× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষা ক্ষেত্রে ‘এআই’ অন্তর্ভুক্তি

মো. আব্দুল হক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৪:২৮ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশের বিপুলসংখ্যক তরুণ উচ্চশিক্ষা গ্রহণ করলেও তাদের একটি বড় অংশ কাঙ্ক্ষিত কর্মসংস্থান পাচ্ছে না। এটার অন্যতম একটি কারণ হলো শিক্ষা ও কর্মবাজারের চাহিদার মধ্যে অসামঞ্জস্যতা। প্রতিবছর প্রায় ২০ লাখ শিক্ষিত গ্র্যাজুয়েট কর্মবাজারে প্রবেশ করছে। কর্মসংস্থানযোগ্য দক্ষতা অর্জনই উচ্চশিক্ষার প্রধান লক্ষ্য হওয়া প্রয়োজন। প্রচলিত উচ্চশিক্ষা মূলত জ্ঞান অর্জন ও পরীক্ষাভিত্তিক মূল্যায়নের ওপর নির্ভরশীল। কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবের যুগে শুধু তাত্ত্বিক জ্ঞান দিয়ে কর্মজীবনে সফল হওয়া কঠিন। প্রয়োজন দক্ষতা, সৃজনশীলতা, সমস্যা সমাধানের সক্ষমতা, যোগাযোগ দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান এবং দ্রুত পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার সক্ষমতা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI হতে পারে বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির একটি শক্তিশালী হাতিয়ার।

দেশের প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার মান, দক্ষ শিক্ষক, গবেষণা সহযোগিতা, ইন্টার্নশিপ, শিল্প-সংযোগ এবং আধুনিক শিক্ষাসামগ্রীর ক্ষেত্রে এখনও উল্লেখযোগ্য বৈষম্য বিদ্যমান। AI এবং ডিজিটাল প্লাটফরম ব্যবহার করে এই বৈষম্য অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এজন্য দরকার একটি সমন্বিত জাতীয় ডিজিটাল শিক্ষা প্লাটফরম, যার মাধ্যমে শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের সাথে যুক্ত করা, অনলাইন ইন্টার্নশিপ, প্রকল্পভিত্তিক শিক্ষা চালু করা, গবেষকদের দেশি-বিদেশি গবেষণা সহযোগিতার সুযোগ দেওয়া, প্রবাসী বাংলাদেশিদের জ্ঞান ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া; শিক্ষার্থীদের দক্ষতা অনুযায়ী চাকরি ও প্রশিক্ষণের সুযোগ খুঁজে দেওয়া।

আইসিটি ও ইংরেজির পাশাপাশি AI শিক্ষা যুক্ত করা এখন সময়ের দাবি। এআই শুধু কম্পিউটারে সীমাবদ্ধ নয় বরং চিকিৎসা, আইন, ব্যবসা, অর্থনীতি, কৃষি, শিক্ষা, সাহিত্য প্রতিটি শাখায় শিক্ষার্থীদের নিজ নিজ বিষয়ভিত্তিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। বিশ্ববিদ্যালয় ও শিল্প সংযোগকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারলে এবং দেশের বিশ্ববিদ্যালয়সমূহ, হাইটেক পার্ক, স্টার্টআপ, ব্যাংক, গবেষণা প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানকে একটি সমন্বিত উদ্ভাবন পরিবেশের মধ্যে আনতে পারলে শিক্ষার্থীরা প্রকল্পভিত্তিক ও সমস্যা সমাধানভিত্তিক শিক্ষা অর্জন করতে পারে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্টার্টআপ এবং কর্মসংস্থান সংযোগের ব্যবস্থা করে দিতে পারলে শিক্ষার্থীরা চাকরির পরিবর্তে উদ্যোক্তা হতে অধিক আগ্রহী হবে। এজন্য কোম্পানি নিবন্ধন সহজীকরণ, স্টার্টআপ অর্থায়ন বৃদ্ধি, তরুণ উদ্যোক্তাদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং বাজার সংযোগ তৈরি করা অত্যন্ত জরুরি। চতুর্থ শিল্প বিপ্লবের যুগে মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক ব্যবসা, সফটওয়্যার, ডিজিটাল সেবা, কৃষি-প্রযুক্তি, স্বাস্থ্য-প্রযুক্তি, শিক্ষা প্রযুক্তিই কর্মবাজার সৃষ্টির সম্ভাবনা তৈরি করবে। 

এজন্য দরকার ডিজিটাল অবকাঠামো তৈরি, উচ্চগতির ইন্টারনেট সংযোগ, স্মার্ট ক্লাসরুম, ডিজিটাল লাইব্রেরি, ভার্চুয়াল ল্যাব এবং সর্বোপরি আধুনিক ক্যাম্পাস নেটওয়ার্ককে উচ্চশিক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তুলতে হবে। তবে শহর ও গ্রামের বিশ্ববিদ্যালয়, ধনী-দরিদ্র, কেন্দ্র-প্রান্তিক অঞ্চলের মধ্যে ডিজিটাল বৈষম্য কমানো না গেলে বিপরীতক্রমে AI-নির্ভর শিক্ষা নতুন বৈষম্য সৃষ্টি করবে।

বর্তমানে AI ব্যবহারের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ যেমন দ্রুততর করা যায় ঠিক তেমনি তথ্য বিশ্লেষণ, নাগরিক সেবা সহজীকরণ, প্রশাসনিক দক্ষতা দ্রুত বৃদ্ধি পায়। তবে এআই ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই তথ্যের নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা, নৈতিকতা, জবাবদিহিতা এবং মানবিক মূল্যবোধ নিশ্চিত করা জরুরি অর্থাৎ প্রযক্তি যেন মানুষের ওপর কর্তৃত্ব না করে বরং মানুষের কল্যাণে ব্যবহৃত হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। 

বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সংস্কারের মধ্যে দক্ষতাভিত্তিক উচ্চশিক্ষা চালু, প্রতিটি বিষয়ে AI-Literacy অন্তর্ভুক্তি, বিশ্ববিদ্যালয়-শিল্প সংযোগ বাধ্যতামূলক ও কার্যকর করা, ইন্টার্নশিপ ও প্রকল্পভিত্তিক শিক্ষা সম্প্রসারণ, micro-credential চালু করা, গবেষণা ও শিল্পের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলা, স্টার্টআপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি করা, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর ডিজিটাল দক্ষতা বৃদ্ধি করা। 

এটা ঠিক যে কৃত্রিম বুদ্ধিমত্তা আগামীর বিশ্বকে পরিবর্তন করে দেবে, তবে সেটা বিশ্বকে সাহায্য করবে নাকি ক্ষতি করবে এমন প্রশ্ন থাকতেই পারে। অনেক বাজার গবেষকের মতে AI প্রযুক্তি সমাজে অনেক ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম, যার মধ্যে উৎপাদনশীলতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবার উন্নতি এবং শিক্ষার সুযোগ সম্প্রসারণ, রোবট এবং AI প্রযুক্তি কাজের ধরনই পরিবর্তন করবে না বরং এগুলো বিভিন্ন ধরনের পেশা ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে, একই সঙ্গে জটিল সমস্যার এবং দৈনন্দিন জীবনকে সহজ ও সুবিধাজক করে তুলতে পারে। 

গবেষণায় দেখা গেছে, বিগত বছরগুলোতে চ্যাটজিপিটির ব্যবহার বৃদ্ধি পেয়ে প্রায় ৮০ শতাংশ হয়েছে; বিশ্বব্যাপী AI প্রযুক্তিতে বিনিয়োগ ১১০ বিলিয়ন মাকিন ডলারে পৌঁছেছে। ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগগুলো কোন দিকে যাবে, এটি তারই ইঙ্গিত বহন করে।

বাংলাদেশে বর্তমান বিদ্যমান গ্রাফিক্স ডিজাইন, চিকিৎসা, কৃষি, অনুবাদ, গবেষণা, প্রোগ্রামিং, ইঞ্জিনিয়ারিং ব্যবসা, শিক্ষকতা প্রভৃতির সাথে যদি AI যুক্ত করা যায় তাহলে বাংলাদেশের তরুণদের জন্য একটি নতুন গ্লোবাল ডিজিটাল শ্রমশক্তি গড়ে তোলা সম্ভব হবে। এই মুহূর্তে দরকার বিশাল শিক্ষিত জনগোষ্ঠীকে স্বল্পমেয়াদি ও বাজারচাহিদাভিত্তিক প্রশিক্ষণ দানের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর। গোড়া থেকেই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের জন্য AI-এর মৌলিক জ্ঞান, AI টুলস ব্যবহার, AI prompt, তথ্য যাচাই, তথ্যের বিশ্লেষণ, প্রকল্পভিত্তিক বাস্তব প্রয়োগ, ইন্টার্নশিপ প্রভৃতি কোর্সের ধারাবাহিক অন্তর্ভুক্তির মাধ্যমে আমাদের শিক্ষার্থীদেরকে ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ হিসেবে করে গড়ে তোলা সম্ভব। 

বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলোতে AI অন্তর্ভুক্তির মাধ্যমে দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করা সম্ভব। শুধু শিক্ষার্থীদের না, সেই সাথে শিক্ষকদেরও প্রশিক্ষণের মাধ্যমে AI দিয়ে পাঠ পরিকল্পনা তৈরি, প্রশ্ন প্রণয়ন ও মূল্যায়ন, শিক্ষার্থীর শিখন ফল ঘাটতি শনাক্তকরণ, মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি, শিল্প-শিক্ষা অংশীদারত্বের মাধ্যমে আমরা দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করতে পারি। 

লেখক: সহকারী অধ্যাপক, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা