নূরুদ্দীন দরজী
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪১ পিএম
নূরুদ্দীন দরজী। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকাই ফিল্মের কিংবদন্তূতূল্য অভিনেতা রাজ্জাক ভূষিত হয়েছিলেন ‘নায়করাজ’ উপাধিতে। যারা উনিশশ সত্তর-আশির দশকের সিনেমা দর্শক তারা অবশ্যই জানেন রাজ্জাকের কথা, সিনেমায় তার রাজত্বের কথা। আমরা যখন সিনেমা দেখা শুরু করি তখন নায়ক রাজ্জাক ঢাকার সিনেমার উজ্জ্বল নক্ষত্র। ১৯৬৩ সালে রোমান্টিক ও স্টাইলিশ নায়ক রহমান দুর্ঘটনায় একটি পা হারানোর পর ঢাকার সিনেমায় যে নায়ক শূন্যতা দেখা দিয়েছিল রাজ্জাক তা পূরণ করেন। রাজ্জাক ঢাকাই সিনেমায় রাজত্ব করেছেন অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে। বস্তদু তিদনি ছিলেন ঢাকাই চলচ্চিত্রের মুকুটহীন রাজা।
বাংলাদেশের সিনেমার ইতিহাসখ্যাত কিংবদন্তি নায়ক রাজ্জাকের জন্ম কলকাতায় ১৯৪২ সালে। বাল্যকাল থেকেই তার ইচ্ছে হয়েছিল অভিনয় করার। সে সময়ের বিখ্যাত অভিনয়শিল্পী ছবি বিশ্বাস চট্টোপাধ্যায়ের অভিনয় দেখে বিশেষভাবে অনুপ্রাণিত হন। স্কুলনাটক থেকে শুরু করে কলকাতার বেশ কয়েকটি ছোটখাটো সামাজিক নাটকে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু। তার পছন্দের ছিল ‘রঙ্গ সভা নাট্যদল’। নিজ এলাকায় নাকতলা ও বাঁশদ্রোণীর বিভিন্ন নাট্যদলেও তিনি অভিনয়ে শামিল হতেন। কিন্তু মাত্র ২২ বছর বয়সে সহসা পরিস্থিতি তার মারাত্মকভাবে প্রতিকূলে চলে যায়। যে বয়সে মানুষের জীবনের রূপান্তর ঘটে, আত্মবিশ্বাস গড়ে উঠে জীবনের ভিত তৈরি হয়, সে বয়সে তার জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা। ১৯৬৪ সালে হিন্দু-মুসলিম দাঙ্গায় দেশ ছিল জর্জরিত। এ কারণে কলকাতা ছেড়ে অনন্যোপায় হয়ে তাকে জীবনের ঝুঁকি নিয়ে চলে আসতে হয় ঢাকায়। ঢাকাতে একান্ত আপন কোনো মানুষ না থাকায় খোলা আকাশের নিচে থাকতে হয়েছিল স্ত্রী-পুত্রকে নিয়ে। তার সাথে ছিল তৎকালীন ঢাকার চলচ্চিত্র নির্মাতা আবদুল জব্বার খানের উদ্দেশে লেখা একখানা চিঠি। দেখা করলে জব্বার খান তাকে তাৎক্ষণিকভাবে কিছু একটি কাজের ব্যবস্থা করে দেন। উল্লেখ্য, নিরুপায় রাজ্জাক ঢাকায় আসার সময় কলকাতার চলচ্চিত্র পরিচালক পীযূষ বসুর একটি চিঠি নিয়ে এসেছিলেন। তাকে বলা হয়েছিল ঢাকার পরিচালক জব্বার খান ও মণি বোসের ঠিকানায় চিঠি নিয়ে সাক্ষাৎ করতে। ঢাকায় এসেই ঠিকানা ধরে ধরে আবদুল জব্বার খানের সাথে দেখা করেন। জব্বার খান তাকে তার ‘ইকবাল’ ফিল্মসে সহকারী হিসেবে কাজের সুযোগ করে দেন। পরবর্তীতে তার পরিচয় হয় জহির রায়হানের সাথে। ইতোমধ্যে অন্য চলচ্চিত্র সংশ্লিষ্টদের সাথে পরিচয়ের সূত্রে ছোটখাটো কাজ করতে থাকেন। তখন বাংলাদেশের সিনেমা আকাশ উজ্জ্বল করে আলো ছড়াচ্ছিলেন নায়ক রহমান। রাজ্জাককে দেখে ভাগ্যবঞ্চিত পা হারানো নায়ক রহমান বুঝতে পেরেছিলেন, রাজ্জাকই তার শূন্যতা পূরণ করতে পারবেন। রহমান তাকে নানা মোটিভেশনাল কথা বলতেন। বলতেন, ‘পরের বোঝা বয়ে লাভ নেই, নিজের পায়ে দাঁড়াও।’ পরিচালক এহতেশামের সাথে সাক্ষাৎ হলে এহতেশাম রাজ্জাককে নানাভাবে সহায়তা করেছেন, কাজের সুযোগ করে দিয়েছেন। স্বল্প সময়ে কাজে পারদর্শিতা দেখিয়ে মাত্র দুই বছর পর ১৯৬৬ সালে রাজ্জাক জহির রায়হানের ‘বেহুলা’ সিনেমায় নায়ক চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে যান। বেহুলায় চমক লাগিয়ে দেন তিনি। তার পর কয়েক বছর যেতে না যেতেই একের পর এক ব্যবসাসফল ছবি আসে তার অভিনয়ে। স্বাধীনতার পর ‘রংবাজ’ ছবিটি মুক্তি পেলে তা দর্শকপ্রিয়তায় যেমন আকাশ ছোঁয়, তেমনি রাজ্জাকও হেয়ে ওঠেন অপ্রতিদ্বন্দ্বী। রংবাজে তার দারুণ সফলতা এবং দর্শকপ্রিয়তা দেখে সিনে সাপ্তাহিক চিত্রালী সম্পাদক আহমদ জামান চৌধুরী তাকে ‘নায়করাজ’ উপাধি দেন।
রাজ্জাক নিঃসন্দেহে বাংলাদেশের নায়কদের রাজা। তার অভিনীত এমন কিছু কালজয়ী সিনেমা আছে, যা কলকাতার ক্লাসিক সিনেমাগুলোর সাথে অনায়াসে তুলনীয় হয়েছে। রাজ্জাক অভিনীত ‘জীবন থেকে নেয়া’, ‘আলোর মিছিল, ‘ওরা ১১ জন’, ‘ছুটির ঘণ্টা’, ‘নীল আকাশের নীচে’ ও ‘অশিক্ষিত’ সিনেমার গল্প, আবেগ ইত্যাদির সাথে শক্তিশালী অভিনয় দক্ষতা ভারতীয় সিনেমাকে টেক্কা দিতে পেরেছে।
বাংলাদেশের সিনেমার অভিনয় দক্ষতায় রাজ্জাকের বিকল্প এখনও পযন্ত আর কেউ হয়ে উঠতে পারেনি। । নায়ক আলমগীর রাজ্জাকের কাছ থেকে অনেক কিছু শিখেছেন মর্মে কথা বলেছেন। প্রয়াত শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরীদি নায়করাজ রাজ্জাকের বহুমুখী প্রতিভার প্রশংসা করেছেন। পরিচালক মিতার মতে ঢাকাই সিনেমার একটি যুগ শুরু হয়েছিল রাজ্জাকের হাত ধরে। চিত্রনায়ক মরহুম ফারুক বলেছেন, ‘রাজ্জাক ছিলেন টালিউডের এক শক্তিশালী স্তম্ভ, যাকে উপড়ে ফেলার চেষ্টা করে কেউ সফল হতে পারেননি।’ মরহুম স্টাইলিশ নায়ক জাফর ইকবালের কাছে রাজ্জাক ছিলেন সকলের জন্য অনুপ্রেরণাকারী অভিনেতা। ইলিয়াস কাঞ্চন রাজ্জাককে বলেছেন চলচ্চিত্রের অভিভাবক, বলেছেন আসল রাজা। বুলবুল আহমেদের মতে, রাজ্জাক যেভাবে পর্দায় মধ্যবিত্তের সুখ-দুঃখকে জীবন্ত করে তুলতে পারতেন তা অন্য কারও নিকট ততটা সহজ ছিল না। মিষ্টি মেয়ে খ্যাত সাড়া জাগানো নায়িকা কবরীর দৃষ্টিতে ‘রাজ্জাক ছিলেন অনন্য রোমান্টিক জুটি ও মান-অভিমানের বন্ধু।’ নায়িকা শাবানা মহানায়ক উত্তম কুমারের সাথে তুলনা করে বলেছিলেন ‘রাজ্জাককে মনে হচ্ছিল উত্তম কুমার।’ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নায়িকা ববিতার দৃষ্টিতে রাজ্জাক ছিলেন ‘বাবা, প্রেমিক এবং সত্যিকারের শিক্ষক।’ এ ছাড়াও ভারতীয় কিংবদন্তি নায়ক সৌমিত্রসহ অনেক অভিনেতা-অভিনেত্রী রাজ্জাককে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।
২০১৭ সালে মায়াবী পৃথিবী ছেড়ে চলে গেছেন নায়করাজ রাজ্জাক। কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রের নীল আকাশে অনির্বাণ প্রদীপ হয়ে আছেন তিনি এবং থাকবেন যুগ যুগ ধরে।
লেখক: সাবেক শিক্ষা অফিসার