× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেবল উচ্ছেদই সমাধান নয়

সম্পাদকীয়

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ১১:৫২ এএম

ঢাকার মিরপুর-১০ নম্বরে ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার মিরপুর-১০ নম্বরে ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বুধবার যা ঘটেছে, তা অগ্রহণীয়। ফুটপাত দখল, সড়ক সংকুচিত করে ব্যবসা পরিচালনা এবং এর ফলে সৃষ্ট যানজট ও জনদুর্ভোগের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরিÑ এ বিষয়ে দ্বিমতের অবকাশ নেই। কিন্তু ফুটপাত দখলমুক্ত করার একটি বৈধ ও প্রয়োজনীয় উদ্যোগ যখন সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগে রূপ নেয়, তখন এই উচ্ছেদ অভিযানের প্রক্রিয়া, পদ্ধতি ও প্রস্তুতি নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।

গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এ প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, বুধবার সকাল থেকেই ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশ ও ডিএনসিসি কর্মীদের দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে ডিএনসিসির তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় একটি ভেকু, পুলিশের গাড়ি, পুলিশ বক্স ও একটি টেলিভিশন চ্যানেলের গাড়ি। সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হন। এ সময় স্থানীয় সরকার দলীয় নেতাকর্মীদের লাঠি হাতে এলাকায় অবস্থান নিয়ে হকারদের ওপর হামলা করার অভিযোগ উঠেছে। নেতাকর্মীদের দাবি, দেশকে অস্থিতিশীল করতে হকারের ছদ্মবেশে একটি গোষ্ঠী মাঠে নেমেছে। কিন্তু প্রশ্ন হলো, দেশকে অস্থিতিশীল করার চক্রান্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থা রয়েছে। সেখানে সরকারদলীয় নেতাকর্মীরা আগ বাড়িয়ে কেন পরিস্থিতিকে জটিল করে তুলল? এ ধরনের কর্মকাণ্ড সব সময় হিতে বিপরীত হয়ে থাকে, সরকারের নীতিনির্ধারকদের তা অনুধাবন করতে হবে। 

মিরপুরের ঘটনায় উচ্ছেদ অভিযানের ব্যবস্থাপনা নিয়েও নানা মহলে প্রশ্ন উঠেছে। এই অভিযান নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জামায়াত আমির শফিকুর রহমান। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বলেন, তাকে অবহিত না করে এ ধরনের পদক্ষেপ নেওয়ায় তিনি বিস্মিত হয়েছেন। এ বিষয়ে তাকে সম্পৃক্ত করা যেত। তিনি মনে করেন, পারস্পরিক পরামর্শের মাধ্যমে কার্যকর সমাধান সম্ভব ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও স্বীকার করেছেন, অভিযানে দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। সেখানে সমন্বয়ের ঘাটতি ছিল। বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানান তিনি। আমরা মনে করি, মিরপুরের ঘটনার বিষয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। একই সঙ্গে উচ্ছেদ অভিযানের সময় আগুন দেওয়ার ঘটনাটিও তদন্ত করা হোক। আইন প্রয়োগের নামে কোনো নিরীহ ব্যবসায়ী বা পথচারীর জীবন ও সম্পদের নিরাপত্তা ঝুঁকিতে পড়া কাম্য হতে পারে না। 

এ ঘটনাকে শুধু ‘হকার বনাম পুলিশ’ হিসেবে দেখলে সমস্যার গভীরে যাওয়া হবে না। এটা মানতেই হবে, ঢাকার ফুটপাতের একটি বড় অংশে ক্ষুদ্র ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে জীবিকা নির্বাহ করছেন। তাদের অনেকের পুঁজি সামান্য, দোকানই পরিবারের একমাত্র আয়ের উৎস। হঠাৎ উচ্ছেদ করে দিলে তাদের সামনে পরদিনের জীবিকা কী হবেÑ এ ভাবনা কর্তৃপক্ষের বিবেচনায় থাকা উচিত ছিল। উচ্ছেদের আগে প্রয়োজন ছিল সংশ্লিষ্ট হকারদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা। তারা কোথায় বসবেন, কতটুকু জায়গা পাবেন, কী শর্তে ব্যবসা করবেন, কত ভাড়া বা ফি দেবেনÑ এসব বিষয়ে সিটি করপোরেশন, হকার্স প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, পরিবহন-সংশ্লিষ্ট ব্যক্তি ও নাগরিক প্রতিনিধিদের নিয়ে আগেই আলোচনা করা যেত। ফুটপাত পথচারীর জন্য উন্মুক্ত থাকা যেমন জরুরি, তেমনি হাজার হাজার হকারের রুটি-রুজির বিষয়টিও বিবেচনাযোগ্য। 

বিশ্বের বহু শহরে পথচারীর চলাচল ও অনানুষ্ঠানিক ক্ষুদ্র ব্যবসার মধ্যে একটি ভারসাম্য তৈরির চেষ্টা দৃশ্যমান। সবকিছু একটি নিয়মশৃঙ্খলার মধ্য দিয়ে পরিচালিত হলে সমস্যা হওয়ার কথা নয়। আজ উচ্ছেদ করলাম, কাল আবার দখল হলোÑ এই চক্র থেকে বেরিয়ে আসতে হবে। এজন্য প্রয়োজন স্থায়ী নীতি, নির্দিষ্ট হকার জোন, পরিচয়পত্র, সময়ভিত্তিক ব্যবসার ব্যবস্থা এবং নিয়ম ভাঙলে ধারাবাহিক শাস্তি। সবচেয়ে বড় কথা, উচ্ছেদকে যেন শক্তি প্রদর্শনের অভিযানে পরিণত করা না হয়। আগে নোটিস, তারপর আলোচনা, বিকল্প ব্যবস্থা, নির্দিষ্ট সময়সীমাÑ এরপর প্রয়োজন হলে আইন প্রয়োগ। এতে একদিকে পথচারীর অধিকার রক্ষা হবে, অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ীর জীবিকাও হঠাৎ বিপন্ন হবে না।

মিরপুরের সংঘাত আমাদের সেই পুরনো সত্যটিই আবার মনে করিয়ে দিলÑ শুধু হকার বা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নগর-সমস্যার সমাধান হয় না। জনপথ অবশ্যই দখলমুক্ত করতে হবে, যানজটও কমাতে হবে তবে তা হতে হবে পরিকল্পিত, মানবিক ও আলোচনা-ভিত্তিক। বল প্রয়োগ নয়, সব কার্যক্রম পরিচালিত হতে হবে যৌক্তিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা