সম্পাদকীয়
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ০৮:৫৭ এএম
ছবি: সংগৃহীত
প্রকৃতির অপার সৌন্দর্যের আধার সুন্দরবন আজ এক গভীর নিরাপত্তা সংকটের মুখে। বনের বিভিন্ন এলাকায় সক্রিয় একাধিক দস্যুবাহিনীর অপহরণ, মুক্তিপণ আদায় ও নির্যাতনের ঘটনায় জেলে, বাওয়ালি, মৌয়াল, কাঁকড়া আহরণকারী থেকে শুরু করে পর্যটকরাও আতঙ্কে রয়েছেন। বিশেষ করে, জীবিকার তাগিদে যারা সুন্দরবনে প্রবেশ করেন, তাদের অনেকের কাছেই বন এখন ভয় ও অনিশ্চয়তার নাম। অথচ এই সুন্দরবনকে দেশের পরিবেশগত নিরাপত্তা, জীববৈচিত্র্য ও উপকূলীয় মানুষের জীবন-জীবিকার গুরুত্বপূর্ণ অবলম্বন বলা হয়।
গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এ ‘১১ বাহিনীর দাপটে অস্থির সুন্দরবন’ শীর্ষক প্রতিবেদনে কোস্ট গার্ডের বরাতে বলা হয়, সুন্দরবনে ১১টি সক্রিয় দস্যুবাহিনী তৎপর রয়েছে। এসব বাহিনীতে শতাধিক সক্রিয় সদস্য রয়েছে। তাদের দাবি, গত দুই বছরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও গোয়েন্দা তৎপরতায় ৯টি দস্যু চক্র নিষ্ক্রিয় করা হয়েছে। এসব বাহিনীর বিরুদ্ধে অপহরণ করে মুক্তিপণ আদায়, নৌযানে ডাকাতি এবং অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ ছিল।
জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কোস্ট গার্ডের অভিযান, আত্মসমর্পণ এবং সংবাদমাধ্যমে প্রকাশিত ঘটনাগুলোয় সুন্দরবনে দস্যুদের তৎপরতার একাধিক চিত্র উঠে এসেছে। জানা গেছে, ১২ ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত পাঁচ মাসের বিভিন্ন অভিযানে ৪২ জন বনদস্যু আটকের পাশাপাশি জিম্মি থাকা ৪১ জনকে উদ্ধার করা হয়। একই সময় অস্ত্র উদ্ধারের পাশাপাশি কয়েকজন অপরাধী আত্মসমর্পণও করে। নানা সময়ে অভিযান চলে, অপরাধী গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধার হয়। তবুও থামছে না অপহরণের ঘটনা। গত সপ্তাহেও জেলেদের অপহরণের ঘটনা ঘটেছে।
আসলে সুন্দরবন অঞ্চলে অপহরণ ও জিম্মিদশার ঘটনা নতুন বা বিচ্ছিন্ন নয়। কেউ রুটিরুজির সন্ধানে গিয়ে দস্যুদের হাতে বন্দি হচ্ছেন, বনজ সম্পদ আহরণ করতে গিয়ে জিম্মি হচ্ছেন। আবার পর্যটকরা এর সৌন্দর্য দেখতে গিয়ে বিপদে পড়ছেন, মুক্তিপণ দিচ্ছেন। কারও জীবন ফিরছে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কিংবা সমঝোতায়। যাদের অপহরণের খবর সংবাদমাধ্যমে আসে না, যাদের পরিবার মুক্তিপণের ভয়ে মুখ খোলে না, তাদের কতজন জিম্মি থাকেন কিংবা কীভাবে ফিরে আসেন তার হিসাব নেই।
বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান, আত্মসমর্পণ কর্মসূচি এবং দস্যু দমনের নানা উদ্যোগ নিয়ে থাকে। এসব উদ্যোগে কিছু সাফল্যও দৃশ্যমান।
কিন্তু অপহরণ ও মুক্তিপণের ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি।সবচেয়ে উদ্বেগের বিষয়, বহু পরিবার ভয়ে মুক্তিপণের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কিংবা গণমাধ্যমের কাছে তথ্য প্রকাশ করে না। এতে কতজন অপহরণ হচ্ছেন, কত পরিবার অর্থ দিয়ে স্বজনকে ফিরিয়ে আনছে এবং কতজন জিম্মি থাকছে তার নির্ভরযোগ্য চিত্র পাওয়া কঠিন। আমরা মনে করি, এই অন্ধকার দূর করতে সরকারি উদ্যোগে সুন্দরবন-কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ-সংক্রান্ত একটি সমন্বিত তথ্যভান্ডার তৈরি করা জরুরি।
উল্লেখ করা প্রয়োজন, বিগত সরকারের বিশেষ আত্মসমর্পণ ও পুনর্বাসন উদ্যোগের সফলতায় ২০১৮ সালের নভেম্বর মাসে সুন্দরবনকে সম্পূর্ণ ‘দস্যুমুক্ত’ ঘোষণা করা হয়েছিল। কিন্তু ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন ও পুরনো দস্যুবাহিনী আবারও সক্রিয় হয়ে ওঠে।
এর পেছনে মূল কারণ হলো পুনর্বাসন প্রক্রিয়ার কিছু অপূর্ণতা, তাদের চলমান মামলাগুলো নিষ্পত্তি না হওয়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ঢিলেমি, ৫ আগস্টের পর কারাগার থেকে পলাতক আসামিদের অন্তর্ভুক্তি, লোকালয়ের ‘গডফাদার’ ও মহাজনদের সিন্ডিকেট নতুনভাবে গজিয়ে ওঠাসহ নতুন অস্ত্রের অনুপ্রবেশ।
আমরা মনে করি, সুন্দরবনে জীবিকার সন্ধানে যাওয়া প্রান্তিক মানুষ ও সৌন্দর্য দেখতে যাওয়া পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই বনের ভেতর চলাচলের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে নিরাপদ রুট, নিয়মিত টহল এবং জরুরি যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
পর্যটন নৌযানগুলোর ক্ষেত্রেও নিরাপত্তাবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা প্রয়োজন। পাশাপাশি দস্যুতা দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে সমন্বয় আরও বাড়াতে হবে। কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ, বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের মধ্যে তথ্য আদান-প্রদান এবং যৌথ অভিযানকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। অপহরণকারীদের সঙ্গে মুক্তিপণের লেনদেনে কারা মধ্যস্থতা করছে, অর্থের প্রবাহ কোথায় যাচ্ছে এবং অপরাধী চক্রের পেছনে কারা রয়েছেÑ এসবও তদন্তের আওতায় আনতে হবে।
আমরা আরও মনে করি, কেবল অভিযান চালিয়ে এ সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। প্রয়োজন ধারাবাহিক গোয়েন্দা নজরদারি, অপরাধীদের অর্থ ও যোগাযোগের নেটওয়ার্ক শনাক্ত করা এবং তাদের বিরুদ্ধে কার্যকর আইনি ব্যবস্থা নিশ্চিত করা। সবচেয়ে জরুরি, অপরাধীদের আইনের আওতায় এনে আগের মতো তাদের সংশোধনের সুযোগ দিয়ে পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করা।
আমরা বলতে চাই, সুন্দরবনের নিরাপত্তা কেবল কয়েকটি দস্যুবাহিনী দমনের বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের জীবন-জীবিকা, পর্যটন এবং দেশের পরিবেশগত নিরাপত্তাও। তাই মাঝেমধ্যে অভিযান নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদি ও সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা। সুন্দরবনকে অপরাধীদের অভয়ারণ্য নয়, মানুষের জন্য নিরাপদ ও ভয়মুক্ত করা হোক। প্রকৃতির এই আশীর্বাদ নিরাপদ রাখা রাষ্ট্র ও সমাজÑ উভয়েরই দায়িত্ব।