× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মায় রেল: স্বপ্ন থেকে সমৃদ্ধি

মো. ইলিয়াস হোসেন

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৬ এএম

কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশের উন্নয়নের ইতিহাসে কিছু প্রকল্প কেবল অবকাঠামো নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; তারা একটি জাতির অর্থনৈতিক ও সামাজিক গতিপথ পরিবর্তনের শক্তিতে পরিণত হয়েছে। পদ্মা সেতু এবং পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প তেমনই একটি জাতীয় অর্জন। বহুল প্রতীক্ষিত এই প্রকল্প বাস্তবায়নের ফলে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বহু দশকের যোগাযোগ-বঞ্চনার অবসান ঘটেছে। পদ্মা সেতু যেমন দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলাকে রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি যুক্ত করেছে, তেমনি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পটিও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, খুলনা এবং পার্শ্ববর্তী অঞ্চলের সাথে সরাসরি রেল সংযোগ স্থাপনের মাধ্যমে দেশের অর্থনৈতিক মানচিত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

দীর্ঘদিন ধরে পদ্মা নদী যেমন দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য একটি প্রাকৃতিক সম্পদ ছিল, তেমনি উন্নয়নের পথে একটি বড় প্রতিবন্ধকতাও ছিল। রাজধানীর সঙ্গে সরাসরি যোগাযোগের ক্ষেত্রে সময়, ব্যয় এবং অনিশ্চয়তা; সব মিলিয়ে এই অঞ্চলের শিল্পায়ন, বিনিয়োগ ও নগরায়ণ কখনোই কাঙ্ক্ষিত গতি পায়নি। অথচ এই অঞ্চলেই রয়েছে দেশের অন্যতম উর্বর কৃষিজমি, সমৃদ্ধ মৎস্যসম্পদ, চিংড়ি শিল্প, সুন্দরবন, কুয়াকাটা, মোংলা সমুদ্রবন্দর, পায়রা সমুদ্রবন্দর এবং বেনাপোল স্থলবন্দর। অর্থাৎ সম্ভাবনা ছিল অপার, কিন্তু সংযোগ ছিল না। পদ্মা সেতু সেই বাস্তবতা বদলে দিয়েছে। সেতুটি শুধু দুই তীরকে যুক্তই করেনি; এটি দেশের অর্থনৈতিক ভূগোলকেও নতুনভাবে বিন্যস্ত করেছে। ঢাকা থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাতায়াতের দীর্ঘ সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। পণ্য পরিবহন দ্রুত হয়েছে, ব্যবসায়িক ব্যয় কমেছে এবং বিনিয়োগকারীদের কাছে অঞ্চলটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। যোগাযোগের উন্নতি, মানুষের জীবনমান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের সুযোগও বেড়েছে।

বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের ইতিহাসে পদ্মা সেতু যেমন একটি যুগান্তকারী অর্জন, তেমনি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প দেশের যোগাযোগ ব্যবস্থাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অন্যতম মাইলফলক। এই প্রকল্প শুধু একটি রেললাইন নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি, শিল্প, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পর্যটন এবং কর্মসংস্থানের নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। 

এই প্রকল্পের একজন ক্ষুদ্র নির্মাণ প্রকৌশলী হিসেবে শুরু থেকে শেষ পর্যন্ত এর সঙ্গে যুক্ত থাকার সৌভাগ্য আমার হয়েছে। ভাঙ্গা থেকে যশোর অংশের প্রায় ৮৩ কিলোমিটার রেলপথের এমব্যাংকমেন্ট নির্মাণ, ট্র্যাক বসানো, বিভিন্ন প্রকৌশল কার্যক্রম এবং পরীক্ষামূলক ট্রেন চলাচল থেকে নিয়মিত বাণিজ্যিক ট্রেন পরিচালনা পর্যন্ত একাধিক দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। তিন বছরেরও বেশি সময় ধরে এই বিশাল কর্মযজ্ঞের অংশ হতে পারা আমার জীবনের অন্যতম গর্বের অধ্যায়। বর্তমানে আমি প্রায় প্রতি সপ্তাহেই এই রেলপথে ভাঙ্গা পর্যন্ত যাতায়াত করি। প্রতিটি যাত্রায় একটি বিষয় অত্যন্ত স্পষ্ট, এই রেলসেবার প্রতি মানুষের আগ্রহ ও নির্ভরতা অভাবনীয়। অধিকাংশ ট্রেনেই যাত্রীর চাপ এত বেশি যে, অনেক সময় আসন পাওয়া কঠিন হয়ে পড়ে। এটি প্রমাণ করে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে একটি দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য রেল যোগাযোগের অপেক্ষায় ছিল। 

রেল চালু হওয়ার পর মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, খুলনা এবং আশপাশের জেলাগুলোর মানুষের জীবনযাত্রায় দৃশ্যমান পরিবর্তন এসেছে। শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এর ইতিবাচক প্রভাব সুস্পষ্ট। রাজধানী ও অন্যান্য বড় শহরে উচ্চশিক্ষা কিংবা বিশেষায়িত চিকিৎসা গ্রহণের জন্য যাতায়াত এখন অনেক সহজ হয়েছে। হাজার হাজার কর্মজীবী মানুষ সময় ও অর্থ উভয় ক্ষেত্রেই সাশ্রয়ী সুবিধা ভোগ করছেন। এর পাশাপাশি কৃষিপণ্য পরিবহনে নতুন গতি এসেছে। এসব অঞ্চলে উৎপাদিত মাছ, সবজি, ফল, ফুল ও অন্যান্য কৃষিপণ্য এখন আরও দ্রুত দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছানো সম্ভব হচ্ছে। এতে কৃষকের ন্যায্যমূল্য পাওয়ার সম্ভাবনা বাড়ছে এবং কৃষিভিত্তিক অর্থনীতি আরও শক্তিশালী হচ্ছে। দীর্ঘদিন অবকাঠামোগত বৈষম্যের শিকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ এখন নিজেদের জাতীয় উন্নয়নের মূলধারার অংশ হিসেবে অনুভব করছেন। মানুষের মধ্যে নতুন উদ্দীপনা, আত্মবিশ্বাস এবং বিনিয়োগের আগ্রহ তৈরি হয়েছে। নতুন শিল্প, আবাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, পর্যটন কেন্দ্র এবং বাণিজ্যিক কার্যক্রম গড়ে ওঠার পরিবেশ সৃষ্টি হয়েছে। এটি কেবল একটি পরিবহনসেবা নয়; এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের অর্থনৈতিক ও সামাজিক জীবনে নতুন আস্থার প্রতীক।

তবে এই সাফল্যের পরও একটি গুরুত্বপূর্ণ অপূর্ণতা রয়ে গেছে। বর্তমানে রেললাইন যশোর পর্যন্ত কার্যকর হলেও দেশের দক্ষিণাঞ্চলের একটি বৃহৎ জনগোষ্ঠীÑ বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনার মানুষÑ এখনও সরাসরি জাতীয় রেল নেটওয়ার্কের বাইরে রয়েছে। এই অঞ্চলকে রেলের আওতায় আনা গেলে বাংলাদেশের যোগাযোগব্যবস্থায় একটি পূর্ণাঙ্গ রূপান্তর ঘটবে। আর এই সম্প্রসারণ বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ কাঠামো চারটি কৌশলগত ভিত্তির ওপর দাঁড়াবেÑ সড়ক, রেল, নৌপথ এবং সমুদ্রবন্দর। বিশ্বের উন্নত অর্থনীতিগুলোতে এই ধরনের সমন্বিত মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থা উৎপাদনশীলতা বৃদ্ধি এবং লজিস্টিক ব্যয় কমানোর অন্যতম প্রধান উপায় হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশের ক্ষেত্রেও একই সম্ভাবনা সৃষ্টি হবে।

এই রেল যোগাযোগের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি হবে বন্দর সংযোগ। বেনাপোল স্থলবন্দর ভারতের সঙ্গে বাংলাদেশের বৃহত্তম স্থলবানিজ্যের কেন্দ্র। মোংলা সমুদ্রবন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর এবং পায়রা সমুদ্রবন্দর ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে উঠছে। এই তিনটি বন্দর যদি আধুনিক রেল নেটওয়ার্কের মাধ্যমে রাজধানী ও দেশের শিল্পাঞ্চলের সঙ্গে কার্যকরভাবে যুক্ত হয়, তাহলে পণ্য পরিবহনের সময় কমবে, ব্যয় হ্রাস পাবে এবং বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা আরও শক্তিশালী হবে। দক্ষিণাঞ্চলের কৃষি ও মৎস্য খাতও এই যোগাযোগ বিপ্লবের বড় উপকারভোগী হবে। পর্যটন খাতেও এই যোগাযোগব্যবস্থা নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। সুন্দরবন এবং কুয়াকাটা আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য হওয়ার সক্ষমতা রাখে। দ্রুত ও আরামদায়ক রেল সংযোগ চালু হলে পর্যটকের সংখ্যা বাড়বে, নতুন হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, পরিবহনসেবা ও স্থানীয় উদ্যোক্তা সৃষ্টি হবে। পর্যটনকে ঘিরে হাজার হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। 

ইতোমধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার ভাঙ্গার চতুর্মুখী এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার প্রেক্ষাপট বিবেচনায় ভাঙ্গাকে একটি আধুনিক লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। এখান থেকে যশোর-বেনাপোল, খুলনা-মোংলা এবং বরিশাল-পায়রা-কুয়াকাটাÑএই তিনটি প্রধান করিডোরকে একত্রে সংযুক্ত করা সম্ভব। এর সঙ্গে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, কোল্ড-চেইন অবকাঠামো, গুদামজাতকরণ এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে উঠলে দক্ষিণ-পশ্চিমাঞ্চল বাংলাদেশের অন্যতম শক্তিশালী উৎপাদন ও বাণিজ্যকেন্দ্রে পরিণত হতে পারে। 

আজ বাংলাদেশের সামনে একটি ঐতিহাসিক সুযোগ রয়েছে। পদ্মা সেতু আমাদের সংযুক্ত করেছে, পদ্মা সেতুতে রেললাইন সেই সংযোগকে আরও শক্তিশালী করেছে। বর্তমানে বাংলাদেশ যখন মন্বিত যোগাযোগ কাঠামোর এগিয়ে যাচ্ছে, তখন পদ্মা সেতু রেল সংযোগের পরবর্তী যৌক্তিক ধাপ হওয়া উচিত বরিশাল-পটুয়াখালী পর্যন্ত রেললাইন সম্প্রসারণ। এটি কেবল একটি নতুন রেলপথ হবে না; বরং দক্ষিণাঞ্চলের কোটি মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পাশাপাশি জাতীয় অর্থনীতির জন্য একটি নতুন প্রবৃদ্ধির ভিত্তি তৈরি করবে। একজন প্রকৌশলী এবং পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের একজন ক্ষুদ্র নির্মাণ সৈনিক হিসেবে আমার দৃঢ় বিশ্বাসÑ যে স্বপ্ন পদ্মা সেতু বাস্তবায়নের মাধ্যমে শুরু হয়েছে, তা পূর্ণতা পাবে তখনই, যখন বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রতিটি গুরুত্বপূর্ণ জেলা আধুনিক রেল যোগাযোগের মাধ্যমে রাজধানী ও দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সরাসরি যুক্ত হবে। 

একটি সেতু একটি নদী অতিক্রম করে, কিন্তু একটি সমন্বিত যোগাযোগব্যবস্থা একটি জাতির ভবিষ্যৎ নির্মাণ করে। পদ্মা সেতু, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প এবং সম্ভাব্য ভাঙ্গা-বরিশাল রেলপথÑ এই তিনটি প্রকল্পকে যদি একই উন্নয়ন দর্শনের অংশ হিসেবে বাস্তবায়ন করা যায়, তবে দক্ষিণ-পশ্চিমাঞ্চল আর দেশের প্রান্তিক অঞ্চল থাকবে না; বরং বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈদেশিক বানিজ্য, পর্যটন ও আঞ্চলিক সংযোগের অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত হবে। এটাই হতে পারে একটি সংযুক্ত, ভারসাম্যপূর্ণ এবং সমৃদ্ধ বাংলাদেশের আগামী অধ্যায়। আমরা তেমনটাই প্রত্যাশা করছি।

লেখক: কলামিস্ট ও সাবেক সেনা কর্মকর্তা 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা