× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আদালতপাড়া হোক জালিয়াতমুক্ত

সম্পাদকীয়

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৬ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বছর দশেক আগে একটি বাংলাদেশি টেলিফিল্ম বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিল। ‘আয়নাবাজি’ নামের ওই ফিল্মে দেখানো হয়েছিল প্রতারণার মাধ্যমে একজন দাগি আসামিকে কীভাবে জেলখানা থেকে মুক্ত করে নেওয়া হয়। বেশ আলোড়ন তুলেছিল টেলিফিল্মটি। অবশ্য কেউ কেউ যে ওই ফিল্মের সমালোচনা করেননি, তা নয়। সমালোচকদের বক্তব্য ছিল, ফিল্মটির মাধ্যমে আমাদের দেশের আইন-আদালতকে হেয়প্রতিপন্ন করা হয়েছে। তবে সেসব যুক্তি ধোপে টেকেনি। কারণ, এ ধরনের প্রতারণা-জালিয়াতি আমাদের সমাজ ও রাষ্ট্রের নানা স্তরে প্রতিনিয়ত সংঘটিত হচ্ছে।

সে বাস্তবতারই চিত্র ফুটে উঠেছে গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এ ‘ভুয়া নথিতে জামিন, রায় জালিয়াতি’ শীর্ষক প্রতিবেদনে। এতে বলা হয়েছে, দেশের আদালতপাড়ায় সংঘবদ্ধ প্রতারকচক্র ভুয়া নথি তৈরি, বিচারপতির স্বাক্ষর জালিয়াতি, মামলার নম্বর বা থানার নাম পাল্টে ফেলাÑ এমনকি রায় ঘোষণার আগেই জাল সার্টিফায়েড কপি দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি। এভাবে অর্থের বিনিময়ে দাগি আসামি বা ভুয়া চিকিৎসকরাও অনায়াসে পার পেয়ে যাচ্ছে। প্রতিবেদন বলছে, এসব জালিয়াতির পেছনে রয়েছে একটি শক্তিশালী চক্র। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অনুসন্ধানে এমন চক্রের সন্ধান পাওয়া গেছে। প্রতিবেদনে ভুয়া চিকিৎসকের জাল জামিন, মেডিকেল সনদ গায়েব করে জামিন, প্রাপ্তবয়স্ক আসামিকে নাবালক সাজিয়ে জামিন, বিচারপতির নামে ভুয়া রায় ইত্যাদি উদ্বেগজনক ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। 

সাধারণ নাগরিকদের শেষ ভারসাস্থল আদালত। অবিচার-অনাচারের বিরুদ্ধে ন্যায়বিচার প্রাপ্তির আশায় তারা আদালতের দ্বারস্থ হন। সেখানেও যদি প্রতারক ও জালিয়াত চক্র তাদের সাম্রাজ্যের বিস্তার ঘটায়, তা হলে সাধারণ মানুষের যাওয়ার জায়গা থাকে না। ইতঃপূর্বে আদালত অঙ্গনে দুর্নীতি ও অসততার অনেক অভিযোগ উঠেছিল। কিন্তু তার কোনো বিচ্যুতি হয়নি। এর ফলে অপরাধ ক্রমশ পত্রপল্লবে বিস্তার লাভ করছে। যদিও প্রতারণা-জালিয়াতি আমাদের দেশের একটি অতি প্রাচীন অনৈতিক কর্মকাণ্ড। সমাজের নানা স্তরে সংঘটিত এ অনৈতিক কর্মকাণ্ডে নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হলেও প্রতারক চক্র তাদের স্বার্থসিদ্ধি করে নেয়। ভুয়া ওসি-ইন্সপেক্টর, ভুয়া সেনা কর্মকর্তা, ভুয়া ইঞ্জিনিয়ার, ভুয়া শিক্ষকদের গ্রেপ্তারের খবর আমরা প্রতিনিয়তই গণমাধ্যমের কল্যাণে অবগত হই। এমনকি মন্ত্রী-এমপিদের ভুয়া পিএস-এপিএস সেজে প্রতারণার ঘটনাও ঘটেছে অনেক। তা ছাড়া অস্তিত্বহীন আর্থিক প্রতিষ্ঠানের লোভনীয় মুনাফার ফাঁদে পড়ে নিরীহ মানুষদের সর্বস্বান্ত হওয়ার নজিরেরও অভাব নেই। এদের অপকর্মের খবর মাঝেমধ্যেই গণমাধ্যমে প্রকাশিত হতে দেখা যায়। তাদের কেউ কেউ গ্রেপ্তারও হয়। কিন্তু এই অনৈতিকতার বিরাম নেই। কেননা, আইন-আদালত চত্বরেও রয়েছে প্রতারক চক্রের নেটওয়ার্ক। ফলে গ্রেপ্তার হলেও আইনের ফাঁকফোকর দিয়ে তাদের বেরিয়ে আসতে বেগ পেতে হয় না। 

প্রতিদিনের বাংলাদেশ-এ প্রকাশিত জামিন জালিয়াতির খবরটি উদ্বেগজনক দুটি কারণে। এক, এ ধারা অব্যাহত থাকলে জঘন্য অপরাধীরাও অনায়াসে বেরিয়ে এসে পুনরায় তাদের অপরাধকর্মে লিপ্ত হওয়ার সুযোগ পাবে। ফলে সমাজ হয়ে উঠতে পারে অপরাধীদের স্বর্গরাজ্য। দ্বিতীয়ত, এ অনৈতিক পন্থায় অপরাধীরা একের পর এক জামিন নিয়ে বেরিয়ে আসতে থাকলে জনমনে আদালতের ভূমিকা নিয়ে যেমন প্রশ্নের সৃষ্টি হবে তেমনি আদালতের প্রতি জন-আস্থাও টলে উঠবে। 

এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব গুরুত্বপূর্ণ। আইন-আদালতের প্রতি গণমানুষের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ন রাখতে বিচারালয় থেকে সবধরনের অনিয়ম-দুর্নীতির মূলোৎপাটনে এখনই ব্যবস্থা নিতে হবে। যেহেতু জালিয়াত ও প্রতারক চক্র চিহ্নিত, তাই তাদের আইনের আওতায় নিয়ে আসা খুব একটা কঠিন কাজ নয়। তবে, এ ক্ষেত্রে সরকারের পদক্ষেপ হতে হবে কঠোর। অপরাধীরা যাতে একই প্রক্রিয়ায় ছাড়া পেয়ে পুনরায় একই অপকর্মে লিপ্ত হতে না পারে সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে হবে। 

রাষ্ট্র ও সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজ দুর্নীতির শেকড় এমনভাবে ছড়িয়েছে যে, এখনই তার মূলোচ্ছেদ করা না গেলেÑ এ সমাজ সাধারণ মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়বে। আদালতপাড়াও তার বাইরে নয়। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও নাগরিকদের ন্যায়বিচার প্রাপ্তির নিশ্চয়তা সৃষ্টির লক্ষ্যে এখনই কঠোর পদক্ষেপ জরুরি। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা