মো. মারুফ রহমান
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১১:৪৩ এএম
প্রতীকী ছবি
আমাদের শিক্ষিতের হার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, যা জাতির উন্নতির অন্যতম অগ্রযাত্রা। কিন্তু প্রসঙ্গ যখন কর্মসংস্থানের, শিক্ষিত বেকারত্বের হার তখন বেড়েই চলছে। লেখাপড়া শেষ হতে না হতেই ভালো একটা চাকরির জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। একজন চাকরিপ্রার্থী সকালে ঘুম থেকে উঠেই আগে চাকরির বিজ্ঞপ্তি খোঁজেন, দুপুরে একটি নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নেন, বিকালে অনলাইনে সিভি পাঠান আবার রাতে রাতে হিসাব করেনÑ আর কত দিন পরিবারের কাছ থেকে টাকা নিয়ে চলতে হবে। এই চিন্তা আরও প্রকট আকার ধারণ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সন্তানদের।
জনবহুল দেশ হিসেবে চাকরির বাজারে প্রার্থীর তুলনায় কর্মসংস্থানের ব্যবস্থা একেবারেই অপ্রতুল। মূলত সবার লক্ষ্য থাকে লেখাপড়া শেষ করে ভালো একটা চাকরি করার, কিন্তু আশাভঙ্গের এ দৃশ্য বাংলাদেশের হাজারো পরিবারের কাছে নতুন কিছু নয়। বরং শিক্ষাজীবন শেষ করার পর চাকরির অপেক্ষা যেন অনেক তরুণের জীবনের স্বাভাবিক অংশ হয়ে উঠেছে।
যে শিক্ষা একজন তরুণকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার কথা, কিন্তু সেই শিক্ষার শেষে দীর্ঘ অপেক্ষা করতে হয়। চাকরির বাজারে প্রতিযোগিতার তীব্রতা কতটা বেড়েছে, তার একটি সাম্প্রতিক উদাহরণ সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ প্রক্রিয়া। মাত্র ১ হাজার ৪৮৫টি পদের বিপরীতে আবেদন করেছেন ২১ লাখেরও বেশি প্রার্থী। অর্থাৎ গড়ে একটি পদের বিপরীতে প্রতিযোগিতা করছেন ১ হাজার ৪০০ জনের বেশি চাকরিপ্রার্থী।
এই পরিসংখ্যান শুধু একটি নিয়োগ পরীক্ষার চিত্র নয়; বরং দেশের শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের বাস্তবতা ও সরকারি চাকরির প্রতি অতিরিক্ত নির্ভরতার একটি স্পষ্ট প্রতিচ্ছবি। বিপুলসংখ্যক তরুণ যখন সীমিতসংখ্যক পদের জন্য প্রতিযোগিতায় নামছেন, যা মূলত কর্মসংস্থানের অপ্রতুলতাকেই নির্দেশ করে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS) Labour Force Survey 2024 অনুযায়ী, ২০২৪ সালে দেশে মোট বেকারের সংখ্যা ছিল প্রায় ২৬ লাখ ২৪ হাজার। একই জরিপে দেখা যায়, বিশ্ববিদ্যালয় বা স্নাতক পর্যায়ের শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় ৮ লাখ ৮৫ হাজার।
অর্থাৎ মোট বেকারের প্রায় এক-তৃতীয়াংশই উচ্চশিক্ষিত। আরও উদ্বেগের বিষয় হলো, স্নাতক পর্যায়ে বেকারত্বের হার ছিল প্রায় ১৩.৫৪ শতাংশ, যা শিক্ষার অন্যান্য স্তরের তুলনায় সর্বোচ্চ। এখানে একটি গুরুত্বপূর্ণ বৈপরীত্য ফুটে ওঠে। সাধারণভাবে মনে করা হয়, শিক্ষার স্তর যত বাড়বে, কর্মসংস্থানের সুযোগও তত বাড়বে। কিন্তু বাংলাদেশের বাস্তবতা অনেক ক্ষেত্রেই তার বিপরীত চিত্র পরিলক্ষিত হচ্ছে। ২০২৪ সালে যেখানে স্নাতক পর্যায়ে বেকারত্বের হার ১৩.৫৪ শতাংশ, সেখানে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেইÑ এমন জনগোষ্ঠীর ক্ষেত্রে তা ছিল মাত্র ১.২৫ শতাংশ।
বেকারত্বের বিষয় পরিসংখ্যানের পাতায় যত সহজে উপস্থাপন করা যায়, বাস্তবিক অর্থে ঠিক ততটাই জটিল। এই পরিসংখ্যান আমাদের সামনে একটি গভীর শিক্ষাÑ শ্রমবাজার অসামঞ্জস্যের প্রশ্ন তুলে ধরে। প্রতিবছর দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে বিপুলসংখ্যক তরুণ উচ্চশিক্ষার সনদ নিয়ে বের হচ্ছেন।
প্রসঙ্গ যদি হয় চাকরির, তাহলে সরকারি চাকরি প্রায়ই কেন্দ্রীয় জায়গা দখল করে থাকে। বিসিএস, ব্যাংক, বিভিন্ন সরকারি নিয়োগÑ এসব পরীক্ষার প্রস্তুতিতে বছরের পর বছর সময় ব্যয় করেন বিপুলসংখ্যক তরুণ। পে-স্কেল বাড়ানোর ফলে এ চাহিদা যেন হয়ে উঠছে আরও অনেক বেশি। সরকারি চাকরি অবশ্যই গুরুত্বপূর্ণ।
কিন্তু দেশের কোটি কোটি কর্মক্ষম মানুষের কর্মসংস্থানের সমাধান কেবল সরকারি চাকরি দিয়ে সম্ভব নয়। প্রয়োজন এমন একটি অর্থনীতি ব্যবস্থার, যেখানে নতুন শিল্প গড়ে উঠবে, বেসরকারি বিনিয়োগ বাড়বে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরি হবে, প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান বাড়বে এবং নতুন নতুন পেশার সুযোগ সৃষ্টি হবে।
তবে এখন বাস্তবতাও অনেক জটিল হচ্ছে। তাই তরুণদের ‘উদ্যোক্তা হও’ বললেই উদ্যোক্তা তৈরি হয় না। প্রয়োজন সহজ অর্থায়ন, ব্যবসা শুরু করার প্রয়োজনীয় পদক্ষেপ, প্রশিক্ষণ, প্রযুক্তি, বাজারে প্রবেশের সুযোগ এবং ব্যর্থ হলে পুনরায় দাঁড়ানোর সুযোগ। একইভাবে ফ্রিল্যান্সিং বা অনলাইন আয়ের কথা বলাও যথেষ্ট নয়।
আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার মতো দক্ষতা, নির্ভরযোগ্য ইন্টারনেট, পেমেন্ট অবকাঠামো, ভাষাগত দক্ষতা এবং মানসম্মত প্রশিক্ষণ দরকার। সমাধানটি শুধু তরুণের হাতে নয়; শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্প খাত, প্রশিক্ষণ ব্যবস্থা এবং অর্থনীতির সামগ্রিক কাঠামোর মধ্যেও রয়েছে। বিশ্ববিদ্যালয়কেও চাকরির বাজারের সঙ্গে আরও যুক্ত হতে হবে বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি দেওয়ার প্রতিষ্ঠান নয়; এটি কর্মজীবনের প্রস্তুতিরও একটি গুরুত্বপূর্ণ জায়গা।
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ইন্টার্নশিপ, প্রকল্প ভিত্তিক কাজ, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগ, ক্যারিয়ার কাউন্সেলিং, গবেষণা এবং বাস্তব সমস্যা সমাধানের সুযোগ বাড়াতে হবে। পড়াশোনাকে পাঠ্যপুস্তকের তাত্ত্বিগতভাবে না রেখে বাস্তবিকভাবে ব্যবহারের উপযোগী করে গড়ে তুলতে হবে।
বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ তরুণ জনগোষ্ঠী। কিন্তু সম্পদ তখনই শক্তিতে পরিণত হয়, যখন তাকে কাজে লাগানোর সুযোগ থাকে। অন্যথায় সম্ভাবনা ধীরে ধীরে হতাশায় রূপ নেয়। তাই বেকারত্ব কমানো মানে শুধু কিছু চাকরি সৃষ্টি করা নয়। এর অর্থ শিক্ষাকে দক্ষতায় রূপ দেওয়া, দক্ষতাকে কর্মসংস্থানে রূপ দেওয়া এবং কর্মসংস্থানকে মর্যাদাপূর্ণ জীবিকার সুযোগে রূপ দেওয়া। আজকের তরুণকে যদি কাজের সুযোগ দেওয়া যায়, সে শুধু নিজের ভবিষ্যৎ বদলাবে না; বদলাবে একটি পরিবারের অর্থনৈতিক বাস্তবতা, সমাজের গতিপথ এবং শেষ পর্যন্ত দেশের অর্থনীতির সম্ভাবনা। কারণ বেকার তরুণ কোনো বোঝা নয়, সঠিক সুযোগ পেলে সেই তরুণই হতে পারে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি।
লেখক: কলামিস্ট