× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমেইল থেকে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ০৯:৪৭ এএম

ছবি: এআই দিয়ে তৈরি

ছবি: এআই দিয়ে তৈরি

কলেজে ভর্তি: অদ্ভুত বৈপরীত্যে দেশের শিক্ষাঙ্গন

দেশের উচ্চ মাধ্যমিক শিক্ষাব্যবস্থায় এক অদ্ভুত বৈপরীত্য সামনে এসেছে। জানা গেছে, নামি কলেজগুলোতে একটি আসনের বিপরীতে আবেদন পড়ছে ৩০ থেকে ৩৩টি পর্যন্ত, অন্যদিকে দেশের ৪১৬টি কলেজ-মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কোনো শিক্ষার্থীই বরাদ্দ পায়নি। আরও প্রায় ৮০০ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী পাওয়া গেছে মাত্র ১ থেকে ১০ জন। ফলে কোথাও শিক্ষার্থীর জন্য হাহাকার, কোথাও আবার শিক্ষার্থীদের পছন্দের কলেজে আসন পাওয়ার জন্য হাহাকার।এই বৈপরীত্য আমাদের শিক্ষাব্যবস্থার পরিকল্পনা, মান ও প্রতিষ্ঠান অনুমোদনের নীতিকে নতুন করে পর্যালোচনার দাবি জানায়।

২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমের প্রথম ধাপের তথ্যটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। সারা দেশে একাদশে ভর্তিযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান আট হাজার ১৮০টি এবং আসন প্রায় ২৫ লাখ। অথচ এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৪০ হাজারের কিছু বেশি। তাদের মধ্যে প্রথম ধাপে আবেদন করেছে ৯ লাখ ৯৫ হাজার ২৩০ জন। নির্বাচিত হয়েছে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন।

অর্থাৎ উত্তীর্ণ শিক্ষার্থীদের একটি বড় অংশ একাদশে ভর্তির জন্য প্রথম ধাপে আবেদনই করেনি। অন্যদিকে ১৪ হাজার ৪১৫ জন আবেদন করেও প্রথম ধাপে কোনো প্রতিষ্ঠানে বরাদ্দ পায়নি। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীও রয়েছে ২ হাজার ২০৫ জন।

ফলে সমস্যাটি কেবল আসনের স্বল্পতার নয়; বরং শিক্ষার্থীর পছন্দ, প্রতিষ্ঠানের মান, অবস্থান, বিষয় ও আসনসংখ্যার মধ্যে বড় ধরনের অসামঞ্জস্য রয়েছে। এর সবচেয়ে স্পষ্ট উদাহরণ ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ। একাদশ শ্রেণিতে ৯৮১টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩২ হাজার ৬৭৮টি। ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজে দুই হাজার ৩৭৯টি আসনের বিপরীতে আবেদন করেছে ৩২ হাজার ৬৪০ জন।

অর্থাৎ একটি প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির তীব্র আগ্রহ, আর অন্যদিকে শত শত প্রতিষ্ঠানে শিক্ষার্থীশূন্যতাÑ দুটি চিত্র পাশাপাশি দাঁড়িয়ে আছে।

জেলা পর্যায়েও বৈষম্যের চিত্র স্পষ্ট। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ব্রাহ্মণবাড়িয়ার তিতাস মডেল কলেজে একাদশ শ্রেণিতে ৪৫০টি আসন থাকলেও একজন শিক্ষার্থীও বরাদ্দ পায়নি। বরগুনার আমতলীর তিয়াখালী কলেজে ৩০০টি আসনের বিপরীতে নির্বাচিত হয়েছে মাত্র চারজন। আবার একেবারেই কোনো আবেদন পড়েনি, এমন ১১টি কলেজের মধ্যে ৯টিই বরিশাল শিক্ষা বোর্ডের অধীন। এই পরিস্থিতির পেছনে অন্যতম বড় প্রশ্ন হলোÑ দেশে প্রয়োজনের তুলনায় কি অতিরিক্ত কলেজ গড়ে উঠেছে? বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য অনুযায়ী, ২০১০ সালে কলেজ শিক্ষার আওতায় প্রতিষ্ঠান ছিল তিন হাজার ৩২৪টি। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৮৭৬টিতে। অর্থাৎ ১৪ বছরে প্রতিষ্ঠান বেড়েছে এক হাজার ৫৫২টি বা প্রায় ৪৬ দশমিক ৭ শতাংশ। অথচ শিক্ষার্থীর চাহিদা ও জনসংখ্যার ভৌগোলিক পরিবর্তনের সঙ্গে এই বিস্তারের সমন্বয় কতটা হয়েছে, সেটিই এখন বড় প্রশ্ন।

সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, দেশের ৬৩২টি সরকারি কলেজের মধ্যে ১৪১টিতে অধ্যক্ষ নেই। একই সঙ্গে সরকারি কলেজগুলোতে অনুমোদিত শিক্ষক পদের দুই হাজার ৮৭৮টি শূন্য। কিছু প্রতিষ্ঠানে শিক্ষার্থীসংখ্যার তুলনায় শিক্ষক কম, আবার শিক্ষার্থীহীন বা অতি কম শিক্ষার্থীর প্রতিষ্ঠানে প্রয়োজনের তুলনায় শিক্ষক বেশিÑ এমন অসামঞ্জস্যও রয়েছে।

এ অবস্থায় শুধু নতুন কলেজ প্রতিষ্ঠা কিংবা পুরনো কলেজের আসন বাড়ানোর নীতি থেকে বেরিয়ে আসতে হবে। প্রয়োজন একটি জাতীয় পর্যায়ের কলেজ ম্যাপিং। কোন এলাকায় কত শিক্ষার্থী আছে, আগামী ১০ বছরে শিক্ষার্থীর সম্ভাব্য সংখ্যা কত হবে, কোন প্রতিষ্ঠানের অবকাঠামো ও শিক্ষক মান কেমনÑ এসব তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নির্ধারণ করা জরুরি।

যেসব কলেজে দীর্ঘদিন ধরে শিক্ষার্থী নেই বা অতি নগণ্য, সেগুলোকে প্রয়োজন অনুযায়ী একীভূত করা, বিষয় ও শিক্ষার ধরন পরিবর্তন করা অথবা কারিগরি ও কর্মমুখী শিক্ষাকেন্দ্রে রূপান্তরের বিষয় বিবেচনা করা যেতে পারে। একই সঙ্গে শিক্ষকশূন্য পদ দ্রুত পূরণ, যোগ্য অধ্যক্ষ নিয়োগ, বিজ্ঞানাগার, গ্রন্থাগার, তথ্য-প্রযুক্তি ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের দায়িত্বশীলদের সামনে তাই এখন একটি মৌলিক প্রশ্নÑ আমরা কি শুধু কলেজের সংখ্যা বাড়াতে চাই, নাকি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে চাই? ৪১৬টি কলেজে শিক্ষার্থী না পাওয়া সেই প্রশ্নেরই কঠিন উত্তর দাবি করছে। শিক্ষাপ্রতিষ্ঠান যত বেশি হবে, শিক্ষা ভালো হবেÑ এই ধারণা বাস্তবসম্মত নয়। শিক্ষার মান নির্ভর করে দক্ষ শিক্ষক, কার্যকর ব্যবস্থাপনা, উপযুক্ত অবকাঠামো, শিক্ষার্থীর চাহিদা এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সঙ্গে শিক্ষার সংযোগের ওপর।

তাই এখন সময় এসেছে সংখ্যার প্রতিযোগিতা বন্ধ করে প্রয়োজন, মান ও শিক্ষার্থীর ভবিষ্যৎকে কেন্দ্র করে কলেজশিক্ষার নতুন পরিকল্পনা করার। তা না হলে একদিকে কলেজ থাকবে, শিক্ষক থাকবে, ভবন থাকবেÑ শুধু থাকবে না শিক্ষার্থী।

নজরুল ইসলাম
গণমাধ্যমকর্মী ও সমাজচিন্তক


এক উদ্বেগের নাম কিশোর গ্যাং

সাম্প্রতিক সময়ে দেশের অন্যতম বড় উদ্বেগের নাম ‘কিশোর গ্যাং’। পাড়া-মহল্লার অলিগলি থেকে শুরু করে সামাজিক মাধ্যম পর্যন্ত এদের উৎপাত বিস্তৃত। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন, ছিনতাই, ইভটিজিং কিংবা আধিপত্য বিস্তারের মতো অপরাধে জড়িয়ে পড়ছে কিশোররা।

কিন্তু প্রশ্ন হলো, যাদের হাতে বই-খাতা কিংবা খেলার সামগ্রী থাকার কথা ছিল, তারা কেন ধারালো অস্ত্র হাতে রাস্তায় নামছে? এই অপরাধপ্রবণতা শুধু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর একার পক্ষে দমন করা সম্ভব নয়। কিশোর গ্যাং কালচার থেকে আমাদের আগামী প্রজন্মকে বাঁচাতে হলে সবার আগে দরকার শক্তিশালী পারিবারিক বন্ধন এবং হারিয়ে যাওয়া খেলার মাঠ উদ্ধার।

আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সাম্প্রতিক তথ্যানুযায়ী, সারা দেশে অন্তত কয়েকশো সক্রিয় কিশোর গ্যাং বা গ্রুপের সন্ধান পাওয়া গেছে, যার মধ্যে শুধু ঢাকাতেই শতাধিক গ্রুপ সক্রিয়। গ্যাংগুলোতে সদস্য সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। মানবাধিকার সংস্থা ও পুলিশের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, গ্যাং অপরাধে জড়ানো কিশোরদের একটি বড় অংশই নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির, তবে উচ্চবিত্ত পরিবারের সন্তানরাও এতে পিছিয়ে নেই।

সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, সামান্যতম অনুশোচনা ছাড়াই এসব কিশোর বড় ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। আমাদের দেশে ‘শিশু আইন, ২০১৩’ বিদ্যমান, যেখানে ১৮ বছরের কম বয়সীদের শিশু হিসেবে গণ্য করে তাদের বিচার ও সংশোধনের জন্য পৃথক শিশু আদালতের বিধান রাখা হয়েছে। আইনের মূল লক্ষ্য শিশুদের অপরাধী না বানিয়ে তাদের সংশোধন করা। কিন্তু বাস্তবতা হলো, গ্রেপ্তার বা সংশোধনাগারে পাঠিয়ে এই সমস্যার স্থায়ী সমাধান করা যাবে না, কারণ ব্যাধির মূল শিকড় রয়ে গেছে সামাজিক কাঠামোর ভেতরে।

কিশোর গ্যাং প্রতিরোধে এখন সময় এসেছে সম্মিলিত সামাজিক উদ্যোগ নেওয়ার। পরিবারকে সন্তানের সবচেয়ে নিরাপদ ও বিশ্বস্ত স্থান বানাতে হবে। মা-বাবাকে হতে হবে সন্তানের সেরা বন্ধু, যেন যেকোনো বিভ্রান্তিতে পড়ে সন্তান ঘরের বাইরে না গিয়ে পরিবারের কাছেই আশ্রয় খোঁজে। পাশাপাশি প্রতিটি মহল্লায় হারিয়ে যাওয়া খেলার মাঠ উদ্ধার করা এবং সাংস্কৃতিক ক্লাবগুলোকে পুনরুজ্জীবিত করা জরুরি।

পুলিশের অভিযান বা আইনের শাসন হয়তো সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু এই ব্যাধি চিরতরে নির্মূল করার মূল চাবিকাঠি রয়ে গেছে ঘরে ও মাঠে। আমাদের সন্তানদের অন্ধকারের পথ থেকে আলোর পথে ফেরাতে ঘরে পারিবারিক ভালোবাসা আর বাইরে খেলার মাঠ ফিরিয়ে দেওয়ার কোনো বিকল্প নেই।

শিমলা পাল
আইন বিভাগ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 


প্রকৃতির বার্তা: আমরা কি প্রস্তুত?

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ‘অর্ণব’ শেষ পর্যন্ত বড় কোনো ঘূর্ণিঝড়ে রূপ নেয়নি। ফলে উপকূলের মানুষসহ সারা দেশের মানুষের মনে কিছুটা স্বস্তি ফিরেছে। কিন্তু ঘূর্ণিঝড় না হলেও কয়েক দিনের টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ব্যাহত হয়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। কোথাও শহরের অলিগলি ডুবে গেছে হাঁটুপানিতে, কোথাও উপকূলজুড়ে তৈরি হয়েছে নতুন করে আতঙ্ক। পরিস্থিতি যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে একটি বড় দুর্যোগের জন্য আমরা আসলে কতটা প্রস্তুত?

‘অর্ণব’ হয়তো বড় কোনো ক্ষতি না করেই চলে গেছে, কিন্তু রেখে গেছে একটি গুরুত্বপূর্ণ বার্তা। সেটি হলো প্রকৃতির আচরণ বদলে যাচ্ছে, আর সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আমাদের প্রস্তুতিও বদলাতে হবে। আজ যে দুর্যোগকে ছোট বলে মনে হচ্ছে, আগামী দিনে সেটিই আরও বড় সংকটের পূর্বাভাস হতে পারে। তাই প্রশ্ন এখন একটাইÑ ভবিষ্যতে এর চেয়েও বড় কোনো দুর্যোগ আঘাত হানলে আমরা কি সত্যিই তা মোকাবিলার জন্য প্রস্তুত?

প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি মানুষের নিয়ন্ত্রণে নয়। কিন্তু দুর্যোগকে কতটা ভয়াবহ করে তোলা হবে, তার পেছনে মানুষের কর্মকাণ্ডেরও বড় ভূমিকা রয়েছে। অতিরিক্ত কার্বন নিঃসরণ ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৈশ্বিক উষ্ণতা বাড়াচ্ছে। উষ্ণ সমুদ্র ও পরিবর্তিত জলবায়ু ঘূর্ণিঝড়সহ বিভিন্ন চরম আবহাওয়াজনিত ঝুঁকি বাড়াতে পারে।

অন্যদিকে সুন্দরবনের মতো ম্যানগ্রোভ বন আমাদের উপকূলকে ঝড় ও জলোচ্ছ্বাসের প্রভাব থেকে প্রাকৃতিকভাবে সুরক্ষা দেয়। অথচ বন ও জীববৈচিত্র্যের ওপর ক্রমাগত চাপ তৈরি হচ্ছে। শহরেও একই চিত্র। খাল, নদী, পুকুর ও জলাশয় ভরাট করে তৈরি হচ্ছে একের পর এক স্থাপনা। ফলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের স্বাভাবিক পথ হারিয়ে যাচ্ছে।

এর সঙ্গে যুক্ত হয়েছে অপরিকল্পিত নগরায়ণ, দুর্বল পানি নিষ্কাশনব্যবস্থা, অনিয়ন্ত্রিত ভবন নির্মাণ এবং ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ। ফলে সামান্য বৃষ্টিও অনেক সময় বড় ধরনের জলাবদ্ধতায় রূপ নেয়। শেষ পর্যন্ত এর সবচেয়ে বড় ভুক্তভোগী হয় সাধারণ মানুষ।

পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে প্রয়োজন সমন্বিত, বাস্তবভিত্তিক ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। শহরের পানি নিষ্কাশনব্যবস্থা আধুনিক ও কার্যকর করতে হবে। দখল ও ভরাট হয়ে যাওয়া খাল, নদী ও জলাশয় উদ্ধার করে সেগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা জরুরি। বর্ষা শুরুর আগেই নালা-নর্দমা পরিষ্কার করা এবং নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

উপকূলীয় এলাকার জন্যও প্রয়োজন স্থায়ী ও টেকসই সুরক্ষা ব্যবস্থা। সাময়িকভাবে বালুর বস্তা ফেলে বাঁধ রক্ষা করার পরিবর্তে ঝুঁকিপূর্ণ এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। বাঁধ নির্মাণ ও সংস্কারে অনিয়ম ও দুর্নীতি বন্ধ করা জরুরি।

একই সঙ্গে সুন্দরবনসহ দেশের ম্যানগ্রোভ বন সংরক্ষণ এবং উপকূলীয় এলাকায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ বাড়াতে হবে। প্রাকৃতিক প্রতিরক্ষাব্যবস্থাকে শক্তিশালী করা গেলে ঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি কমানোর সুযোগ তৈরি হবে।

দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কবার্তার গুরুত্ব অপরিসীম। আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া নির্ভরযোগ্য তথ্য যেন দ্রুত ও সহজ ভাষায় সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় কার্যকর ব্যবস্থা প্রয়োজন। দুর্যোগের আগেই প্রতিটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখতে হবে। সেখানে পর্যাপ্ত শুকনা খাবার, নিরাপদ পানি, প্রয়োজনীয় ওষুধ ও প্রাথমিক চিকিৎসার সামগ্রী মজুদ রাখা দরকার। বিশেষ করে শিশু, নারী, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা সহায়তা নিশ্চিত করতে হবে।

সরকার বা প্রশাসনের ওপর সব দায়িত্ব চাপিয়ে দিয়ে নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। নিজ নিজ অবস্থান থেকেও আমরা কিছু ছোট কিন্তু কার্যকর পদক্ষেপ নিতে পারি। বেশি করে গাছ লাগানো, পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো, পানি ও বিদ্যুতের অপচয় রোধ করা, ছাদে বাগান করা এবং সম্ভব হলে বৃষ্টির পানি সংরক্ষণ করাÑ এসব উদ্যোগ পরিবেশের ওপর চাপ কমাতে সাহায্য করতে পারে।

বর্ষার আগে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, ড্রেন বা নালা আবর্জনায় বন্ধ না করা এবং জলাশয় ভরাটের বিরুদ্ধে সচেতন হওয়াও নাগরিক দায়িত্বের অংশ। আর দুর্যোগের মুহূর্তে আতঙ্কিত না হয়ে প্রশাসনের নির্দেশনা অনুসরণ করা, গুজব না ছড়ানো এবং বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানোও আমাদের দায়িত্ব।

প্রকৃতি আমাদের বিরুদ্ধে নয়, বরং তার পরিবর্তিত আচরণ আমাদের নিজেদের ভুলগুলো নতুন করে দেখিয়ে দিচ্ছে। এখন সিদ্ধান্ত আমাদেরÑ  আমরা কি সেই সতর্কবার্তা শুনে প্রস্তুতি নেব, নাকি আরও বড় দুর্যোগের অপেক্ষা করব?

বাঁচতে হলে আতঙ্ক নয়, প্রয়োজন প্রস্তুতি। প্রয়োজন দায়িত্বশীল উন্নয়ন, পরিবেশের প্রতি শ্রদ্ধা এবং ভবিষ্যতের জন্য সুপরিকল্পিত পদক্ষেপ। আজকের সচেতনতা ও প্রস্তুতিই পারে আগামী দিনের বড় বিপর্যয়ে ক্ষয়ক্ষতি কমাতে। প্রকৃতি আমাদের সতর্ক হওয়ার সুযোগ দিয়েছে এখন সেই সুযোগ কাজে লাগানোর দায়িত্ব আমাদেরই।

অমিয়া বর্মন
শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়


আঞ্চলিক উত্তেজনা এবং পানিসম্পদ

বিংশ শতাব্দীতে পৃথিবীর ভূ-রাজনীতিতে অন্যতম নিয়ামক ছিল খনিজ তেল বা কালো সোনা। তবে একবিংশ শতাব্দীতে এসে বদলে গেছে এর সমীকরণ। ক্রমেই বাড়ছে পানি সংকট ও সুপেয় পানির চাহিদা। পানি বা পানিসম্পদ বলতে আমরা বুঝি দৈনন্দিন জীবনে ব্যবহৃত অপরিহার্য একটি তরল উপাদান। তবে আন্তর্জাতিক দিক দিয়ে বিচার করলে দেখা যায়, পানি শুধু তরল উপাদান নয়, বরং এটি আধুনিক বিশ্বে রাষ্ট্রীয় স্বার্থ, অর্থনীতি ও কূটনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

দৈনন্দিন জীবনের গণ্ডি পেরিয়ে পানিসম্পদ এখন একাধিক রাষ্ট্রের স্বার্থের সঙ্গে জড়িয়ে পড়েছে। রাষ্ট্রের এই স্বার্থের টানাপড়েনই পানি বা পানিসম্পদকে নিয়ে আসে রাজনীতির মঞ্চে, যা পানির রাজনীতি বা হাইড্রো-পলিটিক্স নামে পরিচিত। পানি বা পানিসম্পদকে কেন্দ্র করে রাষ্ট্রের মধ্যে গড়ে ওঠা স্বার্থ, ক্ষমতা, নিয়ন্ত্রণ, বণ্টন ও কূটনৈতিক সম্পর্কের টানাপড়েনকে বোঝায়। 

যখন কোনো নদী বা পানির উৎস একাধিক রাষ্ট্রের সাথে যুক্ত থাকে তখন কে কতটুকু পানি পাবে, কীভাবে তা ব্যবহার বা নিয়ন্ত্রণ করা হবে এসব বিষয় নিয়ে দেশগুলোর মধ্যে আলোচনা ও সমঝোতার প্রক্রিয়াই হচ্ছে পানির রাজনীতি বা হাইড্রো-পলিটিক্সের গুরুত্বপূর্ণ অংশ। পানির রাজনীতি বা হাইড্রো-পলিটিক্স শব্দটি ১৯৭৯ সালে বিশ্বের সামনে তুলে ধরেন রাষ্ট্রবিজ্ঞানী জন ওয়াটারবারি। এরপর থেকেই পানিসম্পদ ঘিরে রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক স্বার্থ ও বিরোধ নিয়ে আলোচনা আরও বিস্তৃত হয়েছে।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ভবিষ্যতের কোনো যুদ্ধ ভূখণ্ড দখলের জন্য নয় বরং এক ফোঁটা সুপেয় পানির অধিকারকে কেন্দ্র করে সৃষ্টি হতে পারে। পানি যখন কোনো রাষ্ট্রের স্বার্থ ও রাজনৈতিক প্রভাবের সঙ্গে জড়িয়ে পড়ে তখন তা শুধুমাত্র পরিবেশের ওপরে প্রভাব ফেলে না বরং তা আঞ্চলিক শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তাকেও প্রভাবিত করে। 

পানির রাজনীতি বা হাইড্রো-পলিটিক্সের পেছনে রয়েছে অনেকগুলো কারণ। তার মধ্যে উজানভাটির ভৌগোলিক অবস্থান, মিঠাপানির সংকট, জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ, কৃষি, শিল্পায়ন, জলবিদ্যুৎ প্রকল্প, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও ভূ-রাজনৈতিক স্বার্থগুলো অন্যতম। পানির রাজনীতি বা হাইড্রো-পলিটিক্স আন্তর্জাতিক ক্ষেত্রে গভীর ও সুদূরপ্রসারী প্রভাব ফেলছে।

সিন্ধু পানিচুক্তি দীর্ঘদিন কার্যকর থাকলেও ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ভারতের জলবিদ্যুৎ প্রকল্প (কিষেনগঙ্গা, রাটেল) নিয়ে পাকিস্তান আপত্তি জানিয়েছে। পাকিস্তান মনে করে এসব প্রকল্পের কারণে পানির প্রবাহে প্রভাব পড়তে পারে। ফলে দুই দেশের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পানির রাজনীতি বা হাইড্রো-পলিটিক্সের অন্যতম আরেকটি উদাহরণ হলো মেকং নদ। মেকং নদের উজানে চীনের বাঁধ নির্মাণ নিয়ে ভাটির দেশগুলোর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। পানি প্রবাহের পরিবর্তনের ফলে কৃষি, মৎস্য ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পানির রাজনীতি বা হাইড্রো-পলিটিক্সের প্রভাব বিশ্বের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি বাংলাদেশেও লক্ষ করা যায়। 

বাংলাদেশ ভাটির দেশ হাওয়ায় কৃষি, পরিবেশ, অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তার বাস্তব উদাহরণ হলো ফারাক্কা বাঁধ। ভারতে গঙ্গা নদীর ওপর নির্মিত এই বাঁধের মাধ্যমে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়। ফলে বাংলাদেশে গঙ্গা নদীর পানির প্রবাহ কমে যায়। পানি প্রবাহ কমে যাওয়ার ফলে কৃষিক্ষেত্রে কুপ্রভাব, নৌ চলাচলে বাধা, মৎস্য সম্পদে প্রভাব ও লবণাক্ততা বৃদ্ধিসহ বাংলাদেশ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। ফলে দুই দেশের মধ্যে সৃষ্টি হয় মতবিরোধ।

আমরা যদি আরও কিছু বাস্তব উদাহরণের কথা বলি, তা হলে আলোচনায় আসে তিস্তা পানি বণ্টন চুক্তি। তিস্তা শুধুমাত্র একটি নদী নয় বরং এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের কোটি মানুষের জীবন-জীবিকার সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত।

বাংলাদেশ ও ভারতের নদীগুলোর ন্যায্য পানি বণ্টনে কূটনৈতিক আলোচনা ও কার্যকর চুক্তিগুলো নিশ্চিত করতে হবে। পঞ্চমত, তিস্তা মহাপরিকল্পনাসহ সকল প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে। এবং পানির ধারণক্ষমতা বাড়ানোর পাশাপাশি নদীভাঙন রোধ করতে হবে।

ষষ্ঠত, বর্ষাকালের অতিরিক্ত পানি সংরক্ষণের জন্য প্রয়োজনীয় জলাধারের ব্যবস্থা করতে হবে। এবং উত্তরাঞ্চলে আধুনিক সেচব্যবস্থা সম্প্রসারণ করতে হবে। সপ্তমত, কম পানি-নির্ভর ফসলের চাষ বাড়াতে হবে এবং পানি সংরক্ষণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উপরিউক্ত পদক্ষেপগুলো কার্যকর করা অত্যন্ত প্রয়োজন। পানিকে কেন্দ্র করে এই মতবিরোধ ও প্রতিযোগিতা চলতে থাকলে ভবিষ্যতে পানি সংকট আরও তীব্র হতে পারে, যা পরবর্তীতে কৃষি পরিবেশ, অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকায় দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। 

পানি শুধু সম্পদ নয় বরং বেঁচে থাকার একটি মাধ্যম। সেই সাথে সহযোগিতা ও স্থিতিশীলতার বিষয়। তাই পানিকে কেন্দ্র করে সংঘাত নয়, ন্যায্য বণ্টনের মাধ্যমে শান্তি ও উন্নয়নের পথ সুগম করা জরুরি। তবেই যুদ্ধ এড়িয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব।

আফিয়া মোবাশসিরা ঐশী
শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ


কীটনাশকে প্রতারিত কৃষক

বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এদেশের মানুষের খাদ্য চাহিদার বড় একটি অংশ পূরণ হয় কৃষকদের উৎপাদিত ফসল থেকে। কিন্তু দুঃখজনক বিষয় হলো দিনরাত পরিশ্রম করে ফসল ফলানো কৃষকরাই আজ বাজারের নকল ও ভেজাল কীটনাশকের দ্বারা মারাত্মকভাবে প্রতারিত হচ্ছেন।

বাজারগুলোতে অননুমোদিত ও নিম্নমানের ওষুধ ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় মাঠপর্যায়ের সাধারণ কৃষকরা সঠিক কীটনাশক চিনতে পারছেন না। ভালো ফলনের আশায় তারা জমিতে যে বালাইনাশক প্রয়োগ করছেন তা মানহীন হওয়ায় সুফল মিলছে না। বরং উল্টো পোকামাকড় দমনের পরিবর্তে ফসলের ক্ষতি আরও বাড়ছে। এর ফলে প্রান্তিক কৃষকদের একদিকে অতিরিক্ত অর্থ অপচয় হচ্ছে অন্যদিকে সময়মতো রোগ প্রতিরোধ করতে না পারায় বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। 

এভাবে অনেক দরিদ্র চাষি শেষ সম্বলটুকুও হারাচ্ছেন। আবার এর সঙ্গে যুক্ত হয়েছে ফসলের ন্যায্যমূল্য না পাওয়া, সময়মতো সার না পাওয়া ও নকল বীজের সমস্যা, যা দিন দিন কৃষি খাতকে দুর্বিষহ করে তুলছে। তাই সময় থাকতে সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত বাজার তদারকির মাধ্যমে ভেজাল কীটনাশক তৈরির প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যত দ্রুত সম্ভব কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

পাশাপাশি দরিদ্র কৃষককে সমৃদ্ধ করতে বিনা সুদে ক্ষুদ্রঋণের সুযোগ তৈরি করা এবং মাঠ পর্যায়ে কৃষকদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে প্রাকৃতিক উপায়ে রোগবালাই দমনের কলাকৌশল শেখাতে হবে। এতে করে কৃষকরা আর প্রতারিত হবেন না এবং ভেজালমুক্ত খাদ্য পাওয়া যাবে। তাই এ বিষয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিন।

মো. মাজহারুল ইসলাম
শিক্ষার্থী: সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া


মেধাতালিকায় প্রথম, নিয়োগে অনুপস্থিত

একজন শিক্ষার্থী যখন শৈশব থেকে পড়াশোনা শুরু করে, তখন তার সামনে থাকে একটি স্বপ্ন একদিন নিজের যোগ্যতায় নিজের একটি জায়গা তৈরি করবে। বছরের পর বছর বই পড়া, পরীক্ষা দেওয়া, ব্যর্থতার পর আবার চেষ্টা করা এবং পরিবারের প্রত্যাশার সঙ্গে লড়াই করে যখন সে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয়, তখন সেই পরীক্ষা তার কাছে শুধু একটি পরীক্ষা থাকে না; হয়ে ওঠে দীর্ঘদিনের পরিশ্রমের মূল্যায়ন।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ ঘিরে সাম্প্রতিক ঘটনাগুলো তাই নতুন করে একটি মৌলিক প্রশ্ন সামনে এনেছে একজন প্রার্থীর মেধা ও যোগ্যতার মূল্যায়ন আসলে কোথায়? গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছিল।

এর আগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৬৯ হাজার ২৬৫ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিলেন। পরে নির্বাচিতদের নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

কিন্তু ২৪ সেপ্টেম্বরের পর বিভিন্ন জেলা ও উপজেলার তালিকা প্রকাশের সময় দেখা যায়, সুপারিশপ্রাপ্ত অনেক প্রার্থীর নামে নিয়োগপত্র ইস্যু করা হয়নি। সাম্প্রতিক প্রতিবেদনে বিভিন্নভাবে প্রায় দেড় হাজার প্রার্থীর বাদ পড়ার অভিযোগের কথা উঠে এসেছে। তাদের বাদ দেওয়ার নির্দিষ্ট কারণও প্রকাশ্যে স্পষ্ট করা হয়নি। প্রার্থীদের অনেকে পুলিশ বা গোয়েন্দা যাচাইয়ে নেতিবাচক প্রতিবেদনের কথা জানতে পেরেছেন।

এই ঘটনাগুলোর মধ্যেই সামনে এসেছে তামান্না আক্তারের ঘটনা। তিনি লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। নিজ উপজেলা চাঁদপুরের মতলব দক্ষিণের মেধাতালিকায় তিনি প্রথম এবং পুরো চাঁদপুর জেলায় ১১তম হয়েছিলেন।

তার দাবি, তিনি বা তার পরিবারের কেউ কোনো সময় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। কিন্তু ২৪ সেপ্টেম্বর তার নামে নিয়োগপত্র ইস্যু হয়নি। প্রতিবেদনে তার বক্তব্য অনুযায়ী, পুলিশ ও এনএসআইয়ের ভেরিফিকেশনে তাকে বাদ দেওয়া হয়েছে এবং তিনি এটিকে ‘পলিটিক্যাল ট্যাগ’-এর ফল হিসেবে দেখছেন।

তামান্নার ঘটনা তাই শুধু একজন চাকরিপ্রার্থীর ব্যক্তিগত হতাশার গল্প নয়; এটি একটি বৃহত্তর প্রশ্ন সামনে আনে একজন মানুষ যদি প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজের উপজেলায় প্রথম হন, তা হলে তার নিয়োগ আটকে দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের সিদ্ধান্তের কারণটি কি তার কাছে স্পষ্ট হওয়া উচিত নয়?

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে যাচাই-বাছাই থাকা স্বাভাবিক। রাষ্ট্র তার প্রতিষ্ঠানে কাদের নিয়োগ দিচ্ছে, সে বিষয়ে আইন ও বিধিমালা অনুসরণ করতেই পারে। ২০২৬ সালের মে মাসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরও সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জনের পূর্বকার্যকলাপ, কাগজপত্র ও নথি যাচাইয়ের নির্দেশ দিয়েছিল। কিন্তু যাচাইয়ের প্রশ্নের পাশাপাশি স্বচ্ছতার প্রশ্নটিও সমান গুরুত্বপূর্ণ। কোনো প্রার্থীর বিরুদ্ধে আপত্তি থাকলে সেই আপত্তির ভিত্তি কী? কোন তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে? তথ্যটি কতটা নির্ভুল? সংশ্লিষ্ট প্রার্থী কি নিজের বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন? ভুল তথ্য থাকলে তা সংশোধনের সুযোগ আছে কি?

বিশেষ করে যদি কোনো প্রার্থীর রাজনৈতিক মতাদর্শ, সামাজিক যোগাযোগ মাধ্যমের পুরনো কোনো পোস্ট কিংবা পরিবারের কোনো সদস্যের রাজনৈতিক পরিচয় তার নিয়োগের ক্ষেত্রে বিবেচনা করা হয়ে থাকে, তা হলে প্রশ্ন উঠবেই ব্যক্তির নিজের কর্মকাণ্ডের সঙ্গে অন্যের রাজনৈতিক অবস্থানকে কীভাবে যুক্ত করা হলো?

একজন মানুষের পরিবারে ভিন্নমতের মানুষ থাকতে পারেন। আত্মীয়স্বজনের রাজনৈতিক মত তার নিজের মতের সঙ্গে এক নাও হতে পারে। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যক্তির নিজের কর্মকাণ্ড, নির্দিষ্ট প্রমাণ এবং প্রযোজ্য আইনকে আলাদা করে দেখা জরুরি।

এখানে ‘মেধা’ এবং ‘ভেরিফিকেশন’কে একে অপরের বিপরীতে দাঁড় করানোর প্রয়োজন নেই। একজন প্রার্থী পরীক্ষায় ভালো করেছেন এটি তার যোগ্যতার গুরুত্বপূর্ণ প্রমাণ। আবার রাষ্ট্রের আইনগত যাচাইয়ের প্রয়োজন থাকলে সেটিও হতে পারে। কিন্তু দুই ক্ষেত্রেই প্রশ্ন হলোÑ মানদণ্ডটি কী এবং সেটি কি সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা হচ্ছে?

যে প্রার্থী পরীক্ষায় প্রথম হয়েছেন, তার বিরুদ্ধে আপত্তি থাকলে সেই আপত্তির ভিত্তি কী? কোন প্রমাণের ভিত্তিতে তার নিয়োগ আটকে দেওয়া হয়েছে? তাকে কি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে? একই মানদণ্ড কি প্রত্যেক প্রার্থীর ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে?

এসব প্রশ্নের স্বচ্ছ উত্তর প্রয়োজন। স্বাধীনতার অর্থ শুধু একটি স্বাধীন ভূখণ্ড বা একটি পতাকা নয়। স্বাধীনতার অর্থ নাগরিকের মর্যাদা, আইনের সমতা এবং ন্যায্য প্রক্রিয়ার নিশ্চয়তাও। রাষ্ট্রের কোনো সিদ্ধান্তের সঙ্গে নাগরিক একমত নাও হতে পারেন, কিন্তু সেই সিদ্ধান্ত যেন আইন, প্রমাণ ও স্বচ্ছ প্রক্রিয়ার ভিত্তিতে হয়Ñ এটাই প্রত্যাশা।

আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে একজন তরুণ জানবে তার ভবিষ্যৎ নির্মাণে তার পরিশ্রম ও যোগ্যতার মূল্য আছে। একই সঙ্গে সে জানবে, রাষ্ট্রের প্রয়োজনীয় যাচাই হলেও সেটি হবে স্বচ্ছ ও ন্যায়সঙ্গত প্রক্রিয়ার মধ্য দিয়ে। কারণ শেষ পর্যন্ত প্রশ্নটি শুধু একজন চাকরিপ্রার্থীর নয়। প্রশ্নটি আমাদের নিয়োগব্যবস্থার, প্রশাসনিক স্বচ্ছতার এবং রাষ্ট্রের প্রতি নাগরিকের আস্থার। আর তাই একজন মেধাবী চাকরিপ্রার্থীর প্রশ্নটি আমাদের সবার সামনে ফিরে আসেÑ রাষ্ট্র যখন আমার মেধার পরীক্ষা নেয়, তখন রাষ্ট্রের সিদ্ধান্তের মাপকাঠিটিও কি আমি জানতে পারি না?

সাদিয়া সুলতানা রিমি
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়


অস্বাভাবিক মৃত্যুর দায় কার

নতুন সরকারের ৭ মাস অতিক্রম চলছে। সাধারণ মানুষের কাছে এটি একটি দীর্ঘ সময় মনে হলেও নীতি-নির্ধারকদের কাছে হয়তো একেবারেই প্রাথমিক সময়। সাধারণ মানুষের কাছে সময়টি দীর্ঘ মনে হওয়ার মূল কারণ দীর্ঘদিন ধরে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সরকার ক্ষমতায় আসার পর নানান জটিলতার অজুহাতে আইনশৃঙ্খলা ফেরাতে সময় লাগার কথা জানিয়েছিল।

কিন্তু ৭ মাস পেরিয়ে গেলেও সার্বিক পরিস্থিতির ন্যূনতম কোনো উন্নতি দেখা যাচ্ছে না। চাঁদাবাজি, ভাঙচুর, খুন ও লুটতরাজ সবকিছুই এখন নিত্যদিনের স্বাভাবিক বাজারদরের মতো ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি চাঁদা দিতে অস্বীকার করায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।

কেবল এ ধরনের হামলা বা ভাঙচুরই নয়, প্রতিনিয়তই দেশে অসংখ্য মানুষের অস্বাভাবিক মৃত্যুর খবর আমাদের চোখে পড়ে। এসব যেন এখন আমাদের কাছে খুব স্বাভাবিক বিষয় হয়ে গেছে। কিন্তু প্রশ্ন জাগে, আমরা কি এই অস্বাভাবিক মৃত্যুর জন্য এদেশে জন্মগ্রহণ করেছিলাম? প্রশ্ন করে অবশ্য লাভ নেই, কারণ উত্তরে একটাই চর্বিতচর্বণ শোনা যায়Ñ আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।’ কিন্তু কবে? কবে আমরা অন্তত স্বাভাবিক মৃত্যুর ন্যূনতম নিশ্চয়তা পাব?

একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা চাই। কিন্তু আমাদের জীবনের যদি কোনো নিরাপত্তাই না থাকে, তবে এসব মৌলিক অধিকার দিয়ে আমরা কী করব? প্রতিদিন খবরের পাতা খুললেই চোখ আটকে যায়Ñ খুন, ছিনতাই, ধর্ষণ আর নানা নির্মমতার খবরে।

স্বাধীনতার পর থেকে যুগের পর যুগ ধরে আমরা এসব খবর দেখেই যাচ্ছি। তাহলে আজও কেন আমাদের একটি স্বাভাবিক মৃত্যুর জন্য এভাবে আকুতি জানাতে হচ্ছে? রাষ্ট্রীয় নীতি-নির্ধারকদের কাছে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় বিগত সরকার আইনশৃঙ্খলা কাঠামো সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গেছে, যা পুনর্গঠন করতে কয়েক বছর লেগে যাবে। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর পরও এই ‘কয়েক বছর’-এর প্রতীক্ষা কেন শেষ হয় না? বাংলাদেশে আজ এমন কোনো নাগরিক নেই, যিনি নিজেকে শতভাগ নিরাপদ মনে করতে পারেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সন্তানের নির্মম হত্যাকাণ্ড এবং সালমান মুক্তাদিরের ঘটনাটি বর্তমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম ভঙ্গুর দশাকেই উন্মোচিত করে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং পুলিশ সদর দপ্তরের উপাত্ত বিশ্লেষণ করলেও চরম নিরাপত্তাহীনতার একই চিত্র স্পষ্ট হয়ে ওঠে। পুলিশি তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত এই ছয় মাসে সাতটি প্রধান ক্যাটাগরিতে সারা দেশে মোট ২১,৭৫৬টি মামলা হয়েছে, যা আগের ছয় মাসের তুলনায় ৫২৮টি বেশি।

আশঙ্কাজনক বিষয় হলো, এর মধ্যে কেবল খুনের মামলা হয়েছে ১,৭৮৯টি (যা আগের ৬ মাসের চেয়ে ৯টি বেশি) এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়ে দাঁড়িয়েছে ১১,১৬৫টিতে (যা আগের চেয়ে ১,০৭৫টি বেশি)। এই পরিসংখ্যানই প্রমাণ করে যে, দেশের মানুষের জীবন আজ কতটা মারাত্মক ঝুঁকির মুখে।

সব ঘটনা হয়তো সংবাদপত্রের পাতায় স্থান পায় না, কিংবা সেগুলো নিয়ে আলোচনা-সমালোচনাও হয় না। কিন্তু পর্দার আড়ালে প্রতিনিয়তই এমন করুণ ঘটনা ঘটে চলেছে। এই আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য মূলত দায়ী কারা? পুলিশ বাহিনীর ওপর সাধারণ মানুষের আস্থা এমনিতেই নড়বড়ে। রাজনৈতিক ফায়দা লুটতে বারবার পুলিশকে ব্যবহার করার ফলে একটি জনবান্ধব নিরাপত্তা বাহিনী হিসেবে তারা গড়ে উঠতে পারেনি। আইনশৃঙ্খলা বাহিনীর বড় ধরনের সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করার দৃশ্যমান কোনো উদ্যোগ এখনও আমাদের চোখে পড়ে না।

একটি রাষ্ট্র যদি তার নাগরিকদের জীবনের সুরক্ষা দিতে না পারে, তবে অন্যান্য বাহ্যিক উন্নয়ন সম্পূর্ণ অর্থহীন হয়ে পড়ে। বিচারহীনতার সংস্কৃতি আর আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার বন্ধ করা না গেলে, ‘স্বাভাবিক মৃত্যুর আকুতি’ চিরকাল অরণ্যে রোদন হয়েই থাকবে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে অনতিবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া সময়ের দাবি; অন্যথায় প্রতিটি অস্বাভাবিক মৃত্যুর দায় রাষ্ট্রকেই বহন করতে হবে।

ইউনুচ রাতুল
সংগঠক ও প্রশিক্ষণ, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বেরোবি শাখা


অ্যানথ্রাক্স প্রতিরোধে চাই সচেতনতা 

সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে নতুন করে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য এবং সরকারি রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) অনুসন্ধানে দেখা যায়, কুষ্টিয়ার দৌলতপুরে মাত্র ২৩ দিনে ৪৭ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি গাইবান্ধার সুন্দরগঞ্জ, রংপুরের পীরগাছা ও মিঠাপুকুর, মেহেরপুরের গাংনী এবং দিনাজপুরের পার্বতীপুরসহ অন্তত ছয়টি জেলায় শতাধিক মানুষ অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন।

ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামের স্পোর সৃষ্টিকারী একধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণে সৃষ্ট এই ব্যাধি মূলত তৃণভোজী গবাদিপশু থেকে মানুষের মধ্যে সংক্রমিত একটি প্রাণিবাহিত রোগ। বিগত কয়েক দশক ধরে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের গবাদিপশুসমৃদ্ধ জেলাগুলোতে এই মারণব্যাধির বারবার পুনরাবৃত্তি ঘটলেও স্থায়ী প্রতিরোধ-ব্যবস্থার ঘাটতির কারণে প্রতিটি প্রাদুর্ভাবের সময়ই গ্রামীণ জনস্বাস্থ্য ও কৃষিভিত্তিক অর্থনীতি মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে।

মানুষের শরীরে অ্যানথ্রাক্স সংক্রমণের ধরন বিশ্লেষণ করলে দেখা যায়, এর সিংহভাগই চর্মজনিত অ্যানথ্রাক্স। সংক্রামিত পশুর কাঁচা মাংস কাটাকাটি, চামড়া ছাড়ানো কিংবা রুগ্‌ণ পশুর সংস্পর্শে আসার দুই-তিন দিনের মধ্যে আক্রান্ত ব্যক্তির হাত, মুখসহ উন্মুক্ত ত্বকে চুলকানিযুক্ত লাল ফোসকা দেখা দেয়। এটি পরবর্তীতে চুলকানিহীন লাল ক্ষত থেকে কালো রঙের এস্কারে পরিণত হয় এবং তীব্র জ্বর, শরীরে  ব্যথার সৃষ্টি করে।

মাঠপর্যায়ের অনুসন্ধানে দেখা যায়, দেশে সংঘটিত প্রায় প্রতিটি অ্যানথ্রাক্স প্রাদুর্ভাবের মূলে রয়েছে অসুস্থ গবাদিপশু জবাই করে সেই মাংস ক্রয়-বিক্রয় করা। বিশেষ করে, প্রান্তিক খামারিরা যখন দেখেন, তাদের মূল্যবান গরু, ছাগল মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে তখন তারা আর্থিক ক্ষতি এড়াতে তড়িঘড়ি করে কম দামে তা স্থানীয় মাংস ব্যবসায়ী ও গ্রামবাসীর কাছে বিক্রি করে দেন। অসচেতন গ্রামবাসীরা সেই মাংস কাটাকাটিতে অংশ নেন। যাদের হাতে বা ত্বকে কোনো সূক্ষ্ম কাটাছেঁড়া থাকে, তারা সহজেই এই দুরারোগ্য ব্যাকটেরিয়ার সংক্রমণের শিকার হন।

অ্যানথ্রাক্স জীবাণুর সবচেয়ে বিপজ্জনক দিক হলো মাটিতে এর দীর্ঘস্থায়ীভাবে টিকে থাকার অসাধারণ ক্ষমতা। ব্যাসিলাস অ্যানথ্রাসিসের স্পোর মাটিতে দশকের পর দশক জীবিত থাকতে পারে। সাধারণত বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতের পর মাটির তলদেশে থাকা এসব স্পোর ভেসে উঠে চারণভূমি, ঘাস ও জলাশয়ের কাদা-পানিতে ছড়িয়ে পড়ে। চারণভূমিতে চরে বেড়ানোর সময় সংক্রামিত কাঁচা ঘাস, জলাশয়ের কচুরিপানা খাওয়ার মাধ্যমে গবাদিপশু এসব স্পোর গ্রহণ করে সংক্রামিত হয়।

পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে, যখন আক্রান্ত পশুর মৃতদেহ গোয়ালঘর বা উঠানে জবাই করা হয় কিংবা মৃতদেহ খোলা মাঠে, নদী-নালায় ফেলে রাখা হয়। বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসামাত্র পশুর রক্তে থাকা ব্যাকটেরিয়াগুলো বায়ুবাহিত স্পোরে পরিণত হয়ে আশপাশের মাটি, পরিবেশকে দীর্ঘ সময়ের জন্য দূষিত করে তোলে।

গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত গণটিকা প্রদানই এই মারণচক্র ভাঙার সবচেয়ে কার্যকর উপায় হলেও টিকার অপ্রতুলতা, প্রশাসনিক সমন্বয়হীনতা এবং অপর্যাপ্ত টিকাদানকর্মীর সংকটের কারণে দেশের অর্ধেকেরও বেশি গবাদিপশু টিকার আওতার বাইরে থেকে যাচ্ছে। আর এটি প্রাদুর্ভাবের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।

অ্যানথ্রাক্সের এই বারবার ফিরে আসার পেছনে গভীর সামাজিক ও প্রাতিষ্ঠানিক দুর্বলতাও দায়ী। বাংলাদেশে পশু জবাইয়ের ক্ষেত্রে মাংসের মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, নিবন্ধিত ভেটেরিনারি চিকিৎসকের সনদ ছাড়া পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ হলেও গ্রামগঞ্জে এই আইনের সঠিক প্রয়োগ নেই। তদুপরি, হঠাৎ গবাদিপশু মারা গেলে খামারিদের যে অপূরণীয় ক্ষতি হয়, তা সামাল দেওয়ার মতো কোনো পশুবীমা বা সরকারি ক্ষতিপূরণ ব্যবস্থা না থাকায় প্রান্তিক খামারিরা বাধ্য হয়ে রুগ্‌ণ পশু জবাইয়ের ঝুঁকিপূর্ণ পথ বেছে নেন। একই সঙ্গে অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ার আতঙ্কে সাধারণ বাজারে মাংস বিক্রি আশঙ্কাজনকভাবে কমে যায়। এর ফলে নির্দোষ খামারি ও পশু ব্যবসায়ীরা কোটি কোটি টাকার আর্থিক লোকসানের সম্মুখীন হন এবং সার্বিক প্রাণিসম্পদ খাতে মারাত্মক অস্থিরতা তৈরি হয়।

এই প্রেক্ষাপটে অ্যানথ্রাক্সের ফিরে আসার ভয়াবহ সংকট কাটাতে একটি টেকসই দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক কৌশল গ্রহণ করা জরুরি। বিশ্বব্যাপী স্বীকৃত ওয়ান হেলথ ধারণার ভিত্তিতে মানবস্বাস্থ্য বিভাগ, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং পরিবেশ খাতকে এক ছাতার নিচে এনে সমন্বিত কার্যক্রম গ্রহণ করতে হবে।

প্রথমত, অ্যানথ্রাক্স-প্রবণ জেলাগুলোতে বর্ষা মৌসুম শুরুর আগেই শতভাগ গবাদিপশুকে বিনামূল্যে টিকার আওতায় আনতে হবে এবং নিরবচ্ছিন্ন টিকা সরবরাহ নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, মাঠপর্যায়ে অসুস্থ পশু জবাই ও বিক্রি বন্ধে স্থানীয় প্রশাসন, প্রাণিসম্পদ বিভাগকে কঠোর নজরদারি চালাতে হবে এবং পশু চিকিৎসকের পরীক্ষা, অনুমোদন ব্যতীত হাটবাজারে মাংস বিক্রি সম্পূর্ণ বন্ধ করতে হবে।

তৃতীয়ত, সংক্রামিত বা সন্দেহভাজন পশুর মৃতদেহ উন্মুক্ত স্থানে না ফেলে প্রাণী সংক্রামক ব্যাধি আইন অনুযায়ী মাটির নিচে অন্তত ছয় ফুট গভীরে চুন ছিটিয়ে পুঁতে ফেলা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ক্ষয়ক্ষতি কাটাতে ক্ষুদ্র খামারিদের জন্য বিশেষ অনুদানের ব্যবস্থা চালু করা গেলে অসুস্থ পশু জবাইয়ের প্রবণতা বহুলাংশে কমানো সম্ভব হবে।

অতএব, অ্যানথ্রাক্স দূরীকরণে জনসচেতনতা বৃদ্ধিসহ স্থানীয় জনগোষ্ঠীর সঠিক আচরণগত পরিবর্তনের কোনো বিকল্প নেই।

আইইডিসিআর, স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে চর্মরোগের প্রাথমিক লক্ষণ চেনা, অসুস্থ পশুর মাংস ও রক্ত স্পর্শ না করা এবং উন্মুক্ত ক্ষতে হাত না লাগানোর বিষয়ে লিফলেট, পোস্টারের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে ব্যাপক প্রচার চালাতে হবে। কাঁচা মাংস নাড়াচাড়া কিংবা পশুর সংস্পর্শে আসার পর সাবান-পানি দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে সংক্রমণের ঝুঁকি বহুগুণ হ্রাস পায়। একই সঙ্গে গ্রামে কোনো পশুর আকস্মিক মৃত্যু অথবা অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিকভাবে ভেটেরিনারি কর্মকর্তাদের জানানো।

এ ছাড়া মানুষের শরীরে গুটি বা কালো ক্ষত দেখা দিলে বিলম্ব না করে হাসপাতালে চিকিৎসা নেওয়ার বিষয়ে জনগণকে উৎসাহিত করতে হবে। অ্যানথ্রাক্স প্রতিরোধে শুধু সরকারি নির্দেশনা নয়, চাই কঠোর আইনি তদারকি, পর্যাপ্ত টিকাদান এবং গণমানুষের সমন্বিত সচেতনতা। তবেই গ্রামীণ জনস্বাস্থ্য সুরক্ষিত হবে এবং খামারিদের জীবন-জীবিকা নিশ্চিত হবে।

রাকিবুল হাসান মুন্না
শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর


কৃষি বনাম সিন্ডিকেট

বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। দেশের অর্থনীতির প্রধান বুনিয়াদ কৃষি। আমাদের দেশের মোট দেশজ উৎপাদনের ১২ শতাংশই আসে কৃষি থেকে, যার ফলে দেশের অধিকাংশ মানুষই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। বর্তমানে বাংলাদেশে প্রায় ৮৮ লাখ ৩০ হাজার হেক্টর আবাদি জমি রয়েছে।

গবেষণা তথ্য অনুযায়ী বাংলাদেশের মাটি চাষাবাদের জন্য খুবই উপযোগী। গত পঞ্চাশ বছরে বাংলাদেশের কৃষিজ উৎপাদন প্রায় ৩ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে, যা তার বাস্তব প্রমাণ। এই ধারা অব্যাহত থাকলে তথ্যপ্রযুক্তির এই আধুনিক যুগে কৃষি খাত একটি সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে উঠবে। অথচ বিভিন্ন ধরনের সিন্ডিকেটের কবলে পড়ে বর্তমানে কৃষি খাতে সবচেয়ে বেশি দুর্নীতি পরিলক্ষিত হচ্ছে।

একজন কৃষক সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে দেশের মানুষের অন্ন জোগায়। অথচ তারাই এদেশে সবচেয়ে বেশি উপেক্ষিত ও অবহেলিত। বাংলাদেশে সবকিছুর দাম বৃদ্ধি পেলেও কৃষক তার সুফল পায় না। কিন্তু দুঃখজনক হলেও বাস্তবতা হলো বর্তমানে এক মণ ধান উৎপাদনে কৃষকের যে টাকা খরচ হয়, ধান বিক্রি করে সে টাকায় একজন শ্রমিক পাওয়া যায় না। কৃষিতে একদিকে যেমন শ্রমিক সংকট, একই সাথে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার তেমন নাই বললেই চলে।

এক কেজি ধানের বীজ ক্ষেত্র বিশেষে ১০০০ টাকায় ক্রয় করতে হয়, সেখানে মৌসুমে এক মণ ধান ৭০০-৮০০ টাকায় বিক্রি হয়। প্রতিকূল আবহাওয়া, শ্রমিক সংকট ও বীজের উচ্চমূল্যের সাথে লড়াই করে কৃষক যখন ফসল উৎপাদনে হিমশিম খাচ্ছে তখন এর সাথে যুক্ত হচ্ছে রাসায়নিক সার ও কীটনাশকের সংকট। সরকারিভাবে বলা হচ্ছে, বাজারে সারের পর্যাপ্ত সরবরাহ রয়েছে কিন্তু মাঠপর্যায়ের তার সুফল মিলছে না। সরকার নির্ধারিত মূল্যে বাজারে সার না মিললেও সিন্ডিকেটের কারণে উচ্চমূল্যে ঠিকই সার পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। 

কোনো কোনো ক্ষেত্রে সরকার কৃষকদের বিনামূল্যে সার, বীজ সরবরাহ করে থাকে। কিন্তু অধিকাংশ সময় দেখা যায় মৌসুমের মাঝামাঝি অথবা শেষের দিকে এই সার এবং বীজ কৃষকের কাছে পৌঁছে। ততক্ষণে কৃষক হয়তো ধারদেনা করে জমি চাষ করে ফেলেছে। যদি কাঙ্ক্ষিত সময়ে সার এবং বীজ সরবরাহ করাও হয় মূলত যারা কৃষক তারা এর সুফল খুব কমই পায়। স্বজনপ্রীতি ও দুর্নীতির মাধ্যমে তাদেরকে বঞ্চিত করা হয়। সরকারিভাবে যত টাকার সার, বীজ প্রণোদনা দেওয়া হয় তা ওঠাতে কৃষককে সারাদিন কৃষি অফিসেই দাঁড়িয়ে থাকতে হয়।

ফলে সারাদিনের পরিশ্রমের টাকায় হয়তো সমমূল্যের সার, বীজ কেনার উপক্রম হয়। এতে সরকারি প্রণোদনার প্রতি কৃষকদের কিছুটা অনীহা সৃষ্টি হচ্ছে। প্রণোদনা পেতে ক্ষেত্র বিশেষে রাস্তার ধারে জমি দেখানো বাধ্যতামূলক হয়ে ওঠে। এতে কিছুটা লোক-দেখানো সহায়তার বহিঃপ্রকাশ পায়। ফলে প্রশ্ন থেকে যায় প্রান্তিক পর্যায়ের কৃষকেরা সত্যিকার অর্থেই সহায়তা পাচ্ছে কি না?

বর্তমানে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বাংলাদেশে তেলের দাম স্মরণকালের সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে, যা কৃষিপণ্য উৎপাদন ব্যয় বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করেছে। উৎপাদন খরচ বাড়লেও কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়ায় প্রান্তিক পর্যায়ের কৃষকদের চরম হতাশায় দিন কাটছে। কেননা উৎপাদিত ধান সরকার সুলভ মূল্যে সংগ্রহ করলেও এ ক্ষেত্রেও রয়েছে নানা প্রতিবন্ধকতা। 

মাঝেমধ্যে সরকার কৃষিপণ্যের নির্ধারিত বাজার মূল্য ধার্য করলেও মাঠপর্যায়ে তার বাস্তবায়ন না থাকায় এর সুফল ভোগ করে একদল অসাধু ব্যবসায়ী। এভাবে সিন্ডিকেটের বেড়াজালে আবদ্ধ হয়ে দেশের কৃষি খাতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে অথচ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে সরকারকে বাধ্য হয়ে আমদানি বাড়াতে হচ্ছে।

এতে একদিকে যেমন কৃষক ও কৃষি খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে আসছে। এভাবে চলতে থাকলে একসময় দেশের কৃষিভিত্তিক অর্থনীতি সম্পূর্ণ ধ্বংসের মুখে পড়বে। বর্তমানে দেশে শিক্ষিত তরুণদের ৩৬ শতাংশই বেকার। কৃষি খাতের এই বিরূপ পরিস্থিতিতে দেশের উচ্চশিক্ষিত তরুণরা কৃষি থেকেও মুখ ফিরিয়ে নিলে দেশে বেকারত্বের হার আরও বৃদ্ধি পাবে। এতে এদেশ কৃষিতে সম্পূর্ণরূপে আমদানি-নির্ভর হয়ে পড়বে। 

তা ছাড়া ফসল সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগার না থাকায় প্রতিবছর প্রচুর ফসল নষ্ট হয়। বিশেষ করে, আলু ও পেঁয়াজ সংরক্ষণের অভাবেই পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমদানি করতে হয়।

বিশেষ করে, কোনো প্রকার আগাম সতর্কতা ছাড়াই বিগত বছরগুলোতে বেশ কয়েকবার ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে দেশীয় বাজারে এর বিরূপ প্রভাব পড়ে। দেশেই পর্যাপ্ত হিমাগার ও ফসল সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে একদিকে যেমন কৃষক উপকৃত হবে, একই সাথে দেশের রিজার্ভ সংরক্ষিত থাকবে। পাশাপাশি কৃষিতে স্বল্প সুদে ঋণ ও দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ালে তরুন প্রজন্ম এই পেশায় আকৃষ্ট হবে। ফলে বেকারত্বের হার কিছুটা হলেও কমবে। 

নাসির বাবু
শিক্ষার্থী, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা