× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রযুক্তির বাজারে আক্রা

সম্পাদকীয়

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তথ্যপ্রযুক্তির ব্যাপক প্রসারে জনজীবনে যে পরিবর্তন এসেছে, সম্প্রতি তা বড় ধাক্কা খেয়েছে। এ ধাক্কাটি এসেছে মূলত তথ্যপ্রযুক্তি খাত সংক্রান্ত বিভিন্ন পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে। গতকাল প্রতিদিনের বাংলাদেশ ‘ডিজিটাল বাজারও চড়া’ শীর্ষক বিশেষ প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছে। তাতে বলা হয়েছে, কয়েক মাসের ব্যবধানে স্মার্টফোন, ল্যাপটপ থেকে শুরু করে র‌্যাম ও স্টোরেজের দাম দ্বিগুণ থেকে তিনগুণ বেড়ে গেছে। এর পেছনের কারণ হিসেবে বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অভাবনীয় প্রসার ও প্রবল দাপট এবং বিশ্বব্যাপী সামরিক সংঘাতের কথা বলা হয়েছে। সামরিক সংঘাতের কারণে সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়ায় সংকট তীব্র হয়ে উঠেছে।

বলা নিষ্প্রয়োজন, বৈশ্বিক বাজার ব্যবস্থার অংশীদার হিসেবে বাংলাদেশেও এর প্রভাব পড়েছে প্রকটভাবে। আন্তর্জাতিক বাজারের এই অস্থিরতার সঙ্গে যুক্ত হয়েছে দেশের ডলার সংকট ও বাড়তি শুল্ক। চতুর্মুখী নেতিবাচক ধাক্কা পরিস্থিতিকে করে তুলেছে অসহনীয়। দৈনন্দিন জীবনযাত্রা ও কর্মক্ষেত্রে যারা তথ্যপ্রযুক্তির ওপর নির্ভরশীল তাদের এখন ত্রাহি মধুসূদন অবস্থা। হয় তারা উচ্চমূল্যে র‌্যাম, এসএসডি (স্টোরেজ) কিনতে বাধ্য হচ্ছেন, না হয় এ খাত থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন। তথ্যপ্রযুক্তি ব্যবসায়ীদের উদ্ধৃতি দিয়ে প্রতিদিনের বাংলাদেশ জানিয়েছে, আগামী কয়েক মাসে মাইক্রোচিপস, মেমোরি কার্ড, স্টোরেজ, র‌্যাম ইত্যাদি পণ্যের দাম আরও বাড়বে।

এ কথা বলার অপেক্ষা রাখে না, বিশ্ব-অর্থনীতি এখন তথ্যপ্রযুক্তি-নির্ভর হয়ে পড়েছে। বৈশ্বিক অর্থনীতির অংশীদার হিসেবে বাংলাদেশও এক্ষেত্রে এগিয়েছে অনেক দূর। বিশ্ববাজারে তথ্যপ্রযুক্তি পণ্যের যে মূল্য বৃদ্ধি ঘটেছে, তা অন্যান্য দেশের ক্ষেত্রেও একই প্রতিক্রিয়া সৃষ্টি করে থাকবে। দেখার বিষয় হলো, সেসব দেশ উদ্ভূত এই সমস্যা মোকাবিলায় কী ধরনের পদক্ষেপ নিয়েছে। বৈশ্বিক সংকট হলো, সাগরের জোয়ার-ভাটার মতো। সাগরে জোয়ার বা ভাটার সৃষ্টি হলে তা যেমন নদ-নদী, খাল-বিলে প্রভাব ফেলে; তেমনি যেকোনো বৈশ্বিক সমস্যা-সংকট পৃথিবীর সব দেশেই প্রতিক্রিয়ার সৃষ্টি করে। তথ্যপ্রযুক্তির উৎকর্ষতার কারণে পৃথিবী পরিণত হয়েছে একটি গ্লোবাল ভিলেজ অর্থাৎ ব্শ্বিগ্রামে। এখানে এখন প্রতিটি দেশ একে অপরের সঙ্গে সম্পৃক্ত। ফলে একটি সমস্যা বা সংকট এখন আর কোনো দেশকে একক বা পৃথকভাবে আঘাত করে না।

তবে এক্ষেত্রে বাংলাদেশের সমস্যাটি একটু ভিন্ন প্রকৃতির। তথ্যপ্রযুক্তির আনুষঙ্গিক যন্ত্রাংশ বা প্রয়োজনীয় প্রযুক্তির বিষয়ে আমরা এখনও বিদেশনির্ভর। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করে আমাদের তথ্যপ্রযুক্তি খাতকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আর সে আমদানির ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধক শুল্ক। সাম্প্রতিক সময়ে তথ্যপ্রযুক্তির বিভিন্ন যন্ত্রাংশের ওপর যে বাড়তি করারোপ করা হয়েছে, তাতে এ খাতের ব্যবসায়ীরা চরম প্রতিকূলতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। প্রতিদিনের বাংলাদেশ-এর কাছে তেমন কয়েকজন ব্যবসায়ীও বলেছেন সেসব কথা। 

এখন প্রশ্ন হলোÑ এ সমস্যা বা সংকট উত্তরণের উপায় কী? যেহেতু তথ্যপ্রযুক্তি শিল্পে আমরা এখনও অনেকটাই পিছিয়ে, তাই দ্রুত এক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের সম্ভাবনা কম। তবে তথ্যপ্রযুক্তির জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ উৎপাদনকারী বিশ্বের নামিদামি কোম্পানিগুলোকে এদেশে বিনিয়োগের আহ্বান জানানো যেতে পারে। পাশাপাশি এ সংক্রান্ত আমদানি শুল্ক হ্রাস করে ব্যবসায়ী ও ভোক্তাদের সৃষ্ট অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি দেওয়া যেতে পারে। উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশে সেমিকন্ডাক্টর শিল্পের প্রসারের ওপর গুরুত্ব দিয়েছেন। এই সেমিকন্ডাক্টর স্মার্টফোন, ল্যাপটপ ও এআই যন্ত্রাংশের জন্য অপরিহার্য। তা ছাড়া ট্রানজিস্টর, ডায়োড এবং কম্পিউটার চিপ তৈরিতে মূল উপাদান এই সেমিকন্ডাক্টর। ফলে এ শিল্পের দ্রুত প্রসার ঘটাতে পারলে তথ্যপ্রযুক্তি খাতে যে সংকট বর্তমানে চলছে, তা অনেকটাই হ্রাস পাবে বলে আশা করা যায়। 

সমস্যা আছে এবং থাকবে। দিন যত যাবে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন নতুন সমস্যা-সংকটও পাল্লা দিয়ে বৃদ্ধি পাবে। তবে সংকটে হতোদ্যম হওয়া চলবে না। বরং সংকটকে মোকাবিলা করার উপায় খুঁজে বের করতে হবে। যেহেতু তথ্যপ্রযুক্তির নির্ভরতা ছাড়া বর্তমান সময়ে অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়া অনেকটাই অসম্ভব, তাই এ খাতকে যথাযথ গুরুত্ব দিয়ে এর উন্নয়ন ও আধুনিকায়নে নীতিমালা তৈরি করা জরুরি। যাতে বৈশ্বিক সংকটের আঁচ লাগলেও তা আমাদের কর্মকাণ্ডকে স্থবির করে দিতে না পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা