× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোর গ্যাং নির্মুলে কঠোর হতে হবে

সম্পাদকীয়

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ০৯:৫৫ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মানুষের দেহে বিষফোড়া একটি ভয়ংকর ব্যাধি হিসেবেই পরিচিত। এটি সাধারণত ত্বকের নিচে ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে সৃষ্টি হয়। চিকিৎসাবিজ্ঞানের মতে, রোগজীবাণু মানবদেহের রোমকূপের ছিদ্র দিয়ে প্রবেশ করে সংক্রমণ ঘটায় এবং একসময় বড় ধরনের ক্ষতের সৃষ্টি করে। সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম বা ডায়াবেটিস রোগে আক্রান্ত ব্যক্তিদের দেহে এটি মারাত্মক পরিস্থিতি সৃষ্টি করে। সময়মতো প্রতিষেধক গ্রহণ বা প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়া হলে তা কখনও কখনও ক্যানসারের কারণ হতে পারে বলেও চিকিৎসাবিদগণ মনে করেন। 

মানুষের মতো আমাদের সমাজদেহেও কখনও কখনও এমনসব সমস্যার উদ্ভব ঘটে, যেগুলোকে সমাজবিজ্ঞানীরা বিষফোড়ার সঙ্গে তুলনা করে থাকেন। এটি সমাজদেহে এমন ক্ষত তৈরি করে, যা নিরাময় অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। মানবদেহের ছোট্ট একটি ফুসকুড়ি যেমন অবহেলার কারণে যন্ত্রণাদায়ক হতে পারে, তেমনি ছোট ছোট অপরাধী চক্র সমাজদেহে দানবীয় রূপ পরিগ্রহ করতে পারে। সাম্প্রতিক সময়ে আমাদের দেশের সর্বত্র গজিয়ে ওঠা কিশোর গ্যাং তেমনি একটি ভয়ানক সমস্যা।

গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এর ‘সারা দেশে কিশোর গ্যাং আতঙ্ক’ শীর্ষক প্রতিবেদনে সে ভয়াবহতার চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে সক্রিয় কিশোর গ্যাংয়ের সংখ্যা ৩৮৬টি। এসব গ্যাংয়ের মোট সদস্য চার হাজারেরও বেশি। এগুলোর মধ্যে ঢাকায় ১৫৯, চট্টগ্রামে ৯৮, সিলেটে ১৫, গাজীপুরে ১৩, খুলনায় ৭ এবং অন্যান্য এলাকায় ৮১টি গ্যাং সক্রিয়। যেহেতু এটি পত্রিকার অনুসন্ধানের চিত্র এবং মানুষ তাদের সম্পর্কে সংবাদমাধ্যমে তথ্য দিতে ভয় পায়, তাই অনুমান করা যায়, এর বাইরেও বহুসংখ্যক কিশোর গ্যাং হয়তো দেশের বিভিন্ন প্রান্তে সক্রিয় রয়েছে। 

বর্তমানে যাদের কিশোর গ্যাংয়ের সদস্য বলে অভিহিত করা হয়, তাদের একসময় বলা হতো বখাটে কিশোর-তরুণ। এরা সাধারণত মহল্লার গলির মোড়ে বা চায়ের দোকানে আড্ডা দিত, কখনও-বা গার্লস স্কুলের আশপাশে জটলা পাকিয়ে ইভ টিজিংয়ে রত হতো। তাদের সে অপতৎপরতা প্রতিহত করা হতো সামাজিক ও আইনি পদক্ষেপের দ্বারা। বখাটেদের হাতে থাকতে লাঠি, চেইন, ডেগার ইত্যাদি। পাড়া-মহল্লায় রঙবাজি করা ছিল তাদের প্রধান কাজ। তবে আজকের কিশোর গ্যাংয়ের মতো তারা চাঁদাবাজি, হত্যা, অপহরণ-খুনের মতো জঘন্য অপরাধকর্মে সম্পৃক্ত থাকত না। 

বর্তমানে দেশের সর্বত্র যে কিশোর গ্যাং আতঙ্ক ছড়াচ্ছে, এর পেছনে রয়েছে নানাবিধ কারণ। প্রথমত, এসব বখে যাওয়া বালক-কিশোরদের পারিবারিক অনুশাসনের অভাব। পরিবারের নজরদারি না থাকায় পড়াশোনার সঙ্গে সম্পর্কহীন এসব কিশোর জড়িয়ে যাচ্ছে নানারকম সামাজিক অপরাধের সঙ্গে। দ্বিতীয়ত, প্রতিটি কিশোর গ্যাংয়ের পেছনে রয়েছে সংশ্লিষ্ট এলাকার একেকটি দুষ্টচক্র, যারা গডফাদার হিসেবে পরিচিত। এরা নিজেদের স্বার্থোদ্ধারের জন্য বিপথগামী এসব কিশোরকে ব্যবহার করে থাকে। মাদক পরিবহন থেকে শুরু করে অবৈধ অস্ত্র স্থানান্তরের মতো জঘন্য কাজে এদের ব্যবহার করা হয়। তৃতীয়ত, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ হাসিলের জন্য এসব কিশোরকে দাঙ্গা-হাঙ্গামা, সন্ত্রাস, চাঁদাবাজির মতো নিকৃষ্ট কাজে ব্যবহার করতে দ্বিধা করে না। রাজনৈতিক ছত্রছায়া থাকায় পুলিশ বা প্রশাসন এদের গায়ে আঁচড় কাটতে পারে না। ফলে প্রশ্রয় পেতে পেতে এরা একসময় ফ্রাঙ্কেনস্টাইনের দানবে পরিণত হয়। এদের কারও কারও নাম চলে আসে শীর্ষ সন্ত্রাসীদের তালিকায়।

সমাজবিজ্ঞানীরা এ সমস্যার নিরসনকল্পে যেসব উপায়ের কথা বলে থাকেন, তন্মধ্যে অন্ধকারের দিকে ধাবমান বিভ্রান্ত এসব কিশোরকে আলোর পথ দেখানো অন্যতম। এ ক্ষেত্রে সমাজ, রাষ্ট্র এবং পরিবার সবার দায়িত্ব রয়েছে। প্রতিটি পরিবারকে তাদের বালক-কিশোর সদস্যটির গতিবিধির ওপর কঠোর নজরদারি করতে হবে, যাতে সে কোনো খারাপ সঙ্গ পেয়ে নিজেও সে পথে গমন না করে।

সমাজের দায়িত্ব হলো শিশু-কিাশোরদের নির্মল চিত্তবিনোদনের জন্য পাড়া-মহল্লায় ক্লাব-পাঠাগার গড়ে তুলে বালক-কিশোরদের তাতে সম্পৃক্ত করা। জাতির ভবিষ্যৎ এসব নাগরিক যাতে নিজের চরিত্র গঠনে উদ্বুদ্ধ হয়, সেজন্য তাদের মধ্যে পড়াশোনার আগ্রহ তৈরির পদক্ষেপ নিতে হবে। আর রাষ্ট্রের দায়িত্ব হলো সমাজবিরোধী-অপরাধী চক্রকে দমন করে সরলমনা কিশোরদের তাদের থাবা থেকে রক্ষা করা। 

জাতীয় সংসদের হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে কিশোর গ্যাং উচ্ছেদ হবে। আমরা তার এ আশ্বাসে আশ্বস্ত হতে চাই। তবে এর কাযকারিতা নির্ভর করছে কিশোর গ্যাংয়ের মূলোচ্ছেদে সরকারের সদিচ্ছা ও কার্যকর পদক্ষেপের ওপর। দেশবাসী সে শুভদিনের অপেক্ষায় আছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা