× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব শিক্ষক দিবস: চাই সর্বজনীন মানসম্মত শিক্ষা

ড. দেওয়ান আযাদ রহমান

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৪:৩৩ পিএম

বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৯১টি দেশে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৯১টি দেশে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। ছবি: সংগৃহীত

বরাবরের মতো এবারও বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৯১টি দেশে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। জাতিসংঘ ঘোষিত দিবসটির এবারের প্রতিপাদ্য হলোÑ ‘শিক্ষকদের পাশে দাঁড়ানো : পেশা রক্ষা, মর্যাদার উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ বিনির্মাণের ৬০ বছর’।

১৯৪৫ সালে বিশ্বযুদ্ধ সমাপ্তির প্রেক্ষাপটে ১৯৪৭ সালে ইউনেস্কোর সাধারণ অধিবেশনে একটি ‘শিক্ষক সনদ’ প্রণয়নের মধ্য দিয়ে শিক্ষক অধিকার সংক্রান্ত চিন্তার উদ্ভব ঘটে। ১৯৪৮ সালে সম্মিলিত জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণার ২৬ অনুচ্ছেদে শিক্ষা মৌলিক অধিকার এবং ব্যক্তিত্ব বিকাশের গুরুত্ব পুনর্ব্যক্ত হয়। বিভিন্ন কার্যক্রমের ধারাবাহিকতায় বিশ্বব্যাপী শিক্ষক সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং সুরক্ষিত করার জন্য ১৯৬৬ সালের ৫ অক্টোবর প্যারিসে অনুষ্ঠিত বিশেষ আন্তঃরাষ্ট্রীয় সরকার সম্মেলনে ১৩ অধ্যায়ে বিন্যস্ত এবং ১৪৬টি ধারা, উপ-ধারায় সম্মিলিত শিক্ষকদের অধিকার, কর্তব্য ও মর্যাদা-বিষয়ক ঐতিহাসিক ‘ইউনেস্কো আইএলও সুপারিশ ১৯৬৬’ প্রণীত হয়। এ ঐতিহাসিক দলিলে শিক্ষাকে দেশ, সমাজ ও জাতি গঠনের শ্রেষ্ঠ হাতিয়ার হিসেবে চিহ্নিত করে শিক্ষার সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার, মর্যাদা ও দায়দায়িত্বের বিষয়টি সুদৃঢ়ভাবে তুলে ধরা হয়েছে। পরবর্তীতে শিক্ষকদের অধিকার ও মর্যাদা সম্পর্কিত অর্জিত সাফল্যকে সমুন্নত রাখাসহ আরও সম্প্রসারিত করার লক্ষ্যে ১৯৯৩ সালে বিশ্বের ১৬৭টি দেশের ২১০টি জাতীয় সংগঠনের প্রায় ৩ কোটি ২০ লাখ সদস্যের প্রতিনিধিত্বকারী আন্তর্জাতিক শিক্ষক সংগঠন ‘এডুকেশন ইন্টারন্যাশনাল’ গঠিত হয়। 

এই ঘোষণার পরিপ্রেক্ষিতে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালনের শুভসূচনা হয়। ১৯৯৪ সালের পর থেকে বাংলাদেশসহ পৃথিবীর অনেক দেশে যথাযোগ্য মর্যাদায় এ দিবসটি পালন হয়ে আসছে। শিক্ষকদের জন্য প্রণীত ও ঐতিহাসিক দলিলে শিক্ষকতাকে একটি সেবামূলক পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। 

শিক্ষকদের বেতন-ভাতা ও মর্যাদা প্রসঙ্গে বলা হয়েছেÑ ১. শিক্ষকদের মর্যাদাকে সমুন্নত করার লক্ষ্যে প্রদেয় বেতন-ভাতা নিশ্চিতকরণ; ২. সমাজে শিক্ষকতার গুরুত্ব প্রতিফলনে অন্যান্য পেশায় সমমানের যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের প্রদত্ত বেতনের সাথে অনুকূল তুলনীয়ভাবে ও পরিবার-পরিজনসহ যুক্তিসঙ্গত জীবন যাপনের মান বজায় রাখার নিশ্চয়তা বিধান সাপেক্ষে শিক্ষকদের বেতন-ভাতা সুনির্ধারণ করা; ৩. প্রতিষ্ঠিত বেতন স্কেলের ভিত্তিতে শিক্ষকদের নিয়মিত বেতন পরিশোধ; ৪. জীবন ধারণের ব্যয়বৃদ্ধি ও বর্ধিত উৎপাদনশীলতার কারণে ব্যয়ের ঊর্ধ্বমুখী বিবেচনায় প্রয়োজন অনুসারে বেতন স্কেল পুনর্নির্ধারণ ইত্যাদি। এ দলিলের শিক্ষকদের চাকরি ও কর্মজীবন, পেশাগত স্বাধীনতা ও অধিকার, কর্মঘণ্টা ও ছুটি, সামাজিক নিরাপত্তাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে দিক-নির্দেশনা দেওয়া হয়েছে, যা শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির সহায়ক। কিন্তু দুঃখজনক হলেও সত্যি উপরোক্ত সুপারিশমালার যথাযথ বাস্তবায়ন বাংলাদেশে হচ্ছে না।

২০০৯ সালে প্রণীত শিক্ষানীতিতেও শিক্ষকদের জন্য উচ্চতর বেতন স্কেল ও যথাযথ মর্যাদা প্রদানের সুপারিশ করা হয়েছে। শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক হচ্ছে শিক্ষক। শিক্ষকদের সমস্যার সমাধান করে তাদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে শিক্ষার উন্নয়ন অসম্ভব। তাই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে ও মেধাবীদের এ পেশায় আকৃষ্ট করতে হলে মাধ্যমিক স্তরে এন্ট্রি পদ নবম গ্রেড নিশ্চিত করতে হবে। অপরদিকে জীবনমান উন্নয়ন ও উন্নত জীবনযাপনের জন্য বিশ্বব্যাপী মানসম্মত শিক্ষার গুরুত্ব বেড়েই চলছে। শিক্ষা কাঠামোর গুরুত্বপূর্ণ স্তর হলো মাধ্যমিক শিক্ষা। অনেক উন্নত দেশে মাধ্যমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। 

মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাপনার ক্ষেত্রে নানা সমস্যা পরিলক্ষিত হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থাকলেও সারা দেশে বিশালসংখ্যক মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা দুরূহ। প্রশাসনিক সুবিধার্থে ৯টি আঞ্চলিক কার্যালয় এবং ৬৪ জেলার শিক্ষা কার্যালয়,  ৫১৬টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, ৬৮৬টি সরকারি কলেজ, ৭০৬টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং ১০৪ টিচার্স ট্রেনিং কলেজ। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)-২০১৪-এর তথ্য মতে, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২১২৩২, যার মধ্যে কলেজ ১৫১৪। এ কারণে এ বিশালসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য আকাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। অধিকন্তু সরকারি মাধ্যমিকের অধিকাংশ প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, জেলা শিক্ষক অফিসারসহ বিভিন্ন স্থানে ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে জোড়াতালি দিয়ে পরিচালনা করা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে প্রেষণে এনে অদক্ষ কর্মকর্তাদের দিয়ে সুষ্ঠুভাবে শিক্ষা প্রশাসন পরিচালনা করা সম্ভব হচ্ছে না। ফলে প্রাথমিক শিক্ষার মতো মাধ্যমিক শিক্ষার গতিশীলতা নেই।

মাধ্যমিক স্তরের এসব সমস্যা বিবেচনা করে স্বাধীনতা-উত্তর বর্ণিত সব শিক্ষা কমিশন রিপোর্টে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর সুপারিশ করা হয়েছে। বিশেষ করে, ২০০৩ সালে অধ্যাপক মনিরুজ্জামান মিয়ার নেতৃত্বে গঠিত জাতীয় শিক্ষা কমিশন সুপারিশ করেছিল মাধ্যমিক স্তরের সার্বিক প্রশাসনের জন্য স্বতন্ত্র অধিদপ্তর গঠন করা হোক।  জনপ্রশাসন সংস্কার কমিশন জানুয়ারি ২০২৫ প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করেছে, ‘পৃথক মাধ্যমিক অধিদপ্তর প্রতিষ্ঠা প্রয়োজন। মাধ্যমিক শিক্ষার অধীনে অনেক প্রতিষ্ঠান থাকার কারণে শিক্ষার মান ক্রমশ কমছে। তাই আলাদা অধিদপ্তর গঠন জরুরি।’ শুধু তাই নয়, সচিব সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয় /বিভাগের সংস্কার পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য মার্চিং অর্ডার দেওয়া হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২৮ নভেম্বর ২০২৪-এ দাখিলকৃত সময়নিষ্ঠ সংস্কার পরিকল্পনায় ডিসেম্বর ২০২৫-এর মধ্যে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার বিষয়টি অন্তর্ভুক্তি ছিল। 

মনিরুজ্জামান কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়। কিন্তু একটি মহল এ সফল উদ্যোগকে নস্যাৎ করে বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছে। বিষয়টি খুবই উদ্বেগজনক। তাই স্বতন্ত্র মাধ্যমিক অধিদপ্তর বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে মাধ্যমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত করা খুবই প্রয়োজন।তা ছাড়া সরকারি মাধ্যমিকের বিদ্যমান সমস্যা শিক্ষকদের ন্যায্য পাওনা টাইম স্কেল বা সিলেকশন গ্রেড বঞ্চিত রেখে এবং বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক ও সহকারী শিক্ষকের অসংখ্য পদশূন্য রেখে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। এ বিষয়ে সরকারের অবশ্যই আন্তরিক হতে হবে।

শিক্ষকতা শুধু পেশা নয়, ব্রতও বটে। শিক্ষকতা একটি শিল্প। যুগ পরিবর্তনের প্রেক্ষাপটে নিত্যনতুন পুস্তক লেখা, পাঠ্যসূচি প্রণয়ন, পাঠ পদ্ধতি শিখন, শ্রেণিকক্ষে পাঠদানের আধুনিক উপকরণ, যেমনÑ ওভারহেড প্রজেক্টর, অডিও ভিডিও স্লাইড, রঙিন বোর্ড, চক, ডাস্টার প্রভৃতি কৌশল অবলম্বনের মাধ্যমে তারা শিক্ষাদানকে উপভোগ্য ও আকর্ষণীয় করে তুলুক, শিক্ষক সমাজ সুশিক্ষিত জাতি গঠনে চমৎকার ভূমিকা পালন করুক এবং সর্বোপরি তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি হোকÑ বিশ্ব শিক্ষক দিবসে এই প্রত্যাশা সবার।

লেখক: গবেষক, প্রবন্ধকার ও প্রেসিডেন্ট, বাংলাদেশ টিচার্স ফেডারেশন (এডুকেশন ইন্টারন্যাশনাল অধিভুক্ত)


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা