× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশ্নগুলোও কি হারিয়ে যাবে

আলতাফ হোসেন উজ্জল

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০০ পিএম

অপ্রতিমের জন্য কান্না যেন আগামী কোনো অপ্রতিমকে বাঁচানোর অঙ্গিকার হয়ে ওঠে। ছবি: সংগৃহীত

অপ্রতিমের জন্য কান্না যেন আগামী কোনো অপ্রতিমকে বাঁচানোর অঙ্গিকার হয়ে ওঠে। ছবি: সংগৃহীত

হারিয়ে যায় বলেই কি আমরা শুধু একটি শোকবার্তা লিখে থেমে যাব? হারিয়ে যায় বলেই কি কিছুক্ষণ চোখের জল ফেলব, তারপর সময়ের স্রোতে সবকিছু ভুলে যাব? নাকি একটি শিশুর রক্তাক্ত মৃত্যু আমাদের বিবেকের দরজায় এমন কিছু প্রশ্ন রেখে যাবে, যেগুলোর উত্তর না পাওয়া পর্যন্ত আমরা শান্ত হতে পারব না? কুমিল্লার ১৩ বছরের শিশু ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের মৃত্যু সেই প্রশ্নই আবার সামনে এনে দাঁড় করিয়েছে।

শুক্রবার বিকাল। একটি কিশোরের কাছে হয়তো সেটি ছিল আর দশটি বিকালের মতোই স্বাভাবিক। বন্ধুদের সঙ্গে ছবি তুলবেÑ এই সামান্য আনন্দের জন্য মায়ের আইফোন নিয়ে সে বাড়ি থেকে বের হয়েছিল। কে জানত, সেই বেরিয়ে যাওয়া হবে তার জীবনের শেষ যাত্রা? কে জানত, যে সন্তানকে মা হয়তো ভেবেছিলেন কিছুক্ষণ পরেই ফিরে আসবে, সেই সন্তানকে পরদিন খুঁজে পাওয়া যাবে রক্তাক্ত অবস্থায়। অপ্রতিম ছিল বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম।

একটি শিশুর জীবনে কতগুলো ছোট ছোট স্বপ্ন থাকে! নতুন জামা, নতুন জুতা, বন্ধুদের সঙ্গে ছবি, খেলাধুলা, পরীক্ষায় ভালো ফল, কোনো একদিন বড় হয়ে কিছু হওয়ার স্বপ্নÑ এসবই তো একটি শৈশবের পৃথিবী। অপ্রতিমেরও নিশ্চয়ই এমন অনেক স্বপ্ন ছিল। অথচ মাত্র ১৩ বছর বয়সেই সেই স্বপ্নের দরজা চিরতরে বন্ধ হয়ে গেল। সবচেয়ে নির্মম সত্য হলোÑ অপ্রতিম আর কখনও মায়ের কাছে কোনো আবদার করবে না। মায়ের ফোন নিয়ে ছবি তুলতে চাইবে না। বাবার কাছে কোনো বায়না ধরবে না। স্কুল থেকে ফিরে হয়তো বলবে নাÑ ‘মা, আমি এসেছি।’ একটি ঘর থেকে একটি শিশু চলে গেলে শুধু একজন মানুষ কমে যায় না; কমে যায় একটি পরিবারের ভবিষ্যৎ, একটি মায়ের হাসি, একটি বাবার স্বপ্ন, একটি ঘরের শব্দ। 

আমরা কি এমন একটি সমাজ নির্মাণ করছি, যেখানে একজন কিশোর বন্ধুর সঙ্গে ছবি তুলতে বেরিয়েও নিরাপদে বাড়ি ফিরতে পারবে না? আমরা কি এমন একটি নগর-পরিবেশ তৈরি করেছি, যেখানে শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ, পাহাড়ের পাদদেশ কিংবা নির্জন এলাকা শিশু-কিশোরদের জন্য নিরাপদ নয়?

আমাদের সন্তানেরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে, কখন ফিরছেÑ এই সাধারণ প্রশ্নগুলো কি আজ আর সাধারণ নেই? অপ্রতিমের ঘটনায় এসব প্রশ্নের উত্তর খুঁজতেই হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলোÑ আবেগের পাশাপাশি তদন্ত হতে হবে নির্ভুল, দ্রুত ও নিরপেক্ষ। কারা অপ্রতিমের সঙ্গে শেষবার যোগাযোগ করেছিল? সে কোথায় গিয়েছিল? তার ফোনের সর্বশেষ অবস্থান কোথায় ছিল? আশপাশের সিসিটিভি ফুটেজে কী পাওয়া গেছে? কারও সঙ্গে তার বিরোধ ছিল কি না? ঘটনাস্থলে কী কী আলামত পাওয়া গেছে? হত্যার উদ্দেশ্য কী ছিলÑ নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে? এসব প্রশ্নের উত্তর বের করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব।

আমরা চাই, অপ্রতিমের মৃত্যুর রহস্য দ্রুত উদঘাটিত হোক। তদন্তে যদি হত্যার প্রমাণ পাওয়া যায়, তাহলে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে। কেউ যেন পরিচয়, প্রভাব, অর্থ কিংবা কোনো ধরনের ক্ষমতার কারণে আইনের ঊর্ধ্বে থাকতে না পারে। একজন অপরাধী শাস্তি পেলে একটি পরিবার হয়তো তাদের সন্তানকে ফিরে পাবে না; কিন্তু অন্তত সমাজকে একটি বার্তা দেওয়া যায়Ñ একটি শিশুর জীবন এত সস্তা নয়।

আমরা উন্নয়ন, প্রযুক্তি, শিক্ষা, অবকাঠামোÑ সবকিছুর কথা বলি। কিন্তু একটি শিশুর নিরাপদে ঘরে ফেরার নিশ্চয়তা দিতে না পারলে আমাদের সেই উন্নয়নের মানবিক অর্থ কোথায়? একটি স্মার্টফোন আজ একটি শিশুর হাতে পৌঁছে যায়; কিন্তু তার নিরাপত্তা নিশ্চিত করার মতো সামাজিক সচেতনতা কি একই গতিতে পৌঁছেছে? শহর বেড়েছে, বিশ্ববিদ্যালয় বেড়েছে, রাস্তা বেড়েছে, প্রযুক্তি বেড়েছেÑ কিন্তু মানুষের ভেতরের নিরাপত্তাবোধ, দায়িত্ববোধ ও মানবিকতা কি সমানভাবে বেড়েছে? অপ্রতিমের রক্তাক্ত দেহ যেন সেই প্রশ্নই করছে।

প্রশ্ন- সে তো কারও শত্রু ছিল না। সে তো রাজনীতি বুঝত না, ক্ষমতার হিসাব বুঝত না, প্রতিহিংসার ভাষা বুঝত না। তার পৃথিবী ছিল স্কুল, বই, বন্ধু, পরিবার আর কৈশোরের ছোট ছোট আনন্দ। তা হলে তার অপরাধ কী ছিল? সে কি শুধু শিশু হয়ে জন্মেছিল? সে কি শুধু বন্ধুদের সঙ্গে ছবি তুলতে চেয়েছিল? সে কি শুধু মায়ের ফোনটি নিয়ে কিছুক্ষণ বাইরে গিয়েছিল? এই প্রশ্নগুলোর উত্তর আমাদের খুঁজতে হবে। আর অপ্রতিমের মা-বাবার কাছে আমাদের কোনো সান্ত্বনাই যথেষ্ট নয়। পৃথিবীর কোনো ভাষা একমাত্র সন্তান হারানো বাবা-মায়ের শূন্যতা পূরণ করতে পারে না। কোনো ফুল, কোনো শ্রদ্ধাঞ্জলি, কোনো স্মরণসভা তাদের সন্তানকে ফিরিয়ে দিতে পারে না।

তবু রাষ্ট্রের একটি দায়িত্ব আছেÑ সত্য উদঘাটন করা। সমাজের একটি দায়িত্ব আছেÑ অপরাধের বিরুদ্ধে দাঁড়ানো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দায়িত্ব আছেÑ অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনা। আর আমাদের সবার একটি দায়িত্ব আছেÑ অপ্রতিমের মৃত্যুকে কেবল আজকের সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে পরিণত না করা।

কারণ শোকের সবচেয়ে বড় অর্থ হলোÑ শোক থেকে শিক্ষা নেওয়া। অপ্রতিমের জন্য আমাদের কান্না যেন আগামী কোনো অপ্রতিমকে বাঁচানোর অঙ্গীকার হয়ে ওঠে। আমরা চাই, তদন্ত দ্রুত শেষ হোক। প্রকৃত ঘটনা জাতির সামনে পরিষ্কারভাবে তুলে ধরা হোক। অপরাধী শনাক্ত হলে তাকে আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করা হোক। 

আজ অপ্রতিমের মা হয়তো সন্তানের ঘরে তাকিয়ে আছেন। হয়তো তার বইগুলো পড়ে আছে। হয়তো বিছানায় পড়ে আছে কোনো পোশাক। হয়তো মায়ের আইফোনটি এখন আর কেবল একটি ফোন নয়Ñ এটি হয়ে গেছে এক ভয়াবহ স্মৃতির প্রতীক। মা হয়তো দরজার দিকে তাকিয়ে আছেনÑ যদি হঠাৎ অপ্রতিম এসে বলে, ‘মা, আমি এসেছি।’ কিন্তু সে আর আসবে না। এই না-ফেরার বেদনা কোনো ভাষায় লেখা যায় না। তবু আমাদের লিখতে হবে। প্রশ্ন করতে হবে। সত্য জানতে হবে। বিচার চাইতে হবে।

কারণ, অপ্রতিমের মৃত্যু যেন আরেকটি বিস্মৃত সংবাদ না হয়। হারিয়ে যায় বলেই প্রশ্নগুলো হারিয়ে যেতে পারে না। রক্ত শুকিয়ে যায় বলেই অপরাধের চিহ্ন মুছে যেতে পারে না।

সময় চলে যায় বলেই ন্যায়বিচারের প্রয়োজন ফুরিয়ে যায় না।

অপ্রতিমের জন্য ন্যায়বিচার মানে শুধু একটি শিশুর হত্যার বিচার নয়Ñ এটি বাংলাদেশের প্রতিটি বাবা-মায়ের নিরাপদে সন্তান ঘরে ফেরার অধিকারের প্রশ্ন। আমরা সেই উত্তর চাই। দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হোক। অপ্রতিম আর ফিরবে না। কিন্তু তার মৃত্যু যেন আমাদের বিবেককে আর ঘুমাতে না দেয়।

লেখক: শিক্ষক-কবি ও কলামিস্ট

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা