× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাজারে কার্যকর নজরদারি জরুরি

সম্পাদকীয়

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব অর্থনীতির প্রায় প্রতিটি স্তরেই পড়ে। পরিবহন ব্যয় বাড়ে, উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার খরচ বাড়েÑ শেষ পর্যন্ত সেই চাপ সম্পূর্ণভাবে ভোক্তার ওপর পড়াটাই স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিক ব্যয়বৃদ্ধির সুযোগ নিয়ে বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঘটছে কি নাÑ সেটিই এখন সরকারের সামনে বড় প্রশ্ন। এমন বাস্তবতায়, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারে নজরদারি জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এ ‘নিত্যপণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধে মাঠে নামছে তিন সংস্থা’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, বাজারে কোন পণ্যের দাম কতটা বাড়ার যৌক্তিকতা আছে, কোথায় পরিস্থিতির সুযোগ নিয়ে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে তা যাচাই করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বাজার পর্যালোচনা ও তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। শিগগির এ-সংক্রান্ত পর্যালোচনা প্রতিবেদনও জমা দিতে বলা হয়েছে।

আমরা মনে করি, এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত। তবে নজরদারি যেন কেবল অভিযান, জরিমানা কিংবা তাৎক্ষণিক মূল্য কমানোর মধ্যে সীমাবদ্ধ না থাকে। বাজারের প্রকৃত ব্যয় কাঠামো বোঝার ভিত্তিতে কার্যকর সিদ্ধান্ত নেওয়াই জরুরি। সেন্টার ফর পলিসি ডায়লগের নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেছেন, সরবরাহ ব্যবস্থার অদক্ষতার কারণে বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য না রেখে দাম বাড়ানো হচ্ছে কি না, তা বিটিটিসি, প্রতিযোগিতা কমিশন, টিসিবি, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বয়ে নির্ধারণ করা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ সমন্বিতভাবে বছরে অন্তত তিনবার চালু রাখার পরামর্শ তার। 

জানা গেছে, দাম নিয়ন্ত্রণে ইতোমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বিটিটিসি বাজার পরিস্থিতির তথ্য সংগ্রহে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে। সংস্থাটির দেওয়া তথ্যের ভিত্তিতে ‘অযৌক্তিক’ মূল্যবৃদ্ধির বিষয়টি যাচাই করা হবে। পর্যালোচনা করা হচ্ছে গবাদিপশুর খাদ্য, সয়াবিন মিল, ভুট্টা, গম, শস্যভিত্তিক খাদ্য ও তরল দুধের দামের বিষয়ে। এ কথা সত্য যে, এসব পণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি বা পরোক্ষভাবে খাদ্যব্যয়ের ওপর পড়ে। বিশেষ করে পশুখাদ্যের দাম বাড়লে দুধ, মাংস ও ডিমের উৎপাদন ব্যয় বাড়তে পারে। ফলে একটি পণ্যের মূল্যবৃদ্ধি অন্য অনেক পণ্যের বাজারেও প্রভাব ফেলে। এ কারণে এসব পণ্যের বাজার পর্যালোচনা নিছক ভোক্তা স্বার্থের বিষয় নয়, এটি সামগ্রিক খাদ্যবাজার ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সঙ্গেও সম্পর্কিত। তবে কোন পণ্যের দাম কতটা বাড়া যৌক্তিক, তা নির্ধারণ করতে হলে অনুমান-নির্ভর সিদ্ধান্ত এড়িয়ে তথ্যভিত্তিক বিশ্লেষণ প্রয়োজন। আমদানি মূল্য, আন্তর্জাতিক বাজারদর, ডলারের বিনিময় হার, শুল্ক-কর, পরিবহন ব্যয়, জ্বালানি ব্যয়, উৎপাদন খরচ, মজুদ পরিস্থিতি এবং পাইকারি ও খুচরা পর্যায়ের মার্জিনÑ প্রতিটি বিষয় আলাদাভাবে বিবেচনায় নিতে হবে। একই সঙ্গে পণ্যটি কোথা থেকে এসেছে এবং সরবরাহ শৃঙ্খলের কোন স্তরে কতটা ব্যয় যুক্ত হয়েছে, তারও হিসাব থাকা দরকার।

আমরা মনে করি, সরকারের নির্দেশে সংশ্লিষ্ট তিন সংস্থার বাজার পর্যালোচনা ও তথ্য সংগ্রহের উদ্যোগ বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে শুধু বর্তমান দাম সংগ্রহ করলেই হবে না, কয়েক মাস বা কয়েক বছরের ধারাবাহিক তথ্যের সঙ্গে তুলনা করে দেখতে হবে। আন্তর্জাতিক বাজারে কোনো পণ্যের দাম কমার পর দেশীয় বাজারে তার প্রতিফলন কত দ্রুত ঘটে, আবার দাম বাড়লে কত দ্রুত সমন্বয় হয়Ñ এ প্রশ্নেরও উত্তর খোঁজা জরুরি। একইভাবে সরবরাহকারীদের প্রকৃত ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের মধ্যে অস্বাভাবিক ব্যবধান আছে কি না, তাও যাচাই করা প্রয়োজন। 

সরকারও চাইলে নিয়মিতভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ খাদ্য ও পশুখাদ্যপণ্যের আমদানি মূল্য, গড় পাইকারি মূল্য, পরিবহন ব্যয় এবং খুচরা মূল্য প্রকাশ করতে পারে। এতে ভোক্তা যেমন বাজার সম্পর্কে ধারণা পাবেন, তেমনি ব্যবসায়ীদের ক্ষেত্রেও অযৌক্তিক মূল্যবৃদ্ধির সুযোগ সংকুচিত হবে। একই সঙ্গে মনে রাখতে হবে, ব্যবসায়ীদের সব মূল্যবৃদ্ধিকে কারসাজি হিসেবে দেখলে সমস্যার সমাধান হবে না। প্রকৃত ব্যয় বেড়ে থাকলে বাজারকে তা সমন্বয়ের সুযোগ দিতে হবে। অতিরিক্ত মূল্য নেওয়ার প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। লক্ষ্য হওয়া উচিত বাজার দমন নয়, বাজারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।

যেহেতু নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির অভিঘাত মোকাবিলায় তথ্যের মান, নজরদারির ধারাবাহিকতা এবং দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর নির্ভরশীল তাই বাজার পর্যালোচনার ফল যেন কাগজে-কলমে আটকে না থাকে। কোথায় ব্যয় বেড়েছে, কোথায় সরবরাহ সংকট, আর কোথায় অস্বাভাবিক মুনাফার সুযোগ তৈরি হয়েছেÑ এই পার্থক্য স্পষ্ট করে ব্যবস্থা নেওয়াই জরুরি। আমরা বিশ্বাস করি, বাজারে আস্থা ফিরিয়ে আনতে হলে কার্যকর নজরদারির বিকল্প নেই।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা