× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মশার কাছে রাষ্ট্র কি অসহায়

মীর আব্দুল আলীম

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১৭ পিএম

মীর আব্দুল আলীম। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

মীর আব্দুল আলীম। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুমি রোগের নাম নয়, এটি বাংলাদেশের মানুষের জন্য প্রতিবছরের এক ভয়াবহ জনস্বাস্থ্য সংকট। প্রতিদিন নতুন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে, প্রতিদিন কোনো না কোনো পরিবারের ঘরে নেমে আসছে শোক। সবচেয়ে উদ্বেগের বিষয়, ডেঙ্গুর প্রকোপ যখন দ্রুত বাড়ছে, তখন এডিস মশা নিয়ন্ত্রণে আমাদের তৎপরতা সেই তুলনায় কতটা কার্যকর, সেটিই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ ১৫ সেপ্টেম্বরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১ হাজার ৫৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৫ হাজার ১৬৩ জন। একই সময়ে ১ হাজার ৫৬৬ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

পরিসংখ্যানের দিকে একটু গভীরভাবে তাকালেই পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট হয়। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলতি বছরে মোট ৫৫ হাজার ১৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৫০ হাজার ৯৪১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। অর্থাৎ বিপুলসংখ্যক মানুষকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে এবং এখনও হাজার হাজার রোগী চিকিৎসাধীন থাকার পাশাপাশি নতুন রোগী প্রতিদিন হাসপাতালে আসছে। সবচেয়ে ভয়াবহ হচ্ছে সংক্রমণের গতি। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন অঞ্চলেই ডেঙ্গু ছড়িয়ে পড়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলোÑ ডেঙ্গুর মূল বাহক এডিস মশার বিরুদ্ধে আমাদের যুদ্ধটা কোথায়? হাসপাতালে রোগী ভর্তি হলে চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু রোগী যেন হাসপাতালে আসতে না হয়, সে ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে? মশা মারার অভিযান কি সত্যিই শহরের প্রতিটি ঝুঁকিপূর্ণ এলাকায় পৌঁছাচ্ছে? প্রতিটি ওয়ার্ডে কি নিয়মিত লার্ভা জরিপ হচ্ছে? নির্মাণাধীন ভবন, ছাদ, পরিত্যক্ত বাড়ি, ড্রেন, নালা, খোলা পাত্র, জমে থাকা পানি এবং ময়লার স্তূপে কি নিয়মিত নজরদারি হচ্ছে? এসব প্রশ্নের জবাব এখন জনগণের জানা দরকার।

মশক নিধন মানেই শুধু ধোঁয়া ছড়ানো নয়। অনেক সময় রাস্তার পাশে মেশিন চালিয়ে ধোঁয়া দেওয়া হয়, কিছু এলাকায় ওষুধ ছিটানো হয়, অভিযান চালানোর ছবি প্রকাশ হয়, তারপর কয়েক দিন পর সব আগের মতো হয়ে যায়। কিন্তু এডিস মশা নির্মূল করতে হলে মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। যে পাত্রে পানি জমে আছে সেটি সরাতে হবে, যেখানে লার্ভা আছে সেখানে ব্যবস্থা নিতে হবে। নির্মাণাধীন ভবনের মালিককে জবাবদিহিতার আওতায় আনতে হবে। সরকারি স্থাপনা ও খোলা জায়গায় জমে থাকা পানি অপসারণ করতে হবে। সবচেয়ে বড় কথা, কোথায় মশা জন্মাচ্ছে, সেই তথ্য আগে জানতে হবে।

এখানে একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার, ডেঙ্গু নিয়ন্ত্রণের দায়িত্ব শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়। রোগী শনাক্ত ও চিকিৎসা দেওয়া স্বাস্থ্য বিভাগের দায়িত্ব। কিন্তু মশা নিয়ন্ত্রণের মূল দায়িত্ব স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর। সিটি করপোরেশন, পৌরসভা এবং স্থানীয় প্রশাসনকে তাই স্বাস্থ্য বিভাগের সঙ্গে প্রতিদিন সমন্বয় করে কাজ করতে হবে। কোন এলাকায় রোগী বাড়ছে, কোন এলাকায় লার্ভা পাওয়া যাচ্ছে, কোন এলাকায় নতুন রোগীর ঘনত্ব বেশি, সেই তথ্য এক জায়গায় এনে দ্রুত অভিযান চালাতে হবে। রোগী বাড়ার পর অভিযান শুরু করলে হবে না, রোগী বাড়ার আগেই ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্ত করে ব্যবস্থা নিতে হবে।

সরকারি পরিসংখ্যানই যখন বলছে এক দিনে ১ হাজার ৫৯৩ জন হাসপাতালে ভর্তি হচ্ছে, তখন প্রশ্ন উঠবেইÑ মশক নিধনের মাঠপর্যায়ের অভিযান কোথায়? ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু কি যথেষ্ট সতর্কসংকেত নয়? সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনেই যখন ৬৭ জন মানুষ মারা গেছে, তখন পরিস্থিতিকে জরুরি ভিত্তিতে মোকাবিলা করা হবে না কেন? একটি পরিবারের জন্য একজন মানুষের মৃত্যু একটি অপূরণীয় ক্ষতি। সরকারি পরিসংখ্যানে ১৬৪ লেখা থাকলেও বাস্তবে এর সঙ্গে যুক্ত রয়েছে ১৬৪টি পরিবারের শোক, অসংখ্য স্বজনের কান্না এবং বহু পরিবারের অর্থনৈতিক সংকট। আমাদের মনে রাখতে হবে, ডেঙ্গু প্রতিরোধে শুধু হাসপাতাল বাড়ানো যথেষ্ট নয়। 

এজন্য এখনই সারা দেশে বিশেষ মশক নিধন অভিযান শুরু করা দরকার। শুধু রাজধানীতে নয়, প্রতিটি সিটি করপোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা পর্যায়ে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে অভিযান চালাতে হবে। প্রতিটি ওয়ার্ডে নিয়মিত এডিস মশার লার্ভা জরিপ করা যেতে পারে। কোথায় কতটি প্রজননস্থল ধ্বংস করা হলো, কোথায় কতবার অভিযান হয়েছে, কোন এলাকায় রোগী কমল বা বাড়লÑ এসব তথ্য নিয়মিত প্রকাশ করা দরকার। শুধু কত লিটার ওষুধ ছিটানো হয়েছে, সেটি সাফল্যের মাপকাঠি হতে পারে না। আসল সাফল্য হলোÑ এডিস মশার ঘনত্ব কমানো এবং ডেঙ্গু রোগীর সংখ্যা কমিয়ে আনা।

সাধারণ মানুষকেও এই যুদ্ধে যুক্ত করতে হবে। বাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র কিংবা যেকোনো স্থানে পানি জমে থাকলে তা পরিষ্কার করতে হবে। কিন্তু নাগরিকের দায়িত্বের কথা বলে কর্তৃপক্ষের দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। নাগরিক নিজের বাড়ি পরিষ্কার রাখবেন, আর রাষ্ট্র ও স্থানীয় সরকারকে পরিষ্কার রাখতে হবে রাস্তা, ড্রেন, নালা, খাল, সরকারি জমি ও জনসাধারণের ব্যবহার্য স্থান। দুটি কাজ একসঙ্গে না হলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়।

এখন প্রয়োজন প্রচার নয়, প্রয়োজন মাঠে দৃশ্যমান ফল। প্রয়োজন লোকদেখানো অভিযান নয়, প্রয়োজন মশার উৎসে আঘাত। প্রয়োজন শুধু ওষুধ ছিটানো নয়, প্রয়োজন বৈজ্ঞানিক নজরদারি। প্রয়োজন শুধু রোগী গুনে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া নয়, প্রয়োজন কেন রোগী বাড়ছে তার কারণ খুঁজে ব্যবস্থা নেওয়া। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব যখন একদিকে ১৬৪ মৃত্যুর কথা বলছে, অন্যদিকে ৫৫ হাজার ১৬৩ হাসপাতালে ভর্তির কথা বলছে, তখন এই সংখ্যাগুলোকে কেবল পরিসংখ্যান হিসেবে দেখলে চলবে না। এগুলো আমাদের প্রশাসনিক সক্ষমতা, জনস্বাস্থ্য ব্যবস্থাপনা এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের সামনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

ডেঙ্গুতে মৃত্যু মেনে নেওয়ার মতো কোনো স্বাভাবিক ঘটনা নয়। এ রোগের বাহক কোথায় জন্মায় আমরা জানি, কীভাবে বিস্তার লাভ করে, তাও জানি। প্রজননস্থল ধ্বংস করার উপায়ও আমাদের জানা। তাহলে প্রতিরোধে এত ঘাটতি থাকবে কেন? প্রতিদিন নতুন রোগী হাসপাতালে ভর্তি হবে, প্রতিদিন মৃত্যুর সংবাদ আসবে, আর আমরা শুধু সতর্কতামূলক বিজ্ঞপ্তি দিয়ে দায়িত্ব শেষ করব, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

সরকারকে এখনই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মশক নিধনে নামতে হবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। স্বাস্থ্য বিভাগকে তথ্য দিতে হবে, সিটি করপোরেশন ও পৌরসভাকে সেই তথ্য অনুযায়ী অভিযান চালাতে হবে। কোথাও মশার প্রজননস্থল পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। কোনো এলাকা ডেঙ্গুর হটস্পট হয়ে ওঠার অপেক্ষা করা যাবে না। কারণ প্রতিটি দিন গুরুত্বপূর্ণ, প্রতিটি ঘণ্টা গুরুত্বপূর্ণ।

শেষ কথা একটাই, ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে ব্যর্থতার মূল্য মানুষকে জীবন দিয়ে দিতে হবে কেন? একটি মশা হয়তো খুব ছোট, কিন্তু তার কারণে একটি পরিবারের পৃথিবী অন্ধকার হয়ে যেতে পারে। ১৬৪ জনের মৃত্যু নিশ্চয়ই আমাদের জন্য সতর্কবার্তা । ৫৫ হাজারের বেশি হাসপাতালে ভর্তি আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট হওয়া উচিত। সেপ্টেম্বরের ভয়াবহ ঊর্ধ্বগতিতে আমাদের ঘুম না ভাঙলে সামনে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চেোল যেতে পারে। তাই এখন আর সময়ক্ষেপণের সুযোগ নেই। মশা মারতে হবে, মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে, ডেঙ্গুর সংক্রমণ থামাতে হবে। মানুষকে বাঁচাতে হলে প্রতিরোধের যুদ্ধটিই জিততে হবে। কারণ একটি মৃত্যু শুধু একটি সংখ্যা নয়, একটি পরিবারের আজীবনের কান্না। 

লেখক: সাংবাদিক ও কলামিস্ট


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা