× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমেইল থেকে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৪ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

খাদ্যনিরাপত্তায় কৃষকের অবদান

যেকোনো পেশার মানুষের একটা নির্দিষ্ট কর্মঘণ্টা থাকে কিন্তু কৃষকের ক্ষেত্রেই তার ব্যতিক্রম লক্ষণীয়। ভোরের আলো ফোটার আগেই যখন সাধারণ মানুষ গভীর ঘুমে ব্যস্ত ঠিক তখন যে মানুষগুলো মাঠের পথে হাঁটেন, দিনের শেষ আলোটুকু মিলিয়ে যাওয়ার পরও যাদের কাজ শেষ হয় না তিনিই কৃষক। তার হাড়ভাঙা পরিশ্রমের ফলেই সুজলা-সুফলা, সবুজ মাঠভরা শস্যে গোলা ভরে। যে মানুষগুলো আমাদের খাদ্যনিরাপত্তার প্রধান কারিগর, সমাজে তারাই সবচেয়ে অবহেলা ও অবমূল্যায়নের শিকার। শহুরে ব্যস্ত জীবনে আমরা কখনওই সেই মানুষগুলোর কথা খুব একটা মনে রাখি না; অথচ তাদের শ্রমের উপস্থিতি সকল ক্ষেত্রেই অনিবার্য।

দেশের কৃষি আজকের এ পর্যায়ে এসে পৌঁছেছে বহু পরিবর্তনের মধ্য দিয়ে। উন্নত জাতের বীজ, সেচব্যবস্থা, কৃষিযন্ত্র, মোবাইলভিত্তিক তথ্যসেবা এবং আধুনিক কৃষিপদ্ধতির ব্যবহার উৎপাদন ব্যবস্থাকে আগের তুলনায় অনেক বদলে দিয়েছে। কিন্তু উৎপাদন বাড়লেই কৃষকের জীবন নিরাপদ হয় না। মানুষ কৃষকের সৃষ্টিকর্মকে সম্মান করলেও সৃষ্টিকর্মের স্রষ্টাকে সম্মান জানাতে চায় না। 

একজন কৃষক ফসল উৎপাদনের জন্য বীজ, সার, কীটনাশক, সেচ, শ্রম ও পরিবহনে অর্থ ব্যয় করেন। কিন্তু ফসল বাজারে ওঠার পর তিনি সবসময় নিজের কাঙ্ক্ষিত দাম পান না আবার অন্যদিকে শহরের ভোক্তাকে অনেক বেশি দামে সেই একই পণ্য কিনতে হয়। উৎপাদক ও ভোক্তার এই মধ্যকার দূরত্বে মধ্যস্বত্বভোগী দালালরা নিজেদের মুনাফা অর্জনে সচেষ্ট হয়ে ওঠে। যারা কৃষকরা কাঙ্ক্ষিত মূল্যে পণ্য বিক্রি করতে পারে না তেমনি ভোক্তাদেরকেও চড়া দামে পণ্য ক্রয় করতে হয়। আর দামের এই ব্যবধানের মধ্যেই কৃষকের আয়ের একটি বড় ব্যবধান লুকিয়ে থাকে।

বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য বিষয়টি আরও কঠিন। অনেক কৃষক উৎপাদনের আগে ঋণ নেন। ফলে ফসল ঘরে ওঠার পর দ্রুত বিক্রি করে ঋণ পরিশোধ করার চাপ থাকে। বাজারদর তখন অনুকূলে না থাকলেও অপেক্ষা করার সুযোগ থাকে না। কৃষকের দরকার হয় নগদ অর্থ, আর সেই প্রয়োজনই অনেক সময় কম দামে ফসল বিক্রি করতে বাধ্য করে। ফলে কৃষককে ঋণ পরিশোধ করতে পণ্য ন্যায্যমূল্য না পেলেও বিক্রি করতে হয়, এর মাধ্যমে কৃষকরা ক্ষতির সম্মুখীন হচ্ছে।

কৃষির আরেকটি বড় অনিশ্চয়তা হলো প্রকৃতি। কৃষিনির্ভর অর্থনীতি ব্যবস্থায় প্রকৃতির ওপর অনেকাংশে নির্ভর করতে হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনিয়মিত বৃষ্টিপাত, অতিরিক্ত তাপমাত্রা, বন্যা, খরা, ঘূর্ণিঝড় ও লবণাক্ততা কৃষির ওপর নতুন চাপ তৈরি করছে। একজন কৃষক এক মৌসুমে যে অর্থ, শ্রম ও সময় বিনিয়োগ করেন, প্রতিকূল আবহাওয়ার ঘটনাই তা নষ্ট করে দিতে পারে। এই অনিশ্চয়তার মধ্যেও কৃষক কখনও থেমে থাকে না, উৎপাদন চালিয়ে যেতে হয়। কারণ কৃষি বন্ধ করার সুযোগ তার নেই। অথচ কৃষিতে ঝুঁকি যে হারে বাড়ছে, সেই ঝুঁকিসমূহ মোকাবিলায় কৃষকের নিরাপত্তা অনেক কম অংশে বাড়ছে।

কৃষিকে শুধু লাঙল, জমি ও শ্রমের পেশা হিসেবে দেখলে চলবে না। এটি এখন প্রযুক্তি, উদ্যোক্তা, বাজারব্যবস্থা ও তথ্যের সমন্বিত ক্ষেত্র। একজন তরুণ কৃষক ড্রোন, আধুনিক সেচ, মাটি পরীক্ষা, উন্নত বীজ, অনলাইন বিপণন কিংবা কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সম্পূর্ণ নতুন ধরনের কৃষি উদ্যোগ গড়ে তুলতে পারেন। এখানেই বাংলাদেশের কৃষির বড় সম্ভাবনা।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কৃষকের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা। কারণ কৃষকের আয় যদি উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে শুধু উৎপাদন বাড়ানোর নীতি দীর্ঘমেয়াদে কার্যকর হবে না। কৃষককে টিকিয়ে রাখার অর্থ শুধু একজন পেশাজীবীকে টিকিয়ে রাখা নয়; বরং এই বিষয়ের সাথে দেশের খাদ্যব্যবস্থা, গ্রামীণ অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতাও জড়িত।

আজকের কৃষিব্যবস্থার সাথে আগের কৃষিব্যবস্থায় অনেক পরিবর্তন এসেছে। এখন কৃষকের হাতে মোবাইল ফোন আছে, তিনি আবহাওয়ার খবর জানতে পারেন, বাজারদর সম্পর্কে তথ্য পেতে পারেন, আধুনিক যন্ত্র ব্যবহার করতে পারেন। তবে প্রযুক্তির সুযোগ তখনই অর্থবহ হবে, যখন তা তারা আয়, উৎপাদনশীলতা ও জীবনযাত্রার বাস্তব উন্নতি ঘটাবে। একটি দেশের কৃষি টেকসই হয় তখনই, যখন কৃষকও টেকসই জীবনযাপনের সুযোগ পান। তাই কৃষকের ভবিষ্যৎকে শুধু কৃষকের সমস্যা হিসেবে না দেখে এ বিষয়ের ওপর আরও গুরুত্বারোপ করতে হবে কেননা এটি আমাদের খাদ্য, অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে সরাসরি সম্পর্কিত। কৃষক তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা চালিয়ে যান, এই কৃষিকাজই পেশা, কৃষিকাজই তার নেশা। মাটির গন্ধে মিশে যায় তাদের অক্লান্ত পরিশ্রমের ঘাম। যখন তারা কোনো একটা ফসলা ফলান, বীজ রোপণ করেন সেখানে থাকে একজন কৃষকের কয়েক মাসের শ্রম, পরিবারের প্রত্যাশা এবং একটি দেশের খাদ্যনিরাপত্তার স্বপ্ন।

সেই স্বপ্নের মূল্য নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্বের পাশাপাশি অর্থনৈতিক প্রয়োজনও। কৃষককে বাঁচিয়ে রাখাই শুধু কৃষিকে বাঁচিয়ে রাখা নয়; কৃষিকে মর্যাদাপূর্ণ, ভবিষ্যৎমুখী, কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে আমাদের কোনো করুণা নেই উপরন্তু কৃষকরা খাদ্য নিরাপত্তা দিয়ে আমাদের সকলের প্রতি করুণা করছে। তাই কৃষককে লাভজনক ও ভবিষ্যৎমুখী করে তোলাই বাংলাদেশের খাদ্যনিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগগুলোর একটি।

মো. মারুফ রহমান
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা


আমরা উদ্বিগ্ন ও আতঙ্কিত

শিশুরা জাতির ভবিষ্যৎ। আর এই শিশুরা এক এক করে নিখোঁজ বা গুম এমনকি হত্যার শিকার হবে তা কোনো সভ্য সমাজ বা জাতি মেনে নিতে পারে না। ইতোমধ্যে দেশে যে হারে শিশু নিখোঁজের খবর পাওয়া যাচ্ছে তাতে গোটা জাতি স্তম্ভিত। এ ব্যাপারে রাষ্ট্র বা সরকারকে নীরব-নির্বিকারের ভূমিকা নিলে চলবে না। আজকাল শিশু-কিশোররাই জাতির কান্ডারি। তাদের চিন্তাভাবনা, সম্ভাবনা এবং সৃজনশীলতার ওপর নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশ।

রাষ্ট্র হচ্ছে শিশুদের রক্ষা ও নিরাপত্তার প্রধান প্রতিষ্ঠান। তবে এ কথা ঠিক ফেসবুক, মোবাইল, ইন্টারনেটসমূহ পদে পদে শিশু-কিশোরদের বিপদ ডেকে আনছে তাতে কোনো সন্দেহ নেই। এই সেদিন কুমিল্লায় ১৩ বছরের শিশু অপ্রতিমের নিখোঁজের পর লাশ উদ্ধার কত যে মর্মান্তিক, যা ভাষায় প্রকাশ করা কষ্টকর। শুধু অপ্রতিম নয়, গত ৮ মাসে দেশে প্রায় ৪০ জন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে শিশু নিখোঁজ ও শিশু হত্যার ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে, যা দেশজুড়ে গভীর উদ্বেগ ও আতঙ্কের জন্ম নিয়েছে। মানবাধিকার সংগঠনসমূহের তথ্য অনুযায়ী ২০২৬ সালের প্রথম সাত মাসে দেশজুড়ে ১৫,৭১৭ জন শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি বড় অংশ উদ্ধার হলেও এখনও ২ হাজারের বেশি শিশুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সুশীল সমাজ মনে করে নিখোঁজ প্রতিটি শিশুর ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। পারিবারিক বিরোধ, মানসিক চাপ, দারিদ্র্য বা সামাজিক নিরাপত্তাহীনতার কারণে কোনো শিশু বাসা-বাড়ি থেকে বেরিয়ে গেলেও তাকে দ্রুত খুঁজে বের করা রাষ্ট্রের দায়িত্ব। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন একপর্যায়ে এসেছে, যা সত্যিই দেশবাসী উদ্বিগ্ন না হয়ে পারছে না। আজকাল শিশু-কিশোরদের পিতামাতারা বকাঝকা করলেই বাচ্চারা রাগ করে বাসা থেকে অজানা পথে বের হয়ে নিজেদেরকে বিপদে পড়তে দেখা যায়।

শিশু হত্যা, গুম, নিখোঁজের দায় সরকার বা রাষ্ট্রকে এড়ানোর সুযোগ নেই। তাই সরকারকে নিখোঁজ শিশুদের উদ্ধার ও ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণসহ যথাযথ শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মাহবুবউদ্দিন চৌধুরী
ফরিদাবাদ-গেন্ডারিয়া, ঢাকা


জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিশ্ববাজার পরিস্থিতি

সম্প্রতি দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এমনই একটি বাস্তবতার সামনে আমাদের দাঁড় করিয়েছে। সরকার ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করেছে। সিদ্ধান্তের পেছনে আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি, ডলারের বিনিময় হার, আমদানি ব্যয় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আর্থিক চাপের বিষয়টি তুলে ধরা হয়েছে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই ব্যাখ্যা পুরোপুরি অযৌক্তিক নয়। বাংলাদেশ একটি জ্বালানি আমদানিনির্ভর দেশ। ফলে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি হলে তার প্রভাব দেশীয় বাজারেও পড়বে এটাই স্বাভাবিক। কিন্তু এখানেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কি সত্যিই এখন ঊর্ধ্বমুখী? নাকি বাস্তবতা ভিন্ন কিছু বলছে?

সাম্প্রতিক বৈশ্বিক জ্বালানি বাজারের চিত্র বলছে, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম টানা কয়েক দিন ধরে নিম্নমুখী। ব্রেন্ট ক্রুডের দাম ৯৮ ডলারের ঘরে নেমে এসেছে এবং যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুডের দামও ৯০ ডলারের নিচে অবস্থান করছে। সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুনরায় চালুর প্রস্তুতি, লোহিত সাগর উপকূল থেকে রপ্তানি পুনরারম্ভের উদ্যোগ এবং যুক্তরাষ্ট্র-ইরান কূটনৈতিক যোগাযোগের অগ্রগতির ফলে বৈশ্বিক বাজারে সরবরাহ-সংকটের আশঙ্কা কমেছে। এর ফলে তেলের দাম টানা কয়েক দিন ধরে কমেছে এবং বাজারে স্থিতিশীলতার ইঙ্গিত দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে একটি স্বাভাবিক প্রশ্ন জাগে বিশ্ববাজারে যখন তেলের দাম কমছে, তখন দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর যৌক্তিকতা কোথায়?

যদিও বিষয়টি একমাত্র আন্তর্জাতিক বাজারমূল্যের ওপর নির্ভরশীল নয়। জ্বালানির খুচরা মূল্য নির্ধারণে পূর্ববর্তী আমদানির ব্যয়, ডলারের বিনিময় হার, পরিবহন খরচ, কর-শুল্ক, সংরক্ষণ ব্যয় এবং রাষ্ট্রীয় আর্থিক দায়ও বিবেচনায় আসে। ফলে বিশ্ববাজারে আজ দাম কমলেই আগামীকাল দেশের বাজারে একই হারে মূল্য কমে যাবে এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে, মূল্যবৃদ্ধির ক্ষেত্রে যে দ্রুততা দেখা যায়, মূল্যহ্রাসের ক্ষেত্রে সেই স্বচ্ছতা ও তৎপরতা সাধারণ মানুষ খুব কমই অনুভব করে।

জ্বালানির মূল্যবৃদ্ধির সবচেয়ে তাৎক্ষণিক প্রভাব পড়ে পরিবহন খাতে। বাংলাদেশে যাত্রী ও পণ্য পরিবহনের বড় অংশই ডিজেলনির্ভর। ডিজেলের দাম বাড়লে পরিবহন ব্যয় বাড়ে, পরিবহন ভাড়া বাড়ে এবং শেষ পর্যন্ত এর প্রভাব পড়ে সাধারণ মানুষের ওপর। প্রতিদিন কর্মস্থলে যাতায়াতকারী নিম্ন ও মধ্যবিত্ত মানুষদের জন্য এটি অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়ায়। কিন্তু প্রভাব কেবল পরিবহনেই সীমাবদ্ধ থাকে না। কৃষকের ক্ষেত থেকে বাজারে সবজি পৌঁছানো, খামার থেকে মাছ-মাংস পরিবহন, শিল্পকারখানা থেকে ভোক্তার কাছে পণ্য সরবরাহ সব ক্ষেত্রেই জ্বালানি একটি মৌলিক উপাদান। ফলে জ্বালানির দাম বাড়লে উৎপাদন ব্যয় বাড়ে, সরবরাহ ব্যয় বাড়ে এবং শেষ পর্যন্ত বাজারে প্রায় সব ধরনের পণ্যের দাম বৃদ্ধির ঝুঁকি তৈরি হয়।

দেশের সাধারণ মানুষ এমনিতেই মূল্যস্ফীতির চাপে রয়েছে। খাদ্যপণ্য, বাসাভাড়া, চিকিৎসা ও শিক্ষাব্যয় গত কয়েক বছরে ধারাবাহিকভাবে বেড়েছে। এর মধ্যে জ্বালানির মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতিকে আরও উস্কে দিতে পারে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য এটি নতুন চাপ সৃষ্টি করবে। কৃষি খাতেও এর প্রভাব সুদূরপ্রসারী। সেচ, যান্ত্রিক চাষাবাদ এবং কৃষিপণ্য পরিবহনের ক্ষেত্রে জ্বালানির ব্যবহার অপরিহার্য। ফলে জ্বালানির মূল্যবৃদ্ধি কৃষকের উৎপাদন ব্যয় বাড়িয়ে দেয়। একইভাবে শহরাঞ্চলের মোটরসাইকেলনির্ভর কর্মজীবীরাও ক্ষতিগ্রস্ত হন। বর্তমানে হাজার হাজার তরুণ রাইড শেয়ারিং, অনলাইন ডেলিভারি, কুরিয়ার সেবা ও অ্যাপভিত্তিক বিভিন্ন পেশায় নিয়োজিত। জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে তাদের দৈনিক ব্যয় বাড়লেও আয় একই অনুপাতে বাড়ে না। ফলে প্রকৃত আয় কমে যায় এবং জীবনযাত্রার মানের ওপর চাপ সৃষ্টি হয়।

শিল্প খাতও এই প্রভাব থেকে মুক্ত নয়। উৎপাদন ব্যয় বৃদ্ধি শিল্পপ্রতিষ্ঠানের প্রতিযোগিতা সক্ষমতাকে প্রভাবিত করতে পারে। বিশেষ করে রপ্তানিমুখী শিল্পগুলো আন্তর্জাতিক বাজারে মূল্য প্রতিযোগিতার মুখোমুখি হয়। উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলে তাদের মুনাফা কমে যেতে পারে এবং দীর্ঘমেয়াদে তা অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে।

এ কথা সত্য যে, রাষ্ট্রের অর্থনৈতিক স্থিতিশীলতা অবশ্যই প্রয়োজন। কিন্তু সেই স্থিতিশীলতা যদি সাধারণ মানুষের জীবনে আরও অনিশ্চয়তা তৈরি করে, তাহলে উন্নয়নের উদ্দেশ্য প্রশ্নের মুখে পড়ে। তাই জ্বালানি মূল্য নির্ধারণের ক্ষেত্রে কেবল অর্থনীতির হিসাব নয়, জনজীবনের বাস্তবতাকেও সমান গুরুত্ব দিতে হবে। বিশ্ববাজারে যখন তেলের দাম কমছে, তখন দেশের মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটাই এই মূল্যহ্রাসের সুফল কি তাদের জীবনেও পৌঁছাবে, নাকি অর্থনীতির হিসাবের আড়ালে জনজীবনের দীর্ঘশ্বাস আরও দীর্ঘ হবে?

প্রদীপ রায় জিতু
সাংবাদিক, বীরগঞ্জ, দিনাজপুর


ফুটপাতের খাবার: স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে

বর্তমানে শহর ও গ্রামের ফুটপাতগুলোতে অসংখ্য খোলা ফাস্ট ফুডের দোকান দেখা যায়। সহজলভ্য ও কম দামের কারণে এসব খাবারের প্রতি মানুষের, বিশেষ করে তরুণদের আকর্ষণ বেশি। ফুটপাতের দোকানগুলোতে খাবার সাধারণত খোলা অবস্থায় রাখা হয়। ফলে ধুলো-বালি, মশা-মাছি, যানবাহনের ধোঁয়া ও অন্যান্য জীবাণুবাহক পোকামাকড় সহজেই খাবারের ওপর বসে জীবাণু ছড়ায়। অনেক সময় খাবার তৈরির কাজে অপরিষ্কার পানি, নিম্নমানের তেল ও বাসি উপকরণ ব্যবহার করা হয়। এমনকি মাঝে মাঝে কয়েক দিনের বাসি খাবারও মানুষকে পরিবেশন করা হয়। এসব খাবার খেয়ে মানুষ ডায়রিয়া, খাদ্যে বিষক্রিয়া, পেটের বিভিন্ন সমস্যা ও অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছে। এই সমস্যা কমাতে দোকানিদের খাদ্য নিরাপত্তা ও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করতে হবে।

খাবার ঢেকে রাখা, নিরাপদ পানি ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং স্বাস্থ্যসম্মত উপকরণ ব্যবহারে নিশ্চিত করতে হবে। জনগণের মাঝেও সচেতনতা বৃদ্ধি করা খুবই জরুরি, তাদের নিজেদের স্বাস্থ্য ও খাবার নির্বাচনের স্থান সম্পর্কে সচেতন হতে হবে। পাশাপাশি প্রশাসনের উচিত ফুটপাতের ফাস্ট ফুডের দোকানগুলো নিয়মিত তদারকি করা। যেসব দোকানি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করবে তাদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে এবং ফুটপাতে ময়লা-আবর্জনা যেখানে সেখানে ফেলা নিষিদ্ধ করতে হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দোকানি, ক্রেতা ও প্রশাসন সবার সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। তাই উক্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি আকর্ষণ করছি। 

নুরজাহান হক দিয়া
শিক্ষাথী, ইডেন মহিলা কলেজ, ঢাকা


ডরির নামে পাঙাশ প্রতারণা

খাদ্যে ভেজাল ও খাদ্যদ্রব্যে প্রতারণা বাংলাদেশে বর্তমানে সবচেয়ে আলোচিত একটি বিষয়। গত কয়েক বছরে ডোরি ফিশ আমদানির সুনির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও রেস্তোরাঁ, ফুডকোর্ট কিংবা ফুটপাতের দোকানগুলোতে ডরি ফিশের তৈরি বিভিন্ন আইটেমের চলছে রমরমা বিক্রি। মূলত চটকদার নাম ও বাহারি মেনুর আড়ালে কম দামের পাঙাশকে ডরির বিভিন্ন পদ হিসেবে পরিবেশন করে নেওয়া হচ্ছে চড়া দাম। এক্ষেত্রে মসলা ও সসের আড়ালে মাছের আসল স্বাদ-গন্ধ লুকানো হচ্ছে যাতে আসল সত্য বোঝার সুযোগ না থাকে।

এতে শুধু অর্থের ক্ষতি হচ্ছে সেটাই নয়, ভোক্তার সঙ্গে সরাসরি প্রতারণা করা হচ্ছে। কেউ পাঙাশ পছন্দ করেন না, আবার কারও নির্দিষ্ট মাছ বা খাবারে অ্যালার্জি কিংবা চিকিৎসাজনিত কারণে তা এড়িয়ে চলার প্রয়োজন হতে পারে। অজান্তে এমন খাবার খাওয়ানো তাই স্বাস্থ্যগত সমস্যারও কারণ হতে পারে। তাই এমন প্রতারণা বন্ধে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

প্রজ্ঞা দাস
শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ


শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দিন দিন বাড়ছে। পড়াশোনার চাপ, পরীক্ষার ফল, পরিবারের প্রত্যাশা, সম্পর্কের টানাপড়েন, একাকিত্ব, আর্থিক সংকট কিংবা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বিভিন্ন কারণে একজন শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তে পারে। অথচ এসব সংকট নিয়ে কথা বলার পরিবেশ এবং প্রয়োজনের সময় সহজে সহায়তা পাওয়ার সুযোগ এখনও পর্যাপ্ত নেই।

এই বছরের প্রথম আট মাসে দেশে ২২৪ শিক্ষার্থীর আত্মহত্যার তথ্য পেয়েছে আঁচল ফাউন্ডেশন। এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে একটি পরিবার, স্বজনদের দীর্ঘস্থায়ী বেদনা এবং একটি সম্ভাবনাময় জীবনের অপূরণীয় ক্ষতি। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষাজীবনের বিভিন্ন পর্যায়ে এমন ঘটনা আমাদের জন্য গভীর সতর্কবার্তা। শিক্ষার্থীর সাফল্য শুধু পরীক্ষার ফল বা ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার মধ্যে সীমাবদ্ধ না, তার মানসিকভাবে সুস্থ ও নিরাপদ থাকাও সাফল্যের গুরুত্বপূর্ণ অংশ।

তাই শিক্ষাপ্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্যসেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া জরুরি। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষিত কাউন্সিলর, সহজে পাওয়া যাবে এমন পরামর্শসেবা এবং সংকটাপন্ন শিক্ষার্থীদের দ্রুত পেশাদার সহায়তার আওতায় আনার ব্যবস্থা থাকা প্রয়োজন। পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদেরও শিক্ষার্থীর আচরণে হঠাৎ পরিবর্তন, অতিরিক্ত চুপচাপ থাকা, পড়াশোনায় অনাগ্রহ বা সামাজিকভাবে নিজেকে গুটিয়ে নেওয়ার মতো বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে দেখা উচিত।

মানসিক সংকটকে দুর্বলতা বা লজ্জার বিষয় হিসেবে দেখার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। মানসিক স্বাস্থ্যকে শিক্ষাব্যবস্থার প্রান্তিক কোনো বিষয় না রেখে এর অবিচ্ছেদ্য অংশ হিসেবে গুরুত্ব দিতে হবে। সংকটের আগেই একজন শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর সংস্কৃতি গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার।

হৃদয় পান্ডে
শিক্ষার্থী, খিলগাঁও, ঢাকা


পরিবেশ রক্ষা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি

সবুজ-শ্যামল প্রকৃতির এক অপূর্ব মায়াবী চাদরে মোড়ানো আমাদের এই বদ্বীপ। আমাদের বেঁচে থাকা, সংস্কৃতি ও অর্থনীতির প্রতিটি স্পন্দন সরাসরি যুক্ত প্রকৃতির এই অবারিত দানের সঙ্গে। কিন্তু দক্ষিণ এশিয়ার অন্যতম জনবহুল এই দেশে দ্রুত বর্ধনশীল অর্থনীতি আর বিপুল জনসংখ্যার চাপ আমাদের সীমিত প্রাকৃতিক সম্পদকে আজ এক অভূতপূর্ব সংকটের মুখোমুখি দাঁড় করিয়েছে। আধুনিকতার চাকচিক্যের আড়ালে আমাদের সামাজিক ও অর্থনৈতিক ভিত্তিটি যে কতটা ভঙ্গুর, তা হয়তো আমরা অনেকেই অনুধাবন করতে পারি না। দেশের গ্রামীণ জনগোষ্ঠীর প্রায় ৮৪ শতাংশ মানুষ এখনও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জীবন-জীবিকার জন্য কৃষির ওপর নির্ভরশীল।

ধান, পাট, গম, ভুট্টা, ডাল, চা, আখ ও তামাকের মতো প্রধান কৃষিপণ্যগুলো কেবল দেশের কোটি কোটি মানুষের খাদ্যের জোগানই দেয় না, বরং জাতীয় অর্থনীতির চাকাও সচল রাখে। অথচ যে মাটির উর্বরতা ও প্রাকৃতিক পরিবেশের ওপর ভিত্তি করে এই বিশাল কৃষিব্যবস্থা টিকে আছে, অপরিকল্পিত আহরণ ও চরম অবহেলার কারণে তা প্রতিনিয়ত তার কার্যক্ষমতা হারাচ্ছে। প্রাকৃতিক সম্পদকে চিরস্থায়ী ও অফুরন্ত ভেবে অকাতরে লুটে নিলে উৎপাদনশীলতার স্বাভাবিক ভারসাম্য নষ্ট হতে বাধ্য। প্রকৃতি আমাদের অকৃপণ হস্তে দান করেছে সত্য, কিন্তু তার ধারণক্ষমতারও একটি নির্দিষ্ট সীমা রয়েছে।

বনের গাঢ় সবুজ কেবল আমাদের চোখের প্রশান্তি কিংবা প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং এটি দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার প্রধান সুরক্ষাকবচ। ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে আমাদের দেশে প্রধানত তিন ধরনের বনভূমি বিদ্যমানÑ সুন্দরবনের মতো উপকূলীয় ম্যানগ্রোভ বন, চট্টগ্রাম ও সিলেটের সুবিশাল পাহাড়ি বন এবং মধুপুর ও ভাওয়ালের শালবন। শঙ্কার বিষয় হলো, দেশে প্রতিবছর প্রায় ১.৫ থেকে ২ শতাংশ হারে বনাঞ্চল উজাড় হয়ে যাচ্ছে, যা আমাদের সার্বিক পরিবেশ এক ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।

বর্তমানে দেশে কাঠের বার্ষিক চাহিদা প্রায় ৬০ লাখ ঘনমিটার, অথচ আইনি বা বৈধ সরবরাহের পরিমাণ মাত্র ১৫ লাখ ঘনমিটার। এই বিশাল ঘাটতি পূরণ করতে গিয়ে দেশজুড়ে অবাধে চলছে অবৈধ বৃক্ষনিধন ও বন ধ্বংসের তাণ্ডব। একটি দেশের পরিবেশগত স্থিতিশীলতা বজায় রাখার জন্য মোট ভূখণ্ডের অন্তত ২৫ শতাংশ বনভূমি থাকা আবশ্যক। অথচ অতিরিক্ত কাঠ আহরণ ও বনভূমি দখলের কারণে আমরা প্রতিনিয়ত সেই লক্ষ্যমাত্রা থেকে দূরে সরে যাচ্ছি। বনের এই দ্রুত বিলুপ্তি কেবল বন্য প্রাণীর আবাসস্থলই কেড়ে নিচ্ছে না, বরং প্রাকৃতিক দুর্যোগের সময় ঢাল হিসেবে কাজ করা আমাদের প্রতিরোধ ব্যবস্থাকেও দুর্বল করে দিচ্ছে।

পানির অপর নাম জীবন। কিন্তু এই মহামূল্যবান প্রাকৃতিক উপাদান যেভাবে ভূগর্ভ থেকে নির্দয়ভাবে শুষে নেওয়া হচ্ছে, তাতে নদীর এই দেশেও একদিন পানির তীব্র হাহাকার উঠবে বলে আশঙ্কা করা যায়। কৃষি খাতকে বাঁচিয়ে রাখতে সেচকাজে ব্যাপক হারে ভূগর্ভস্থ পানি উত্তোলন করা হচ্ছে, যার পরিমাণ বছরে প্রায় ৩০ বিলিয়ন ঘনমিটার। উত্তোলিত এই পানির প্রায় ৮৮ শতাংশই ব্যবহৃত হয় কেবল ধানসহ নানা ফসলের সেচকাজে, যা মাটির নিচের পানির স্তরকে বিপজ্জনক মাত্রায় নামিয়ে দিচ্ছে।

আমাদের দক্ষিণে বিস্তৃত সুবিশাল নীল জলরাশি এবং দীর্ঘ উপকূলরেখা দেশের অর্থনীতির জন্য এক অপার সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে, যা সঠিকভাবে কাজে লাগাতে পারলে সামগ্রিক দৃশ্যপটই বদলে যেতে পারে। পরিসংখ্যান অনুযায়ী, দেশের মৎস্য খাত থেকে বছরে প্রায় ৪৪.২ লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়; যার বড় একটি অংশ আসে আবদ্ধ জলাশয়ের মাছ চাষ বা অ্যাকুয়াকালচার (প্রায় ২৫.৬ লাখ মেট্রিক টন) এবং সামুদ্রিক ও উপকূলীয় অঞ্চল (প্রায় ১৫ লাখ মেট্রিক টন) থেকে। খাদ্য ও পুষ্টি নিরাপত্তার ক্ষেত্রেও এই খাতের গুরুত্ব অপরিসীম।

বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে আমাদের স্বীকার করতে হবে, পরিবেশ রক্ষা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যবর্তী ভারসাম্যের দৌড়ে আমরা পরিবেশকে চরমভাবে উপেক্ষা করে চলেছি। বন উজাড়ের বার্ষিক হার রুদ্ধ করা, বছরে ৩০ বিলিয়ন ঘনমিটার ভূগর্ভস্থ পানি উত্তোলনের চাপ কমিয়ে বৃষ্টির পানি ধরে রাখার দীর্ঘমেয়াদি জলাধার তৈরি করা এবং বিশাল জলসীমার সুনীল অর্থনীতিকে বিজ্ঞানসম্মত উপায়ে কাজে লাগানো এখন সময়ের দাবি। সম্পদের যথেচ্ছ ব্যবহার ও বেআইনি শোষণ বন্ধে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়; বরং এর জন্য স্থানীয় জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে সহব্যবস্থাপনা বা ‘কো-ম্যানেজমেন্ট’ মডেল জোরদার করতে হবে। প্রকৃতিকে নিঃশেষ করে সাময়িক জিডিপি প্রবৃদ্ধি অর্জনে উল্লাস প্রকাশ করলেও পরিবেশের যে অপূরণীয় ক্ষতি হবে, তা পৃথিবীর কোনো অর্থ দিয়েই পুনরুদ্ধার করা সম্ভব নয়। তাই এখনই সময় প্রকৃতির সঙ্গে সংঘাতের পথ ছেড়ে সহাবস্থানের নীতি গ্রহণ করার, যাতে আমাদের আগামী প্রজন্ম এক সুজলা-সুফলা ও পরিবেশবান্ধব সোনার বাংলাদেশে শান্তিতে নিঃশ্বাস নিতে পারে।

আমানুর রহমান
চাষাঢ়া, নারায়ণগঞ্জ


আনন্দ সংগঠন

আনন্দ সংগঠন একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সমাজসেবামূলক সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ১নং তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ চৌরাস্তায় সংগঠনটির কার্যালয় অবস্থিত। এই সংগঠনটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। যার নিবন্ধিত রেজি. নং-০৩৯। সংগঠনটির স্লোগান হচ্ছে, সেবাই আমাদের লক্ষ্য, সেবাই আমাদের আনন্দ। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই সংগঠনটি মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ২৯ জন, যারা স্বেচ্ছাসেবী হিসেবে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত। এই সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে, সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।

বিশেষত যে সকল মেধাবী শিক্ষার্থী অর্থের অভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে না, তাদের পড়ালেখার দায়িত্ব আনন্দ সংগঠনের পক্ষ হতে বহন করা হয়। একজন মেধাবী শিক্ষার্থীকে স্বাবলম্বী না হওয়া পর্যন্ত সংগঠনটি সর্বাত্মক সহযোগিতা প্রদান করে থাকে। এ ছাড়াও যারা অর্থের অভাবে চিকিৎসার ব্যয় বহন করতে অক্ষম সেই সকল ব্যক্তির চিকিৎসা ব্যয় বহন করা হয়। আবার যারা অর্থের অভাবে দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ে সম্পন্ন করা সম্ভব হয় না, তাদের বিয়ের যাবতীয় ব্যয় বহন করে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে আনন্দ সংগঠন। প্রতিবছর পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে অসহায় মানুষের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়। শীতকালে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে নিয়মিত কম্বল বিতরণ কর্মসূচিও পালন করে থাকে। মানবসেবার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও আনন্দ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাল্যবিবাহ, মাদক, দুর্নীতি, সামাজিক অবক্ষয় এবং নৈতিক মূল্যবোধ তৈরিতে নিয়মিত সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। যার ফলে একটি সুন্দর, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

আনন্দ সংগঠন বিশ্বাস করে মানুষ মানুষের জন্য। সমাজের প্রতিটি বিত্তবান, সচেতন ও মানবিক মানুষ যদি স্বীয় অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে তবে একটি সুন্দর, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সেই লক্ষ্যেই আনন্দ সংগঠনের সদস্যবৃন্দ একসঙ্গে হাতে হাত কাঁধে কাঁধ রেখে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। অদূর ভবিষ্যতেও আনন্দ সংগঠন মানবকল্যাণে বিভিন্ন সামাজিক কার্যক্রম আরও প্রসারিত করার প্রত্যয় ব্যক্ত করছে।

মো. শরীফুল ইসলাম
শিক্ষার্থী, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি


আয়করে ‘টাউট’ কারা?

হাসপাতালে কর্মরত সবাই যেমন ডাক্তার ননÑ কেউ নার্স, কেউ ওয়ার্ডবয়, আবার কেউ পরিচ্ছন্নতাকর্মী। আদালতে কর্মরত সবাইও যেমন আইনজীবী ননÑ কেউ মুহুরি, কেউ টাইপিস্ট, কেউবা জারিকারক। একইভাবে কম্পিউটার চালাতে বা কম্পোজ করতে জানলেই কেউ প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার হয়ে যান না। ঠিক তেমনি কর অঙ্গনে বা ট্যাক্স-সংক্রান্ত কাজে যুক্ত সবাই কর-প্র্যাকটিশনার কিংবা কর আইনজীবী নন।

সাধারণ অর্থে, যিনি আইন অনুযায়ী আইনজীবী বা আইন পেশাজীবী নন, অথচ মামলা, ফাইলিং বা আইন-সংক্রান্ত কোনো কাজে নিজেকে বিশেষজ্ঞ বা পারদর্শী হিসেবে দাবি করে কৌশলে অর্থ দাবি বা গ্রহণ করেন, তাকে ‘টাউট’ হিসেবে অভিহিত করা হয়। আদালত অঙ্গনে আইনজীবীদের পেশাগত মর্যাদা, নৈতিকতা ও যোগ্যতার মানদণ্ড বজায় রাখতে দীর্ঘদিন ধরেই টাউট-বিরোধী আইনি ব্যবস্থা রয়েছে।

আদালতের মতোই রাজস্ব ব্যবস্থার অধীনে কর আপিল কমিশনার এবং কর আপিল ট্রাইব্যুনালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি প্রশাসনিক পর্যায়ের আয়কর অফিসে নিয়মিত রিটার্ন দাখিল, নোটিসের জবাব, অডিট-সংক্রান্ত ব্যাখ্যা প্রদান, শুনানিতে অংশগ্রহণ, তদন্ত এবং কর নির্ধারণের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জটিল আইনগত কার্যক্রম সম্পন্ন হয়।

করদাতার পক্ষে এসব কাজে কে প্রতিনিধিত্ব করতে পারবেন, সেটিও আইন দ্বারা নির্ধারিত। ‘আয়কর আইন, ২০২৩’-এর ৩২৭ ধারায় করদাতার অনুমোদিত ও ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিদের বিষয়ে সুনির্দিষ্ট বিধান রয়েছে। অর্থাৎ আইনে নির্ধারিত যোগ্যতা ও কর্তৃত্ব ছাড়া যে কেউ ইচ্ছামতো করদাতার পক্ষে আয়কর-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতে পারেন না।

এখানেই মূল প্রশ্নটি সামনে আসেÑ আইনে নির্ধারিত বৈধ প্রতিনিধি না হয়েও কেউ যদি করদাতার হয়ে আয়কর-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করেন, অথচ তিনি যোগ্য কর আইনজীবী বা অনুমোদিত প্রতিনিধি নন, তাহলে তাকে কি ‘টাউট’ বলা যাবে? এই প্রশ্ন আজ সাধারণ করদাতা ও পেশাদার কর আইনজীবী উভয়েই। 

পলাশ কুণ্ডু
আয়কর আইনজীবী, জেলা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন, রংপুর


কুয়াকাটা মহাসড়ক ‘৬ লেন’ চাই

পদ্মা সেতু চালুর পর সড়কপথে রাজধানী ঢাকা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত সড়ক যোগাযোগ আরও সহজ ও দ্রুত পাড়ি দেওয়ার প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সড়কটি এখনও মাত্র ২৪ ফুট প্রশস্ত থাকায় সেই প্রত্যাশা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এই মহাসড়কটি দক্ষিণাঞ্চলের ১০ জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান পথ। একই সঙ্গে পায়রা সমুদ্রবন্দর, পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াজাত কেন্দ্র (ইপিজেড), তাপবিদ্যুৎ কেন্দ্র ও পর্যটনকেন্দ্র কুয়াকাটায় যাতায়াতের ক্ষেত্রেও এর গুরুত্ব অপরিসীম। প্রতিদিন বিপুলসংখ্যক বাস, ট্রাক, পণ্যবাহী যান ও ব্যক্তিগত গাড়ি এই সড়ক ব্যবহার করে। সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী, পদ্মা সেতু চালুর আগে এই মহাসড়কে প্রতিদিন ১৬ থেকে ১৯ হাজার যানবাহন চলাচল করত। বর্তমানে সেই সংখ্যা বেড়ে ২৫ থেকে ৩০ হাজারে পৌঁছেছে। 

ঈদ ও দীর্ঘ ছুটিতে এই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়। এই সড়কে প্রতিনিয়ত ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। দক্ষিণাঞ্চলের মানুষের কাছে এটি শুধু একটি সড়ক নয়; এখন যেন মারণফাঁদে পরিণত হচ্ছে। অর্থনীতি, বাণিজ্য, পর্যটন ও কর্মসংস্থানের সঙ্গে সরাসরি যুক্ত একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ করিডোর ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীত করার কাজ দ্রুত শুরু করা প্রয়োজন। জমি অধিগ্রহণের জটিলতা নিরসন করে নির্মাণ কাজের সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হোক। একটি আধুনিক ৬ লেন মহাসড়ক দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় যেমন গতি আনবে, তেমনি বদলে দিতে পারে এ অঞ্চলের অর্থনীতির চিত্রও।

নিয়ামুর রশিদ শিহাব
গলাচিপা, পটুয়াখালী।


ডেঙ্গু অবনতি: জরুরি পদক্ষেপ নিন


গাজীপুরে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। মহানগরীসহ প্রতিটি উপজেলায় আক্রান্ত ও মৃতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। স্থানীয় হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দেওয়ায় অনেক রোগী বাধ্য হয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। নিয়মিত মশার প্রজননস্থল ধ্বংস না করা এবং মশকনিধন কার্যক্রমের তীব্র ঘাটতি এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এই মানবিক বিপর্যয় মোকাবিলায় অবিলম্বে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, কার্যকর ওষুধ স্প্রে, হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কাছে দ্রুত সমন্বিত ‘ক্রাশ প্রোগ্রাম’ চালুর জোর দাবি জানাচ্ছি।

সাব্বির হোসাইন
শিক্ষার্থী, টঙ্গী, গাজীপুর


অসৎ সঙ্গের বিষাক্ত দংশন

একজন শিশুর বিকশিত হওয়া কৈশোরকাল থেকে শুরু হয়। কিশোর ও তরুণ বয়স জীবন গঠনের সবচেয়ে সম্ভাবনাময় সময়। শিশু-কিশোরদের এই সময়ে শারীরিক ও মানসিক পরিবর্তনের সাথে তাদের সামাজিক দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন ঘটে। এ সময়ে তীব্র আবেগ কাজ করে, সবকিছু জানা ও শেখার আগ্রহ বাড়ে, ঠিক-ভুল বাছাই করার মানসিকতা থাকে না, নিজের মতো করে ভাবতে শুরু করে ও নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার যোগ্য মনে করে। একজন শিশুর পূর্ণাঙ্গ বিকাশে এই সময়টা বড্ড নাজুক তাই তারা সহজেই অন্যের দ্বারা প্রভাবিত হয়। বাবা-মায়ের অতিরিক্ত শাসন বা ব্যস্ততা, পারিবারিকভাবে তেমন সঙ্গ না পাওয়া ইত্যাদি কারণে বন্ধুরাই সবচেয়ে আপন হয়ে ওঠে। একজন কিশোর যখন কোনো খারাপ বন্ধুদের সাথে জড়িয়ে পড়ে তখন সে ধীরে ধীরে নিজের অজান্তেই পারিবারিক ও সামাজিক মূল্যবোধ থেকে দূরে সরে যায়। কৌতূহলবশত কিংবা বন্ধুদের পাল্লায় পড়ে প্রথমে ধূমপান থেকে শুরু করে ক্রমশ বিভিন্ন মাদকদ্রব্য সেবনে আসক্ত হয়ে পড়ে। 

মাদকাসক্তির এই পথ ধরে জন্ম নেয় কিশোর গ্যাং, চুরি, ছিনতাই-চাঁদাবাজি এবং নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড। খারাপ সঙ্গ কেবল কিশোর-তরুণদের নৈতিক অবক্ষয় ঘটায় না বরং তাদের উজ্জ্বল ভবিষ্যৎকে অঙ্কুরেই বিনষ্ট করে। পড়ালেখায় অমনোযোগিতা এবং পরিবারের সাথে দূরত্ব তৈরির ফলে তাদের জীবন এক চরম হতাশায় পর্যবসিত হয়। তা ছাড়া বিনোদনের মাধ্যম হিসেবে অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত মোবাইল ফোনের ব্যবহার, দলবেঁধে ঘণ্টার পর ঘণ্টা অনলাইন গেমে আসক্ত হয়ে রাতজাগা, গেমের ভিতর অশ্লীল গালিগালাজ ও ঔদ্ধ্যতপূর্ণ আচরণ, টিকটক করে ভাইরাল হওয়ার নেশা কিশোরদের স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করছে। এসব সামাজিক সাইট ও অনলাইন গেমের আইটেম কিনতে গিয়ে বাবা-মায়ের অগোচরে টাকা খরচ করছে। টিকটক বা রিলসে লাইক, ভিউ ও কমেন্টই হয়ে ওঠে আত্মমূল্যের মাপকাঠি। জনপ্রিয়তার লোভে অনেকে বিপজ্জনক চ্যালেঞ্জ নেয়, অনুপযুক্ত কনটেন্ট বানায়, যার ঝুঁকি প্রাণহানি পর্যন্ত গড়াতে পারে।

ট্রল ও সাইবার বুলিংয়ের শিকার হয়ে বাড়ে হীনম্মন্যতা ও মানসিক চাপ। প্রতিনিয়ত রাত জাগার ফলে ঘুমের ব্যাঘাত ঘটে এবং চোখের সমস্যা ও মাথাব্যথা দেখা দেয়। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে খিটখিটে মেজাজ, একাকিত্ব ও উদ্বেগ বাড়ে। অথচ ব্যস্ততার কারণে অনেক বাবা-মা জানেনই না তাদের সন্তান কার সঙ্গে মিশছে বা মোবাইলে কী দেখছে কিংবা কতটা হতাশায় ভুগছে। বাবা-মা টের পেতে পেতে সন্তানরা অনেকটাই জড়িয়ে পড়ে। তখন তাদের ফিরিয়ে আনা অনেকটাই কষ্টসাধ্য। এর প্রভাব শুধু কিশোরের ওপর পড়ে না, পরিবার এবং সামাজিক জীবনে ব্যাপক বিপর্যয় নেমে আসে। এসবে আসক্ত কিশোর পড়াশোনায় অমনোযোগী হয়ে ওঠে। ফলে অনেকের শিক্ষাজীবন মাঝপথেই থেমে যায়। শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভেঙে পড়ে, আত্মবিশ্বাস হারিয়ে যায়। তাদের এসব কাজে বাবা-মা লজ্জিত ও দুশ্চিন্তাগ্রস্ত, পরিবারে নেমে আসে অশান্তি ও অর্থকষ্ট। দেশ একজন সম্ভাবনাময় জনসম্পদ হারায়। শিশু-কিশোরদের সুন্দরভাবে বিকশিত হওয়ার পথে অভিভাবকদের সচেতন হওয়া সবচেয়ে জরুরি। নিম্নোক্ত উপায়গুলোর মাধ্যমে শিশু-কিশোরদের সুন্দর বুদ্ধিবৃত্তিভাবে বিকাশের পথ সুগঠিত হবে। প্রথমত, সন্তানদের সময় দেওয়া। একজন মানুষ পরিবারের সাথে সবচেয়ে বেশি সময় থাকে।

তাই শিশু-কিশোরদের সাথে গল্প করা, একসাথে খাবার খাওয়া, তাদের ইচ্ছা-আগ্রহ সম্পর্কে জানা, কবিতা-গান বা বই পড়ে শোনানো, বিকালে ঘুরতে নিয়ে যাওয়া বা নিয়মিত বিকালে মাঠে খেলতে দেওয়া ইত্যাদি কাজগুলো করলে শিশুর উৎফুল্লতার সাথে বুদ্ধি বিকাশ দ্রুত হবে। দ্বিতীয়ত, শিশু-কিশোরদের বন্ধু নির্বাচনে বাবা-মায়ের সচেতনতা সবচেয়ে জরুরি। সন্তানের বিকশিত হওয়ার সুন্দর সময়ে তাদের সঠিক বন্ধু নির্বাচনে সহায়তা করা, সন্তানদের বন্ধুদের চেনা, তাদের পরিবারের সঙ্গে পরিচিত থাকা, সন্তান কোথায় যায় কাদের সঙ্গে চলে এবং কতক্ষণ ফোন ব্যবহার করে এসব বিষয়ে সব সময় নজর রাখা প্রত্যেক অভিভাবকের দায়িত্ব। সময়মতো খোঁজ নিলে ভুল পথ থেকে তাদের ফিরিয়ে আনা সহজ হয়। আর সঠিক বন্ধুদের সঙ্গ পেলে শিশু-কিশোর প্রতিযোগিতামূলকভাবে সুন্দর আগামীর পথে এগিয়ে যায়। তৃতীয়ত,শিশু-কিশোররা অনুকরণপ্রিয়।পরিবার থেকেই তাদের বিকাশ ঘটে থাকে। তাই তাদের সামনে অতিরিক্ত মোবাইল ব্যবহার, পারিবারিক ঝগড়া-বিবাদ, পরিবারের সদস্যদের অসম্মান বা অনুপযুক্ত শব্দ ব্যবহার থেকে বিরত থাকা। পরিবারের সদস্যদের সুসম্পর্ক ও সৌহার্দ্যপূর্ণতা শিশু-কিশোরদের মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলবে। চতুর্থত, নৈতিক ও ধর্মীয় শিক্ষার অভ্যাস গড়ে তোলা।

ছোটবেলা থেকেই নৈতিক-অনৈতিক কাজ সম্পর্কে ধারণা দেওয়া, ধর্মীয় মূল্যবোধ ও শিষ্টাচার সম্পর্কে উৎসাহিত করলে তারা নিজেই সঠিক পথে এগিয়ে যাবে। পঞ্চমত, বর্তমান সময় প্রযুক্তির যুগ। অনলাইন ক্লাস, শিক্ষাগত প্রয়োজনে মোবাইল ব্যবহার প্রয়োজনীয়তা থাকলেও নির্দিষ্ট সময় ব্যবহার করা। তা ছাড়া তাদের চিন্তাভাবনা ও সৃজনশীলতার বিকাশে কিছু নির্দিষ্ট অ্যাপস, ইউটিউব কিডস, ধাঁধা বা গণিতের গেমস কিংবা কোডিং শেখায় এমন অ্যাপসের পরিমিত ব্যবহারের সুযোগ দেওয়া। ফলে আমাদের দেশের শিশু-কিশোররাও প্রযুক্তি-নির্ভর বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে। ষষ্ঠত, শিশু-কিশোরকে সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করা। ছবি আঁকা, গান শেখা, নিজের কাজ নিজে করা, কবিতা আবৃত্তি করা, গল্পের বই পড়া, নতুন কিছু তৈরিতে বা গাছ লাগানো ও গাছের পরিচর্যা করতে উৎসাহিত করা এবং ঘরের কাজে সাহায্য করতে উদ্বুদ্ধ করা।

এসব কাজ শিশু-কিশোরদের নিজেদের সমৃদ্ধভাবে গড়ে তুলবে। শিশু-কিশোররা আমাদের সবচেয়ে বড় সম্পদ এবং মানবিক ও মূল্যবোধসম্পন্ন জাতি গঠনে আগামীর কারিগর। তাদের প্রতি যথেষ্ট সময় ও মনোযোগ দেওয়া, পরিবারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়া, ধর্মীয় ও নৈতিক শিক্ষা, সঠিক বন্ধু নির্বাচন, ডিভাইস ব্যবহারের নির্দিষ্ট সময় ও নির্ধারিত অ্যাপস ব্যবহারের নিশ্চিতকরণ এবং সঠিক দিকনির্দেশনাই শিশু-কিশোরদের সুন্দর ও উপভোগ্য ভবিষ্যৎ গড়ে তুলবে। পরিবার, শিক্ষক ও সমাজ একসাথে সচেতন থাকলেই আগামীর জনসম্পদ শিশু-কিশোররা সুস্থ, নৈতিক ও আলোকিত মানুষ হয়ে গড়ে উঠবে।

জান্নাত আক্তার শিলা
রসায়ন বিভাগ, ইডেন মহিলা কলেজ 


অসৎ সঙ্গের বিষাক্ত দংশন 

একজন শিশুর বিকশিত হওয়া কৈশোরকাল থেকে শুরু হয়। কিশোর ও তরুণ বয়স জীবন গঠনের সবচেয়ে সম্ভাবনাময় সময়। শিশু-কিশোরদের এই সময়ে শারীরিক ও মানসিক পরিবর্তনের সাথে তাদের সামাজিক দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন ঘটে। এ সময়ে তীব্র আবেগ কাজ করে, সবকিছু জানা ও শেখার আগ্রহ বাড়ে, ঠিক-ভুল বাছাই করার মানসিকতা থাকে না, নিজের মতো করে ভাবতে শুরু করে ও নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার যোগ্য মনে করে। একজন শিশুর পূর্ণাঙ্গ বিকাশে এই সময়টা বড্ড নাজুক তাই তারা সহজেই অন্যের দ্বারা প্রভাবিত হয়। বাবা-মায়ের অতিরিক্ত শাসন বা ব্যস্ততা, পারিবারিকভাবে তেমন সঙ্গ না পাওয়া ইত্যাদি কারণে বন্ধুরাই সবচেয়ে আপন হয়ে উঠে।একজন কিশোর যখন কোনো খারাপ বন্ধুদের সাথে জড়িয়ে পড়ে তখন সে ধীরে ধীরে নিজের অজান্তেই পারিবারিক ও সামাজিক মূল্যবোধ থেকে দূরে সরে যায়। কৌতূহলবশত কিংবা বন্ধুদের পাল্লায় পড়ে প্রথমে ধূমপান থেকে শুরু করে ক্রমশ বিভিন্ন মাদকদ্রব্য সেবনে আসক্ত হয়ে পড়ে। মাদকাসক্তির এই পথ ধরে জন্ম নেয় কিশোর গ্যাং, চুরি, ছিনতাই-চাঁদাবাজি এবং নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড।

খারাপ সঙ্গ কেবল কিশোর-তরুণদের নৈতিক অবক্ষয় ঘটায় না বরং তাদের উজ্জ্বল ভবিষ্যৎকে অঙ্কুরেই বিনষ্ট করে। পড়ালেখায় অমনোযোগিতা এবং পরিবারের সাথে দূরত্ব তৈরির ফলে তাদের জীবন এক চরম হতাশায় পর্যবসিত হয়। তাছাড়া বিনোদনের মাধ্যম হিসেবে অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত মোবাইল ফোনের ব্যবহার, দলবেঁধে ঘণ্টার পর ঘণ্টা অনলাইন গেমে আসক্ত হয়ে রাতজাগা, গেমের ভেতর অশ্লীল গালিগালাজ ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ, টিকটিক করে ভাইরাল হওয়ার নেশা কিশোদের স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করছে। এসব সামাজিক সাইট ও অনলাইন গেমের আইটেম কিনতে গিয়ে বাবা-মায়ের অগোচরে টাকা খরচ করছে।

ব্যস্ততার কারণে অনেক বাবা-মা জানেনই না তাদের সন্তান কার সঙ্গে মিশছে বা মোবাইলে কী দেখছে কিংবা কতটা হতাশায় ভুগছে। বাবা-মা টের পেতে পেতে সন্তানরা অনেকটাই জড়িয়ে পড়ে। তখন তাদের ফিরিয়ে আনা অনেকটাই কষ্টসাধ্য। এর প্রভাব শুধু কিশোরের ওপর পড়ে না,পরিবার এবং সামাজিক জীবনে ব্যাপক বিপর্যয় নেমে আসে। এসবে আসক্ত কিশোর পড়াশোনায় অমনোযোগী হয়ে ওঠে। ফলে অনেকের শিক্ষাজীবন মাঝপথেই থেমে যায়।

নিম্নোক্ত উপায়গুলোর মাধ্যমে শিশু-কিশোরদের সুন্দর বুদ্ধিবৃত্তি বিকাশের পথ সুগঠিত হবে। প্রথমত, সন্তানদের সময় দেওয়া। একজন মানুষ পরিবারের সাথে সবচেয়ে বেশি সময় থাকে। তাই শিশু-কিশোরদের সাথে গল্প করা, একসাথে খাবার খাওয়া, তাদের ইচ্ছা-আগ্রহ সম্পর্কে জানা, কবিতা-গান বা বই পড়ে শোনানো, বিকালে ঘুরতে নিয়ে যাওয়া বা নিয়মিত বিকালে মাঠে খেলতে দেওয়া ইত্যাদি কাজ করলে শিশুর উৎফুল্লতার সাথে বুদ্ধির বিকাশ দ্রুত হবে। দ্বিতীয়ত, শিশু-কিশোরদের বন্ধু নির্বাচনে বাবা-মায়ের সচেতনতা সবচেয়ে জরুরি।

তৃতীয়ত, শিশু-কিশোররা অনুকরণপ্রিয়। পরিবার থেকেই তাদের বিকাশ ঘটে থাকে, তাই তাদের সামনে অতিরিক্ত মোবাইল ব্যবহার, পারিবারিক ঝগড়া-বিবাদ, পরিবারের সদস্যদের অসম্মান বা অনুপযুক্ত শব্দ ব্যবহার থেকে বিরত থাকা। চতুর্থত, নৈতিক ও ধর্মীয় শিক্ষার অভ্যাস গড়ে তোলা। ছোটবেলা থেকেই নৈতিক-অনৈতিক কাজ সম্পর্কে ধারণা দেওয়া, ধর্মীয় মূল্যবোধ ও শিষ্টাচার সম্পর্কে উৎসাহিত করলে তারা নিজেই সঠিক পথে এগিয়ে যাবে। পঞ্চমত, বর্তমান সময় প্রযুক্তির যুগ। অনলাইন ক্লাস, শিক্ষাগত প্রয়োজনে মোবাইল ব্যবহার প্রয়োজনীয়তা থাকলেও নির্দিষ্ট সময় ব্যবহার করা। তাছাড়া তাদের চিন্তাভাবনা ও সৃজনশীলতার বিকাশে কিছু নির্দিষ্ট অ্যাপস, ইউটিউব কিডস, ধাঁধা বা গণিতের গেমস কিংবা কোডিং শেখায় এমন অ্যাপসের পরিমিত ব্যবহারের সুযোগ দেওয়া। ফলে আমাদের দেশের শিশু-কিশোররাও প্রযুক্তিনির্ভর বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে। ষষ্ঠত, শিশু-কিশোরকে সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করা। ছবি আঁকা,গান শেখা, নিজের কাজ নিজে করা, কবিতা আবৃত্তি করা, গল্পের বই পড়া, নতুন কিছু তৈরিতে বা গাছ লাগানো ও গাছের পরিচর্যা করতে উৎসাহিত করা এবং ঘরে কাজে সাহায্য করতে উদ্বুদ্ধ করা। এসব কাজ শিশু-কিশোরদের নিজেদের সমৃদ্ধভাবে গড়ে তুলবে। আমরা মনে করি, পরিবার, শিক্ষক ও সমাজ একসাথে সচেতন থাকলেই আগামীর জনসম্পদ শিশু-কিশোররা সুস্থ, নৈতিক ও আলোকিত মানুষ হয়ে গড়ে উঠবে।

জান্নাত আক্তার শিলা
রসায়ন বিভাগ, ইডেন মহিলা কলেজ 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা