× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাংকের রেটিং কতটা তাৎপর্যপূর্ণ

নিরঞ্জন রায়

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ১১:৪৬ এএম

নিরঞ্জন রায়। অলংকরণ: প্রতিদিনের বাংলাদেশ

নিরঞ্জন রায়। অলংকরণ: প্রতিদিনের বাংলাদেশ

আমরা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিষয় নিয়ে পড়ার সময় পরিসংখ্যানের সীমাবদ্ধতা নিয়ে একটি গল্প পড়েছিলাম। গল্পটি এমন যে একজন পরিসংখ্যানে বিশেষজ্ঞ হেঁটে চলার সময় একটি জলাশয়ের সম্মুখীন হন, যেটি তাকে পার হতে হবে। এই জলাশয় নিরাপদে পার হওয়ার উদ্দেশ্যে তিনি তার পরিসংখ্যান জ্ঞান প্রয়োগ করতে চাইলেন এবং এই লক্ষ্যে তিনি সেই জলাশয়ের গড় গভীরতা নির্ণয়ের উদ্যোগ নিলেন। তিনি জলাশয়ের বিভিন্ন স্থানের গভীরতা সংগ্রহ করলেন, যা ছিল যথাক্রমে ২, ৫, ৮, ৪ এবং ১ ফুট। এই পাঁচ স্থানের গড় গভীরতা দাঁড়ায় মাত্র ৪ ফুট, যা সেই ব্যক্তির নিজের উচ্চতা, ছয় ফুটের অনেক কম। ফলে তিনি নিরাপদে সেই জলাশয় হেঁটে পার হওয়ার সিদ্ধান্ত নেন এবং যথারীতি ৮ ফুট গভীরতার স্থানে পৌঁছার পর সাঁতার না জানা সেই ব্যক্তির ভাগ্যে কি ঘটে থাকতে পারে, তা আর উল্লেখ করার প্রয়োজন নেই। বিশ্ববিদ্যালয় জীবনে শেখা এই গল্পটি নতুন করে মনে পড়ে গেল, যখন দেখলাম যে একটি পত্রিকার পক্ষ থেকে দেশের বিভিন্ন ব্যাংকের রেটিং করা হয়েছে এবং এ নিয়ে গুরুত্ব সহকারে সংবাদও প্রকাশ করেছে। যেখানে দেশের পুরো ব্যাংকিং খাতই এক টালমাটাল অবস্থায়, সেখানে বিভিন্ন ব্যাংকের রেটিং করা এবং কিছু ব্যাংককে আবার সেরা দেখানোর চেষ্টা কী এমন কাজে আসবে, তা অনেকেরই বোধগম্য নয়। 

বর্তমান বিশ্বে পরিসংখ্যান যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বড় বড় সিদ্ধান্ত এই পরিসংখ্যানের ভিত্তিতেই গ্রহণ করা হয়। পরিসংখ্যান আবার অনেকেই নিজের মতো করে ব্যবহার করতে পারেন। এটা যে শুধু আমাদের দেশে ঘটে তেমন নয়, বরং বিশ্বের সর্বত্রই, এমনকি আমেরিকা-কানাডার মতো উন্নত বিশ্বেও একই অবস্থা। যেমন, কাউকে যদি জিজ্ঞাস করা হয়, বিশ্বের সবচেয়ে বৃহৎ অর্থনীতির দেশ কোনটি। এক বাক্যে সবাই বলবেন আমেরিকা। কেননা আমেরিকার অর্থনীতির আকার ত্রিশ ট্রিলিয়ন ডলারের ওপরে। পরিসংখ্যান অন্তত সেটাই বলে এবং এই পরিসংখ্যান ব্যবহার করেই সকলে আমেরিকাকে বিশ্বের সবচেয়ে বৃহৎ অর্থনীতির দেশ বলে। কিন্তু যদি প্রত্যেক দেশের সার্বভৌম বা রাষ্ট্রীয় ঋণের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়, তা হলে দেখা যাবে আমেরিকার অর্থনীতির অবস্থান অনেক উন্নয়নশীল দেশেরও নিচে চলে গেছে, কেননা আমেরিকার রাষ্ট্রীয় ঋণের পরিমাণ চল্লিশ ট্রিলিয়ন ডলারের মতো। 

এতদসত্ত্বেও পরিসংখ্যানই অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের মাপকাঠি। বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে পরিসংখ্যান খুবই গুরুত্বের সঙ্গে ব্যবহার করা হয়। আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক সরাসরি অর্থ নিয়ে কাজ করে, অর্থাৎ মানুষের অর্থ জমা রাখে, অথবা মানুষকে ঋণ দেয়। এ দুটো ক্ষেত্রেই পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম। কেননা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য বিষয় নিয়ে গড় হিসাবের আদলে রেটিং বা স্কোরের মতো কিছু প্যারামিটার নির্ধারণ করা হয়, যা দিয়ে সেই প্রতিষ্ঠানের মান সম্পর্কে ধারণা নেওিয়া হয়। একদিকে ব্যাংক যেমন ঋণগ্রহীতা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে রেটিং করে, অন্যদিকে তেমনি ব্যাংকেরও রেটিং করা হয়। ব্যাংকের রেটিং করার উদ্দেশ্য হচ্ছে সেই ব্যাংক কতটা শক্ত অবস্থানে আছে এবং এখানে অর্থ জমা রাখা বা এই ব্যাংকের সাথে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা কতটা নিরাপদ, সেটি নির্ধারণ করা। অন্যান্য প্রতিষ্ঠান বা ব্যক্তির রেটিং থেকে ব্যাংকের রেটিংয়ের গুরুত্ব অনেক বেশি। এ কারণে ব্যাংকের রেটিং বিভিন্ন পক্ষ থেকে হয়ে থাকে। যেমন, নিয়ন্ত্রক সংস্থা, স্বীকৃত ক্রেডিট রেটিং কোম্পানি, বিভিন্ন পেশাদার সংস্থা, এমনকি ইন্ডাস্ট্রি সংক্রান্ত প্রকাশনা প্রতিষ্ঠান থেকেও ব্যাংকের রেটিং হয়ে থাকে। এর মধ্যে ব্যাংকার ম্যাগাজিনের প্রকাশনা সংস্থা থেকে বিশ্বব্যাপী ব্যাংকের যে রেটিং করা হয়, তা খুবই গুরুত্বপূর্ণ। 

এসব রেটিং এখন পর্যন্ত উন্নত বিশ্বেই হয়ে থাকে। উন্নয়নশীল বিশ্বে রেটিং এখনও সেভাবে শুরু হয়নি। কেননা ব্যাংক রেটিং করতে গেলে কিছু পূর্বশর্ত যেমন পূরণ করতে হয়, তেমনি ব্যাংকিং খাতকে একটি মানসম্পন্ন অবস্থায় উন্নীত হতে হয়। শুধু তাই নয়, বেশ কিছু ইন্ডাস্ট্রি প্র্যাকটিস ইন্ডাস্ট্রির সকল সদস্য ও স্টেকহোল্ডারদের মেনে চলার বাধ্যবাধকতা থাকে। এসব মানসম্পন্ন পদ্ধতি নিশ্চিত করা সম্ভব হয়নি জন্যেই উন্নয়নশীল বিশ্বে ব্যাংক রেটিং করার প্রচলন সেভাবে শুরুই হয়নি। আমাদের দেশের ব্যাংকিং খাতের যে বেহাল অবস্থা সেখানে তো কোনো মানসম্পন্ন ব্যবস্থাই মেনে চলার রীতি নেই। এখানে যে যেভাবে পারে, সেভাবেই ব্যাংক চালায়। এরকম একটি অবস্থায় ব্যাংকের রেটিং করা বা না করার মধ্যে কোনো তফাত নেই। কেননা রেটিং তখন প্রকৃত অবস্থা তুলে ধরতে পারে না, উল্টো একটি ভুল ধারণা দিতে পারে। তারপরও আমাদের দেশে কিছু প্রতিষ্ঠান ব্যাংকের রেটিং করে থাকে। এরকম একটি প্রকাশনা সংস্থা থেকে সম্প্রতি দেশের ৩১টি ব্যাংকের রেটিং সম্পন্ন করেছে এবং সেরা দশটি ব্যাংকও নির্ধারণ করেছে। 

ব্যাংকিং ব্যবসার সুনির্দিষ্ট সাতটি খাত বিবেচনায় নিয়ে এই রেটিং করা হয়েছে, যার মধ্যে আছেÑ ১. সম্পদের বিপরীতে আয়, ২. ইকুইটির বিপরীতে আয়, ৩. খেলাপি ঋণের অনুপাত, ৪. কর-পরবর্তী নিট মুনাফা, ৫. শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য, ৬. মূলধন পর্যাপ্ততার অনুপাত এবং ৭. সঞ্চিতি সংরক্ষণের অনুপাত। এই নির্দিষ্ট সাতটি বিষয়ে মোট ৭০ নম্বরের ভিত্তিতে ব্যাংকগুলোর রেটিং করা হয়েছে। এই বেসরকারি প্রকাশনা প্রতিষ্ঠানের রেটিং অনুযায়ী যে ব্যাংকটি সবচেয়ে সেরা হয়েছে, তাদের স্কোর ৫০.৭৪। পক্ষান্তরে যে ব্যাংকটি সবচেয়ে খারাপ করেছে, সেটির স্কোর হচ্ছে ০.৯৩। আর যে দশটি ব্যাংককে সেরা ব্যাংকের মর্যাদা দেওয়া হয়েছে, তাদের স্কোর ২৯.৭৫ থেকে ৫০.৭৪। আপাতদৃষ্টিতে খুবই ভালো উদ্যোগ, কিন্তু কতটা বাস্তবভিত্তিক, সেটাই দেখার বিষয়। 

এখন প্রশ্ন হচ্ছে, এই রেটিং দেশের ব্যাংকগুলোর প্রকৃত অবস্থা সম্পর্কে ধারণা দেয় কি না। আমার বিশ্লেষণ বলে মোটেই তা নয়। কেননা এই রেটিং নির্ণয় করার ক্ষেত্রে মুনাফাসর্বস্ব বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। সাতটি প্যারামিটারের মধ্যে চারটিই মুনাফার সাথে সরাসরি সম্পৃক্ত। স্থিতি সংরক্ষণের যে বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে, সেটিও মূলত মুনাফার সাথে জড়িত। যেনতেন প্রকারে মুনাফা অর্জন করতে পারলেই একটি ব্যাংক ভালো রেটিং পেয়ে যাবে। যেমন, বিগত বছরগুলোতে কয়েকটি ব্যাংক ঝুঁকিমুক্ত বিনিয়োগ ব্যবস্থা, ট্রেজারি বন্ডে পর্যাপ্ত বিনিয়োগ করে ভালো মুনাফা অর্জন করেছে এবং সেই ব্যাংকগুলোই ভালো রেটিং পেয়ে থাকবে। অথচ ব্যাংকের এই ধরনের বিনিয়োগ মৌলিক ব্যাংকিং কার্যক্রমের পর্যায়ে পড়ে না এবং অর্থনীতিতেও তেমন কোনো অবদান রাখে না, কিন্তু সেরা ব্যাংকের মর্যাদা পেয়ে যায়। পক্ষান্তরে একটি ব্যাংক যথাযথ ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে ঋণ প্রদান করতে পারে, কিছু ঝুঁকি গ্রহণ করে, কিছু ক্ষতি মেনে নেয় এবং মুনাফাও অর্জন করে, যদিও মুনাফার পরিমাণ কম। দেখা যাবে রেটিং অনুযায়ী এই ব্যাংক সেরা হতে পারবে না, যদিও এই ব্যাংক মৌলিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে এবং অর্থনীতিতেও অবদান রাখে। 

যেভাবে ব্যাংকের রেটিং করা হয়েছে, তাতে ব্যাংকের প্রকৃত অবস্থা প্রকাশ পায় না। সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন দেশের ব্যাংকিং খাত পুরোটাই সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে থাকে, তখন কেন্দ্রীয় ব্যাংক ব্যতীত অন্য কাউকে এভাবে ব্যাংকের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানকে রেটিং করতে দেওয়া ঠিক কি না। কেননা এতে দেশের আর্থিক খাতে ভুল বার্তা যেতে পারে এবং এর ফলে অনেক ব্যাংক আরও সমস্যায় পড়তে পারে, যার কারণে পুরো আর্থিক খাত ক্ষতিগ্রস্ত হতে পারে। এই রেটিং করার কারণে যদি মানুষ খারাপ রেটিং পাওয়া ব্যাংকগুলো থেকে নির্বিচারে অর্থ উত্তোলন করে ভালো রেটিং পাওয়া ব্যাংকে জমা করতে শুরু করে, তা হলে সমগ্র ব্যাংকিং খাতে কি ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে, তা কি যারা রেটিং করেছে, তারা একবারও ভেবে দেখেছেন। 

অবশ্য এর অর্থ এই নয় যে, দেশের ব্যাংকগুলোর রেটিং করার প্রয়োজন নেই বা ব্যাংকের রেটিং উৎসাহিত করা হবে না। অবশ্যই ব্যাংকের রেটিং করা উচিত। তবে তার আগে ব্যাংকিং খাতের সমস্যাগুলোর সমাধান করে, একে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে হবে। এই খাতে ইন্ডাস্ট্রি প্র্যাকটিস নির্ধারণ করে প্রত্যেকটি ব্যাংককে সেগুলো মেনে চলতে বাধ্য করতে হবে। ব্যাংকে সুশাসন নিশ্চিত করা, ব্যাংকিং ব্যবস্থাকে সম্পূর্ণ প্রযুক্তি-নির্ভর করে পরিপূর্ণ ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করা প্রয়োজন। শুধু তাই নয়, রেটিং প্যারামিটারও গতানুগতিক ধারার পরিবর্তে বিস্তৃত পরিসরে আরও আধুনিক করে নিতে হবে। যেমন, সুশাসনের বিষয়, প্রযুক্তির ব্যবহার, স্বয়ংক্রিয় পদ্ধতির অনুসরণ, নতুন সেবার প্রচলন, পেশাগত ব্যাংকারদের ভূমিকা, কমপ্লায়েন্সের মান, আন্তর্জাতিক অঙ্গনের ব্যাংকের সাথে ব্যবসায়িক সম্পর্কের মতো বিষয়গুলোকে রেটিং করার মাপকাঠি হিসেবে বিবেচনায় নিতে হবে। সরাসরি নম্বরের পরিবর্তে ওয়েটেড পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন। এসব বিষয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের উচিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান রেটিং করার একটি নীতিমালা প্রণয়ন করা, যা অনুসরণ করে ব্যাংকের রেটিং করা হবে। সম্ভব হলে যারা রেটিং করবে, তাদেরও বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন নেওয়ার বিধান থাকা প্রয়োজন। যে যেমন খুশি তেমন করে এবং যখন ইচ্ছা তখনই ব্যাংকের রেটিং করবে, এমনটা হওয়া উচিত নয়। 


লেখক: সার্টিফায়েড অ্যান্টি-মানি লন্ডারিং স্পেশালিস্ট ও ব্যাংকার, টরন্টো, কানাডা

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা