× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেতা নয়, নেতৃত্ব প্রয়োজন

জাহিদ ইকবাল

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৫ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

আজকাল নেতা হতে চান অনেকেই। রাজনীতিতে নেতা, সংগঠনে নেতা, সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠানে নেতা, পাড়া-মহল্লায় নেতাÑ নেতৃত্বের আকাঙ্ক্ষা সর্বত্র। একটি কমিটি হলেই সেখানে পদ চাই, একটি সংগঠন হলেই নেতৃত্ব চাই, আর নেতৃত্ব পেলেই যেন পরিচিতি ও প্রভাব নিশ্চিত। কিন্তু প্রশ্ন হলোÑ নেতা হওয়ার আগ্রহ যত মানুষের মধ্যে, নেতৃত্ব দেওয়ার গুণ তত মানুষের মধ্যে আছে কি? নেতা হওয়া যায় পদে, কিন্তু নেতৃত্ব অর্জন করতে হয় কর্মে। নেতা পরিচিত হন পদ-পদবিতে; নেতা হিসেবে টিকে থাকেন মানুষের আস্থায়। একজন মানুষের নামের আগে ‘সভাপতি’, ‘সাধারণ সম্পাদক’, ‘চেয়ারম্যান’, ‘নেতা’ কিংবা অন্য কোনো পদবি যুক্ত হতে পারে। কিন্তু সেই পদবিই তাকে প্রকৃত নেতা বানায় না।

একটি রাষ্ট্রে নেতা বদলাতে পারে। সরকার বদলাতে পারে। রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারে, আবার ক্ষমতার বাইরে যেতে পারে। কিন্তু রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যদি শক্তিশালী থাকে, তাহলে দেশ এগিয়ে যায়। আর প্রতিষ্ঠান যদি ব্যক্তি-নির্ভর হয়ে পড়ে, তা হলে ব্যক্তির সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানের শক্তিও কমে যায়। এ কারণেই প্রকৃত নেতৃত্বের অন্যতম বড় দায়িত্ব হলো প্রতিষ্ঠানকে ব্যক্তির চেয়ে শক্তিশালী করা।

আধুনিক সিঙ্গাপুরের দিকে তাকালেও নেতৃত্বের শক্তি বোঝা যায়। আজকের সিঙ্গাপুরকে আমরা বিশ্বের অন্যতম সমৃদ্ধ, দক্ষ ও পরিকল্পিত রাষ্ট্র হিসেবে দেখি। কিন্তু একসময় এটি ছিল সীমিত প্রাকৃতিক সম্পদ, ছোট ভূখণ্ড ও নানা সামাজিক-অর্থনৈতিক চ্যালেঞ্জের একটি নবীন রাষ্ট্র। সেই জায়গা থেকে সিঙ্গাপুরকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আধুনিক সিঙ্গাপুরের জনক হিসেবে পরিচিত লি কুয়ান ইউয়ের নেতৃত্ব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সিঙ্গাপুরের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান এবং প্রশাসনিক সক্ষমতা| ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের  ২০২৫ সালের দুর্নীতির ধারণা সূচকে সিঙ্গাপুর ৮৪ স্কোর নিয়ে ১৮২ দেশের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, লি কুয়ান ইউ ১৯৯০ সালে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন। তার উত্তরসূরি হন গোহ চোক টং। অর্থাৎ নেতৃত্বের ধারাবাহিকতা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সচল রাখার বিষয়টিও গুরুত্ব পেয়েছিল। এখানেই প্রকৃত নেতৃত্বের সঙ্গে শুধু নেতা হওয়ার পার্থক্য। নেতা নিজের চারপাশে মানুষ জমাতে চান; প্রকৃত নেতৃত্ব এমন প্রতিষ্ঠান তৈরি করেন, যা তার অনুপস্থিতিতেও কাজ করতে পারে।

নেলসন ম্যান্ডেলার নেতৃত্বও আমাদের সামনে একটি অনন্য দৃষ্টান্ত। দক্ষিণ আফ্রিকার দীর্ঘ বর্ণবৈষম্যের অবসানের পর ম্যান্ডেলা ক্ষমতায় এসে প্রতিশোধের পথ বেছে নেননি। বরং বিভক্ত জাতিকে পুনর্মিলনের পথে নেওয়ার চেষ্টা করেছিলেন।

একজন নেতা চাইলে মানুষের ক্ষোভ আরও বাড়াতে পারেন, আবার সেই ক্ষোভ একটি বৃহত্তর জাতীয় ঐক্যে পরিণত করতেও পারেন। ম্যান্ডেলার নেতৃত্বের সৌন্দর্য ছিল এখানেই। তিনি শুধু ক্ষমতা অর্জন করেননি;  ইতিবাচকভাবে তার ব্যবহার কীভাবে করতে হয়, তারও উদাহরণ রেখে গেছেন। 

মার্টিন লুথার কিং জুনিয়রের নেতৃত্ব ছিল আরেক ধরনের। তিনি যুক্তরাষ্ট্রে বর্ণবৈষম্যের বিরুদ্ধে আন্দোলনকে শুধু প্রতিবাদের ভাষায় সীমাবদ্ধ রাখেননি; একটি ন্যায়ভিত্তিক সমাজের স্বপ্ন মানুষের সামনে তুলে ধরেছিলেন। তার বিখ্যাত উচ্চারণÑ ‘I have a dream’Ñ একটি ব্যক্তিগত স্বপ্ন ছিল না; এটি ছিল একটি জাতির নৈতিক ভবিষ্যতের স্বপ্ন। এখানেও নেতৃত্বের একটি বড় শিক্ষা আছেÑ নেতা শুধু বর্তমানের সমস্যা নিয়ে কথা বলবেন না; তিনি মানুষকে ভবিষ্যতের সম্ভাবনাও দেখাবেন। আমাদের রাজনীতিতেও এমন নেতৃত্ব প্রয়োজন, যিনি শুধু বলবেন নাÑ ‘আমাদের কী নেই’; বরং বলবেনÑ ‘আমরা কী হতে পারি।’

আমাদের বড় ভুলগুলোর একটি হলো আমরা নেতৃত্বকে শুধু বক্তৃতার সঙ্গে মিলিয়ে ফেলেছি। যিনি বেশি কথা বলেন, তাকে নেতা মনে করি। অথচ প্রকৃত নেতৃত্বের প্রথম শর্ত হলোÑ শুনতে জানা। যে নেতা কর্মীর কথা শুনতে পারেন না বা চান না,  সাধারণ মানুষের কথা শুনতে চান না, ভিন্নমতের কথা শুনতে যার অস্বস্তিবোধ হয়, তিনি ধীরে ধীরে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন।

প্রকৃত নেতাকে অবশ্যই উপলব্ধি করতে হবে- তিনি সবকিছু জানেন না। তার জানার আগ্রহ থাকতে হবে। তিনি বিশেষজ্ঞের কথা শুনবেন, সাধারণ মানুষের অভিজ্ঞতা শুনবেন, সমালোচকের কথাও শুনবেন। কারণ সমালোচনা সবসময় শত্রুতা নয়। কখনও কখনও সবচেয়ে কঠিন সমালোচনাই একজন নেতাকে সবচেয়ে বড় ভুল থেকে রক্ষা করতে পারে।

নেতৃত্বের আরেক নাম জবাবদিহি। যে ব্যক্তি শুধু ক্ষমতা চান কিন্তু দায়িত্ব নিতে চান না, তিনি নেতা নন। সাফল্যের সময় সামনে এসে কৃতিত্ব নেওয়া সহজ। কিন্তু ব্যর্থতার সময় সামনে এসে বলাÑ ‘এই সিদ্ধান্তের দায় আমার’Ñ এটাই নেতৃত্ব।

একজন নেতা ভুল করতেই পারেন। কিন্তু ভুল স্বীকার করতে না পারা আরও বড় ভুল। তাহলে সবাই নেতা হতে চায় কেন? আজ সবাই নেতা হতে চায়Ñ এর একটি কারণ হলো আমরা নেতৃত্বের দায়িত্বের চেয়ে নেতৃত্বের মর্যাদাকে বেশি গুরুত্ব দিতে শুরু করেছি। পদ চাই, পরিচিতি চাই। সামনে বসতে চাই। ব্যানারে নাম চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি চাই। কিন্তু সেই পদের সঙ্গে যে দায়িত্ব আসে, সেটি নিতে কতজন প্রস্তুত?

নেতৃত্ব মানে মানুষের সমস্যার কথা শোনা। নেতৃত্ব মানে নিজের সুবিধা ছেড়ে অন্যের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া। নেতৃত্ব মানে সমালোচনা সহ্য করা। নেতৃত্ব মানে কখনও কখনও জনপ্রিয় সিদ্ধান্তের বিপরীতে অজনপ্রিয় কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়া। এই কঠিন জায়গাগুলো এড়িয়ে শুধু পদ চাইলে নেতা হওয়া যায়, নেতৃত্ব দেওয়া যায় না। নেতৃত্ব শুধু রাজনীতির বিষয় নয়। একজন শিক্ষক তার শিক্ষার্থীদের সততা শেখাতে পারেনÑ এটিও নেতৃত্ব। একজন চিকিৎসক অসহায় রোগীর প্রতি মানবিক আচরণ করতে পারেনÑ এটিও নেতৃত্ব।

শেষ পর্যন্ত ইতিহাস শুধু কার কত বড় পদ ছিল, সেটি মনে রাখে না। ইতিহাস মনে রাখেÑ কে মানুষের জন্য কী করেছেন, কে কঠিন সময়ে কী সিদ্ধান্ত নিয়েছেন, কে বিভক্ত মানুষকে ঐক্যবদ্ধ করেছেন এবং কে নিজের সময়ের বাইরে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কী রেখে গেছেন। নেতা অনেক হতে পারেন। কিন্তু নেতৃত্ব দিতে পারেন অল্প কয়েকজন। নেতা পরিচিত হন নামে। নেতৃত্ব পরিচিত হয় কাজে। নেতা নামধারী অনেকে মানুষকে নিজের পেছনে হাঁটতে বলেন। প্রকৃত নেতৃত্ব মানুষকে নিজের পায়ে দাঁড়াতে শেখায়। নেতা ক্ষমতা ধরে রাখতে চান। প্রকৃত নেতৃত্ব প্রতিষ্ঠানকে শক্তিশালী করে। নেতা চলে গেলে শূন্যতা তৈরি হয়। প্রকৃত নেতৃত্ব চলে গেলেও পথ দেখিয়ে যায়।

তাই আজকের সবচেয়ে জরুরি প্রশ্নÑ কে নেতা হবেনর তা নয়।  প্রশ্ন হওয়া উচিতÑ কে নেতৃত্ব দিতে পারবেন? কে সংকটে পাশে থাকবেন? কে নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারবেন? কে ভুল স্বীকার করতে পারবেন? কে ভিন্নমত শুনতে পারবেন? কে ক্ষমতাকে সেবা হিসেবে গ্রহণ করবেন? কে নিজের পরেও একটি শক্তিশালী প্রতিষ্ঠান রেখে যেতে পারবেন?

এ প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেলেই আমাদের রাজনৈতিক ও সামাজিক-সংস্কৃতিতে একটি ইতিবাচক পরিবর্তন আসতে পারে। কারণ শেষ পর্যন্ত একটি দেশকে শুধু নেতা এগিয়ে নেন নাÑ যোগ্য নেতৃত্ব, শক্তিশালী প্রতিষ্ঠান এবং দায়িত্বশীল নাগরিকরাই একটি দেশকে এগিয়ে নেয়।


লেখক: সিনিয়র সাংবাদিক ও সভাপতি বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা