× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃদ্ধরা যখন নিলামে

মহিউদ্দিন খান মোহন

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৩:৩০ পিএম

মহিউদ্দিন খান মোহন। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

মহিউদ্দিন খান মোহন। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

বুড়িয়ে যাওয়ার কারণে দেশের এলিট ফোর্স র‌্যাবের (বর্তমানে ‘এসআরবি’) আট সদস্যকে নিলামে তোলা হয়েছে সম্প্রতি। সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই সদস্যদের কিনতে আগ্রহীরা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে তাদের কিনে নিতে পারবেন। র‌্যাবের এই সদস্য কুকুরদের সবাই প্রশিক্ষিত এবং যৌবন বয়সে তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবেই পালন করেছে। এখন বয়স বেড়ে যাওয়ায় তারা আর আগের মতো ক্ষিপ্রতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারে না।তাই বাহিনী থেকে বিদায়ের এই ব্যবস্থা। খবরটি প্রকাশিত হয়েছে, গত ১৩ আগস্ট প্রতিদিনের বাংলাদেশ-এর শেষ পৃষ্ঠায় ‘র‌্যাবের বুড়োরা এখন নিলামে’ শিরোনামে। খবরে বলা হয়েছে, গত ১২ আগস্ট মিরপুর ১৪ নম্বর সেকশনে অবস্থিত পুলিশ লাইনসে এ নিলাম অনুষ্ঠিত হয়েছে। র‌্যাব সূত্র জানিয়েছে, কুকুরগুলোকে দীর্ঘদিন অপারেশনাল দায়িত্ব পালনের পর বয়সজনিত কারণে ভারী অনুসন্ধান টহল ও বিস্ফোরক শনাক্তকরণের মতো কঠিন দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে কুকুরগুলো শারীরিকভাবে সুস্থ এবং সাধারণ পোষা প্রাণী হিসেবে জীবনযাপনে সক্ষম।

প্রতিদিনের হাজারো খবরের ভিড়ে এ খবরটির বিশেষত্ব অনেকের কাছে অনুভূত না-ও হতে পারে। যুদ্ধ-বিগ্রহ, অর্থনৈতিক টানাপড়েনসহ দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সব খবরের মাঝে কয়েকটি কুকুরকে চাকরি থেকে অবসরে পাঠানো বিশেষ কোনো ঘটনা নয়। তা ছাড়া সরকারি চাকরির শর্তই হলো, একসময় অবসরে যেতে হবে। মানুষের বেলায় একটি বয়সসীমা নির্দিষ্ট থাকে। তবে কুকুরের বেলায় সে রকম কোনো বিধিবদ্ধ নিয়ম নেই। ওদের চাকরির স্থায়িত্ব নির্ভর করে শারীরিক সক্ষমতার ওপর। যেমনÑ রেসের ঘোড়া যখন দৌড়াতে পারে না, তখন সেটাকে বাদ দেওয়া হয়। আবার জমির হালচাষে ব্যবহৃত বলদ কিংবা মহিষ যখন জোয়াল কাঁধে নিয়ে হাঁটার সক্ষমতা হারায়, তখন সেগুলোর শেষ গন্তব্য হয় কসাইখানা। 

এসআরবির কুকুরগুলোর দায়িত্ব পালনে সক্ষমতা না থাকায় অবসরে পাঠানো হয়েছে। মানুষ চাকরিজীবন শেষে অবসরে গেলে পেনশন, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড পায়। কুকুরগুলোর ক্ষেত্রে সে সুবিধা নেই। তবে ওগুলোকে নিলামে না তুলে র‌্যাবের সক্রিয় কুকুরের সঙ্গে রাখতে কোনো সমস্যা ছিল বলে মনে হয় না। খবর অনুযায়ী, নিলামে তোলা কুকুরগুলোর কোনোটির বয়স ৬ বছর ৭ মাস, কোনোটির ৭ বছর আবার কোনোটির বয়স ৮ বছর ৪ মাস। কুকুরের জীবনকাল ১২ থেকে ১৫ বছর। তার মানে নিলামে তোলা কুকুরগুলোর কোনোটি অর্ধেকেরও কম বয়সে অবসরে পাঠানো হলো। প্রশ্ন হলো, কুকুরগুলোকে নিলামে তুলে বিক্রি করে দেওয়া হলো কেন? বিক্রি না করে র‌্যাবের খামারে কি ওদের রেখে দেওয়া যেত না? ওদের পেছনে খরচের কথা বলবেন? সেটা তো চাকরিজীবন শেষে প্রাপ্য পেনশন থেকে আসার কথা, মানুষ যেমন পায়। 

কুকুরের প্রভুভক্তি তুলনাহীন। মনিবের জীবন বাঁচাতে কুকুর নিজের জীবন বিসর্জন দিতে পারে। সেই বাল্যকালে, প্রাইমারি ছাত্র অবস্থায় একটি গল্প পড়েছিলাম পাঠ্যবইয়ে। এক বালক তার পোষা কুকুরসহ জাহাজে ভ্রমণ করছিল। হঠাৎ সে পা ফসকে সমুদ্রে পড়ে যায়। ছেলেটি যখন হাবুডুবু খাচ্ছিল, তখনই তার সঙ্গে থাকা কুকুরটি লাফিয়ে পড়ল। কুকুরটি বালকের জামা কামড়ে ধরে জাহাজের দিকে টেনে আনতে থাকে। এ সময় একটি হাঙরকে দেখা গেল তাদের দিকে তেড়ে আসতে। জাহাজের সব যাত্রী প্রমাদ গুনল। জাহাজের ক্যাপ্টেন তার বন্দুক দিয়ে হাঙরকে লক্ষ্য করে গুলি ছুড়লেন। গুলিতে হাঙরের মাথা চূর্ণবিচূর্ণ হয়ে গেল। বালক ও কুকুরটি রক্ষা পেল। কয়েকজন নাবিক ছোট বোট নিয়ে ওদের তুলে আনে সমুদ্র থেকে। এমন অনেক গল্পই রয়েছে কুকুরের প্রভুভক্তি নিয়ে। একটি কথা সামাজিক মাধ্যমে আজকাল অনেকেই শেয়ার করেনÑ ‘শেয়াল চতুর, কিন্তু মানুষ শেয়াল পোষে না, কুকুরই পোষে।’ এটা কিন্তু কুকরের প্রভুভক্তি ও বিশ্বস্ততার কারণেই। অবশ্য অনেকে শখ করেও কুকুর পোষেন। সে ক্ষেত্রে দেশি কুকুরের চেয়ে বিদেশি কুকুরের প্রাধান্য বেশি। 

কুকুরের প্রভুভক্তি নিয়ে বলিউডের একটি দর্শকপ্রিয় সিনেমার নাম ‘তেরি মেহেরবানিয়া’। জ্যাকিশ্রফ ও পুনম ধীলন অভিনীত সে সিনেমায় একটি কুকুর প্রভুভক্তির যে অভিনয় করেছে, তা এককথায় অনন্য। দুর্বৃত্তদের হাত থেকে মনিব ও তার প্রেমিকাকে বাঁচাতে না পেরে কুকুরটি প্রতিশোধের পথ বেছে নেয়। একপর্যায়ে যখন জ্যাকিশ্রফ ও তার প্রেমিকা পুনম ধীলনের হত্যা মামলা আদালতে ওঠে তখন কুকুরটি ঘটনাস্থলে পরিত্যক্ত ভিডিও ক্যামেরাটি আদালতে হাজির করে। বিচারক সে ভিডিও ক্যামেরায় ধারণকৃত ছবি দেখে ওই জোড়া খুনের বিষয়ে নিশ্চিত হন এবং শাস্তি ঘোষণা করেন। ‘তেরি মেহেরবানিয়া’ সিনেমায় কুকুরটি যে প্রভুভক্তির নজির স্থাপন করেছে, মানুষের মধ্যে অমনটি অনেক সময়ই খুঁজে পাওয়া যায় না। বরং বেশির ভাগ ক্ষেত্রে উল্টোটি ঘটতে দেখা যায়। বিশ্বস্ত ভেবে ঘরে ঠাঁই দেওয়া মানুষটি যখন হন্তারক হিসেবে আবির্ভূত হয়, তখন বিশ্বাস নামক শব্দটি হয়ে যায় অর্থহীন। 

এসআরবির বয়স্ক কুকুর সদস্যগুলো যত দিন দায়িত্ব পালন করতে পেরেছে, তত দিন সেগুলোর কদর ছিল। সে সুবাদে ওরা আদরও পেত। কিন্তু বয়সের কারণে শারীরিক সক্ষমতা হ্রাস পাওয়ায় ওদের স্থান হয়েছে নিলামের হাটে। মানুষের মধ্যেও এ প্রবণতা প্রকটভাবে দৃশ্যমান। কর্মক্ষমতাহীন মানুষের কদর আর থাকে না। যে ব্যক্তিটি নিজের সব মেধা, শ্রম দিয়ে একটি সংসারকে আগলে রাখেন, সন্তান-সন্ততিদের মানুষ করেন, বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়লে সে সংসারে‌ তার গুরুত্ব অনেক কমে যায়। তবে এটাও সত্যি, সব সংসারে তেমনটি ঘটে না। কোনো কোনো পরিবারে বৃদ্ধ পিতা-মাতাকে অত্যন্ত শ্রদ্ধার আসনে রাখা হয়। বৃদ্ধ পিতা বা মা অনেক পরিবারেই অবহেলা-অযত্নের শিকার হয়ে থাকেন। পুত্র-কন্যারা তাদের বোঝা মনে করে। যেহেতু বৃদ্ধদের এসআরবির কুকুরের মতো বিক্রি করে দেওয়ার উপায় নেই, তাই তাদের পাঠিয়ে দেওয়া হয় ‘বৃদ্ধাশ্রম’ নামের কারাগারে। 

বর্তমান সমাজে একশ্রেণির সন্তানের মানসিকতা গড়ে উঠেছে বিচ্ছিন্ন দ্বীপের মতো জীবন কাটানোর। মা-বাবা-ভাইবোনসহ একত্রে জীবন কাটানোকে তারা সেকেলে ধারণা মনে করে। তারা এখন নিজেদের জীবনের শান্তি, সমৃদ্ধি ও সুখ খুঁজতে ব্যস্ত। আর তা খুঁজতে গিয়ে অন্যদের সঙ্গে জন্মদাতা পিতা এবং গর্ভধারিণী মাকেও পরিত্যাগ করতে বিন্দুমাত্র দ্বিধা করে না। অথচ তারা এটা ভুলে যায় যে পিতা-মাতা না হলে এ পৃথিবীর আলো-বাতাস দেখা তাদের পক্ষে সম্ভব হতো না। 

দেশে বর্তমানে বৃদ্ধাশ্রম ব্যবসায়ের বেশ প্রসার ঘটেছে। বিভিন্ন শহর-নগর-জনপদে একের পর এক গজিয়ে উঠছে বৃদ্ধাশ্রম। সেসব আশ্রমে ঠাঁই হচ্ছে সেসব অসহায় পিতা কিংবা মায়ের, সন্তানরা যাদের দায়িত্ব নিতে অনীহ। এমনকি পরিত্যাগ করে ফেলে যায়। বছর কয়েক আগে নারায়ণগঞ্জের এ হতভাগিনী মাকে মানুষ উদ্ধার করেছিল গোয়ালঘর থেকে। ছেলে-ছেলের বউ তাকে গৃহে ঠাঁই দেয়নি। বনখেকো ওসমান গণির কথা নিশ্চয়ই অনেকের মনে থাকার কথা। প্রধান বন সংরক্ষক (সিসিএফ) থাকাকালে দুর্নীতির কারণে তার নামের সঙ্গে যুক্ত হয়েছিল ‘বনখেকো’ উপাধিটি। দুর্নীতির অর্থে সে যাপন করত রাজকীয় জীবন। ওয়ান-ইলেভেনের সময় যৌথ বাহিনীর অভিযানে যখন তার সব অপকর্মের ফিরিস্তি জনসমক্ষে উদঘাটিত হয়, তখন সংবাদমাধমে বেরোয় আরেক চাঞ্চল্যকর অথচ হৃদয়বিদারক কাহিনী। দেখা যায়, যে সময়ে ওসমান গণি রাজধানীতে বিলাসী জীবন কাটাচ্ছিলেন, সে সময়ে তার গর্ভধারিণী মা গ্রামের বাড়িতে একটি কুঁড়েঘরে তেল চিটচিটে কাঁথায় শুয়ে মানবেতর জীবন যাপন করছিলেন। এ ধরনের ওসমান গণির অভাব নেই আমাদের সমাজে। এদের সম্পর্কে শুধু একটিমাত্র শব্দ উচ্চারণই যথেষ্টÑ  ‘অমানুষ’। গল্প-উপন্যাস, নাটক-সিনেমায় এ ধরনের কাহিনী আমরা বিস্তর দেখি। সেগুলোকে নিছক গল্প বলে উড়িয়ে দেওয়ার উপায় নেই। কেননা গল্পই হোক কিংবা সিনেমা-নাটক, সবকিছুই সমাজ-সংসারে সংঘটিত ঘটনাকে উপজীব্য করেই রচিত হয়। অবশ্য ফোক-ফ্যান্টাসি সিনেমার কথা আলাদা।

কাজের অনুপযুক্ত হলে মানুষ গবাদিপশুকে কসাইয়ের হাতে তুলে দেয়। এসআরবি তাদের কুকুরগুলোকে একই কারণে নিলামে তুলেছে। আর মানুষ কী করে? যখন সংসারের কর্তাব্যক্তিটি কাজের উপযোগিতা হারান, অর্থাৎ অবসরে যান, তারা হয়ে পড়েন অপাঙক্তেয়। মুম্বাইয়ের একটি বিখ্যাত সিনেমার নাম ‘বাঘবান’। বাঘবান একটি ফার্সি শব্দ। এর অর্থ যিনি বাগান তৈরি করেন, পরিচর্যা করেন। মুম্বাইয়ের ‘বাঘবান’ সিনেমাটির ঘটনা আবর্তিত হয়েছে একটি পরিবারের কাহিনীকে ঘিরে। রাজ মালহোত্রা (অমিতাভ বচ্চন) ও পূজার (হেমামালিনী) সংসারে চার পুত্র। ব্যাংক কর্মকর্তা রাজ মালহোত্রা ও পূজা নিজেদের উজাড় করে সন্তানদের বড় করেন। কিন্তু রাজ মালহোত্রা অবসরে যাওয়ার পর তাদের চার পুত্রই একত্রে পিতা-মাতার দায়িত্ব নিতে অস্বীকার করে। শেষতক তারা পিতা-মাতাকে ভাগ করে নেয়। অনেক ঘটনার পর রাজ মালহোত্রার পালিত পুত্র অলক, যাকে তিনি রাস্তা থেকে তুলে এনে খাইয়ে-পড়িয়ে মানুষ করেছেন, সে মা-বাবাকে কাছে টেনে নেয়। হৃদয়স্পর্শী কাহিনী ও অমিতাভ-হেমার অনবদ্য অভিনয় দর্শকদের অশ্রুসজল না করে পারেনি। 

মুম্বাই সিনেমা বাঘবানের ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটছে। আমরা দেখছি, কিন্তু থাকছি নির্বিকার। কারণ আমাদের বিবেক মরে গেছে, পচে গেছে মানবিকতাবোধ। আমরা কোথায় যাচ্ছি? 

লেখক: সহকারী সম্পাদক, প্রতিদিনের বাংলাদেশ।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা