× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রবীণ দিবসের ভাবনা

ফেরদৌস আরা মিনু

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ০৯:২৯ এএম

ফেরদৌস আরা মিনু। অলংকরণ: প্রতিদিনের বাংলাদেশ

ফেরদৌস আরা মিনু। অলংকরণ: প্রতিদিনের বাংলাদেশ

আজ পহেলা অক্টোবর। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক প্রবীণ দিবস। ১৯৯০ সাল থেকে এই দিনটি আন্তর্জাতিক প্রবীণ দিবস হিসেবে বিশ্বব্যাপী উদযাপিত হয়ে আসছে। দিনটি উদযপনের মূল লক্ষ্য, প্রবীণদের অধিকার সম্পর্কে সমাজে সচেতনতা বৃদ্ধি এবং তাদের সম্মান ও মর্যাদা সুরক্ষায় সমাজ, সংসার ও রাষ্ট্রের দৃষ্টিভঙ্গির কাঠামোগত পরিবর্তনে কাজ করা। 

বর্তমানে বাংলাদেশসহ সারা বিশ্বে প্রবীণ জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া, মানুষের গড় আয়ু বৃদ্ধির ফলে সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও বড় ধরনের চ্যালেঞ্জ দেখা দিয়েছে। এখনই সময় এ ব্যাপারে যথোপযুক্ত কর্মপরিকল্পনা গ্রহণ করে প্রবীণশক্তিকে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া। প্রবীণ মানুষরা সমাজে আর বোঝা হয়ে থাকতে চায় না। তারা কর্মীর হাতে পরিণত হতে চায়। 

বর্তমানে বাংলাদেশে প্রবীণ নাগরিক মোট জনসংখ্যার প্রায় সাড়ে ৯ শতাংশ। ৬০ বছরের অধিক মোট জনগোষ্ঠীকে প্রবীণ নাগরিক বলা হয়। বর্তমানে বাংলাদেশে প্রায় ১ কোটি ৭১ লাখ প্রবীণ নাগরিক রয়েছেন। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী প্রবীণ নাগরিকের সংখ্যা প্রায় ১ কোটি ৫৩ লাখ। এই সংখ্যা ক্রমবর্ধমান। এর মধ্যে অর্ধেকের বেশি প্রবীণ নারী।

জনশুমারি অনুযায়ী ২০৫০ সালে জনসংখ্যার প্রতি ৫ জনের ১ জন হবেন প্রবীণ। ডেমোগ্রাফিক ডেটা বিশ্লেষণ করে দেখা যায়, বাংলাদেশে মোট প্রবীণ পুরুষের চেয়ে প্রবীণ নারীর সংখ্যা অধিক। বর্তমানে বাংলাদেশের মানুষ সংক্রামক ব্যাধির কবলে না পড়লে মোটামুটি ৭০-৭২ বছর অনায়াসে আয়ু লাভ করেন। দেশে শতায়ুও রয়েছেন অনেক। জাপানে বর্তমানে শতায়ুর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও উন্নত স্বাস্থ্যসেবার কারণেই এটা সম্ভব হয়েছে। 

সারা পৃথিবীতে মানুষের গড় আয়ু বৃদ্ধির বিষয়টিকে গুরুত্ব দিয়ে ২০২৬-এ প্রবীণ দিবসের মূল প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘The age of longevity, re-thinking systems for longer lives.’ অর্থাৎ এ বছর গড় আয়ু বৃদ্ধির বছর, দীর্ঘ জীবন সুসংহত করতে প্রয়োজনীয় প্রক্রিয়ার অনুসরণ। এই প্রক্রিয়াগুলোর অন্যতম হচ্ছে সহজলভ্য স্বাস্থ্যসেবা, সরকারি হাসপাতাল, ব্যাংক ইত্যাদিতে অগ্রাধিকার সেবা, আর্থিক, বাসস্থান এবং সুষম খাদ্য নিরাপত্তার নিশ্চয়তা এবং সুলভে যাতায়াত ব্যবস্থা নিশ্চিতকরণ।

বাংলাদেশ সংবিধানে ১৫(ডি) ধারায়ও প্রবীণের এই মৌলিক অধিকারগুলো সমুন্নত রাখার নিশ্চয়তা দেওয়া হয়েছে। কিন্তু এই মৌলিক অধিকারগুলো কি বাংলাদেশের প্রবীণের কাছে সহজলভ্য? এটা বলার অপেক্ষা রাখে না যে, বাংলাদেশের প্রবীণ জনগোষ্ঠী শহরে ও গ্রামে, সমাজে এবং নিজ পরিবারে একটি চরম উপেক্ষিত শ্রেণি। বয়স এবং লিঙ্গÑ এই দুই কারণেই প্রবীণ মানুষ সমাজের সর্বক্ষেত্রে বৈষম্য ও বঞ্চনার শিকার হয়ে থাকে। 

বর্তমান সরকার অবশ্য প্রবীণদের জন্য ট্রেন ভাড়া ও মেট্রোরেল ভাড়া হ্রাস করে প্রবীণ জনগণকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছে। বয়স্ক ভাতাসহ বিভিন্ন ভাতা চালু করে প্রবীণ নারী-পুরুষ ও প্রান্তিক জনগণের সুরক্ষা নিশ্চিত করেছে, সেজন্য সরকারকে ধন্যবাদ  দেই। তবে, এটা বলা যায়, প্রতি মাসে ৬০০ টাকা বর্তমান বাজার দর বিবেচনায় খুবই অপ্রতুল এবং সকল দুস্থ প্রবীণের কাছে এই ভাতা পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করতে হবে। 

প্রবীণ নাগরিকদের সর্বাঙ্গীণ সুরক্ষা নিশ্চিত হবে, যদি প্রবীণ নীতিমালা-২০১৩ আইনে পরিণত করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে যদি পিতা-মাতার ভরণপোষণ আইন-২০১৩ কঠোরভাবে প্রয়োগ করা হয়। বাংলাদেশে প্রবীণের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনে যত ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি তার প্রায় সবই উল্লেখ রয়েছে প্রবীণ নীতিমালা-২০১৩’তে। সে নীতিমাল প্রবীণের সুরক্ষায় মূল্যবান পদক্ষেপ হিসেবে বিবেচিত। 

প্রবীণ নাগরিকদের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রয়োজনে প্রাথমিক স্বাস্থ্যনীতিতে জেরিয়েট্রিক কেয়ার-এর বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন। এটি প্রবীণ নাগরিকের মৌলিক অধিকার। দেশের হাসপাতালগুলোতে প্রবীণদের জন্য বিশেষ ব্যবস্থা এবং বিনা মূল্যে বা স্বল্প মূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। সারা দেশে অতি প্রবীণ নাগরিক, যাদের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসেবা প্রয়োজন, তাদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র প্রয়োজন। হতদরিদ্র প্রবীণদের বাসস্থান নিশ্চিত করার জন্য সারা দেশে বিনামূল্যে প্রবীণ নিবাস চালু করা জরুরি। 

প্রবীণ নাগরিকদের সুরক্ষার প্রয়োজনে নিম্নবর্ণিত পদক্ষেপগুলো অত্যন্ত জরুরি:

১. সিনিয়র সিটিজেন কার্ড: ২০১৪ সালে বাংলাদেশের প্রবীণ নাগরিকদের সিনিয়র সিটিজেন ঘোষণা করা হলেও এ ব্যাপারে কোনো সিনিয়র সিটিজেন কার্ড প্রদান করা হয়নি। একটি সিনিয়র সিটিজেন কার্ড প্রবীণদের হাসপাতালে সিট প্রাপ্তির অগ্রাধিকারসহ যাতায়াত, ব্যাংক হিসাব খোলা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়ার মর্যাদা দেবে। এটি সিনিয়র সিটিজেন ডেটাবেজ তৈরিতেও সহায়ক হবে।

২. প্রবীণ স্বাস্থ্যসেবা: স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার একজন প্রবীণ নাগরিকের মৌলিক অধিকার। প্রবীণ নারীর স্বাস্থ্যসেবার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে, যাতে প্রবীণ নারী সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন। পাবলিক হেলথ পলিসিতে প্রবীণ নারী-পুরুষের সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করে বাজেট প্রণয়ন করতে হবে।

৩. সকল শিক্ষা কার্যক্রমে জরাবিজ্ঞান বিভাগ অন্তর্ভুক্ত করতে হবে। এবং প্রবীণদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

৪. বর্তমান বাজারমূল্য বিবেচনা করে বয়স্ক ভাতার পরিমাণ বৃদ্ধি করে প্রতিমাসে ন্যূনতম ১,০০০/= (এক হাজার) টাকা করতে হবে।

৫. ‘এক পদ এক পেনশন’ নীতিমালা চালু করতে হবে: পেনশনের ক্ষেত্রে বৈষম্য বিলুপ্ত করে এক পদ এক পেনশন নীতিমালা চালু করে পেনশনারদেরও বর্ধিত বেতন স্কেলের আওতায় আনা দরকার। এতে তাদের জীবন-মান উন্নয়নের সুযোগ থাকবে।

৬. প্রবীণদের জন্য খাদ্য ও পুষ্টি নিশ্চিতকরণের লক্ষ্যে বিশেষ রেশন ব্যবস্থা চালু করা দরকার।

৭. প্রবীণ নিবাস ও প্রবীণদের বাসস্থান নিশ্চিতকরণের লক্ষ্যে প্রতি উপজেলায় নারী ও পুরুষের জন্য আলাদা প্রবীণ নিবাস চালু করা প্রয়োজন । সন্তানহীন, আশ্রয়হীন, হতদরিদ্র প্রবীণদের পুনর্বাসনের জন্য প্রবীণ নিবাস অত্যন্ত জরুরি। তবে এ ক্ষেত্রে সমন্বিত নীতিমালা প্রয়োজন, যাতে পাবলিক এবং প্রাইভেট সেক্টরে থাকা সকল প্রবীণ নিবাসের মান এবং সুবিধাদি একই রকম হয়।

৮. প্রবীণ নাগরিকের অর্থনৈতিক সুরক্ষা: প্রবীণ নাগরিকদের অভিজ্ঞতা, শিক্ষা ও সামর্থ্য অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা প্রয়োজন, যাতে তারা কর্মক্ষম ও স্বাবলম্বী থাকতে পারেন।তাদের ক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণেরও প্রয়োজন রয়েছে। 

৯. প্রবীণ নাগরিকরা প্রায়ই সমাজে ও পরিবারে অর্থনৈতিক, শারীরিক ও মানসিকভাবে নিপীড়ন, অবহেলা এবং উপেক্ষার শিকার হয়ে মনঃকষ্টে থাকেন। কর্মক্ষেত্রে বয়সের কারণে অবমূল্যায়নের বিষয়টিও এ ক্ষেত্রে প্রযোজ্য। সমাজে প্রবীণ নারীর প্রতি গতানুগতিক নেতিবাচক মনোভাব দূরীকরণের উদ্যোগ নিতে হবে। এবং সকল প্রকার নিপীড়ন ও অন্যায়-অবহেলাকে শাস্তিযোগ্য অপরাধ গণ্য করে আইনি সুরক্ষা দিতে হবে।

১০. ২০১৩ সালে প্রণীত প্রবীণ নীতিমালা এবং ভরণ-পোষণ আইনের বাস্তবায়ন অত্যন্ত জরুরি। প্রবীণদের সুরক্ষার জন্য প্রবীণ নীতিমালা প্রণীত হলেও এটা আইনে পরিণত হয়নি। প্রবীণ নীতিমালা আইনে পরিণত করে এর বাস্তবায়ন করা প্রয়োজন।

১১. প্রবীণ ফউন্ডেশন চালু করে প্রবীণদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে।

১২. প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি প্রবীণ সেল চালু করে প্রবীণ জনগণের দেখভাল নিশ্চিত করা প্রয়োজন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রবীণ কল্যাণ বিভাগ চালু করা প্রয়োজন। 

১৩. দীর্ঘমেয়াদি যত্ন ও সেবা কেন্দ্র প্রতিষ্ঠা: সরকারি উদ্যোগে অতি প্রবীণ নাগরিকদের জন্য দীর্ঘমেয়াদি যত্ন ও সেবাকেন্দ্র প্রতিষ্ঠা করা একান্ত প্রয়োজন। প্রতি উপজেলায় কমিউনিটি পর্যায়ে এ ধরনের একটি সেবাকেন্দ্র চালু করা যেতে পারে। এ ছাড়া, নিজের বাড়িতেও প্রশিক্ষিত জনবল দিয়ে এ ধরনের সেবা প্রদান করা যায়। সে ক্ষেত্রে কেয়ার সার্ভিস ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করা প্রয়োজন। প্রবীণ নারীদের এ ধরনের ট্রেনিং দিয়ে দক্ষ সেবিকা হিসেবে দেশে-বিদেশে কাজে লাগানো যেতে পারে।


লেখক: প্রেসিডেন্ট, সিনিয়র সিটিজেনস ফোরাম, সাবেক সদস্য জাতিসংঘ সিডো কমিটি এবং সরকারের সাবেক অতিরিক্ত সচিব।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা