× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোর গ্যাং: উৎকট সামাজিক সমস্যা

নূরুদ্দীন দরজী

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৪:৪২ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

দেশে ইদানীং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা খুব বেশি বৃদ্ধি পেয়েছে। চতুর্দিক থেকে এ গ্যাংদের লোমহর্ষক কর্মকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। কুমিল্লার কিশোর অপ্রতিম হত্যাকাণ্ড সারা দেশকে স্তব্ধ করে দিয়েছে। শহর থেকে গ্ৰাম সর্বত্রই আশঙ্কাজনকভাবে বাড়ছে এ চক্রের অপরাধপ্রবণতা।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী ২০২৬ সালে প্রথম আট মাসেই সারা দেশে হত্যাকাণ্ডের মামলা হয়েছে ২৩৬২, অপহরণের ঘটনা ঘটেছে ৬৯১ ও নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে ১৪,৬০২টি। আগের বছর অর্থাৎ ২০২৫ সালে হত্যাকাণ্ডের মামলা ছিল ২১৩৬, অপহরণ ৭১৫ এবং নারী ও শিশু নির্যাতন ঘটনায় মামলা হয়েছিল ১৫,০৩৪টি। গত বছরের আট মাসের তুলনায় এ বছর এ সময় পর্যন্ত ১১% খুনের ঘটনা বেড়েছে। কিশোর গ্যাং গ্ৰুপের সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে। কোনো কোনো মতে বর্তমানে গ্যাং-গ্ৰুপ চারশতের কাছাকাছি। আবার সবচেয়ে বেশি ঢাকা শহরে ও পরে চট্টগ্ৰামে। বিভিন্ন তথ্যে এ বছর এ পর্যন্ত অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার হয়েছে ৪৬৫টি।

কিশোর অপরাধ জগতে ‘বড় ভাই’ বলে একটি সম্বোধন রয়েছে। শ্রদ্ধাবোধসম্পন্ন মানুষমাত্রই জানেন, বড় ভাই হচ্ছে পিতার সমতুল্য। অনেক ক্ষেত্রেই পিতার কাজটি তারা করে থাকেন। কিন্তু কিশোর গ্যাং জগতের বড় ভাই এমন অর্থে নয়। তাদের বড় ভাই হচ্ছে আধিপত্য বিস্তারকারী, প্রভাবশালী, পৃষ্ঠপোষক ও নিয়ন্ত্রক ব্যক্তি। কিশোরদের সংগঠিত করা, সহযোগিতা দেওয়া, নেতা সেজে প্ররোচনা দেওয়া কিংবা বিভিন্ন গ্ৰুপের ঝগড়া-ফ্যাসাদের মীমাংসা করে দেওয়া। 

কিশোর গ্যাং নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন, চিন্তিত। কিশোর গ্যাংয়ের সদস্যরা সাধারণত ১২-১৩ থেকে শুরু করে ২০ বছর বয়সী হয়। আমাদের অনেকের পরিবারে এ বয়সের ছেলেমেয়ে রয়েছে। আবার তাদের অধিকাংশ স্কুলপড়ুয়া। মনোবিজ্ঞান ও কিশোর মনোবিজ্ঞান মতে ১০ থেকে ১৯-২০ বছর মানবজীবনের বয়ঃসন্ধিকাল। এ বয়সে ছেলেমেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তন দেখা যায়। তাদের সামনে নতুন এক পৃথিবী ধরা দেওয়ায় নিজের পরিচয় সংকটে পড়ে যায়। ভালোমন্দের পার্থক্য করতে সমস্যায় পড়ে। এ বয়সের ছেলেমেয়ে নিয়ে নতুন করে সমস্যা সৃষ্টি হয়।এ সময়ে অনেকে অদ্ভূত  আচরণ করে। 

এ ক্ষেত্রে জেনারেশন টু জেনারেশনের মূল্যবোধ, চেতনা ও জীবনধারার প্রভাব রয়েছে। বর্তমানে কিশোর অপরাধের সাথে যারা জড়িত তাদের অধিকাংশ জেন-জি জেনারেশন ভুক্ত এবং অল্প কিছু আলফা জেনারেশনের। এদের অনেকের বৈশিষ্ট্য ডিজিটাল, মানসিক, সামাজিক সচেতনতা, পরিবেশগত ভিত্তি ও বাস্তববাদী। অনলাইন বিশ্ব, ভিজ্যুয়ালের মতো নানা কিছুর সাথে তারা জড়িত। এ জেনারেশনের ছেলেরা নিজেকে বড় মনে করে, প্রভাবশালী সেজে আধিপত্য বিস্তার করে তৃপ্তি পায়। এদের মা-বাবার একটি বড় অংশ ‘জেনারেশন এক্স’ ভুক্ত এবং দাদাদাদি-নানানানিরা মোটামুটি ‘বেবী বুমার' জেনারেশনের। মা-বাবারা নানা কাজে ব্যস্ত থাকার কারণে অনেকে উদাসীনতায় ভোগে। ঘরের বাইরে সখ্যতা গড়ে তুলতে চায়। তাদের জন্য যথেষ্ট পরিমাণে খেলার মাঠ নেই, যা কিছু আছে সেখানে বখাটেদের দৌরাত্ম্য। সাংস্কৃতিক কর্মকাণ্ড চালাতে ও সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় বাধার সম্মুখীন হতে হয়। স্থানীয় প্রভাবশালীদের সাথে অনেক সময় বনাবনি না হওয়ায় তারা অবাধ্য হয়ে যায়। ফেসবুকের গ্ৰুপ কালচার অর্থাৎ ফেসবুকে পোস্ট দিয়ে নিজেদের ভাইরাল করে। গ্যাংস্টার-ভিত্তিক গেম খেলা তাদের সহিংস হতে সহায়ক হয়। মাদকসেবীরা মাদকের টাকা জোগাড় করতে ছিনতাই ও চাঁদাবাজি করে। অনেকের সঠিক দৃষ্টিভঙ্গির অভাব রয়েছে। জিপিএ+৫সহ ভালো ফলাফল করলেও স্থায়ী দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে না। শিক্ষক হয়তো পড়ালেন, ‘মুরুব্বিদের দেখলে সালাম দিতে হবে’ শিক্ষার্থী এ কথা মনে রেখে পরীক্ষার উত্তরপত্রে লিখে দিলে সে পাস করবে নিশ্চয়ই। কিন্তু বাস্তবে মুরুব্বিদের দেখলে তাদের অধিকাংশ সালাম কতটুকু দেয় তা দেখেই তাদের দৃষ্টিভঙ্গি বোঝা যায়। পড়াশোনা করে, শিখে দেখে ও মানুষের দৃষ্টিভঙ্গি তৈরি হয়। শুধুমাত্র পাস করার জন্য হলে পাস করতে পারে, কিন্তু সঠিক দৃষ্টিভঙ্গি তৈরি হয় না সঠিক মানুষ হয়ে ওঠে না।

কিশোর গ্যাংয়ের কবলে পড়ে এক শ্রেণির তরুণের যে অবক্ষয়, নীতি-নৈতিকতার যে অভাব দেখা দিয়েছে তা থেকে তাদের উদ্ধার করতে না পারলে সমাজ ও দেশকে কঠিন মূল্য দিতে হবে। তবে এ পথ খুব একটা সহজ নয়, দুর্গম এবং আঁকাবাঁকা। বিশেষ কোনো গোষ্ঠী, দল বা সরকারকে একা দোষ দিলে লাভ হবে না। কিশোর গ্যাং আগেও ছিলÑ এখন হয়তো বেড়েছে। বিগত দিনে রাষ্ট্রীয়, সামাজিক ও পারিবারিক ব্যর্থতা এদের বেড়ে ওঠা সহজ করে দিয়েছে। এ গ্যাং প্রতিরোধে সঠিক পরিকল্পনা নিতে হবে, করতে হবে পরিশ্রম, ধরতে হবে ধৈর্য এবং রাখতে হবে আত্মবিশ্বাস। এ বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদের পরামর্শে সাহস নিয়ে এগোতে হবে। পরিবার থেকে শুরু করে সকল পর্যায়ের সহযোগিতা থাকতে হবে। নিজেকে দূরত্বে রেখে নিরাপদে থাকা যাবে না। সম্মিলিতভাবে কিশোরদের বুঝতে হবে, চিন্তা করতে হবে তাদের ন্যায়সঙ্গত চাহিদার কথা। শাস্তি দেওয়ার পাশাপাশি কিশোর অপরাধীদের মনস্তাত্ত্বিক সংশোধনের কথা চিন্তা করতে হবে। দেশের অনেক বিশেষজ্ঞের মতেÑ সমাজ, পরিবারসহ কিশোর সংশোধন কেন্দ্র আধুনিকায়ন, সঠিক কাউন্সেলিং, পারিবারিক নজরদারি বৃদ্ধি জরুরি। খেলার মাঠ ও সাংস্কৃতিক কেন্দ্র যতটুকু সম্ভব বৃদ্ধি, দরকার বিচার ব্যবস্থায় সংস্কার। বড় ভাই ও গড ফাদার চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। ইতোমধ্যে যারা এ অপরাধচক্রে জড়িয়ে পড়েছে, তাদের প্রতি বাবা-মা, পাড়া-প্রতিবেশীসহ সবার যত্নশীল হতে হবে।  শাসনের পাশাপাশি আদর, স্নেহ, মমতা বৃদ্ধি করে তাদের বোধোদয় ঘটাতে হবে। বোঝাতে হবে, ও পথ সঠিক নয়। তাদের কথা শুনতে হবে। ছোটখাটো চাহিদা পূরণে আন্তরিক হতে হবে। অবশ্যই মনে রাখতে হয় যে, সন্তানসন্ততির জন্য জীবনে দুঃখদুর্দশা আসে। আবার তাদের জন্যই জীবন মধুর হয়। সন্তান জন্ম দেওয়াই বড় কথা নয়, তাদের মানুষ হিসেবে গড়ে তোলাটাই সবচেয়ে গুরিুত্বপূর্ণ। আর সেখানেই অভিভাবকদের সার্থকতা।

লেখক: সাবেক শিক্ষা অফিসার

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা