প্রদীপ মালাকার
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৪ এএম
প্রতীকী ছবি
বাংলাদেশ কি এমন একটি দেশ হওয়ার কথা ছিল, যেখানে কারও ধর্মীয় পরিচয়, বিশ্বাস কিংবা উপাসনাস্থল তাকে নিরাপত্তাহীন করে তুলবে? এমন একটি দেশ কি আমরা চেয়েছিলাম, যেখানে অভিযোগের সত্যতা যাচাইয়ের আগেই সামাজিক মাধ্যমের উত্তেজনা জনতার হাতে বিচার তুলে দেওয়ার পথ তৈরি করবে? নিশ্চয়ই না। সম্প্রতি কুষ্টিয়ার সদর উপজেলার হরিনারায়ণপুর মহাশ্মশানের পবিত্রতা নষ্ট ও সমাধির ওপর জুতা পায়ে ছবি তোলার অভিযোগটি সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। স্থানীয় গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অভিযোগ প্রকাশিত হয়েছে। অভিযোগের সত্যতা, কারা জড়িত এবং তাদের উদ্দেশ্য কী ছিলÑ এসবের উত্তর খুঁজতে হবে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে। কারণ, হাজার বছরের সম্প্রতির নিদর্শন আমাদের। কতিপয় উচ্ছৃঙ্খল ব্যক্তির কারণে তা বিনষ্ট হোক এটা কাম্য হতে পারে না।
একটি বিষয় ইতোমধ্যেই স্পষ্ট, ধর্মীয়ভাবে সংবেদনশীল কোনো স্থানে এমন আচরণের অভিযোগ উঠলে সেটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। একই সঙ্গে আমাদের সতর্ক থাকতে হবেÑ একটি ঘটনার অভিযোগকে কেন্দ্র করে কোনো ধর্মীয় সম্প্রদায়, রাজনৈতিক দল বা বৃহত্তর জনগোষ্ঠীকে দায়ী করা যাবে না। ব্যক্তির অপরাধের দায় কেবল ব্যক্তিরই। কোনো গোষ্ঠীর ওপর তার দায় চাপানো ন্যায়বিচার নয়। আবার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ উঠলে সেটিকে অজুহাত বানিয়ে মব তৈরি, হামলা, ভাঙচুর কিংবা প্রতিশোধের মনোভাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এখানেই রাষ্ট্রের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সংবিধান নাগরিকের আইনের দৃষ্টিতে সমতা ও সমান আইনি সুরক্ষার কথা বলেছে। ধর্মের ভিত্তিতে বৈষম্য না করার নিশ্চয়তা রয়েছে; প্রত্যেক নাগরিকের ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতাও স্বীকৃত। সংবিধানের ১২ অনুচ্ছেদ সাম্প্রদায়িকতা, ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার এবং ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্য বা নিপীড়নের বিরোধিতা করে। অতএব কোনো সংখ্যালঘু নাগরিকের মন্দির, শ্মশান, উপাসনালয়, বসতবাড়ি বা ব্যবসাপ্রতিষ্ঠান আক্রান্ত হলে সেটি শুধু একটি সম্প্রদায়ের সমস্যা নয়, এটি রাষ্ট্রের আইনের শাসনের প্রতিবন্ধকতা। একইভাবে কোনো মুসলমানের মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান বা ব্যক্তিগত নিরাপত্তা আক্রান্ত হলেও সেটি একই রাষ্ট্রীয় দায়ের প্রশ্ন।
আজকের সবচেয়ে বড় বিপদ সম্ভবত শুধু সাম্প্রদায়িক বিদ্বেষ নয়, তার সঙ্গে যুক্ত হয়েছে মব সংস্কৃতি। সন্দেহ, গুজব, সামাজিক মাধ্যমের পোস্ট কিংবা ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগÑ যেকোনো একটি বিষয়কে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে মানুষ জড়ো হয়ে যায়। তারপর শুরু হয় বিচার, শাস্তি কিংবা প্রতিশোধ। অথচ রাষ্ট্রের বিচারব্যবস্থা আছে, তদন্তকারী সংস্থা আছে, আদালত আছে।
মব কোনো আদালত নয়। কেউ অপরাধ করেছে বলে সন্দেহ হলে তাকে গ্রেপ্তার করা, তদন্ত করা এবং আদালতের মাধ্যমে বিচার করা রাষ্ট্রের দায়িত্ব। জনতা যদি নিজেরাই বিচার করতে শুরু করে, তাহলে শেষ পর্যন্ত নিরপরাধ মানুষও শিকার হতে পারে। বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রকাশিত বিভিন্ন মাসিক ও অর্ধবার্ষিক প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন) মব সহিংসতা ও গণপিটুনিতে অন্তত ১৩৩ জন নিহত হয়েছেন এবং পরবর্তীতে আগস্ট মাসে আরও ২৮ জন নিহত হয়, যা আইন নিজের হাতে তুলে নেওয়ার ভয়াবহতা সম্পর্কে গুরুতর সতর্কবার্তা। তাই প্রশাসনের প্রথম দায়িত্ব হচ্ছে, আগাম ঝুঁকি শনাক্ত করা এবং দ্রুত প্রতিরোধ করা। দ্বিতীয় দায়িত্ব, ঘটনার পর নিরপেক্ষ তদন্ত। তৃতীয় দায়িত্ব, অপরাধী যে-ই হোক তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিত করা। আর চতুর্থ দায়িত্ব, ভুক্তভোগীকে নিরাপত্তা, ক্ষতিপূরণ ও ন্যায়বিচারের নিশ্চয়তা দেওয়া।
এখানে সরকারের রাজনৈতিক পরিচয়ও গুরুত্বপূর্ণ। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করেছে। দলটির প্রধান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। এখন বিএনপির সামনে সবচেয়ে বড় পরীক্ষা শুধু রাজনৈতিক শাসন পরিচালনা নয়, তারা কতটা কার্যকরভাবে রাষ্ট্রের সব নাগরিকের নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করতে পারে, সেটিও। কারণ কোনো দল যখন বিরোধী দলে থাকে, তখন রাষ্ট্রের ব্যর্থতার সমালোচনা করা সহজ। কিন্তু ক্ষমতায় এসে সেই একই রাষ্ট্রযন্ত্রকে নিরপেক্ষ, দক্ষ ও জবাবদিহিমূলকভাবে পরিচালনা করাই প্রকৃত পরীক্ষা।
তবে দায় এককভাবে সরকারের নয়। অন্যান্য রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব রয়েছে। কোনো দলের নেতাকর্মী মব হামলায় জড়িত হলে দলীয় পরিচয় তাকে আইনের ঊর্ধ্বে রাখতে পারে না। আবার কোনো দলের বিরুদ্ধে অভিযোগ উঠলেই পুরো দলকে অপরাধী বানানোও দায়িত্বশীল রাজনীতি নয়। তদন্ত হোক, প্রমাণ বের হোক, অপরাধীর বিচার হোকÑ এই নীতিই হওয়া উচিত সবার। এক্ষেত্রে ধর্মীয় নেতাদের দায়িত্বও কম নয়। মসজিদ, মন্দির, মঠ, গির্জা সব জায়গা থেকেই শান্তি, সংযম ও আইনের প্রতি আস্থার বার্তা আসতে হবে। ধর্মকে মানুষের নৈতিক উন্নতির শক্তি হিসেবে ব্যবহার করতে হবে, উত্তেজনা তৈরির হাতিয়ার হিসেবে নয়। সামাজিক মাধ্যম ব্যবহারকারীদেরও নিজেদের আচরণ নিয়ে ভাবতে হবে। যাচাই না করে ছবি, ভিডিও বা অভিযোগ ছড়িয়ে দেওয়া কখনও কখনও বাস্তব সহিংসতার আগুন জ্বালিয়ে দিতে পারে। তাই কোনো সংবাদ শেয়ার করার আগে ‘যাচাই’ করা নাগরিক দায়িত্ব।
আমাদের শিক্ষাব্যবস্থাতেও পরিবর্তন দরকার। শিশুকে শুধু পরীক্ষায় ভালো ফল করার শিক্ষা দিলে হবে না; তাকে শেখাতে হবে ভিন্ন ধর্মকে সম্মান করা, মতভেদ সহ্য করা, গুজব যাচাই করা এবং আইন নিজের হাতে না নেওয়া। নাগরিক শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং ডিজিটাল সাক্ষরতা স্কুল-কলেজের গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলোÑ আমরা যেন বুঝতে পারি, সম্প্রীতি মানে সবাই একই রকম হবেÑ এমন নয়। সম্প্রীতি মানে ভিন্নতার মধ্যেও নিরাপদে পাশাপাশি বসবাস করার অধিকার।
বাংলাদেশের মানুষ ঐতিহাসিকভাবে নানা ধর্ম, ভাষা, সংস্কৃতি ও মতের মানুষকে নিয়ে সমাজ গড়ে তুলেছে। এই বহুত্বই আমাদের শক্তি। একজন হিন্দুর শ্মশান যেমন তার ধর্মীয় ও পারিবারিক স্মৃতির অংশ, তেমনি একজন মুসলমানের মসজিদ তার বিশ্বাসের অংশ। একজন বৌদ্ধের মন্দির, একজন খ্রিস্টানের গির্জা কিংবা অন্য কোনো বিশ্বাসীর উপাসনাস্থলও একই মর্যাদা পাওয়ার অধিকার রাখে।
তাই হরিনারায়ণপুরের মব-সন্ত্রাসের ক্ষেত্রে আমাদের অবস্থান আরও পরিষ্কার হওয়া দরকারÑ অপরাধী যে ধর্মেরই হোক, যে দলেরই হোক, যে পরিচয়েরই হোক, বিচার হবে আইনের মাধ্যমে। আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে এক সম্প্রদায়ের নিরাপত্তা অন্য সম্প্রদায়ের অনিরাপত্তার ওপর দাঁড়িয়ে থাকবে। আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে প্রশাসন ঘটনার পরে আসে, কিংবা রাজনৈতিক সুবিধা অনুযায়ী আইন প্রয়োগ করে। আমরা চাই- এমন বাংলাদেশ, যেখানে থানায় যাওয়ার আগে নাগরিককে নিজের ধর্মীয় পরিচয় ভাবতে হবে না, যেখানে বিচার পাওয়ার জন্য দলীয় পরিচয় প্রয়োজন হবে না, যেখানে মবের ভয় নয়, আইনের প্রতি আস্থা মানুষের আচরণ পরিচালনা করবে। আমরা চাই, রাষ্ট্রের শক্তি হোক মবের শক্তির চেয়ে বড়।
লেখক: নিউইর্য়ক প্রবাসী, কলামিস্ট