সিলেট-তামাবিল চার লেন প্রকল্পের নাম ব্যবহার করে মেজরটিলা থেকে সুরমা গেট পর্যন্ত সড়কের দুই পাশে প্রায় ৭০০ গাছ কাটার ঘটনা একটি অপরাধ। ছবি: সংগৃহীত
উন্নয়নের প্রয়োজনে সড়ক সম্প্রসারণ করতে গিয়ে গাছ কাটার ঘটনা নতুন নয়। প্রয়োজন হলে মানা যায়, কিন্তু অপ্রয়োজনে কেন? দৃশ্যমান কোনো প্রকল্প না থাকা সত্ত্বেও প্রকল্পের নাম ব্যবহার করে নির্বিচারে বিপুলসংখ্যক গাছ কেটে ফেলা অত্যন্ত গুরুতর অপরাধ নিঃসন্দেহে। সিলেট-তামাবিল চার লেন প্রকল্পের নাম ব্যবহার করে মেজরটিলা থেকে সুরমা গেট পর্যন্ত সড়কের দুই পাশে প্রায় ৭০০ গাছ কাটার ঘটনা তেমনই একটি অপরাধ। আরও উদ্বেগের বিষয়, কাটা গাছগুলো এখনও সড়কের পাশে পড়ে আছে এবং গাছ কাটার যৌক্তিকতা নিয়ে সড়ক ও জনপথ বিভাগ, বন বিভাগ ও সংশ্লিষ্ট ঠিকাদারের বক্তব্যে রয়েছে অমিল। এমন তথ্যই উঠে এসেছে গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এ ‘অযথাই কাটা হলো ৭০০ গাছ’ শীর্ষক প্রতিবেদনে।
পরিবেশ ও প্রকৃতির চরম সংকটের এই সময়ে সিলেটে উন্নয়ন প্রকল্পের নামে যে ঘটনাটি ঘটেছে, তা কেবল দুঃখজনক নয়, চরম দায়িত্বজ্ঞানহীনতারও পরিচয়। প্রতিবেদনের তথ্য মতে, গাছ কাটার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট তিন পক্ষের বক্তব্যেও রয়েছে গরমিল। গাছ কাটার সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদার বলছে, বন বিভাগের নির্দেশনা অনুযায়ী গাছ কাটার কাজ চলছে। কাজ দ্রুত শেষ করার জন্য বন বিভাগের পক্ষ থেকে তাগাদাও দেওয়া হচ্ছে। সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমানের ভাষ্য অনুযায়ী, নিয়ম মেনেই গাছ অপসারণের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং প্রকল্পের প্রয়োজনেই এসব গাছ কাটার ব্যবস্থা নেওয়া হয়েছে। বন বিভাগের এই বক্তব্যের সঙ্গে একমত নন সিলেট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার। তিনি বলেন, টিলাগড় থেকে সুরমা গেট পর্যন্ত চার লেন কিংবা কোনো উন্নয়ন প্রকল্প নেই। ফলে ওই এলাকায় গাছ কাটার জন্য সওজের পক্ষ থেকে আবেদন করা হয়নি। এ বিষয়ে সওজের কোনো নির্দেশনাও নেই বলেও তিনি জানান। তাহলে প্রশ্নÑ প্রকল্পের নাম ব্যবহার করে গাছ কাটার অনুমতি বা নির্দেশনা এলো কোথা থেকে? শুধু গাছ কাটার অনুমতি নিয়েই নয়, প্রশ্ন উঠেছে কাটা গাছগুলোর মূল্য কত? গাছ বিক্রির অর্থ কোন খাতে জমা হচ্ছে? এসব প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
এখানে প্রথম প্রশ্নটি খুবই সরল, গাছগুলো কেন কাটা হলো? যদি চার লেন প্রকল্পের জন্যই গাছ কাটার প্রয়োজন হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট স্থানে প্রকল্পের নকশা, সীমানা নির্ধারণ, ভূমি অধিগ্রহণ, নির্মাণসূচি ও কার্যাদেশের সঙ্গে গাছ কাটার বিষয়টির সুনির্দিষ্ট সম্পর্ক থাকার কথা। বলা হচ্ছে, যে এলাকায় গাছ কাটা হয়েছে সেখানে চার লেনের কোনো কাজই নেই, তাহলে গাছ কাটার অনুমোদন ও কারণ অবশ্যই জনসমক্ষে ব্যাখ্যা করতে হবে। অন্যদিকে বন বিভাগ এবং সওজের বক্তব্য যদি ভিন্ন হয়, তা হলে সেই বিরোধ নিষ্পত্তির একমাত্র গ্রহণযোগ্য পথ হলো নথিভিত্তিক তদন্ত।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, কাটা গাছগুলোর কী হবেÑ সেটিও পরিষ্কার করা। গাছের প্রজাতি, সংখ্যা, আকার, কাটার অনুমোদন, নিলাম বা অপসারণের প্রক্রিয়াÑ প্রতিটি তথ্য প্রকাশ করা দরকার। অনিয়মে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আর প্রকল্পের প্রয়োজনেই যদি গাছ কাটা হয়ে থাকে, তা হলেও কেন সংশ্লিষ্ট দপ্তরগুলোর বক্তব্যে এমন অসঙ্গতি তৈরি হলো, তার জবাব দিতে হবে।
জলবায়ু পরিবর্তনের এই চরম বৈরী সময়ে তীব্র তাপপ্রবাহে যখন জনজীবন বিপর্যস্ত, তখন মহাসড়কের দুই ধারের এই গাছগুলো সাধারণ পথচারী, যাত্রী ও চালকদের শীতল ছায়া দিত। সৌন্দর্যবর্ধনের পাশাপাশি এগুলো ওই অঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষা করত। কোনো যৌক্তিক কারণ বা উন্নয়ন পরিকল্পনা ছাড়াই এই ছায়াবৃক্ষগুলোকে চিরতরে হারিয়ে যেতে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা মনে করি, এটি শুধু রাষ্ট্রীয় সম্পদের অপচয়ই নয়, ঘটনাটি প্রকৃতির বিরুদ্ধে এক ধরনের অপরাধ।
আমরা মানি, উন্নয়ন অবশ্যই প্রয়োজন। কিন্তু উন্নয়নের নামে সরকারি সম্পদ ও পরিবেশের ক্ষতি করার সুযোগ কোনোভাবেই থাকা উচিত নয়। গাছ কাটা যদি প্রকল্পের অপরিহার্য অংশ হয়ে থাকে, তার প্রমাণ দিতে হবে, আর যদি প্রকল্পের নাম ব্যবহার করে গাছ কাটা হয়ে থাকে তবে তার দায়ও নির্ধারণ করতে হবে।
আমাদের ধারণাÑ এই ঘটনার পেছনে কোনো প্রভাবশালী সিন্ডিকেটের স্বার্থ জড়িত। আমরা চাই, সওজ এবং বন বিভাগের ঠেলাঠেলির অবসান ঘটবে এবং উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কার নির্দেশে, কোনো আইনি প্রক্রিয়ার তোয়াক্কা না করে কীভাবে এত গাছ কাটা হলো তা জনসমক্ষে আনা হোক এবং দায়ীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হোক। একই সাথে, উন্নয়ন প্রকল্পের নামে দেশের অন্য কোথাও যেন এমন পরিবেশ ধ্বংসের মহোৎসব না চলে, সরকারকে তা কঠোরভাবে নিশ্চিত করতে হবে।