× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্যরাতে কেন এই তাণ্ডব

সম্পাদকীয়

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৫ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

একাটি রাজনৈতিক সরকারের প্রকৃত শক্তি নিহিত এর দল এবং কর্মী-সমর্থকদের মধ্যে। কর্মীরা দলের আদর্শ, উদ্দেশ্য পৌঁছে দেন সাধারণ মানুষের মধ্যে। সে প্রচারণা জনমনে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করলে সাধারণ মানুষ দলটির প্রতি তাদের সমর্থন ব্যক্ত করে। বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির মূল শক্তি জনগণ। দলটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ সত্যটি উপলব্ধি করেই বলেছিলেন, ‘জনগণই সকল সার্বভৌম ক্ষমতার উৎস’।

তার এ উক্তি পরবর্তী সময়ে ইতিহাসের কষ্টিপাথরে অকাট্য সত্য বলে প্রতীয়মান হয়েছে। এ দেশে অনেক জনসমর্থিত সরকার এসেছে। কিন্তু তারা তাদের কার্যকলাপের কারণে সে জনসমর্থন ধরে রাখতে পারেনি। বরণ করতে হয়েছে শোচনীয় পরাজয়। সে পরাজয় নির্বাচনি ব্যালটে যেমন এসেছে, তেমনি জনগণের পুঞ্জীভূত রোষের কারণে গণ-আন্দোলনেও এসেছে।

নিকট ইতিহাসে এর ভূরি ভূরি নজির রয়েছে। আর সেজন্যই একটি রাজনৈতিক দল যখন জনগণের সমর্থনপুষ্ট হয়ে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়, তখন দলটির নেতাকর্মী ও সমর্থকদের কাজকর্মে, আচরণে অনেক সংযত হতে হয়। এর ব্যত্যয় ঘটলে দলটি বা এর সরকারের প্রতি জনগণের বিরূপ ধারণা জন্ম নেয়। 

দীর্ঘ সতেরো বছর পরে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতার স্টিয়ারিং হাতে পেয়েছে বিএনপি। জনসাধারণের ধারণা এবং প্রত্যাশা ছিল, সদ্য পতিত লীগ সরকারের পরিণতি স্মরণে রেখে দলটির নেতাকর্মীরা এমন কোনো কাজে লিপ্ত হবে না, যা দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে। কিন্তু সরকারের বয়স ৭ মাস না পেরোতেই দলটির বিভিন্ন স্তরের কতিপয় নেতাকর্মীর বিরুদ্ধে এমনসব অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠতে শুরু করেছে যেগুলো একটি সরকারের জন্য চরম বিব্রতকর।

হাটবাজার বা ফুটপাতের ক্ষুদ্র দোকানিদের কাছ থেকে তোলা আদায়, কোথাও সন্ত্রাসী তৎপরতার মাধ্যমে নিরীহ মানুষদের চাঁদা দিতে বাধ্য করা, ইত্যাকার অভিযোগ গণমাধ্যমগুলোতে প্রকাশ হচ্ছে। 

গত বৃহস্পতিবার মধ্যরাতে সাহায্য সেবা প্রতিষ্ঠান রাড্ডার মিরপুর সেন্টারে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে গোটা অফিস ও টিকাদান কেন্দ্র ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, সেই ভগ্নস্তূপের ওপর টাঙিয়ে দিয়েছে ‘সমমনা দোকানদার সমিতি’ নামে একটি ভুতুড়ে সংগঠনের সাইনবোর্ড। 

শনিবার এ সংক্রান্ত খবরে প্রতিদিনের বাংলাদেশ লিখেছে, দুর্বৃত্তদল হামলা চালিয়ে রাড্ডার কার্যালয়টির আসবাবপত্র ভাঙচুর, গুরুত্বপূর্ণ নথিপত্র ও টিকাদান কার্যক্রমের বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ দেড় কোটি টাকা হতে পারে।

এ ব্যাপারে মিরপুর শাহ আলী থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছে, তাতে স্থানীয় বিএনপি নেতা হানিফ মিয়াসহ ২০০ থেকে ২৫০ জনকে আসমি করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের মতে, রাড্ডার প্রায় ১০ কাঠা জমি নিয়ে স্থানীয়ভাবে বিরোধ চলছিল। মূলত ওই জমি দখলের উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে। অবশ্য এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা হানিফ মিয়া।

শাহ আলী থানার ওসি গণমাধ্যমকে বলেছেন, মামলায় উত্থাপিত অভিযোগের তদন্ত চলছে, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। রাড্ডার নির্বাহী পরিচালক বলেছেন, মিরপুরের এই সেন্টারটি সরকারের সঙ্গে যৌথ অংশীদারত্বের ভিত্তিতে বিগত ৫০ বছর ধরে দরিদ্র এবং অসহায় মা ও শিশুদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে।

তিনি অভিযোগ করেছেন, পরিকল্পিত এ হামলায় কেন্দ্রটি ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় উল্লিখিত সেবা কার্যক্রম চালু রাখা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান গণমাধ্যমকে বলেছেন, এ ধরনের ঘটনা সরকার চায় না, তারাও চান না। ঘটনায় যে-ই জড়িত থাকুক তাকে দ্রুত গ্রেপ্তার করতে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন। 

এটা ঠিক দেশে মাঝেমধ্যে এমনসব ঘটনা ঘটে, যা একটি সরকারের বা সংশ্লিষ্ট সংস্থার প্রত্যাশিত নয়। তারপরও ঘটে। আর এসব যারা ঘটায় তাদের খুঁটির জোর কোথায় সেটাই বড় প্রশ্ন। মিরপুরের রাড্ডা সেন্টারের ঘটনা তেমনি। এ ধরনের জঘন্য ঘটনা সরকার চাইবে নাÑ এটা যেমন সত্যি, তেমনি যারা ঘটাচ্ছে তারাও যে কম শক্তিশালী নয় সেটাও সত্যি।

ওই ঘটনার হোতা হিসেবে যার নাম এসেছে, তিনি ঢাকা মহানগর বিএনপির নেতা হিসেবে সুপরিচিত। ফলে এটা ভাবার কোনো কারণ নেই, রাড্ডা তার বিরুদ্ধে মনগড়া অভিযোগ উত্থাপন করেছে। ঢাকা উত্তর সিটি প্রশাসক বলেছেন, তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন অভিযুক্তদের গ্রেপ্তার করতে। এ উক্তি তার নিজের দায়মুক্তির জন্য যথেষ্ট হলেও বাস্তবতার নিরিখে গ্রহণযোগ্য হতে পারে না। কেননা, পুলিশ সিটি করপোরেশনের অধীনস্থ কোনো সংস্থা নয়। তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। ফলে সিটি প্রশাসকের নির্দেশ তারা পালন না করলেও তার কিছু করার থাকবে না। 

আমরা বলতে চাই, বিন্দু বিন্দু জলে যেমন সিন্ধু তৈরি হয়, তেমনি ছোট ছোট বা বিক্ষিপ্ত কিছু ঘটনাই একসময় একটি সরকারের ভাবমর্যাদায় কালিমা লেপন করে দেয়। কতিপয় দুর্বৃত্ত ও সমাজবিরোধীর কার্যকলাপের দায় দল ও সরকার বহন করতে পারে না। তাই অবিলম্বে মিরপুরে সংঘটিত মধ্যরাতের তাণ্ডবের হোতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা জরুরি। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে কোনো অপরাধীকেই ছাড় দেওয়া যাবে না।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা