ড. মিহির কুমার রায়
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪০ পিএম
ড. মিহির কুমার রায়। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
সদ্যসমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণে নতুন রেকর্ড গড়েছে দেশের ব্যাংকিং খাত। বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে কৃষক ও গ্রামীণ উদ্যোক্তাদের মধ্যে ৪২ হাজার ৮৩৪ কোটি ১৬ লাখ টাকার ঋণ বিতরণ করেছে ৫৮টি ব্যাংক। নির্ধারিত ৩৯ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে এ অর্জন ১০৯ দশমিক ৮৩ শতাংশ। আগের অর্থবছরের তুলনায় কৃষিঋণ বিতরণ বেড়েছে প্রায় ১৪ দশমিক ৮ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন বাড়ানো, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কৃষি খাতে অর্থায়ন সম্প্রসারণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই বিশেষায়িত, রাষ্ট্রায়ত্ত, বেসরকারি, বিদেশি ও ইসলামী ব্যাংকসহ মোট ৫৮টি ব্যাংকের মাধ্যমে কৃষি ও পল্লী ঋণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, কৃষিঋণ বিতরণে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছে বিশেষায়িত ব্যাংকগুলো। এ খাতের ব্যাংকগুলো ১০ হাজার ২২৩ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে বিতরণ করেছে ১২ হাজার ৬১৫ কোটি ৫৭ লাখ টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার ১২৩ দশমিক ৪ শতাংশ অর্জন করেছে তারা। কৃষি উন্নয়ন ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মতো বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোর সক্রিয় ভূমিকার কারণেই এই সাফল্য এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এ খাতের ব্যাংকগুলো নির্ধারিত লক্ষ্যের ১০৯ দশমিক ৮৯ শতাংশ কৃষিঋণ বিতরণ করেছে। একইভাবে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো লক্ষ্যমাত্রার ১০৮ দশমিক ৫ শতাংশ এবং বিদেশি ব্যাংকগুলো ১০৪ দশমিক ৫ শতাংশ অর্জন করেছে। তবে ব্যতিক্রম ছিল ইসলামী ধারার ব্যাংকগুলো। এসব ব্যাংক ৬ হাজার ৪২১ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে বিতরণ করেছে ৬ হাজার ৫৯ কোটি ৩২ লাখ টাকা। ফলে তাদের অর্জন দাঁড়িয়েছে মাত্র ৯৪ দশমিক ৩৭ শতাংশ।
মাসভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, পুরো অর্থবছরে কৃষিঋণ বিতরণে ওঠানামা ছিল। ডিসেম্বর ২০২৫-এ সর্বোচ্চ ৪ হাজার ৯১৫ কোটি ৪৯ লাখ টাকার ঋণ বিতরণ হয়। এরপর জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চে বিতরণে ধারাবাহিক ধীরগতি দেখা যায়। এপ্রিলে কিছুটা ঘুরে দাঁড়ালেও মে মাসে আবার বিতরণ কমে যায়। তবে অর্থবছরের শেষ মাস জুনে ব্যাংকগুলো ঋণ বিতরণে জোর দেয়। ফলে জুনে এক মাসেই ৪ হাজার ৭৫৭ কোটি ৫৫ লাখ টাকার কৃষিঋণ বিতরণ হয়, যা আগের মাসের তুলনায় প্রায় ২৯ দশমিক ৫ শতাংশ বেশি। শেষ মুহূর্তের এই গতি পুরো অর্থবছরের রেকর্ড অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খাতভিত্তিক ঋণ বিতরণের চিত্রেও কৃষি উৎপাদনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। মোট বিতরণ করা কৃষিঋণের ৪৭ দশমিক ৩২ শতাংশ গেছে ফসল উৎপাদন খাতে। প্রাণিসম্পদ ও পোল্ট্রি খাতে বিতরণ হয়েছে ২৬ দশমিক ৩৮ শতাংশ, মৎস্য খাতে ১৩ দশমিক ৩৩ শতাংশ এবং অ-কৃষি পল্লী ঋণ হিসেবে বিতরণ হয়েছে ১১ দশমিক ৬৮ শতাংশ। সেচ, কৃষিযন্ত্র ও অন্যান্য অবকাঠামোগত খাতে তুলনামূলক কম ঋণ গেলেও খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতির কর্মসংস্থান ধরে রাখার লক্ষ্যেই অধিকাংশ অর্থায়ন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ইতিবাচক এই চিত্রের পাশাপাশি উদ্বেগের বিষয়ও রয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, কয়েকটি ব্যাংকে শ্রেণিকৃত বা খেলাপি কৃষিঋণের পরিমাণ বেড়েছে। যদিও সামগ্রিকভাবে কৃষিঋণ বিতরণে রেকর্ড অর্জিত হয়েছে, তবুও ঋণের গুণগত মান ধরে রাখা এবং সময়মতো আদায় নিশ্চিত করা আগামী দিনের বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।
