বরাবরের মতো মূল্যবৃদ্ধির কৈফিয়ত হিসেবে বিইআরসি দায় চাপিয়েছে আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্যবৃদ্ধি, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, জাহাজ ভাড়া বৃদ্ধি এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়ার ওপর। একই সঙ্গে বাড়ানো হয়েছে বিভিন্ন পরিমাণের এলপিজি সিলিন্ডারের দামও। তা ছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে একই হারে। লিটারপ্রতি অটোগ্যাসের দাম ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ৮৪ টাকা ৬২ পয়সা। এ ছাড়া ২০ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬৯ টাকা, ২২ কেজির দাম ৩ হাজার ৩৬৭ টাকা, ২৫ কেজির সিলিন্ডার ৩ হাজার ৮২৭ টাকা, ৩০ কেজির ৪ হাজার ৫৯২ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৮৮৮ টাকা।
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস সাধারণত গৃহস্থালির কাজে ব্যবহৃত হয়ে থাকে। বাসাবাড়ি থেকে শুরু করে রেস্তোরাঁ, সবখানে রান্নার একমাত্র ভরসা এখন এলপিজি। সে হিসেবে রসুইখানায় আগুনের স্বাভাবিক উত্তাপের সঙ্গে গতকাল থেকে এলপিজির মূল্যবৃদ্ধি বাড়তি উত্তাপ ছাড়াবে। আর সে উত্তাপের আঁচ লাগবে প্রতিটি মানুষের গায়ে। সবচেয়ে বড় কথা, সরকার নির্ধারিত নতুন দামে এলপিজি বিক্রি হবে, এমন নিশ্চয়তা নেই। কেননা, কয়েকদিন আগে থেকে যে কৃািত্রম সংকট তৈরি করা হয়েছিল, তা এখনও কাটেনি। বরং ইতোমধ্যে খবর বেরিয়েছে,দেশের অনেক স্থানে ১২ কেজির এলপি গ্যাসের সিলিন্ডার ২২শ টাকায় কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। ফলে এ মূল্যবৃদ্ধির উত্তাপের যন্ত্রণা ভোগ করতে হবে সবাইকে। বাসাবাড়ি শুধু নয়, রেস্তোরাঁয় যারা খাবার কিনে খাবেন, তারাও এ মূল্যবৃদ্ধির উত্তাপ অনুভব করতে পারবেন বেশ ভালোভাবেই। কেননা রেস্তোরাঁ মালিকরা এলপিজির বর্ধিত মূল্যের সমন্বয় ঘটাবেন প্রস্তুতকৃত খাবারের দাম বাড়িয়ে। সুতরাং এটা বলা যায়, হঠাৎ করে এলপিজির দাম বাড়িয়ে সরকার দেশের তাবৎ মানুষের জীবনে নতুন সংকট সৃষ্টি করল।
বিজ্ঞানী প্যাসকেলের সূত্রমতে, ‘একটি আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের কোনো একটি অংশে বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সে চাপ বিন্দুমাত্র না কমে সবদিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থ সংলগ্ন পাত্রের গায়ে সমানভাবে ক্রিয়া করে।’ অর্থাৎ প্রদত্ত চাপটি আবদ্ধ পাত্রটির সর্বত্র একই পরিমাণে চাপ সৃষ্টি করে; যেটি সমভাবে অনুভূত হয়। দেশ বা রাষ্ট্রকে যদি আমরা বিজ্ঞানী প্যাসকেলের সূত্র অনুযায়ী একটি আবদ্ধ পাত্র হিসেবে কল্পনা করি, তাহলে এর যেকোনো পর্যায় থেকে উদগত চাপ সমাজ ও রাষ্ট্রের সর্বত্র সমানভাবে ক্রিয়া করার কথা। সেটা পণ্যের মূল্যবৃদ্ধি হোক বা আইনশৃঙ্খলাজনিত বিষয়ই হোক। তবে আমাদের দুর্ভাগ্য হলো, রাষ্ট্রের নীতিনির্ধারকরা কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সাধারণ মানুষের কথা বিবেচনায় নেন না। তারা আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্যবৃদ্ধি, পরিবহন ব্যয় ইত্যাদিকে যখন কৈফিয়ত হিসেবে উপস্থাপন করেন, তখন এটা ভাবেন না যে, এই মূল্যবৃদ্ধির স্টিমরোলারে পিষ্ট হবে নিরীহ সাধারণ মানুষ; পণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে যাদের আয়-রোজগার বাড়ার সুযোগ থাকে না। মাত্র কদিন আগে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এখন বাড়ানো হলো গৃহস্থালির কাজে ব্যবহৃত এলপিজির দাম। মূল্যবৃদ্ধির এই চাপ যে জনজীবনে নাভিশ্বাস তুলবে, সেটা বলার অপেক্ষা রাাখে না। এমনিতেই জ্বালানির মূল্যবৃদ্ধির অজুহাতে পরিবহন ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে বেড়েছে পণ্য পরিবহন খরচও। এর প্রতিক্রিয়া পড়ছে বাজারে। জীবনযাত্রা হয়ে উঠছে অসহনীয়।
রাষ্ট্র জনগণের অভিভাবক। এর কাজ সমস্যা-সংকট থেকে তাদের আগলে রাখা। তা না করে রাষ্ট্র যদি নিজের কথিত লোকসান কমানোর কথা বলে জনগণের মাথায় চেপে থাকা সমস্যার বোঝার ওপর নতুন নতুন শাকের আঁটি চাপিয়ে দেয়, তাহলে কোনো বিচারেই তাকে সুবিবেচনাপ্রসূত বলার অবকাশ থাকে না। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি আর মধ্যপ্রাচ্য পরিস্থিতির পুরনো অজুহাতে হঠাৎ এলপিজির মূল্যবৃদ্ধিকে আমরা তাই অযৌক্তিক মনে করি। জনজীবনের কথা চিন্তা করে সরকারকে বিষয়টি পুনর্বিবেচনা করবে, দেশবাসী সেটাই প্রত্যাশা করে।