ড. মো. মাহবুবুর রহমান
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৩ এএম
মানুষের সঙ্গে মানুষের আত্মিক বন্ধন গড়ে একটি নৈতিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে শুরু হয়েছিল ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ ‘মোরাল প্যারেন্টিং’। দেখতে দেখতে সেই পথচলার দশ বছর পূর্ণ হয়েছে। এই এক দশকে অজানা-অচেনা বহু মানুষ একে অন্যের সঙ্গে যুক্ত হয়েছেন এক ভিন্ন ধরনের সম্পর্কে। স্থান, ধর্ম ও বর্ণের সীমানা পেরিয়ে গড়ে উঠেছে প্রায় আড়াই হাজার সদস্যের একটি বড় পরিবার। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে আছে এই পরিবারের সদস্যরা। তবে দশ বছরের এই পথচলার গল্পটি শুধু একটি সংগঠনের বেড়ে ওঠার গল্প নয়; এর পেছনে রয়েছে কিছু উপলব্ধি ও নৈতিক সমাজ গঠনের একটি স্বপ্ন।
মোরাল প্যারেন্টিং ধারণার শুরুটা হয় আমার জাপান থাকার সময়ে, ২০০৮-২০১৩ সালে। উচ্চ শিক্ষার্থে সেখানে পাঁচ বছর থাকার সুযোগে একটি উন্নত সমাজের মানুষের জীবনযাপন খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়। জাপানের প্রযুক্তি কিংবা অবকাঠামো আমাকে যতটা আকৃষ্ট করেছিল তার চেয়েও বেশি মুগ্ধ করেছিল জাপানিজদের সততা, দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও অন্যের প্রতি শ্রদ্ধাবোধ দেখে।
জাপানে উচ্চশিক্ষা শেষে মালয়েশিয়াতে একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ পেলাম। সেখানে দুই বছর থাকার সুবাদে বিভিন্ন দেশের আরও কিছু মানুষের সঙ্গে মেশার অভিজ্ঞতা হলো। দীর্ঘ ৭ বছরের প্রবাস জীবনে বিভিন্ন দেশের মানুষের সাথে মিশে আমার উপলব্ধি হলোÑ একটি জাতির প্রকৃত উন্নয়ন শুধু অর্থনীতি, প্রযুক্তি কিংবা অবকাঠামোর উন্নয়নে হয় না; এর মূল ভিত্তি নির্ভর করে মানুষের চরিত্র, দায়িত্ববোধ, মানবিকতা এবং পারস্পরিক সম্পর্কের ওপর। এক কথায়, একটি সমাজের মানুষ যতটা নৈতিক ও দায়িত্বশীল, সেই সমাজের ভিতও ততটাই শক্ত।
আমার মধ্যে আরও কিছু উপলব্ধি আসেÑ সমাজ পরিবর্তন করতে হলে প্রথমে নৈতিক মানুষ তৈরি করতে হবে। কিন্তু নৈতিক মানুষ শুধু রাষ্ট্রের আইন-কানুন দিয়ে তৈরি করা যায় না। অন্যদিকে গতানুগতিক করুণা-নির্ভর দাতব্য কার্যক্রমও মানুষের জীবনে দীর্ঘমেয়াদে পরিবর্তন আনতে পারে না। এর জন্য প্রয়োজন এমন এক সম্পর্ক, যেখানে সমাজের সচেতন ও সামর্থ্যবান মানুষ নিজ সন্তানের পাশাপাশি সমাজের অন্য পিছিয়ে পড়া সন্তানের প্রতিও কিছুটা অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে। এই উপলব্ধিগুলো থেকেই ‘Moral Parenting’ বা ‘নৈতিক অভিভাবকত্ব’ ধারণার উৎপত্তি। মোরাল প্যারেন্টিং বা নৈতিক অভিভাবকত্ব বলতে আমরা বুঝিÑ নিজ সন্তানের পাশাপাশি সমাজের অন্য সন্তানের প্রতি অভিভাবকত্বের দায়িত্ব পালন করা। এখানে সামর্থ্যবান একজন মানুষ কেবল ‘দাতা’ নন; তিনি Moral Parent বা নৈতিক অভিভাবক। এই সম্পর্কটির ভিত্তি করুণা নয়, দায়িত্ব। এখানে অর্থের পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়, পরামর্শ, মমতা, দিকনির্দেশনা এবং দীর্ঘদিন পাশে থাকা। একজন দরিদ্র শিক্ষার্থীর অর্থ-সহায়তা অবশ্যই প্রয়োজন। কিন্তু একটি শিশুর মানসিক ও সামাজিক বিকাশ শুধু অর্থ দিয়ে হয় না। যে কিশোর বা কিশোরীর বাবা-মা শিক্ষিত নন, তার সামনে এমন একজন মানুষের প্রয়োজন হয় যিনি তাকে সঠিক পথ দেখাবেন, সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখাবেন এবং সেই স্বপ্ন পূরণে পাশে থেকে ভরসা দিবেন।
আমাদের বিশ্বাস, মানুষের জীবনের গভীর কিছু অর্জনÑ আত্মিক তৃপ্তি, মানুষের ভালোবাসা, সম্মান, দোয়া ও সামাজিক গ্রহণযোগ্যতাÑ অনেক সময় নিজের জন্য ব্যয় করা ৯০ শতাংশের চেয়ে অন্যের জন্য রাখা এই ১০ শতাংশ থেকেই বেশি আসে। আর, বিশ্বাসী মানুষের কাছে এটি পরকালের জন্যও মূল্যবান সঞ্চয় বা উত্তম সাদাকা। দেশে এখনও এমন পরিবার রয়েছে, যেখানে কোনো শিক্ষার আলো পৌঁছেনি। এমন একটি পরিবারের একটি ছেলে বা মেয়েকে যদি শিক্ষিত ও স্বাবলম্বী করে তোলা যায়, তার প্রভাব কেবল একজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না। পরবর্তী প্রজন্মেও এই শিক্ষার আলো কখনও নিভবে না। এক একটি পরিবারে এরকম একটি করে বাতি জ্বালিয়ে দেওয়া একসময় পুরা সমাজকে আলোকিত করতে পারে।
মোরাল প্যারেন্টিংয়ের কার্যক্রম শুধু তাই শিক্ষার্থীদের মাসিক বৃত্তি পাঠানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। এখানে স্থানীয় শিক্ষক ও Campus Guardian-দের মাধ্যমে সম্ভাবনাময় শিক্ষার্থী নির্বাচন করা হয়। Campus Guardian নিয়মিত শিক্ষার্থীর খোঁজ রাখেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। অন্যদিকে Moral Parent তার Moral Child-এর সঙ্গে যোগাযোগ রাখেন, পড়াশোনা, ক্যারিয়ার এবং জীবনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে কথা বলেন।
সময়ের সঙ্গে মোরাল প্যারেন্টিংয়ের কার্যক্রমের পরিধিও বেড়েছে। শিক্ষাবৃত্তির পাশাপাশি রয়েছে প্রয়োজনীয় দিকনির্দেশনা, শারীরিক ও মানসিক স্বাস্থ্য-সহায়তা, দক্ষতা উন্নয়ন কোর্স, ক্যারিয়ার কাউন্সেলিং, স্বাবলম্বী প্রকল্প এবং ‘১০০ বই পড়া উৎসব’-এর মতো কার্যক্রম।
মোরাল প্যারেন্টদের আর্থিক হিসাব ও শিক্ষার্থীদের অগ্রগতির তথ্য সফটওয়্যারভিত্তিক ব্যবস্থাপনায় সংরক্ষণ করা হয়। ফলে একজন Moral Parent তার সহযোগিতার হিসাব এবং সংশ্লিষ্ট Moral Child-এর অগ্রগতির তথ্য সহজে দেখতে পারেন। অন্যদিকে মাঠপর্যায়ে Campus Guardian ও স্থানীয় শিক্ষকের সম্পৃক্ততা রয়েছে। অর্থাৎ প্রযুক্তির হিসাব এবং মানুষের সরাসরি যোগাযোগÑ এই দুই ব্যবস্থাকে পাশাপাশি রেখে আস্থা তৈরির চেষ্টা করা হয়েছে।
একসময় যারা Moral Child হিসেবে অন্যের সহযোগিতা নিয়ে পড়াশোনা করেছেন, তাদের অনেকেই এখন উচ্চশিক্ষা শেষ করে দেশে-বিদেশে নিজেদের জায়গা তৈরি করছেন। তাদের মধ্য থেকে কেউ কেউ আবার নিজেরাই Moral Parent হয়ে অন্য এক পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীর দায়িত্ব নিচ্ছেন। একদিন যে শিশু ভালোবাসা পেয়েছিল, বড় হয়ে সেই ভালোবাসাই সে আরেকজনের দিকে বাড়িয়ে দিচ্ছে।
সম্ভবত একটি সামাজিক উদ্যোগের সবচেয়ে বড় পরীক্ষাও এখানেই। কারণ কোনো সহযোগিতা তখনই একটি দীর্ঘস্থায়ী সামাজিক সংস্কৃতিতে রূপ নিতে শুরু করে, যখন সহযোগিতা পাওয়া মানুষটি একদিন নিজেই অন্য মানুষের পাশে দাঁড়ায়।
কিন্তু আমাদের চূড়ান্ত স্বপ্ন শুধু এই ট্রাস্টকে বড় করা, বেশি বৃত্তি দেওয়া কিংবা সদস্য সংখ্যা বাড়ানো নয়; স্বপ্নের ধারাটি আরও বিস্তৃতÑ নৈতিক মানুষ থেকে নৈতিক পরিবার, নৈতিক পরিবার থেকে নৈতিক সমাজ। রাষ্ট্রের সীমানা মানচিত্রে আঁকা যায়। আইন দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করা যায়। কিন্তু একটি সমাজের প্রকৃত ভিত শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে মানুষের চরিত্র, পারস্পরিক বিশ্বাস এবং সম্পর্কের ওপর। মানুষের হৃদয়ে পৌঁছানোর ভাষাও খুব নতুন কিছু নয়Ñ ভালোবাসা, দায়িত্ববোধ এবং প্রয়োজনের সময়ে পাশে থাকা। মোরাল প্যারেন্টিং সেই পুরনো মানবিক মূল্যবোধকেই একটি নতুন সামাজিক কাঠামোর মধ্যে দাঁড় করানোর চেষ্টা করছেÑ করুণা নয়, আপন করে নেওয়া।
কাউকে শুধু ‘সুবিধাবঞ্চিত’ হিসেবে দেখে সহযোগিতা করলে তার সঙ্গে দাতার একটি দূরত্ব থেকে যায়। কিন্তু তাকে সন্তানের মতো আপন করে নিয়ে দীর্ঘমেয়াদি দায়িত্ব পালন করলে সম্পর্কটির চরিত্র বদলে যায়। তখন সহযোগিতা পাওয়া মানুষটির মধ্যেও একদিন অন্যের দায়িত্ব নেওয়ার মানসিকতা তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ে। মোরাল প্যারেন্টিংয়ের স্বপ্নও এখানেইÑ করুণা-নির্ভর দাতব্য কার্যক্রমের সীমা পেরিয়ে দায়িত্ব ও সম্পর্কের সংস্কৃতি তৈরি করা।
মোরাল প্যারেন্টিংয়ের দশ বছরের পথচলা তাই শুধু একটি সংগঠনের বর্ষপূর্তির গল্প নয়; এটি একটি প্রশ্নও রেখে যায় আমাদের সামনেÑ নিজের সন্তানের জন্য আমরা একটি ভালো ভবিষ্যৎ চাই। কিন্তু সেই ভবিষ্যতের জন্য একটি ভালো সমাজ রেখে যাওয়ার দায়িত্বটুকু কার? সম্ভবত উত্তরটি আমাদের প্রত্যেকের কাছেই আছে। নিজ সন্তানের পাশাপাশি অন্তত আরেকটি সন্তানের স্বপ্ন পূরণের সহযোগী হওয়া। আর সেখান থেকেই হয়তো শুরু হতে পারে নৈতিক সমাজের পথে আরেকটি পদক্ষেপ।
লেখক: সমাজকর্মী, প্রতিষ্ঠাতা, মোরাল প্যারেন্টিং পরিবার