তবে সিএমএসএমই খাত ঋণ সংকোচনে হুমকিতে গ্রামীণ অর্থনীতি, বাড়ছে শঙ্কা। অর্থাৎ দেশের গ্রামীণ ও প্রান্তিক অর্থনীতির প্রধান চালিকাশক্তি কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাত সাম্প্রতিক সময়ে সম্প্রসারণের বদলে চরম বিপাকে পড়েছে। কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিকে সচল রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এ খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণপ্রবাহ আশঙ্কাজনকভাবে কমে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর শেষে সিএমএসএমই খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণস্থিতি ছিল ৩ লাখ ১৪ হাজার ২৭৩ কোটি টাকা। চলতি বছরের মার্চ শেষে তা ১৬ হাজার ১৮৪ কোটি টাকা (৫.১৫ শতাংশ) কমে দাঁড়িয়েছে ২ লাখ ৯৮ হাজার ৮৯ কোটি টাকায়। শুধু আগের প্রান্তিকই নয়, ২০২৫ সালের মার্চ শেষে থাকা ৩ লাখ ২ হাজার ১৭৪ কোটি টাকা ঋণস্থিতির তুলনায়ও বর্তমানে পিছিয়ে রয়েছে এ খাত। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ‘কোয়ার্টারলি রিপোর্ট অন সিএমএসএমই ফাইন্যান্সিং’ প্রতিবেদনে এসব চিত্র উঠে এসেছে।
জাতীয় এসএমই নীতি অনুযায়ী, চলতি বছরে মোট ঋণের ২৫.৫০ শতাংশ সিএমএসএমই খাতে বিতরণের লক্ষ্য থাকলেও মার্চ শেষে তা নেমে এসেছে মাত্র ১৫.৮৭ শতাংশে। এ ছাড়া নারী উদ্যোক্তা ঋণ (লক্ষ্য ১৫%, অর্জন ৭.২৮%) এবং ক্লাস্টারভিত্তিক ঋণের ক্ষেত্রেও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। একই সঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে এ খাতের খেলাপি ঋণ। গত মার্চ শেষে সিএমএসএমই খাতে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে ২৬.০৪ শতাংশে (ডিসেম্বরে যা ছিল ২৪.০৩%)। সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ইসলামী ব্যাংকগুলো (খেলাপি ৪৩.৯৭%) এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো (খেলাপি ৪২.৭৩%)।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, মোট সিএমএসএমই ঋণের ২৪.০৯ শতাংশ গ্রামীণ উদ্যোক্তাদের কাছে রয়েছে। প্রথম প্রান্তিকে গ্রামীণ অঞ্চলের ১ লাখ ১৫ হাজার ৬০৪টি প্রতিষ্ঠানে বিতরণ হয়েছে ১২ হাজার ৪৬৮ কোটি টাকা ঋণ। তবে সামগ্রিক ঋণস্থিতি কমে যাওয়ায় গ্রামীণ বাজার, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত শিল্প, ক্ষুদ্র উৎপাদন এবং স্থানীয় ব্যবসায় অর্থের প্রবাহও সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ঋণ বিতরণ কমায় বেকারত্ব বাড়ার শঙ্কা তৈরি হয়েছে।সরকার প্রথম ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি বাস্তবায়নে কম সুদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। তবে এই ঋণেও আগ্রহ নেই। যে কারণে আদৌ প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দেশের ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলো সিএমএসএমই খাতে মোট ঋণ বিতরণ করেছে ৫২ হাজার ১০৭ কোটি টাকা। এর মধ্যে ৭ হাজার ৪৫৬ কোটি টাকা বিতরণ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। বেসরকারি খাতের এ ব্যাংকটি সিএমএসএমই খাতে ঋণ বিতরণে শীর্ষস্থানে রয়েছে। এ ক্ষেত্রে শীর্ষ পাঁচে থাকা অন্য ব্যাংকগুলো হলো পূবালী, সিটি, ইসলামী ব্যাংক বাংলাদেশ ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। এ পাঁচ ব্যাংক সম্মিলিতভাবে ২০ হাজার ৭৯১ কোটি টাকার ঋণ বিতরণ করেছে, যা গত প্রান্তিকে সিএমএসএমই খাতে মোট বিতরণকৃত ঋণের ৪০ শতাংশ। আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে রয়েছে আইডিএলসি, লংকাবাংলা, আইপিডিসি, ইউনাইটেড ফাইন্যান্স ও অ্যালায়েন্স ফাইন্যান্স। এ পাঁচটি ফাইন্যান্স কোম্পানির বিতরণকৃত মোট ঋণ ছিল ২ হাজার ৭ কোটি টাকা।অর্থনীতিবিদদের মতে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করা, ব্যবসায়িক আস্থা পুনরুদ্ধার এবং ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর ঝুঁকি ব্যবস্থাপনা আরও কার্যকর করা গেলে সিএমএসএমই খাতে ঋণ বিতরণের ইতিবাচক ধারা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে ঋণ আদায় বাড়াতে উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা উন্নয়নেও বিশেষ গুরুত্ব দিতে হবে। শুধু সিএমএসএমই নয়, সামগ্রিকভাবেই ব্যাংকিং খাতে ঋণপ্রবাহ কম। অর্থনৈতিক স্থবিরতা কাটাতে এবং ঋণের প্রবাহ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল গঠন করেছে, যার একটি বড় অংশ সিএমএসএমই ও গ্রামীণ অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত। বড় ঋণগ্রহীতারা পুনঃতফসিলীকরণ বা নানা নীতিগত সুবিধা পেলেও ছোট উদ্যোক্তারা ব্যাংকিং শর্ত পূরণ করতে আগ্রহী হন না। ফলে ঋণ নেওয়া কমে যায়। তাই সিএমএসএমই খাতের জন্য কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে কম সুদের পুনঃঅর্থায়ন স্কিম জোরদার করা যেতে পারে। এ ছাড়া ছোট ব্যবসায়ীদের কোনো জামানত ছাড়া ঋণ দেওয়ার জন্য ক্রেডিট গ্যারান্টি সুবিধা সহজ ও দ্রুত করা।
লেখক: গবেষক ও অথনীতিবিদ ।