প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং অর্থনৈতিক সমৃদ্ধির ওপর জোর দিয়েছেন। ছবি: পিএমও
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং অর্থনৈতিক সমৃদ্ধির ওপর জোর দিয়েছেন। এই বিশ্বমঞ্চে তিনি বাংলাদেশের মানুষের অধিকার, মর্যাদা ও সাম্যভিত্তিক সমাজের রূপরেখাও তুলে ধরেছেন। তিনি বলেছেন, বাংলাদেশে ১৮ কোটিরও বেশি মানুষের বসবাস। এখানে রয়েছে তরুণ ও কর্মঠ জনগোষ্ঠী, ক্রমবর্ধমান বাজার এবং কৌশলগত ভৌগোলিক অবস্থান। বিশ্ব এখন বাংলাদেশকে উৎপাদন ও তৈরি পোশাকের কেন্দ্র হিসেবে চিনে। যে কারণে তার সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।
প্রধানমন্ত্রী তার ভাষণে বাংলাদেশের পুনর্গঠন ও সমৃদ্ধির লক্ষ্যে এক দূরদর্শী বার্তা তুলে ধরেছেন। উল্লেখ্য, জাতিসংঘে প্রধানমন্ত্রী তার পাঁচ দিনের এই সফরে সাধারণ অধিবেশনে ভাষণসহ ছয়টি গুরুত্বপূর্ণ বক্তব্য, ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, সব মিলিয়ে ৩০টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন। সফরের বিভিন্ন কর্মসূচিতে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, স্বাস্থ্য ও আন্তর্জাতিক শান্তির মতো বিষয় গুরুত্ব পায়। এছাড়া জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে মানবাধিকার ও বহুপক্ষীয় ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। উপসাগরীয় তিন দেশ কুয়েত, সৌদি আরব ও ইউএইর সঙ্গে আলোচনায় জনশক্তি, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়টিও উঠে আসে।
সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী ২৫ সেপ্টেম্বর ম্যানহাটনে জেপি মরগানের সদর দপ্তরে আয়োজিত বৈঠকে ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশে বিনিয়োগে আস্থা, পূর্বানুমেয়তা ও প্রবৃদ্ধির উপযোগী পরিবেশ নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘আমাদের বার্তা খুবই পরিষ্কার, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত।’ তার এই বার্তা নিঃসন্দেহে দেশের অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ। আমরা মনে করি, আন্তর্জাতিক ব্যবসায়ী মহলের সামনে বাংলাদেশকে বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য হিসেবে তুলে ধরার উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী।
উল্লেখ করা প্রয়োজন, ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা এবং বাংলাদেশকে বিশ্বব্যাপী সংযুক্ত উৎপাদন, বিনিয়োগ ও সেবা খাতের একটি কেন্দ্রে পরিণত করা সরকারের লক্ষ্য। সরকার বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশকে আরও সহজ, স্থিতিশীল ও নির্ভরযোগ্য করে তুলতে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে নিয়ন্ত্রণ ব্যবস্থা সহজ করা, বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার করা, বিধিবিধান সহজ করা, কর ও ভ্যাট প্রশাসনের উন্নয়ন, মুনাফা সহজে দেশে ফেরত নেওয়ার ব্যবস্থা এবং অবকাঠামোর উন্নয়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিষয়গুলো প্রধানমন্ত্রীর বৈঠকেও উঠে এসেছে। নিউইয়র্ক সফরের বৈঠকগুলোতে দেওয়া বার্তায় অন্তত এটুকু স্পষ্ট যে, বাংলাদেশের বৈদেশিক সম্পর্কের পরিসরে অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান ও জ্বালানি নিরাপত্তার বিষয়গুলোকে আরও গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়ার চেষ্টা রয়েছে।
বাংলাদেশের সামনে এখন বড় চ্যালেঞ্জ হচ্ছেÑ প্রধানমন্ত্রীর এই বার্তাকে বাস্তব অর্থনৈতিক কর্মকাণ্ডে রূপ দেওয়া। কেবল আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানালেই বিনিয়োগ আসে না। বিনিয়োগকারীরা দেখেন নীতির ধারাবাহিকতা, আইনের শাসন, প্রশাসনিক দক্ষতা, অবকাঠামো, জ্বালানি সরবরাহ, করব্যবস্থা, মুনাফা প্রত্যাবাসনের সুযোগ এবং বিনিয়োগ সুরক্ষার নিশ্চয়তা। প্রধানমন্ত্রী নিজেও তার বক্তব্যে স্বীকার করেছেন যে, বিনিয়োগকারীদের বৈধ প্রশ্ন রয়েছেÑ বিধিবিধান কতটা পূর্বানুমেয়, বিনিয়োগ কতটা সুরক্ষিত এবং মূলধন ও মুনাফা কতটা সহজে স্থানান্তর করা যায়।
যেহেতু সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা এবং বাংলাদেশকে বৈশ্বিক উৎপাদন, বিনিয়োগ ও সেবা খাতের একটি সংযুক্ত কেন্দ্রে পরিণত করা, তাই এই লক্ষ্য অর্জনে প্রয়োজন দৃশ্যমান অগ্রগতি। সেই লক্ষ্যে বিনিয়োগ সুরক্ষা জোরদার করা এবং অবকাঠামোগত ঘাটতি দূর করা জরুরি। অর্থনৈতিক কূটনীতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলোÑ বহুমুখী আন্তর্জাতিক অংশীদারত্ব। যুক্তরাষ্ট্রের পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গভীর করার যে উদ্যোগের কথা বলা হয়েছে, তা বাস্তবসম্মতভাবে এগিয়ে নেওয়া প্রয়োজন।
আমরা মনে করি, প্রধানমন্ত্রীর ওয়াল স্ট্রিট বার্তার সাফল্য শেষ পর্যন্ত নির্ধারিত হবে, কতটা বিদেশি বিনিয়োগ দেশে আসে, কত নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়, কত প্রযুক্তি ও দক্ষতা স্থানান্তরিত হয় এবং দেশীয় উদ্যোক্তারা কতটা উপকৃত হন, তার ওপর। বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্তÑ প্রধানমন্ত্রীর এই ঘোষণা কেবল কূটনৈতিক বক্তব্য হয়ে থাকলে চলবে না, এটি হতে হবে নীতি, প্রতিষ্ঠান ও বাস্তব অর্থনৈতিক পরিবেশের প্রতিশ্রুতি। কারণ বিনিয়োগকারীদের আস্থা অর্জনের সবচেয়ে কার্যকর উপায় হলো, কথার সঙ্গে কাজের সামঞ্জস্য নিশ্চিত করা। জাতিসংঘের মঞ্চ থেকে বাংলাদেশের সমৃদ্ধির নতুন বার্তার প্রকৃত পরীক্ষা সেখানেই।