× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং দেশের শিল্পখাত

মো. মোয়াজ্জেম হোসেন বাদল

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫২ পিএম

মো. মোয়াজ্জেম হোসেন বাদল। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

মো. মোয়াজ্জেম হোসেন বাদল। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়লে শিল্প খাতে এর প্রভাব হয় অনেক বিস্তৃত। এই বাড়তি দাম কারখানার উৎপাদন ব্যয়, পণ্য পরিবহন, বন্দর ও অফডক ব্যবস্থাপনা, কাঁচামাল আমদানি এবং শেষ পর্যন্ত রপ্তানি সক্ষমতার ওপর একাধিক স্তরে চাপ তৈরি করে। দেশের বর্তমান বাস্তবতায় এই চাপ আরও জটিল। কারণ আমাদের শিল্প খাত এখন একই সময়ে বিদ্যুৎ ও গ্যাস সংকটের সঙ্গে লড়াই করছে। সর্বশেষ তথ্য হচ্ছে, গত ২১ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম আবারও বাড়িয়েছে সরকার।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে। এতে ডিজেলের দাম ১১৫ থেকে বেড়ে ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ থেকে ১৬০ টাকা, অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা এবং কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা করা হয়েছে। চলতি বছরের শুরু থেকে হিসাব করলে সব ধরনের জ্বালানির দাম সর্বোচ্চ প্রায় ৩৬ শতাংশ পর্যন্ত বেড়েছে। সরকারের বক্তব্য, আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও পরিবহন ব্যয় বৃদ্ধি, আমদানি ব্যয়, ভর্তুকির চাপ এবং জ্বালানি পাচারের ঝুঁকি বিবেচনায় নিয়ে এই সমন্বয় করা হয়েছে। মূল্য সমন্বয়ের যুক্তি নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু ভাবতে হবেÑ এই বাড়তি ব্যয় কীভাবে সামাল দেওয়া হবে, যাতে উৎপাদন না কমে, রপ্তানি প্রতিযোগিতা ক্ষতিগ্রস্ত না হয় এবং বাড়তি ব্যয়ের বোঝা ভোক্তার ওপর না পড়ে।

শিল্পে জ্বালানি তেলের দাম বৃদ্ধির তাৎক্ষণিক প্রভাব পড়ে কারখানার নিজস্ব উৎপাদন ব্যয়ে। বিদ্যুৎ চলে গেলে ডিজেলচালিত জেনারেটর চালাতে হয়। গ্যাসের চাপ কম থাকলে কিছু কারখানায় বিকল্প জ্বালানি ব্যবহার করতে হয়। বয়লার, কম্প্রেসর, পাম্প, ফর্কলিফট ও অন্যান্য সহায়ক যন্ত্রপাতির ক্ষেত্রেও জ্বালানি ব্যয় বাড়ে। বিদ্যুৎ বিভ্রাটের সময় কারখানা যদি বেশি সময় জেনারেটর চালায়, তাহলে উৎপাদনে জ্বালানি ব্যয় বাড়ে। বলা বাহুল্য, চলতি বছর শিল্পাঞ্চলে বিদ্যুৎ ও গ্যাসের সংকটের কারণে নানা সময়ে উৎপাদন ব্যাহত হওয়ার খবর এসেছে। আগস্টে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) জ্বালানি সংকটে শিল্প খাতে দৈনিক সম্ভাব্য উৎপাদন ক্ষতির একটি বড় অঙ্কের হিসাব তুলে ধরেছিল। এপ্রিলে গার্মেন্ট শিল্পের পক্ষ থেকে গাজীপুর ও আশুলিয়ার মতো শিল্পাঞ্চলে বিদ্যুৎ ঘাটতির সময় জেনারেটর চালানোর জন্য ডিজেলের সরবরাহ ব্যাহতের কথাও বলা হয়েছিল। সবমিলিয়ে শিল্পখাতের সামনে এখন দ্বৈত চাপÑ জ্বালানির মূল্যবৃদ্ধি এবং বিকল্প জ্বালানি ব্যবহারের প্রয়োজনীয়তা।

কারখানার গেট থেকে পণ্য বের হওয়ার পরও ব্যয়ের চাপ শেষ হয় না। কাঁচামাল কারখানায় আনতে হয়, উৎপাদিত পণ্য বন্দর বা ডিপোতে পাঠাতে হয়। আমদানি করা কাঁচামালের ক্ষেত্রেও একইভাবে বন্দর থেকে কারখানা পর্যন্ত পরিবহন করতে হয়। ফলে ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব পুরো সরবরাহ শৃঙ্খলে ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে ঢাকা-চট্টগ্রাম রুটে কন্টেইনার পরিবহনের ব্যয় এবং দেশের অন্যান্য রুটে ট্রাক ভাড়া বাড়ার খবর পাওয়া গেছে। বেনাপোল রুটেও ট্রাক ভাড়া একদিনের মধ্যে কয়েক হাজার টাকা বেড়েছে বলে শিল্প সংশ্লিষ্টদের উদ্ধৃত করে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এখানে নীতিনির্ধারকদের একটি বিষয় বিশেষভাবে বিবেচনা করা প্রয়োজন। জ্বালানি মূল্য সমন্বয় যদি প্রয়োজনীয়ও হয়, তার সঙ্গে পরিবহন খাতের প্রতিটি স্তরে একই সঙ্গে অসংগঠিতভাবে ভাড়া বাড়তে থাকলে মূল্যবৃদ্ধির প্রভাব বহুগুণ হতে পারে। তাই জ্বালানি মূল্যবৃদ্ধির পর পরিবহন ভাড়া কতটা যৌক্তিকভাবে সমন্বিত হচ্ছে, সেটি পর্যবেক্ষণের একটি স্বচ্ছ ব্যবস্থা থাকা দরকার। একইভাবে কোন সেবায় জ্বালানি ব্যয়ের প্রভাব কতটা, সেটি হিসাব করে চার্জ সমন্বয় করা হচ্ছে কি নাÑ তার হিসাবও।

সবচেয়ে জরুরি খরচের স্বচ্ছতা। এই পরিস্থিতিতে সরকারের প্রথম কাজ হওয়া উচিত প্রতিটি স্তরের ব্যয়কে দৃশ্যমান করা। জ্বালানি তেলের দাম বাড়লেই পরিবহন, অফডক, লাইটার, বন্দর-সংশ্লিষ্ট বিভিন্ন সেবাÑ সবখানে কতটা ব্যয় বাড়ার কথা, তার একটি যৌক্তিক কাঠামো থাকা দরকার। এর অর্থ কোনো খাতের চার্জ নির্দিষ্ট করে দেওয়া নয়। বরং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সমিতিগুলোকে জ্বালানি ব্যয়ের পরিবর্তন, শ্রম ব্যয়, রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য পরিচালন ব্যয়ের ভিত্তিতে সমন্বয়ের হিসাব প্রকাশের সংস্কৃতিতে আনতে হবে। এতে শিল্পোদ্যোক্তা যেমন বুঝতে পারবেন কোন ব্যয় বাস্তব, তেমনি অযৌক্তিক ব্যয় বৃদ্ধির সুযোগও কমবে। একই সঙ্গে পরিবহন খাতের জন্য ডিজিটাল ট্রিপ ও ভাড়া তথ্যভান্ডার তৈরি করা যেতে পারে। কোন রুটে গড় দূরত্ব কত, যানবাহনের ধরন কী, জ্বালানি খরচ কত এবং বর্তমান ভাড়ার কাঠামো কী- এসব তথ্য নিয়মিত প্রকাশ হলে দরকষাকষি আরও তথ্যভিত্তিক হতে পারে।

দ্বিতীয় করণীয় হলো শিল্পের জন্য ডিজেল সরবরাহের একটি নির্ভরযোগ্য ব্যবস্থা করা। এর অর্থ শিল্পকে স্থায়ীভাবে ভর্তুকি দেওয়া নয়, বরং যখন বিদ্যুৎ বা গ্যাসের ঘাটতির কারণে উৎপাদন সচল রাখতে ডিজেল অপরিহার্য হয়ে পড়ে, তখন বৈধ ও নির্ধারিত ব্যবস্থায় কারখানাগুলো যেন প্রয়োজনীয় জ্বালানি পায়, তা নিশ্চিত করা।  তবে শিল্পের সমস্যার স্থায়ী সমাধান বেশি ডিজেল সরবরাহ নয়, বরং ডিজেলের প্রয়োজন কমিয়ে আনা। এক্ষেত্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহই প্রথম শর্ত। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, শক্তি-সাশ্রয়ী মোটর ও বয়লার, উন্নত এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম, বর্জ্য তাপ পুনর্ব্যবহার এবং ব্যাটারি বা অন্যান্য উপযুক্ত ব্যাকআপ প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াতে হবে। গণমাধ্যমের তথ্য মতে, দেশের কিছু শিল্পপ্রতিষ্ঠান ইতোমধ্যে এর উদাহরণ তৈরি করেছে। হা-মীম গ্রুপের কারখানাগুলোতে ১২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনের ফলে লোডশেডিংয়ের সময় উৎপাদন চালু রাখায় সুবিধা হচ্ছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। অবশ্য সব শিল্পের পক্ষে একসঙ্গে বড় বিনিয়োগ করা সম্ভব নয়। তাই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে শক্তি-সাশ্রয়ী প্রযুক্তির জন্য দীর্ঘমেয়াদি অর্থায়ন, কর-সুবিধা বা অন্যান্য প্রণোদনা বিবেচনা করা যেতে পারে। ছোট ও মাঝারি শিল্পের জন্য এ ধরনের অর্থায়ন আরও গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের ক্ষেত্রে সমস্যাটি আরও সংবেদনশীল। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের দাম সব সময় ইচ্ছেমতো বাড়ানো যায় না। ফলে উৎপাদন ও লজিস্টিক ব্যয় বাড়লেও তার পুরোটা বিদেশি ক্রেতার কাছে স্থানান্তর করা সম্ভব হয় না। এ কারণে সাময়িকভাবে রপ্তানিমুখী শিল্পের জন্য কয়েকটি লক্ষ্যভিত্তিক ব্যবস্থা বিবেচনা করা যেতে পারে। যেমনÑ দ্রুত রপ্তানি প্রক্রিয়া, বন্দর ও কাস্টমসের সময় কমানো, কন্টেইনার জট কমানো, জ্বালানি সরবরাহের নির্ভরযোগ্যতা বাড়ানো এবং অপ্রয়োজনীয় প্রশাসনিক ব্যয় কমানো। কারণ একটি কন্টেইনার যদি বন্দরে বা অফডকে অপ্রয়োজনীয়ভাবে বেশি সময় পড়ে থাকে, তাহলে জ্বালানি খরচের বাইরে ডেমারেজ, স্টোরেজ ও অন্যান্য চার্জও বাড়ে। 

আসলে শিল্পের কাছে খরচ কমানোর আহ্বান জানানো সহজ। কিন্তু সরকারের নিজের ব্যবস্থাপনায় কোথায় ব্যয় কমানো যায়, সেটিও দেখতে হবে। বন্দর, সড়ক, কাস্টমস, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সরবরাহÑ সব জায়গায় দক্ষতা বাড়ানো গেলে ব্যবসার সামগ্রিক ব্যয় কমতে পারে। বিশেষ করে একই পণ্য বা কন্টেইনারকে বারবার সরানো, দীর্ঘ অপেক্ষা, কাগজপত্রের বিলম্ব, যানজট এবং সমন্বয়হীনতার কারণে যে অতিরিক্ত জ্বালানি খরচ হয়, সেটিও জাতীয় অর্থনীতির ব্যয়। এই ‘অদৃশ্য জ্বালানি ব্যয়’ কমানো অনেক ক্ষেত্রে নতুন কোনো ভর্তুকির চেয়ে বেশি কার্যকর হতে পারে।

আমি মনে করি, জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য করে পরিবর্তিত হওয়া উচিত। কিন্তু শিল্পের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পূর্বানুমানযোগ্যতা। উদ্যোক্তা যদি জানতে পারেন, জ্বালানির দাম কীভাবে পরিবর্তিত হবে, বিদ্যুৎ-গ্যাসের সরবরাহ কেমন থাকবে এবং পরিবহন ব্যয় কীভাবে সমন্বিত হবে, তাহলে তিনি উৎপাদন ও বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারেন। অন্যদিকে হঠাৎ মূল্যবৃদ্ধি, অনিশ্চিত বিদ্যুৎ সরবরাহ এবং একই সঙ্গে পরিবহন ও বন্দর ব্যয় বৃদ্ধির পরিস্থিতিতে ব্যবসার পরিকল্পনা কঠিন হয়ে পড়ে। এতে নতুন বিনিয়োগ স্থগিত হওয়ার ঝুঁকি থাকে। সুতরাং বর্তমান পরিস্থিতিতে নীতির লক্ষ্য হওয়া উচিত জ্বালানি তেলের দাম কৃত্রিমভাবে কম রাখা নয়, বরং জ্বালানি মূল্যবৃদ্ধির অভিঘাত যেন উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থানে অপ্রয়োজনীয় ক্ষতি না করে, সেই পরিবেশ তৈরি করা।

আমরা জানি, জ্বালানি তেলের দাম বাড়ার বাস্তবতা একদিনে পরিবর্তন করা সম্ভব নয়। আন্তর্জাতিক বাজার, ভূরাজনীতি, আমদানি ব্যয়, বৈদেশিক মুদ্রা এবং রাষ্ট্রীয় জ্বালানি ব্যবস্থাপনার নানা বিষয়ও এর সঙ্গে যুক্ত। তাই শিল্পের সমস্যার সমাধানও একটি মাত্র সিদ্ধান্তে হবে না। প্রথমত, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নির্ভরযোগ্য করতে হবে। দ্বিতীয়ত, শিল্পের জন্য জ্বালানি সরবরাহের কার্যকর ও স্বচ্ছ ব্যবস্থা করতে হবে। তৃতীয়ত, পরিবহন ও অফডকসহ লজিস্টিক ব্যয়ের সমন্বয়কে তথ্যভিত্তিক ও স্বচ্ছ করতে হবে। চতুর্থত, জ্বালানি-সাশ্রয়ী প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের পথ সহজ করতে হবে। পঞ্চমত, রপ্তানিমুখী শিল্পের প্রতিযোগিতা ধরে রাখতে উৎপাদন নয়, বরং অপ্রয়োজনীয় সময় ও ব্যয় কমানোর দিকে নজর দিতে হবে। মনে রাখতে হবে, শিল্পের ব্যয় বাড়া মানে শুধু উদ্যোক্তার মুনাফা কমা নয়। এর সঙ্গে জড়িয়ে আছে বিনিয়োগ, কর্মসংস্থান, রপ্তানি, ভোক্তার মূল্য এবং অর্থনীতির সামগ্রিক গতিশীলতা। তাই জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর শিল্পকে শুধু ‘বাড়তি ব্যয় মেনে নেওয়ার’ পরামর্শ দিলে সমস্যার সমাধান হবে না। প্রয়োজন এমন একটি সমন্বিত নীতি, যেখানে জ্বালানির প্রকৃত মূল্য অর্থনীতিতে প্রতিফলিত হবে, আবার একই সঙ্গে উৎপাদন ও সরবরাহব্যবস্থার অদক্ষতা কমিয়ে শিল্পকে প্রতিযোগিতামূলক রাখার সুযোগও তৈরি হবে। 

লেখক: কলামিস্ট ও শিল্পোদ্যোক্তা


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা