× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সতর্ক হতে হবে এখনই

সম্পাদকীয়

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ১০:০৪ এএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৬ ১০:৪৩ এএম

ছবি: এআই দিয়ে তৈরি

ছবি: এআই দিয়ে তৈরি

কখনও কখনও সরকারের গৃহীত পদক্ষেপের প্রতিক্রিয়া বিরূপ পরিস্থিতির উদ্ভব ঘটায়। সরকার ইতিবাচক পরিবর্তনের উদ্দেশ্যে সিদ্ধান্ত নিলেও অনেক সময় তা নানা ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে। আমাদের মতো অর্থনৈতিক টানাপড়েনের দেশে তাই সরকারের সিদ্ধান্ত বা পদক্ষেপ হওয়া উচিত অনেক ভেবেচিন্তে, সমূহ বা ভবিষ্যতে তার প্রতিক্রিয়ার কথা মাথায় রেখে।

বুধবার প্রতিদিনের বাংলাদেশ-এ ‘মধ্যবিত্তের ক্রয় ক্ষমতা কমছে’ শীর্ষক প্রতিবেদনে যে তথ্য তুলে ধরা হয়েছে, তাতে এটা অনুমান করা যায়, রিজার্ভ মানি বৃদ্ধির লক্ষ্যে সরকার যে পদক্ষেপ নিয়েছে তা অনেকটাই অপরিণামদর্শী।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের রিজার্ভ মানি বৃদ্ধির পরিকল্পনা অনুযায়ী বাজারে অর্থের জোগান বৃদ্ধি পেয়েছে ঠিকই, তবে তা সার্বিক মূল্যস্ফীতির ওপর বিরূপ প্রভাব ফেলছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুনে রিজার্ভ মানির প্রবৃদ্ধি ছিল ঋণাত্মক শূন্য দশমিক ১২ শতাংশ। ১৪ মাস পরে চলতি বছরের আগস্ট মাসে সে প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ১৭ দশমিক ৮৬ শতাংশে। রিজার্ভ মানির প্রবৃদ্ধির এই উল্লম্ফন দেশের অর্থবাজারে নতুন সমস্যার সৃষ্টি করেছে।

যদিও রিজার্ভ মানি বৃদ্ধির পেছনে সরকারের উদ্দেশ্য ছিল বাণিজ্যিক ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের তারল্য সহায়তা প্রদান, কম সুদে অর্থ দেওয়ার ব্যবস্থা, কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারকে ঋণ দেওয়া। এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক বিনিময় হার স্থিতিশীল রাখতে খোলা বাজারে ডলার ক্রয় করায় বাজারে অর্থের জোগান বেড়ে গেছে। 

বাজারে অর্থের জোগান বেশি হলে তা নানারকম প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয় নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ। বাজারে অতিরিক্ত টাকার জোগানের অবশ্যম্ভাবী প্রতিক্রিয়ায় নিত্যপণ্যের মূল্য বেড়ে যায়। কিন্তু সে হারে যাদের আয় বৃদ্ধি না পায়, তারা পড়েন বিপাকে। প্রতিবেদনেই বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে তখন তারা খাবার তথা নিত্যপণ্য ক্রয় কমিয়ে দিতে বাধ্য হন। এক পরিসংখ্যানে বলা হয়েছে, দেশে বর্তমানে মূল্যস্ফীতি ৮ শতাংশের ওপরে। এ হার একটি দেশের সার্বিক বাজার পরিস্থিতির জন্য সন্তোষজনক নয়। মূল্যস্ফীতির এ চাপের পুরোটাই বহন করতে হবে সাধারণ মানুষকে, যাদের আয়-রোজগার এতটুকু বাড়েনি। 


সমস্যা আরও আছে। রিজার্ভ মানি বাড়লেও বাণিজ্যিক ব্যাংকগুলোর বেসরকারি খাতে ঋণদান কার্যক্রমে তেমন অগ্রগতি নেই। ফলে ব্যাংকগুলোতে অলস অর্থের পাহাড় জমে উঠছে। শিল্পায়ন ও বাণিজ্যিক খাতে ব্যাংকঋণের প্রবাহ বৃদ্ধি না পেলে অর্থনীতিতে গতি সঞ্চার হয় না। এর নানামুখী নেতিবাচক প্রতিক্রিয়া পুরো অর্থনীতি ও সামাজিক পরিস্থিতির ওপর পড়ে। এর ফলে নতুন শিল্পায়ন বন্ধ থাকে, কর্মসংস্থানেরও সুযোগ বৃদ্ধি পায় না। ফলে বেকারত্বের মিছিল বাড়ে ক্রমশ। এটা সত্যি যে, উত্তরাধিকার সূত্রে বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করেছে। তারা পার করেছে মাত্র ৭ মাস সময়।

এ স্বল্প সময়ের মধ্যে নড়বড়ে সে অর্থনীতিকে সুউচ্চ স্তম্ভে পরিণত করা সম্ভবÑ এমন কথা কেউ বলবে না। তবে সংকট যাতে আরও ঘনীভূত না হয় সেজন্য সতর্কতামূলক পদক্ষেপ নেওয়াই বাঞ্ছনীয়। অবশ্য অভিজ্ঞমহল কিছু কিছু ক্ষেত্রে সরকারের গৃহীত পদক্ষেপসমূহে অবিমৃশ্যকারিতার ছাপ লক্ষ করছেন। দেশ যখন জ্বালনিসহ নানা সংকটের আবর্তে, তখন অগ্রপশ্চাৎ বিবেচনা না করে একের পর এক বিদেশি কোম্পানির কাছ থেকে উচ্চমূল্যের বোয়িং উড়োজাহাজ ক্রয়ের সিদ্ধান্তকে অপরিণামদর্শী বলাটা অযৌক্তিক হবে বলে মনে হয় না। এ মুহূর্তে যেখানে দেশের অর্থনীতি ভূমিস্থিত অবস্থায় রয়েছে, সেখানে সুউচ্চমূল্যে আকাশযান ক্রয়ের সিদ্ধান্তকে সুবিবেচনাপ্রসূত বলা যায় না। তার চেয়ে বিদ্যমান সমস্যা সমাধানে অধিকতর মনোযোগী হওয়া বাঞ্ছনীয় বলে মনে করছেন অভিজ্ঞমহল। 

মূল্যস্ফীতির মূল চাপ পড়ে সাধারণ মানুষের ওপর। সে চাপ তারা যাতে মোকাবিলা করতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের কোনো বিকল্প নেই। দেশের বেকার সমস্যা হ্রাস করে মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা এ মুহূর্তে অত্যন্ত জরুরি। তা না করে যদি জাতীয় অগ্রগতির শো-অফ করার নিমিত্তে ভুল পরিকল্পনা ও সিদ্ধান্ত নেওয়া হয়, তা হলে এর মাশুল সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও দিতে হবে। আমরা মনে করি, রিজার্ভ মানি বৃদ্ধির পাশাপাশি মূল্যস্ফীতি বৃদ্ধি রোধ করে বাজার পরিস্থিতি সামাল দেওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া দরকার, এবং তা এখুনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা