× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জলবায়ু পরিবর্তন: প্রাণীবৈচিত্র্যের হুমকি

মাহজাবিন আলমগীর

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০৪ পিএম

গ্রাফিক্স: সংগৃহীত

গ্রাফিক্স: সংগৃহীত

সভ্যতার আদিকাল থেকে মানুষ গাছপালা, পশুপাখি, কীটপতঙ্গ ইত্যাদির সাথে প্রকৃতিতে সহাবস্থান করে আসছে। কিন্তু ভোগবাদী সমাজব্যবস্থার আগ্রাসনে আমরা ক্রমশই এ সত্য যেন ভুলতে বসেছি। দ্রুত নগরায়ণ আর শিল্পোন্নয়ন করতে গিয়ে বনজঙ্গল, পাহাড়-পর্বত, নদ-নদী হারিয়ে প্রকৃতি যেন ক্রমশ নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। অতিমাত্রায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার, যোগাযোগব্যবস্থার ক্রমোন্নতি, কৃষিতে রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার প্রকৃতিকে কেবল রুক্ষ আর বর্বরই করে তুলছে না, বরং দিন দিন প্রাকৃতিক এক ভারসাম্যহীতার দিকে আমরা এগিয়ে চলেছি, যেখানে মানুষ ও অন্যান্য জীব প্রজাতির অস্তিত্ব সংকটের মুখে।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় এলাকায় ঘন ঘন নিম্নচাপের প্রকোপ বৃদ্ধি, দীর্ঘমেয়াদি ভূমিক্ষয়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, অকস্মাৎ বন্যাÑ এসবই জলবায়ু পরিবর্তনের অবশ্যম্ভাবী প্রভাব। আর পরিবেশের তাপমাত্রা দিন দিন যে হারে বাড়ছে তা পৃথিবীব্যাপী জৈববৈচিত্র্য আজ হুমকির মুখে।

প্লাস্টিক আর কলকারখানার বর্জ্যে নদ-নদী আর সমুদ্রের পানি বিষাক্ত হয়ে উঠছে। চলতি বছরের জানুয়ারি থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত কুয়াকাটা সমুদ্রসৈকতে ১৬টি মৃত ডলফিন পাওয়া গেছে। আর আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশ ইকোফিশের তথ্য অনুযায়ী ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত কুয়াকাটা সৈকতে মোট ১৩২টির মৃত ডলফিন আর তিমি পাওয়া গেছে। গাছপালা আর বনভূমি উজাড় করে অনেক আবাসন প্রকল্প নির্মিত হচ্ছে। ফলে খাদ্যের অভাবে অনেক বনজ প্রাণী হারিয়ে যাচ্ছে। আবার অতি নগরায়ণে তীব্র আলো আর শব্দদূষণের প্রভাবে অনেক ফুল, কীটপতঙ্গ প্রজনন ক্ষমতা হারিয়ে বিলুপ্তির পথে। উদ্ভিদের বংশবৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরাগায়ণের অভাবে অনেক ক্ষেত্রে কৃত্রিম প্রজনন প্রক্রিয়া তৈরি করতে হচ্ছে। প্রজাপতি আর জোনাকির মতো প্রাণী তাদের প্রজনন সংকটে ক্রমশ হারিয়ে যাচ্ছে প্রকৃতি থেকে। বাদুড় আর চামচিকের মতো প্রাণী একসময় আমাদের দেশে সচরাচর দেখা যেত। আবার আমাদের দেশে গ্রামগঞ্জে একসময় প্রচুর শকুন দেখা যেত কিন্তু এখন কেবল সিলেট আর সুন্দরবন অঞ্চলেই শকুন দেখা যায়।

সেন্টমার্টিন আর পার্বত্য জেলাগুলোতে পাহাড় কেটে আবাসন তৈরি করায় একদিকে যেমন বর্ষাকালে ঘন ঘন ভূমিক্ষয় হচ্ছে অন্যদিকে যেখানকার প্রাণীবৈচিত্র্য হুমকির মুখে। সুন্দরবনে বাঘের সংখ্যা অনেক কমে গেছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ম্যানগ্রোভ বনাঞ্চলে লবণাক্ততার পরিমাণ বেড়ে যাওয়ায় বাঘের আবাসস্থল নষ্ট হচ্ছে। যুক্তরাষ্ট্র, বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন, আগামী পঞ্চাশ বছরের মধ্যে সুন্দরবনে বাঘ বিলুপ্ত হতে পারে। জলবায়ু পরিবর্তনে সুন্দরবন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ায় সুন্দরী গাছের পরিমাণ কমে যাচ্ছে। বেড়ে যাচ্ছে গজারি আর কেওড়া গাছ, যা সুন্দরবনের পরিবেশ বিনষ্ট করছে। বৃষ্টিপাতের পরিমাণ কম আর তাপমাত্রা বাড়া বাঘের বিলুপ্তির অন্যতম প্রধান কারণ।

বাঘের পাশাপাশি আমাদের দেশে বনাঞ্চলে মারাত্মকভাবে হাতির পরিমাণ কমে যাচ্ছে, এর অন্যতম কারণ পরিবেশ বিপর্যয়, ২০২৩ সালে নভেম্বর মাসে চালু হয় দোহাজারী-কক্সবাজার রেললাইন। হাতি যে ১৬টি টার্নিং পয়েন্ট দিয়ে পার হতো তার তিনটির ওপর দিয়ে রেললাইন গেছে। হাতিদের অভয়ারণ্য নষ্ট হয়ে গেছে। ২০১৩ সালে হাতির সংখ্যা ছিল ২৬৮টি, গত দশ বছরে হাতি মারা গেছে ১৪৬টি। পাহাড়ি বনাঞ্চল কেটে ফেলায় হাতিরা বাধ্য হয়ে খাদ্য আর পানীয় জলের আশায় লোকালয়ে নেমে আসে আর মানুষের হাতে নির্মম হত্যার শিকার হয়। তাই বনভূমি এলাকায় কোনো মেগা প্রকল্প নেওয়ার আগে অবশ্যই বন্য প্রাণীদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় আনতে হবে। যোগযোগব্যবস্থার উন্নতি করতে গিয়ে আমরা যেন প্রাণীদের অস্তিত্ব বিপন্ন করে না তুলি। 

‘দ্য আর্থ’ পত্রিকার রিপোর্ট অনুযায়ী পৃথিবীর তাপমাত্রা গত ২০ লাখ বছরের রেকর্ড ভঙ্গ করেছে। বাতাসে ভাসমান কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ ৪২২.৫ পিপিএম, যা যেকোনো সময়ের থেকে সর্বোচ্চ। বিজ্ঞানীরা ভবিষ্যদ্বাণী করেছিলেন পৃথিবীর উষ্ণতার ভিত্তিমাত্রা যদি ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি হয় তবে তা বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করবে, ২০২৫ সালে তা ছিল ভিত্তিমাত্রার থেকে ১.৪৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। সুতরাং বোঝাই যাচ্ছে আমাদের ভোগবাদী মানসিকতা দিন দিন বিশ্বকে বসবাসের অযোগ্য করে তুলছে, তেমনি প্রাণিকুলের অস্তিত্ব আজ চরম সংকটের মুখে। 

গাছপালা কেটে, জলাশয়গুলো ভরাট করে একের পর এক আবাসন প্রকল্প নির্মাণের হিড়িক চলছে। এই অবস্থা প্রকৃতিকে ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে নিচ্ছে। বৈশ্বিক তাপমাত্রার রেকর্ড বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের লবণাক্ততা বৃদ্ধিতে বিশ্বে দশ লাখেরও বেশি প্রজাতি আজ হুমকির মুখে। আগামী শতকের মাধ্যে অনেক প্রাণী, কীটপতঙ্গ বিলুপ্ত হবে, তবু আমরা সচেতন হচ্ছি না। প্রকৃতিকি ধ্বংস করে তথাকথিত উন্নয়ন চালিয়ে যাচ্ছি। জলবায়ু পরিবর্তনের ফলে কমতে শুরু করেছে উপকূলীয় ম্যানগ্রোভ বনাঞ্চল, যা সাধারণ বনভূমির তুলনায় চারগুণ কার্বন শোষণ করতে সক্ষম। তীব্র দাবদাহ, বিধ্বংসী ঘূর্ণিঝড় সবকিছুই জলবায়ু পরিবর্তনের ফলাফল। অতি সম্প্রতি নেপালে যে বন্যা ও ভূমিধস হয়েছে তার মূলেও আছে জলবায়ুর ব্যাপক পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়নে হিমালয়ের হিমবাহ গলতে শুরু করেছে। 

আমরা যেন ভুলে না যাই মানুষ প্রকৃতিরই অংশ। শিল্পায়ন আর নগরায়ণের নামে চলছে বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদের যথেষ্ট লুণ্ঠন আর প্রাণীদের ওপর অত্যাচার। ফলে প্রকৃতির সজীব আর নির্জীব উপাদানের মাঝে ভারসাম্য পুরোপুরি বিনষ্ট হয়ে গেছে। এই ভারসাম্যহীনতায় প্রাণীদের অস্তিত্ব হুমকির মুখে। এক্ষেত্রে প্রখ্যাত দার্শনিক এঙ্গেলসের একটি উক্তি উল্লেখযোগ্য। তিনি বলেছিলেন, ‘প্রকৃতির বিরুদ্ধে জয়ী হতে গিয়ে আমরা যেন উল্লসিত না হই। কারণ প্রতিটি জয়ের জন্য প্রকৃতি তার প্রতিশোধ নেয়।’ তাই ভোগবাদী সভ্যতার ভোগবিলাসে মত্ত হয়ে আমরা যেন প্রকৃতিবিরোধী আচরণে উন্মত্ত না হয়ে উঠি, তাহলে তার পরিণতি হবে ভয়াবহ, আমাদের অস্তিত্ব সংকট দেখা দেবে। আমাদের এখন থেকেই সতর্ক হওয়া দরকার।


লেখক: শিক্ষিকা, মোহাম্মদপুর, ঢাকা


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা