মুহাম্মাদ মুস্তফা জামান
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ১০:৫০ এএম
গ্রাফিক্স: এআই
মহান স্রষ্টা, সর্বজ্ঞ আল্লাহ তায়ালার প্রতিটি বিধানই বিশ্বজাহানের সুনিপুণতম নকশার অংশ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র সুন্নাহ কেবল কোনো ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়; বরং মানবজীবনের জন্য এক পরম বৈজ্ঞানিক আশীর্বাদ ও নিয়ামত। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে: ‘তিনিই প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।’ - সূরা আল-আনআম : ৭৩।
আজ আধুনিক বিজ্ঞান যেসব বিষয় আবিষ্কার করছে, সুন্নাহর আলো বহু পূর্বেই সেসব বিষয়ে আমাদের পথনির্দেশ করেছে। সুন্নাহর বিভিন্ন দিকের প্রতি দৃষ্টি দিলে এর মধ্যে মানবজীবনের কল্যাণ ও সুস্থতার অসাধারণ দিকগুলো লক্ষ করা যায়।
১. ডান পাশে শুয়ে ঘুমানো: একটি স্বাস্থ্যকর পদ্ধতি। রাসুলুল্লাহ (সা.) ডান কাতে শোয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন , ‘যখন তুমি বিছানায় যাবে, তখন সালাতের অজুর মতো অজু করবে; তারপর ডান কাতে শুয়ে পড়বে।’(সহিহ বুখারি)। ডান কাতে শোয়ার ফলে শরীরের স্বাভাবিক অবস্থান বজায় থাকে এবং ঘুমের সময় শরীরকে আরামদায়ক অবস্থায় রাখা সম্ভব হয়। পরিপাকতন্ত্র ও রক্তসঞ্চালনের ক্ষেত্রেও এ অবস্থানের বিভিন্ন উপকারিতার কথা আলোচিত হয়েছে।
২. বসে ও কয়েকবারে পানি পান: রাসুলুল্লাহ (সা.) পানি পানের ক্ষেত্রে পরিমিতি ও শৃঙ্খলা শিক্ষা দিয়েছেন। তিনি এক নিঃশ্বাসে পানি পান না করে কয়েকবারে পানি পান করতে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন : ‘তোমরা উটের মতো এক নিঃশ্বাসে পানি পান করো না; বরং দুই বা তিনবারে পান করো।’( তিরমিজি)। বিজ্ঞান বলে- বসে পানি পান করা এবং ধীরে ধীরে পানি পান করা শরীরের জন্য আরামদায়ক। এতে পানি গ্রহণের ক্ষেত্রে পরিমিতি ও সচেতনতা বজায় থাকে। রাসুলুল্লাহ (সা.) পানির ভেতর শ্বাস ফেলা বা ফুঁ দেওয়াও নিষেধ করেছেন। এ নির্দেশনা পানীয় গ্রহণের ক্ষেত্রে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি রক্ষার গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে।
৩. মিসওয়াকের মহিমা: আধুনিক দন্তবিজ্ঞান মুখ ও দাঁতের সুস্থতার জন্য নিয়মিত দাঁত পরিষ্কার করার ওপর গুরুত্ব দেয়। অথচ রাসুলুল্লাহ (সা.) প্রায় চৌদ্দশ বছর আগেই মিসওয়াকের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। মিসওয়াক দাঁত ও মুখের পরিচ্ছন্নতা বজায় রাখতে সহায়ক এবং মুখের ক্ষতিকর জীবাণু নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে। ফলে মিসওয়াক শুধু একটি সুন্নাহই নয়; বরং পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
৪. অজু ও মানসিক প্রশান্তি: অজু ও সঠিক নিয়মে ঘুমানোÑ রাসুলুল্লাহ (সা.) এই দুই সুন্নাহ মানুষের শারীরিক পরিচ্ছন্নতা, সতেজতা ও মানসিক প্রশান্তির জন্য এক অপূর্ব উপহার। আল্লাহ তায়ালা মহাগ্রন্থ আল কুরআনে ইরশাদ করেন : ‘নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরও ভালোবাসেন।’ (সূরা আল-বাকারা : ২২২)
মহানবী (সাল্লা.) বলেছেন: ‘যে ব্যক্তি উত্তমরূপে অজু করে, তার শরীর থেকে তার গুনাহগুলো ঝরে যায়; এমনকি তার নখের নিচ থেকেও।’ (সহিহ মুসলিম)। দিনে পাঁচবার অজু করার মাধ্যমে শরীর পরিচ্ছন্ন ও সতেজ থাকে। একই সঙ্গে অজুর মাধ্যমে বারবার মুখমণ্ডল, হাত-পা ধোয়ার অভ্যাস মানুষের মধ্যে পরিচ্ছন্নতা ও প্রশান্তির অনুভূতি সৃষ্টি করে।
৫. পরিমিত আহার: পাকস্থলীর এক-তৃতীয়াংশ খাদ্য, এক-তৃতীয়াংশ পানি এবং এক-তৃতীয়াংশ খালি রাখার শিক্ষা সুস্থ ও পরিমিত জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ দিক। রাসুলুল্লাহ (সা.) বলেছেন : ‘মানুষ তার পেটের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করে না। আদমসন্তানের জন্য কয়েকটি লোকমাই যথেষ্ট, যা তার পিঠ সোজা রাখে। তবে যদি তা করতেই হয়, তাহলে এক-তৃতীয়াংশ খাবারের জন্য, এক-তৃতীয়াংশ পানীয়ের জন্য এবং এক-তৃতীয়াংশ শ্বাস-প্রশ্বাসের জন্য।’ খাওয়ার আগে ও পরে হাত ধোয়া পরিচ্ছন্নতার গুরুত্বপূর্ণ শিক্ষা। রাসুলুল্লাহ (সা.) ডান হাতে খাবার গ্রহণের নির্দেশ দিয়েছেন। এসব সুন্নাহ খাদ্যগ্রহণের ক্ষেত্রে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও সচেতনতার শিক্ষা দেয়।
৬. ইসলামী রোজা ও আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অটোফ্যাজি: ইসলামী রোজা এবং আধুনিক চিকিৎসাবিজ্ঞানে আলোচিত অটোফ্যাজি প্রক্রিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে গবেষণা হয়েছে। রোজা কেবল আত্মশুদ্ধি ও মহান আল্লাহর আনুগত্যের মাধ্যম নয়; বরং এর মধ্যে মানুষের শারীরিক ও মানসিক কল্যাণের বিভিন্ন দিকও রয়েছে। মহাগ্রন্থ আল-কুরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন : ‘আর তোমরা যদি রোজা রাখো, তবে তা তোমাদের জন্য কল্যাণকরÑ যদি তোমরা জানতে।’ ( সুরা আল-বাকারা : ১৮৪)। রোজা সম্পর্কে একটি বর্ণনায় এসেছে : ‘তোমরা রোজা রাখো, সুস্থ থাকবে।’-(মুসনাদে আহমাদ)। আধুনিক বিজ্ঞান রোজা ও শরীরের বিপাকীয় পরিবর্তন নিয়ে গবেষণা করছে। ফলে ইসলামের এই গুরুত্বপূর্ণ ইবাদতের শারীরিক কল্যাণের বিভিন্ন দিকও মানুষের সামনে নতুনভাবে উন্মোচিত হচ্ছে।
৭. দাড়ির সুন্নাহ ও ত্বকবিজ্ঞান: রাসুলুল্লাহ (সা.) দাড়ি রাখার নির্দেশ দিয়েছেন। দাড়ি রাখা ইসলামের গুরুত্বপূর্ণ বাহ্যিক সুন্নাহগুলোর একটি। আধুনিক ত্বকবিজ্ঞানের আলোচনায় মুখের লোম ত্বককে সূর্যের অতিবেগুনি রশ্মির সরাসরি সংস্পর্শ থেকে কিছুটা সুরক্ষা দিতে পারে বলে উল্লেখ করা হয়। এ দিক থেকেও দাড়ির মধ্যে ত্বকের জন্য কিছু উপকারিতা থাকার কথা আলোচিত হয়েছে।
৮. সালাতের অন্যতম শ্রেষ্ঠ অংশ সিজদা। বাহ্যিকভাবে সিজদা হলো মহান স্রষ্টার সামনে বান্দার পরম আনুগত্য, বিনয় ও আত্মসমর্পণের প্রকাশ। তবে এর মধ্যে শারীরিক ও মানসিক প্রশান্তির বিভিন্ন দিকও রয়েছে। পবিত্র আল-কুরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেন : ‘কখনোই নয়, আপনি তার আনুগত্য করবেন না; বরং সিজদা করুন এবং নৈকট্য লাভ করুন।’-(সূরা আল-আলাক : ১৯)। রাসুলুল্লাহ (সা.) বলেছেন : ‘বান্দা তার প্রতিপালকের সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সিজদারত থাকে। সুতরাং তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো।’( সহিহ মুসলিম)।
সিজদার বিভিন্ন শারীরিক ভঙ্গিমা শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের ওপর প্রভাব ফেলে। সিজদার সময় শরীরের নির্দিষ্ট অংশ মাটির সংস্পর্শে আসে এবং শরীর একটি বিশেষ ভারসাম্যপূর্ণ অবস্থানে থাকে। এর ফলে শরীরের নমনীয়তা, পেশির সক্রিয়তা এবং মানসিক প্রশান্তির ক্ষেত্রে উপকার পাওয়া যেতে পারে। তবে ইসলামে সিজদার মূল উদ্দেশ্য হলো মহান আল্লাহর ইবাদত, আনুগত্য ও তাঁর নৈকট্য লাভ। এর শারীরিক উপকারিতা হলো আল্লাহ তায়ালার পক্ষ থেকে বান্দার জন্য অতিরিক্ত কল্যাণ ও নিয়ামত।
মহাগ্রন্থ আল-কুরআনে ঘোষণা করা হয়েছে : ‘রাসুল তোমাদের যা দেন, তা গ্রহণ করো এবং যা থেকে তিনি তোমাদের নিষেধ করেন, তা থেকে বিরত থাকো।’ (সূরা আল-হাশর : ৭)। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : ‘যে আমার সুন্নাহকে ভালোবাসল, সে যেন আমাকেই ভালোবাসল।’(তিরমিজি)।
ইসলামের নির্দেশিত সুন্নাহর মধ্যেই রয়েছে মানবদেহের সুস্থতা, পরিচ্ছন্নতা এবং আত্মার প্রশান্তির অসংখ্য শিক্ষা। বিজ্ঞান যতই অগ্রসর হচ্ছে, সুন্নাহর বিভিন্ন নির্দেশনার মধ্যে নিহিত কল্যাণের দিকগুলোও ততই মানুষের সামনে উন্মোচিত হচ্ছে।
ইসলামের প্রতিটি বিধানই মানবকল্যাণের ওপর প্রতিষ্ঠিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ অনুসরণের মাধ্যমে আমরা একদিকে যেমন আল্লাহর সন্তুষ্টি ও সওয়াব অর্জন করতে পারি, অন্যদিকে তেমনি লাভ করতে পারি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও প্রশান্ত জীবন।
সুন্নাহ তাই শুধু অনুসরণের বিষয় নয়; এটি ঈমান, ইবাদত, চরিত্র, পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও মানবকল্যাণের এক পূর্ণাঙ্গ জীবনপদ্ধতি।
লেখক: পেশ ইমাম, বনানী মসজিদ আত-তাক্বওয়া