× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খেলাপি ঋণ: অর্থনীতির দুর্বহ বোঝা

ড. মিহির কুমার রায়

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১১:০৭ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

কোন ব্যাংক থেকে ১০০ টাকা ঋণ দেওয়ার পর যদি ৩২ টাকার বেশি আর ফেরত না আসে, তাহলে সেই দেশের ব্যাংকিং ব্যবস্থা কীভাবে টিকে থাকে? প্রশ্নটি অনেকের কাছেই হয়তো একটু বেশি তেতো স্বাদের মনে হতে পারে। কিন্তু পৃথিবীর কয়েকটি দেশে ব্যাংকের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি বা অনাদায়ী।

সর্বশেষ তুলনামূলক তথ্য অনুযায়ী, বাংলাদেশ ৩২.৭৮ শতাংশ খেলাপি ঋণ নিয়ে বিশ্বে শীর্ষে। এখন বাংলাদেশে খেলাপি ঋণ ৬ লাখ ৬০ হাজার কোটি টাকার সীমানার কাছাকাছি রয়েছে। ফলে ব্যাংকগুলোর ঋণ আদায়, সুশাসন ও আর্থিক শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। অনেকেই বলছেন, ঋণখেলাপিতে বিশ্ব ‘চ্যাম্পিয়ন বাংলাদেশ’Ñ এটি শুধু বড় একটা সংখ্যা নয়। ব্যাংকিং ব্যবস্থার ভেতরে জমে থাকা দীর্ঘদিনের সমস্যার হিমালয়। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক তুলনায় বাংলাদেশ এখন বিশ্বের সর্বোচ্চ নন-পারফর্মিং লোন (এনপিএল) অনুপাতের দেশ।বাংলাদেশের পরে চাদের ৩১.৫১ শতাংশ, ইকুয়েটোরিয়াল গিনির ৩০ শতাংশ এবং আলজেরিয়ার ২০.০৫ শতাংশ। 

তবে বলা ভালো, আন্তর্জাতিক তুলনায় সতর্কতা জরুরি যে, সব দেশের তথ্য একই সময়ের নয়। চাদের তথ্য যেমন ২০২৩ সালের। মজার বিষয় হলো, এত বেশি খেলাপি ঋণের পেছনে সব দেশের কারণ এক নয়। কোথাও যুদ্ধ, কোথাও তেলের অর্থনীতির পতন, কোথাও সরকারের বকেয়া, কোথাও দুর্বল ব্যাংক পরিচালনা, আবার কোথাও রাষ্ট্রীয় ব্যাংকের দুর্বলতা বড় ভূমিকা রেখেছে। সংকটের কারণ আলাদা হলেও একটি বিষয়ে মিল আছে, ব্যাংকিং ব্যবস্থা দুর্বল হয়ে পড়লে শেষ পর্যন্ত তার অভিঘাত পুরো অর্থনীতির ওপর পড়ে।

এখন প্রশ্ন হচ্ছে, এটা দুই বছরে তৈরি হওয়া কোনো বিপর্যয় নয়। বরং দুই বছরে বিপর্যয়টি দৃশ্যমান হয়েছে মাত্র। ২০২৪ সালের জুনে বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল ২ লাখ ১১ হাজার কোটি টাকার মতো। দুই বছরের মধ্যে তা তিনগুণের কাছাকাছি বেড়ে ৬ লাখ কোটি টাকার বেশি। কিন্তু এর অর্থ এই নয় যে, দুই বছরে ৪ লাখ কোটি টাকার নতুন ঋণ হঠাৎ খারাপ হয়ে গেছে। এর বড় একটি অংশ ছিল আগে থেকেই সমস্যাগ্রস্ত।

দীর্ঘদিন ঋণ পুনঃতফসিল, বিশেষ ছাড়, শিথিল শ্রেণিকরণ এবং নানা ধরনের হিসাবগত সুবিধার মাধ্যমে সমস্যাগ্রস্ত ঋণের একটি অংশকে নিয়মিত দেখানোর সুযোগ ছিল। বাংলাদেশ ব্যাংক ও আন্তর্জাতিক সংস্কার প্রক্রিয়ায় ঋণ শ্রেণিকরণের নিয়ম কঠোর করার পর সেই অবস্থা উঠে এসেছে। আইএমএফের নথিতেও বলা হয়েছে, নতুন শ্রেণিকরণ ব্যবস্থা কার্যকর হওয়ার পর খেলাপি ঋণ দ্রুত বেড়েছে। অপরদিকে ঋণ দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব ও দুর্বল সুশাসন একটি সমস্য। বিশ্বব্যাংক বাংলাদেশের ব্যাংক খাতের সমস্যার পেছনে দুর্বল করপোরেট গভর্ন্যান্স, রেগুলেটরি ক্যাপচার এবং স্বার্থসংশ্লিষ্ট পক্ষকে ঋণ প্রদানের কথা বলেছে। গেল মার্চে দেশের খেলাপি অনুপাত ছিল ৩২:৬ শতাংশ। যেখানে দক্ষিণ এশিয়ার ব্যাংকগুলোর গড় ছিল মাত্র ৭.৯ শতাংশ। তারপরও ঋণের ক্ষেত্রে জামানত, ব্যবসার সক্ষমতা, নগদ প্রবাহ, ঋণ ফেরতের ইতিহাসÑ এসবের চেয়ে পরিচয় ও প্রভাব বড় হয়ে ওঠে। এভাবেই তৈরি হয় বেনামি ঋণ, সম্পর্কিত প্রতিষ্ঠানে ঋণ, অতিমূল্যায়িত প্রকল্পে ঋণ কিংবা এমন ঋণ যার ফেরত আসার সম্ভাবনা শুরু থেকেই দুর্বল। অর্থনীতিবিদরা বলছেন, বছরের পর বছর খেলাপিদের জন্য বিশেষ সুবিধা দেওয়ায় ব্যাংকের টাকা ফেরত না দেওয়ার প্রবণতা শক্তিশালী হয়েছে। অনেক ঋণগ্রহীতার মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যে, সময়মতো ঋণ পরিশোধ না করলেও শেষ পর্যন্ত কোনো না কোনো নীতিসুবিধা পাওয়া যাবে। 

বিভিন্ন উৎস থেকে তথ্য পর্যালোচনায় দেখা যায়, খেলাপি ঋণের হার সবচেয়ে বেড়েছে কৃষি এবং ব্যবসা-বাণিজ্য খাতে। অন্যদিকে ভোক্তা ঋণের বিপরীতে খেলাপির হার কমে ৩ শতাংশে নেমেছে। বাংলাদেশ ব্যাংকের ২০২৫ সালের ডিসেম্বর ভিত্তিক খাতভিত্তিক ঋণের পরিসংখ্যান থেকে এমন চিত্র পাওয়া গেছে।

ব্যবসা-বাণিজ্য খাতে খেলাপি ঋণের হার তুলনামূলক বেশি বাড়ার কারণ হিসেবে রাজনৈতিক পটপরিবর্তনের পর ভোগ্যপণ্য আমদানিকারকসহ অনেক ব্যবসায়ীর পলাতক থাকা অন্যতম কারণ মনে করেন। ঋণের সুদহার ও ডলারের দর বাজারভিত্তিক করার প্রভাবও থাকতে পারে। অন্যদিকে প্রকৃত চিত্র দেখানোর ওপর জোর দেওয়ায় সব মিলিয়ে খেলাপি ঋণ অস্বাভাবিকভাবে বেড়েছে। বিভিন্ন উৎস থেকে তথ্য পর্যালোচনায় দেখা যায় খেলাপি ঋণের হার সবচেয়ে বেড়েছে কৃষি এবং ব্যবসা-বাণিজ্য খাতে। 

খেলাপি ঋণসহ ব্যাংকের ঝুঁকি নিয়ন্ত্রণে কড়াকড়ি করছে বাংলাদেশ ব্যাংক, যার অংশ হিসেবে তফসিলি ব্যাংকগুলোকে নিরীক্ষা-সংক্রান্ত অন্তর্বর্তী প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়, ‘ব্যাংক-কোম্পানি বহিঃনিরীক্ষণ বিধিমালা, ২০২৪’ অনুযায়ী নিরীক্ষা বছরের নবম মাসভিত্তিক একটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন প্রস্তুত করে তা নিরীক্ষা বছরের শেষ তারিখের মধ্যেই বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে। ২০২৫ সালভিত্তিক এবং পরবর্তী সময়ের সব প্রতিবেদনও একই নিয়মে দাখিল করতে হবে। ব্যাংকিং খাতের তদারকি আন্তর্জাতিক মানে উন্নীত করতে ইতোমধ্যে সুপারভিশন কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে ঝুঁকিভিত্তিক সুপারভিশন (রিস্ক বেইজড সুপারভিশন বা আরবিএস) চালু করা হয়েছে। 

নতুন ব্যবস্থায় সব ব্যাংককে একভাবে না দেখে যেসব ব্যাংকে ঝুঁকি বেশি, সেগুলোর ওপর নজরদারি বাড়ানো হবে। এতে সম্ভাব্য আর্থিক দুর্বলতা ও অনিয়ম আগেভাগেই চিহ্নিত করা সম্ভব হবে। এর ফলে ব্যাংকগুলোর আর্থিক অবস্থা; বিশেষ করে ঋণঝুঁকি ও খেলাপি ঋণের প্রবণতা আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা যাবে। একই সঙ্গে এ ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়িত হলে খেলাপি ঋণ নিয়ন্ত্রণের পাশাপাশি সামগ্রিকভাবে ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।

দেশের ৩৯টি বেসরকারি ও ৪টি সরকারি বাণিজ্যিক ব্যাংক সাধারণত আর্থিক বাজারের অংশ হিসেবে স্বল্প মেয়াদে গ্রহীতাদের ঋণের চাহিদা পূরণ করার কথা। কিন্তু বাস্তবে দেখা যায় এই ব্যাংকগুলো দীর্ঘ মেয়াদে চার-পাঁচ হাজার কোটি টাকা পর্যন্ত ঋণ দিয়েছে, যার বেশিরভাগ খেলাপি ঋণে পরিণত হয়েছে। এখন বাণিজ্যিক ব্যাংকগুলো নিয়মনীতি ভঙ্গ করে ঋণ দেওয়া এবং ঋণখেলাপি হওয়ার মতো একটি যাতনাকে বয়ে বেড়াচ্ছে। যার ফল তারল্য সংকট, মুনাফার ঘাটতি ও ইমেজ সংকটে পড়ছে। 

ব্যাংকিং খাতের বৃহদাকার ঋণগুলোর স্বচ্ছতার ভিত্তিতে মূল্যায়ন না হওয়ায় অনেক অনগ্রাধিকার কিংবা অলাভজনক খাতেও ঋণ দিচ্ছে, যা পরবর্তীতে খেলাপি ঋণে পরিণত হচ্ছে। আবার রাজনৈতিক বিবেচনায় অনেক ঋণ মঞ্জুর করা হয়, যার বেশিরভাগ অনুৎপাদশীল খাতে চলে যায়, যার পরিণতি হয় খেলাপি ঋণ। 

ব্যাংক খাতের জন্য বড় উদ্বেগ হয়ে উঠেছে দুর্দশাগ্রস্ত ঋণ। খেলাপি ঋণ, পুনঃতফসিল এবং অবলোপনকৃত (রাইট-অফ) ঋণের সমষ্টিকে দুর্দশাগ্রস্ত ঋণ হিসেবে চিহ্নিত করা হয়। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে এ ধরনের ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৮৭ হাজার ৫৯০ কোটি টাকা। এটি ব্যাংক খাতের মোট ঋণের ৫৯.৭৩ শতাংশ।

অর্থাৎ ব্যাংক থেকে দেওয়া প্রতি ১০০ টাকা ঋণের প্রায় ৬০ টাকাই কোনো না কোনোভাবে ঝুঁকির মধ্যে রয়েছে। এক বছর আগে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ ছিল ৭ লাখ ৫৬ হাজার ৫৫৩ কোটি টাকা। দীর্ঘদিন আড়ালে থাকা দুর্বল ও খেলাপি ঋণের প্রকৃত চিত্র সামনে আসায় ব্যাংক খাতের এই ঝুঁকি আরও স্পষ্ট হয়েছে। এর জন্য ব্যবস্থা গ্রহণ জরুরি ।

খেলাপি ঋণ আদায়ে আদালতের দীর্ঘসূত্রতা কমিয়ে বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) মাধ্যমে বিরোধ মেটাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে এডিআর কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তিতে নতুন নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। 

নীতিমালায় মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের যোগ্যতা, অভিজ্ঞতা, আর্থিক সক্ষমতা, জনবল, অবকাঠামো, প্রযুক্তি, গোপনীয়তা ও নৈতিকতার বিষয়ে বেশ কিছু কঠোর শর্ত দেওয়া হয়েছে। যেমন, আর্থিক খাতে এডিআর ব্যবস্থার ব্যবহার বাড়িয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ আদায় কার্যক্রম জোরদার করা এবং খেলাপি ঋণের বিপরীতে আদালতে বিচারাধীন মামলার সংখ্যা কমানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। 

পৃথিবীর বিভিন্ন দেশের অভিজ্ঞতা বলছে, খেলাপি ঋণ কমানোর জন্যে কোনো জাদুর কাঠি নেই। কোথাও ব্যাংক পুনর্গঠন করতে হয়েছে, কোথাও সরকারি বকেয়া পরিশোধ করতে হয়েছে, কোথাও ব্যাংকে নতুন মূলধন দিতে হয়েছে, কোথাও দুর্বল ব্যাংককে একীভূত বা বেসরকারি মালিকানায় দিতে হয়েছে। কোথাও পুরনো ঋণ রাইট-অফ করা হয়েছে, আবার একই সঙ্গে আদায়ের কাজ চালিয়ে যেতে হয়েছে। তবে সফল দেশগুলোর অভিজ্ঞতায় একটি বিষয় প্রায় অভিন্ন: পুরনো খেলাপি ঋণের বোঝা পরিষ্কার করার পাশাপাশি নতুন করে খেলাপি ঋণ সৃষ্টির পথও বন্ধ করা। শুধু পুরনো হিসাব মুছে ফেললে ব্যাংক সুস্থ হয় না; ভবিষ্যতের খারাপ ঋণ ঠেকাতেও হয়।


লেখক: অর্থনীতিবিদ ও গবেষক

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা