× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারুণ্যের অপার সম্ভাবনা কাজে লাগাতে হবে

সম্পাদকীয়

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৩৯ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কোনো দেশের কর্মক্ষম তারুণ্যশক্তির সংখ্যা যখন দ্রুত বাড়ে, তখন দেশটি অর্থনীতি, উৎপাদনশীলতা, সঞ্চয়, বিনিয়োগ ও কর্মসংস্থানের মাধ্যমে দ্রুত এগিয়ে যাওয়ার সুযোগ পায়। অবশ্য সুযোগটি সবার জন্য সমান নয়। কারণ তরুণ জনগোষ্ঠী যদি শিক্ষিত, দক্ষ, সুস্থ এবং কর্মক্ষম না হয়, তাহলে এই জনমিতিক সুবিধা অর্থনৈতিক সম্পদে পরিণত হয় না। বরং তারা হয়ে উঠতে পারে বেকারত্ব, বৈষম্য ও সামাজিক অস্থিরতার উৎস। বাংলাদেশ আজ ঠিক এমন সন্ধিক্ষণেই দাঁড়িয়ে। শিগগির যদি কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া না যায় তা হলে তারুণ্যের এই সম্ভাবনার অপচয়ই ঘটবে।

বাংলাদেশের সামনে এই মুহূর্তে সবচেয়ে বড় সম্পদ হলো তরুণ জনগোষ্ঠী। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) যুব উন্নয়ন বিষয়ক নীতিপত্র অনুযায়ী, দেশে ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণের সংখ্যা প্রায় ৩ কোটি ১৬ লাখ। অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ। এই বিপুল সংখ্যা একদিকে যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধির বড় সম্ভাবনা, অন্যদিকে কর্মসংস্থান ও দক্ষতা তৈরিতে ব্যর্থ হলে তারা সামাজিক ও অর্থনৈতিক অভিযাত্রায় বোঝা হয়ে দাঁড়াবে।

সম্প্রতি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের তৈরি করা ‘ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক’-এ বলা হয়েছে- ১৯৮২ সাল থেকে বাংলাদেশে জনমিতি সুবিধার সুযোগ শুরু হয়। এই সুযোগ একটি দেশ পায় সাধারণত ৬০ বছর। এ হিসাবে আগামী ২০৪২ সালে শেষ হয়ে যাচ্ছে জনমিতি সুবিধার সময়কাল। রেশিও অনুযায়ী ২০৪২ সালের পর দীর্ঘ পতন ঘটবে তরুণ জনসংখ্যার। চলতি ২০২৬ সালের অবস্থান সম্পর্কে বলা হয়েছে, বাংলাদেশ তারুণ্যের এই সুযোগের ৭৩ শতাংশের বেশি অতিক্রম করেছে। নীতিগত পদক্ষেপের জন্য অবশিষ্ট প্রায় ১৬ বছর সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুলনামূলকভাবে চীনের প্রথম লভ্যাংশ বছরে ১ দশমিক ৪ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত অবদান রেখেছে, যা বাংলাদেশের শূন্য দশমিক ৭৪ শতাংশের প্রায় দ্বিগুণ। এটি জনতাত্ত্বিক কাঠামোকে উৎপাদনশীল কর্মসংস্থানে দেশের দুর্বল পারফরম্যান্সকে প্রতিফলিত করে। এ প্রসঙ্গে সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেছেন, পরিস্থিতি উত্তরণে এখন থেকে কার্যকর প্রস্তুতির বিকল্প নেই। এখন তারুণ্যের যে আধিক্য চলছে সেটিকে কাজে লাগাতে হবে সুপরিকল্পিতভাবে। শুধু কর্মসংস্থানই নয়, এই জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে হবে।

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের তথ্য বলছে, বাংলাদেশের ১৫-৫৯ বছর বয়সী জনগোষ্ঠী মোট জনসংখ্যার প্রায় ৬২ শতাংশ। ২০২২ সালে নির্ভরশীলতার হার নেমে এসেছিল ৫২.৬-এ। কিন্তু কর্মক্ষম জনগোষ্ঠীর অংশ এখন স্থিতিশীল হয়ে ধীরে ধীরে কমার পথে। সংস্থাটি বলছে, দেশের প্রথম জনমিতিক লভ্যাংশের সর্বোচ্চ পর্যায় ২০২০-এর দশকের গোড়াতে এসেছিল। কিন্তু কর্মসংস্থানের বাস্তবতা ছিল উদ্বেগজনক। বিশ্বব্যাংকের সাম্প্রতিক বিশ্লেষণে দেখা যায়, ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখ তরুণ কর্মক্ষম বয়সে প্রবেশ করলেও কর্মসংস্থান হয়েছে মাত্র ৮৭ লাখ। একটি বড় অংশই কর্মমুখী হতে পারেনি। কর্মসংস্থানের বড় অংশই রয়ে গেছে নিম্ন উৎপাদনশীল খাতে। 

আসলে সমস্যার বড় জায়গাটি হলো শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে দীর্ঘদিনের পার্থক্যগত ব্যবধান। বিশ্ববিদ্যালয়ের সনদ বাড়ছে, কিন্তু সেই অনুপাতে বাজারমুখী দক্ষতা বাড়ছে না। জিইডির যুব নীতিপত্রেও শিক্ষা থেকে কর্মসংস্থানে যাওয়ার পথ পুনর্গঠন, উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণ এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অধিক গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। আরেকটি বড় সমস্যা হলো কর্মসংস্থানের গুণগত দিক। শুধু চাকরির সংখ্যা বাড়ালেই হবে নাÑ উৎপাদনশীল, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর চাকরি তৈরি করতে হবে। শিল্প খাতে অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে। ফলে প্রচলিত শ্রমনির্ভর খাতে আগের মতো কর্মসংস্থান তৈরি না-ও হতে পারে। সম্প্রতি শিল্প খাত নিয়ে প্রকাশিত বিশ্লেষণেও দেখা যায়, প্রযুক্তি ব্যবহারের কারণে উৎপাদন বাড়লেও শ্রমের চাহিদা কমার ঝুঁকি তুলে ধরা হয়েছে। আমরা মনে করি, তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হলে তরুণদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে দেখা যাবে না, তাদের উদ্যোক্তা, উদ্ভাবক, দক্ষ পেশাজীবী ও অর্থনীতির সক্রিয় অংশীদার হিসেবে গড়ে তুলতে হবে। 

এখন প্রয়োজন সমন্বিত জাতীয় কর্মপরিকল্পনা। শিক্ষাকে চাকরির বাজারের সঙ্গে যুক্ত করতে হবে, কারিগরি ও ডিজিটাল দক্ষতায় বিনিয়োগ বাড়াতে হবে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন সহজ করতে হবে এবং শিল্পায়ন ও বিনিয়োগের পরিবেশ উপযোগী করে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। একই সঙ্গে নারীর কর্মসংস্থানে পরিবহন, নিরাপত্তা, শিশুযত্ন ও কর্মপরিবেশের বাধা দূর করতে হবে।

মনে রাখা দরকার, জনমিতিক সুবিধা শেষ হয়ে গেলে তার পুনরাবৃত্তি হবে না। বরং কর্মক্ষম জনগোষ্ঠীর ওপর প্রবীণদের নির্ভরতা বাড়বে, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার ব্যয়ও বাড়বে। আজকের তরুণকে যদি উৎপাদনশীল নাগরিকে পরিণত করা যায়, এই তরুণই আগামী দিনের প্রবীণ জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার ভিত্তি গড়বেন। অর্থাৎ তারুণ্য যদি বেকারত্ব, অদক্ষতা ও অনিশ্চয়তায় নষ্ট হয়ে যায় তাহলে ২০৪০-এর দশকের বাংলাদেশকে সেই মূল্য দিতে হবে। তাই তারুণ্যকে সম্পদে রূপান্তরের উদ্যোগ নিতে হবে। রাষ্ট্রের অগ্রাধিকারে তরুণের শিক্ষা, দক্ষতা, স্বাস্থ্য ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থানকে এখনই কেন্দ্রে আনতে হবে। সহজ করে বললে তারুণ্যের সম্ভাবনাকে  যথাযথভাবে কাজে লাগাতে হবে। আমরা বলতে চাই, জনমিতিক সুবিধা পরিসংখ্যান নয়, এটি সীমিত সময়ের একটি অর্থনৈতিক সুযোগ মাত্র। সেই সুযোগের সদ্ব্যবহার না করতে পারলে দায় কেবল জনসংখ্যার নয়, নীতিরও।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা