× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌন্দর্যের লীলাভূমি কিশোরগঞ্জের হাওরাঞ্চল

মো. শরীফুল ইসলাম

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ১০:৪৪ এএম

কিশোরগঞ্জের হাওরাঞ্চল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের হাওরাঞ্চল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কিশোরগঞ্জের বিস্তীর্ণ হাওরাঞ্চল। হাওরের নাম শুনলেই প্রকৃতিপ্রেমীদের ভ্রমণে যেতে মন আনন্দে-উল্লাসে মেতে ওঠে। চোখের সামনে ভেসে ওঠে হাওরের বিশাল জলরাশি। হাওরের বুকে ভাসমান নৌকাগুলো দেখলে মনে হয় এ যেন নীল জলরাশির বুকে এক স্বর্গরাজ্য। 

বিশেষত কিশোরগঞ্জের হাওরাঞ্চলের মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখলেই নিজেকে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে পড়ে। বাংলাদেশের সরকারি হিসাব অনুযায়ী মোট ৩৭৩টি হাওর আছে। এগুলোর মধ্যে কিশোরগঞ্জ জেলায় ৯৭টি হাওর রয়েছে। বাংলাদেশের হাওরাঞ্চলের মধ্যে কিশোরগঞ্জ জেলাকে প্রবেশদ্বার বলা হয়।

এ ছাড়াও দেশের সবচেয়ে নিচু জেলা হিসেবেও পরিচিত। কখনও কি ভেবে দেখেছেন, এই অপরূপ সৌন্দর্য কি তারা স্বস্তিতে উপভোগ করতে পারে? কীভাবে শুরু হয় তাদের দৈনন্দিন জীবনের পথচলা? সারাটা দিনই বা কেমন কাটে হাওর অঞ্চলের মানুষের বেড়ে ওঠা?

হাওরের এই প্রাকৃতিক বিস্ময়কর দৃশ্য কি তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে? ধারণা করা হয় ‘হাওর’ শব্দটি সংস্কৃত ‘সাগর’ শব্দ থেকে বিবর্তিত হয়েছে।

ভাষাবিদদের মতে, সাগর থেকে সায়র, সায়র থেকে হাওরÑ এই ভাষাগত বিবর্তনের মাধ্যমে ‘হাওর’ শব্দের উৎপত্তি হয়েছে। সাধারণত বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়Ñ যার ফলে স্বাভাবিকভাবেই বৃষ্টির জমে থাকা বিশাল জলরাশিকে দেখতে অনেকটাই সাগরের মতো মনে হওয়ায় গ্ৰামাঞ্চলে একে সাগর নামে ডাকতেন, যা আজ কালের আবর্তনে হাওর নামে পরিচিতি লাভ করেছে।

বর্ষা মৌসুমে প্রতিবছর দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটক ছুটে আসে হাওরে প্রকৃতির সান্নিধ্যে কিছু মুহূর্ত উপভোগ করার জন্য। অথচ হাওর অঞ্চলের মানুষের জীবন বৈচিত্র্যময়! প্রতিবছর প্রায় অর্ধেক সময় পানিতে আবদ্ধ থাকে এবং বাকি সময়টা থাকে শুষ্ক। বর্ষা মৌসুমের পরেই পানি সম্পূর্ণ রূপে শুকিয়ে যায়।

তারপর শুরু হয় বোরো মৌসুমে হাওরের কৃষকের ধান চাষের উপযুক্ত সময়। সাধারণত আমাদের দেশের মাটি খুবই উর্বরÑ যার ফলে কৃষিকাজে তুলনামূলক কষ্ট কম হয়। পরবর্তীতে বীজতলা থেকে চারা তুলে নরম কাদামাটিতে রোপণ করেন গ্ৰামের কৃষক। সাধারণত গ্রীষ্মকালে শুরু হয় কৃষকের সোনালি ধান ঘরে তোলার আপ্রাণ চেষ্টা। 

ধান কাটা, মাড়াই-ঝাড়াই, ধান সিদ্ধ করা, শুকানো ও সংরক্ষণ করার কাজে সবাই ব্যস্ত থাকেন। বর্ষাকালে উজানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে নদীর পানি কানায়-কানায় পরিপূর্ণ হয়ে যায়। নদীগুলো প্রতিবছর বৃষ্টির পানির সাথে প্রচুর পরিমাণে পলিমাটি বয়ে আনে এবং নদীর তলদেশে জমা হয়। যার ফলে নদীর পানি সহজে চলাচল করতে পারে না এবং পলিমাটি জমতে-জমতে একসময় নদীর তলদেশ ভরাট হয়ে যায়। ফলস্বরূপ নদীর পানি উপচে পড়ে ভয়াবহ বন্যা সৃষ্টি করে। হাওরে কৃষকের সোনালি ধান আগাম বন্যায় তলিয়ে যায়। কৃষকের মুখে হাসি নেই, হতাশা ও কষ্টে তারা জীবনযাপন করছে।

অনেকে অন্যের জমি বর্গা এবং টাকা ঋণ নিয়ে প্রতিবছর চাষাবাদ করে থাকে। সাধারণ কৃষক তার শেষ সম্বলটুকু হারিয়ে একদম নিঃস্ব হয়ে যাচ্ছে প্রতিনিয়ত‌। সাধারণ মানুষ জীবিকার তাগিদে গ্ৰাম ছেড়ে শহরে পাড়ি দিচ্ছে। সাধারণ মানুষ শুধু গৃহহীন নয় বরং তাদের জীবন-জীবিকা হুমকির সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত।

হাওর অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য মনমাতানো হলেও মানুষের জীবন খুবই কষ্টদায়ক ও বেশ ঝুঁকিপূর্ণ। একেক সময় হাওরে ভিন্ন রূপ ধারণ করে ফলে বৈরী আবহাওয়ার কারণে তাদের বিভিন্ন সংকটের সম্মুখীন হতে হয়। সাধারণত বর্ষাকালে রাস্তাঘাট পানিতে ডুবে যায়। বাংলায় একটি জনশ্রুতি আছে, বর্ষায় নাও শুকনায় পাও অর্থাৎ বর্ষাকালে নৌকা ছাড়া চলাচল করার উপায় নেই আর শুকনো মৌসুমে হেঁটে যেতে হয়Ñ যার ফলে নৌকা ছাড়া যাতায়াত অসম্ভব হয়ে পড়ে। হাওর অঞ্চলের মানুষের মধ্যে অনেকেই গবাদিপশু পালন করে।

প্রতিবছর গবাদিপশু বিক্রি করে দৈনন্দিন জীবনের চাহিদা পূরণ করে থাকে। বিশেষ করে বর্ষা মৌসুমে প্রতিনিয়ত গবাদিপশু চুরি করে নিয়ে যায় একশ্রেণির ডাকাত। মুহূর্তের মধ্যেই তারা পালিয়ে যায়। চারদিকে বিশাল জলরাশি থাকার কারণে অনেক সময় ডাকাতদের ধরা প্রায় অসম্ভব হয়ে পড়ে।

বর্তমান বিশ্ব যখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, তখনও হাওরাঞ্চলের মানুষ সেই আদিমকালেই পড়ে আছে। শহরাঞ্চলের মানুষ যখন ৪-জি ও ৫-জি ইন্টারনেট ব্যবহার করে তখন হাওরাঞ্চলের মানুষের নেটওয়ার্ক যেন খুঁজে পাওয়া দুষ্কর। প্রায় সময় হাওরাঞ্চলে গাছের মগডালে উঠেও নেটওয়ার্ক পাওয়া যায় না।

আমাদের দেশের অধিকাংশ কৃষক নিরক্ষর ও দরিদ্র পরিবার থেকে বেড়ে ওঠে। হাওরাঞ্চলের কৃষকের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব রয়েছে। পর্যাপ্ত জ্ঞান বা প্রশিক্ষণের অভাবে ফসলের জমিতে কৃষক প্রায় সময় অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে থাকেÑ যার ফলে অনেক সময় হাওরের মিঠাপানিতে বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ মারা যায়। এতে পরিবেশের ভয়াবহ মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত।

এ ছাড়াও প্রতিবছর হাওরের নিম্নচাপের ফলে বাতাসে সৃষ্ট ঢেউয়ের ধাক্কায় বসতভিটা ভেঙে পড়ে, যা টেকসইভাবে সংস্কার করতে প্রতিবছর হাওরবাসীকে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। হাওর আমাদের দেশের জন্য প্রাকৃতিক সম্পদ। হাওর থেকে মাছ আহরণ করে অসংখ্য জেলেরা প্রতিনিয়ত জীবিকা নির্বাহ করে থাকে। 

বর্তমানে উন্মুক্ত নদী-নালা, খাল-বিলের ওপর একশ্রেণির মানুষ আধিপত্য বিস্তার করছে। সরকারের কাছ থেকে নামমাত্র মূল্যে ইজারা নিয়ে জেলেদেরকে বঞ্চিত করছেÑ যার ফলে অনেক জেলে পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।

হাওরাঞ্চলের আরেকটি অন্যতম সংকট হচ্ছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ হয় না। বিশেষ করে গরমের সময়ে বিদ্যুৎ দৈনিক ২-৩ ঘণ্টা পাওয়া যায়। এর ফলে হাওরবাসীর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে হাওরের বিভিন্ন অর্থনৈতিক খাত প্রতিনিয়ত ক্ষতির সম্মুখীন হচ্ছে। 

বন্যা নিয়ন্ত্রণ করার জন্য হাওরাঞ্চলকে বাঁচাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। এ ছাড়াও উঁচু স্থানে চিকিৎসাকেন্দ্র, আশ্রয় প্রকল্প ও শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করা প্রয়োজন। দুর্গম শিক্ষাপ্রতিষ্ঠানে আবাসিক সুবিধা চালু করতে হবে। স্বাস্থ্য ও শিক্ষাকে সহজলভ্য করতে হবে। এজন্য হাওর অঞ্চলের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মানসম্মত আধুনিক শিক্ষা নিশ্চিত করতে হবে। চিকিৎসাকেন্দ্রে পর্যাপ্ত মানসম্মত ডাক্তার, ওষুধ ও আধুনিক সরঞ্জাম থাকতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষক, লাইব্রেরি, ল্যাব ও উপযুক্ত খেলার মাঠ থাকতে হবে। হাওরাঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছে দিতে হবে। এজন্য হাওরে পর্যাপ্ত টাওয়ার নির্মাণ করতে হবে এবং একই সাথে নিয়মিত মেরামত ও রক্ষণাবেক্ষণ করতে হবে। ডিজিটাল মোবাইল ব্যাংকিং ও ই-কমার্স সেবা নিশ্চিত করতে হবে।


লেখক: ফ্রিল্যান্সার

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা