নিরঞ্জন রায়। প্রতিকৃতি: প্রতিদিনের বাংলাদেশ
লেখার শিরোনাম দেখে অনেক পাঠক হয়তো ভাবতে পারেন এ আর নতুন কী? খেলাপি ঋণ তো অর্থনীতিরই সমস্যা। বৃহত্তর পরিসরে দেখলে পাঠকদের ধারণাই ঠিক। কেননা বর্তমান যুগে সবকিছুই অর্থনীতির সমস্যা। শিক্ষা, সংস্কৃতি এবং রাজনীতির মতো বিষয়ও এখন অর্থনীতির সমস্যা। অর্থনীতির সমস্যার কারণেই অন্য সব সমস্যা দেখা দেয়। আবার অন্য সব সমস্যার প্রভাবও অর্থনীতির ওপর পড়ে। সেই দিক থেকে দেখলে খেলাপি ঋণ অর্থনীতির সমস্যা তো বটেই। কিন্তু বাস্তবে খেলাপি ঋণ মূলত নির্দিষ্ট ব্যাংকের সমস্যা, যা সঠিকভাবে সমাধান করতে না পারলে সেই ব্যাংকের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তখন পুরো ব্যাংকিং খাতের সমস্যায় পরিণত হয়। এই পর্যায়েও যদি খেলাপি ঋণ সমস্যার সন্তোষজনক সমাধান না হয়, তাহলে সেটি ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং অর্থনীতির সমস্যায় পরিণত হয়। এই অবস্থায় মাত্রাতিরিক্ত খেলাপি ঋণের কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, আবার অর্থনীতির ক্ষতির কারণে খেলাপি ঋণ লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। বাংলাদেশের ব্যাংকিং খাতে এখন সেরকম অবস্থারই সৃষ্টি হয়েছে, যা দেশের ব্যাংকিং খাত ও অর্থনীতির দুষ্টচক্র ছাড়া আর কিছুই নয়।
বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ দীর্ঘদিনের একটি সমস্যা। বলা চলে শুরু থেকেই এই খাত খেলাপি ঋণের বোঝা নিয়ে চলছে। গত শতাব্দী পর্যন্ত খেলাপি ঋণ ছিল, প্রত্যেক ব্যাংকের নিজস্ব সমস্যা। সেই ব্যাংকগুলো এই সমস্যার প্রকৃত সমাধানের পথে না হেঁটে, কোনো রকমে চালিয়ে নেওয়ার চেষ্টা করেছে। ফলে এই সমস্যার প্রকৃত সমাধান হয়নি এবং বাংলাদেশ ব্যাংক এই সমস্যার প্রকৃত সমাধানের জন্য ব্যাংকগুলোকে বাধ্য করেনি। উল্টো সিএলের (ক্লাসিফিকেশন অব লোনস) মতো এক গোঁজামিলের পদ্ধতি চালু করে দেশের খেলাপি ঋণ সমস্যাকে শুধু যে জটিল করে তুলেছে। শুধু তাই নয়, সেই সাথে ব্যাংকের এই মারাত্মক সমস্যাকে জিয়িয়ে রাখার এক সুবন্দোবস্ত করা হয়েছে। এতে করে খেলাপি ঋণ সমগ্র ব্যাংকিং খাতের এক সমস্যায় পরিণত হয়, যা বিগত দুই দশকেরও বেশি সময় ধরে এই ব্যাংকিং খাতের সমস্যা হিসেবেই অব্যাহত ছিল কোনো রকম সমাধানের পদক্ষেপ ছাড়াই। এই সমস্যা কখনও নিয়মের মারপ্যাঁচে কমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, আবার কখনও বেড়ে গেছে কিন্তু সমাধানের চেষ্টা হয়নি। আর বিগত দুই বছরে বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এর নেতিবাচক প্রভাব পড়েছে ব্যাংকিং খাতের ঋণ ব্যবস্থাপনার ওপর। ফলে খেলাপি ঋণ এখন ব্যাংকিং খাতেরও নিয়ন্ত্রণের বাইরে গিয়ে অর্থনীতির সমস্যায় পরিণত হয়েছে।
এ রকম একটি অবস্থায় পত্রিকায় খবর বেরিয়েছে, বাংলাদেশ ব্যাংক আবার ঋণখেলাপির সংজ্ঞা পরিবর্তন করতে চলেছে শুধু ব্যাংকিং খাতের খেলাপি ঋণ কমিয়ে রাখার উদ্দেশ্যে। এই নিয়ে বাংলাদেশ ব্যাংক যে কতবার খেলাপি ঋণ সংক্রান্ত নীতিমালা বা নির্দেশনা জারি করেছে, তার সঠিক সংখ্যা নির্ধারণ করতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদেরও হয়তো গলদঘর্ম হতে হবে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের করারই বা কী আছে। দেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে দায়িত্বটা তাদের ওপর বর্তায়, তাই তাদের তো চুপ করে বসে থাকার উপায় নেই। কিছু একটা করতেই হবে এবং সেই বিবেচনা থেকে উদ্যোগটি নেওয়া হতে পারে। তবে গতানুগতিক ধারার ব্যাংকিং খাতের সমস্যা হিসেবে বিবেচনায় নিয়ে কোনো পদক্ষেপ নিলে খুব একটা কাজে আসবে না। বিষয়টিকে অর্থনীতির সমস্যা হিসেবে ধরে নিয়ে এগোতে হবে।
দেশের ব্যবসা-বাণিজ্যে গতি এনে ব্যবসায়ীদের নগদ-প্রবাহ বা ক্যাশ-ফ্লো বৃদ্ধি করার সুযোগ করে দিতে হবে, যাতে করে ব্যবসায়ীরা নিয়মিত ঋণ পরিশোধ করতে পারেন। আবার ব্যবসায়ীদের খেলাপি ঋণের একটা সুরাহা করে চলতি মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটাল সমস্যার সমাধান করতে না পারলে, তারা ব্যবসায়ে গতি আনতে সক্ষম হবেন না। ব্যবসায় গতি এনেও লাভ হবে না, যদি না দেশের সামষ্টিক চাহিদা বৃদ্ধি পায়। আবার সামষ্টিক চাহিদা বৃদ্ধি পাবে না, যদি দেশে নতুনভাবে বেকার হওয়া বন্ধ না হয়, নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় এবং সার্বিকভাবে মানুষের আয়-উপার্জন বৃদ্ধি পায়। সব মিলিয়ে পরিস্থিতি দেশের ব্যাংকিং, আর্থিক খাত এবং অর্থনীতির এক ভয়াবহ জটিল সমীকরণে পরিণত হয়েছে, যা মেলানো মোটেই সহজ কাজ নয়। এজন্য প্রয়োজন ব্যাপক পরিসরের কর্মপরিকল্পনা, যেখানে থাকবে সরকারের নীতিনির্ধারক, ব্যবসায়ী নেতারা, অর্থনীতিবিদ এবং ব্যাংকারদের ভূমিকা।
এই ধরনের মহাকর্মযজ্ঞ কখন শুরু হবে, বা আদৌ হবে কি না, তার নিশ্চয়তা যেমন নেই, তেমনি বাংলাদেশ ব্যাংক তো সেই অনিশ্চয়তার মধ্যে বসে থাকতে পারে না। তাদের কাছে যে অস্ত্র আছে, তা দিয়ে কিছুটা হলেও ব্যবসায়ীদের একটু স্পেস দিয়ে ব্যবসায় গতি আনার সুযোগ করে দিতে হবে। সেক্ষেত্রে যে সকল ব্যবসায়ী পরিস্থিতির শিকার হয়ে ঋণ খেলাপি হয়েছেন এবং যারা চলতি মূলধন সংকটের কারণে ঠিকমত ব্যবসা পরিচালনা করতে পারছেন নাÑ তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করতে হবে। তবে এই ধরনের সুযোগ ঢালাওভাবে সকল ঋণগ্রহীতার প্রদান করার সুযোগ নেই। এজন্য ঋণদাতা ব্যাংককে পরিশ্রম করে সেইসব গ্রাহকদের চিহ্নিত করতে হবে, যাদের সত্যিকার অর্থে ব্যবসা চালু রাখার জন্য ব্যাংকের সহযোগিতা প্রয়োজন।
প্রথমে প্রত্যেক ব্যাংকের সিআরএম বিভাগে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যেক ঋণগ্রহীতার ফাইল বিশ্লেষণ করে, সরেজমিন পরিদর্শন করে এবং গ্রাহকদের সাথে সরাসরি আলোচনা করে নিশ্চিত করতে হবে যে কোন কোন গ্রাহকের ব্যাংকিং সুবিধা দিলে, তারা তাদের ব্যবসা চালিয়ে নিতে পারবেন, ব্যবসায় গতি আনতে পারবেন এবং পর্যায়ক্রমে ব্যাংকের ঋণও পরিশোধ করতে পারবেন। এরপর নির্ধারণ করতে হবে কী ধরনের ব্যাংকিং সুবিধা সেসব গ্রাহকের প্রয়োজন হবে। অর্থাৎ কোনো গ্রাহকের হয়তো খেলাপি ঋণ ঠিক করতে হবে, আবার কারও হয়তো নতুন ঋণ সুবিধার প্রয়োজন আছে, আবার কিছু গ্রাহকের হয়তো দুটোই প্রয়োজন। তবে অবস্থাদৃষ্টে যা মনে হয়, তাতে অধিকাংশ ঋণগ্রহীতার একটি নির্দিষ্ট সময় পর্যন্ত গ্রেস পিরিয়িড বা ঋণ পরিশোধ করা থেকে বিরত থাকার সুযোগ প্রয়োজন। যা-হোক যারা প্রকৃত ব্যবসায়ী, যাদের ব্যবসা এখনও সচল আছে এবং যাদের ব্যবসা পরিচালনা করে ঋণ পরিশোধের সক্ষমতা আছে, তাদেরকে প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা দিতেই হবে। এজন্য যদি আইএমএফের শর্ত এবং আন্তর্জাতিক বা আঞ্চলিক মানদণ্ডের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিতে হয়, তাই নিতে হবে। এখন বাংলাদেশের ব্যাংকিং খাত যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, সেখানে কোনো মানদণ্ডই কার্যকর নেই। তাই ব্যাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য যে মানদণ্ড প্রয়োজন, সেটাই আপাতত গ্রহণ করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে যেকোনো মানসম্পন্ন পদ্ধতিই গ্রহণ করা সম্ভব।
যেসব ঋণগ্রহীতা ব্যাংকের বিশ্লেষণে এই ক্যাটাগরিতে পড়বে না, তাদেরকে বিশেষায়িত ব্যাংকিং সুবিধা দেওয়ার সুযোগ নেই। কেননা এতে কোনো লাভ হবে না। তাদের সমস্যা খেলাপি ঋণ সমস্যা সমাধানের মতো করেই সমাধান করতে হবে। নির্দিষ্ট ঋণগ্রহীতাদের যে বিশেষায়িত ব্যাংকিং সুবিধা দেওয়া হবে, সেখানেও কিছু শর্ত আরোপের প্রয়োজন আছে। প্রথমত, গ্রাহকদের সাথে আলোচনা করে তাদের সক্ষমতা অনুযায়ী গ্রেস পিরিয়ড নির্ধারণ এবং কথন থেকে কীভাবে ঋণ পরিশোধ শুরু হবে, তা চূড়ান্ত করে নিতে হবে। দ্বিতীয়ত, যখন থেকে ঋণ পরিশোধ শুরু হবে, তখন প্রতিমাসে অর্জিত সুদসহ কিছু আসল নগদে পরিশোধ করতে হবে। ঋণের সাথে অর্জিত সুদ যোগ করে ব্যাংকের মুনাফা দেখানোর অপসংস্কৃতি পরিহার করতে হবে। তৃতীয়ত, যে সকল ব্যাংক এই বিশেষায়িত সুবিধা গ্রহণ করবে, তারা এসব ঋণের ওপর অর্জিত সুদ কোনো অবস্থাতেই মুনাফায় নিতে পারবে না, বরং সরাসরি প্রভিশনের সাথে যোগ করতে হবে। এই অবস্থা অব্যাহত থাকবে পুরো গ্রেস পিরিয়ড এবং যতক্ষণ পর্যন্ত এই ঋণ স্বাভাবিক হয়ে ঋণগ্রহীতা নিয়মিত ঋণ পরিশোধ শুরু না করে, ততক্ষণ পর্যন্ত। চতুর্থত, যে সকল ব্যাংক এই বিশেষ সুবিধা গ্রহণ করবে এবং যাদের প্রভিশন ঘাটতি আছে, তাদেরকে লভ্যাংশ প্রদানের সুযোগ দেওয়া যাবে না। যেহেতু শেয়ার মার্কেট এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের একটা বিষয় আছে, তাই বিশেষ বিবেচনায় শুধু ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য কিছু লভ্যাংশ প্রদানের সুযোগ রাখা যেতে পারে।
আপৎকালীন ব্যবস্থার পাশাপাশি ব্যাংকিং খাতে ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করার মাধ্যমে নতুন খেলাপি ঋণের সুযোগ বন্ধ বা সীমিত করার উদ্যোগ নিতে হবে। এজন্য ব্যাপক পরিকল্পনার মাধ্যমে দেশের খেলাপি ঋণ সমস্যা সমাধানে হাত দিতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না খেলাপি ঋণ হচ্ছে ক্যানসারের মতো, যাকে যেনতেন প্রকারে ঠিক করা সম্ভব নয়। খেলাপি ঋণ যেভাবে সমাধান করতে হয়, সেভাবেই করতে হবে, তা সে আজ হোক আর কাল হোক। আবার এটাও ঠিক যে এখন পর্যন্ত খেলাপি ঋণ সমস্যার একমাত্র গ্রহণযোগ্য সমাধান হচ্ছে অবলোপন, যা সংরক্ষিত স্থিতি বা প্রভিশন থেকে অথবা বর্তমান ও ভবিষ্যতে অর্জিত মুনাফা থেকে হতে পারে। শেষোক্ত ক্ষেত্রে সরকারের সহযোগিতা বা বেইল-আউট প্যাকেজের প্রয়োজন। এটি কীভাবে হতে পারে, তা বিস্তারিত তুলে ধরতে গেলে, যে মাত্রার আলোচনার প্রয়োজন তার সুযোগ এখানে নেই।
লেখক: সার্টিফায়েড অ্যান্টি-মানিলন্ডারিং স্পেশালিস্ট ও ব্যাংকার, টরন্টো, কানাডা