× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্মার্ট কৃষক কার্ড: কৃষি অর্থায়নের নতুন কাঠামো

সঞ্জয় কুমার দত্ত

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০২ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশের কৃষির সবচেয়ে বড় সম্পদ শুধু জমি নয়, কৃষক। সীমিত জমি, বাড়তে থাকা উৎপাদন ব্যয়, জলবায়ুজনিত অনিশ্চয়তা ও বাজারের চাপের মধ্যেও তার শ্রম, অভিজ্ঞতা ও উৎপাদনক্ষমতা দেশের খাদ্যব্যবস্থাকে সচল রাখে। অথচ কৃষকের বড় অংশ এখনও প্রাতিষ্ঠানিক আর্থিক ব্যবস্থার পূর্ণ সুবিধা থেকে দূরে। ২০২৫-২৬ অর্থবছরে জিডিপিতে কৃষি খাতের অবদান ১০.৯৩ শতাংশ। উৎপাদনের আগে অর্থের প্রয়োজন হলেও আয় আসে পরে। ফলে ব্যাংকের সঙ্গে কৃষকের সম্পর্ক অনেক সময় ঋণ নেওয়া ও কিস্তি পরিশোধের মধ্যেই সীমিত থাকে।

এই বাস্তবতায় স্মার্ট কৃষক কার্ডকে শুধু পরিচয়পত্র বা সুবিধা পাওয়ার মাধ্যম হিসেবে দেখলে এর সম্ভাবনা সীমিত হবে। এর প্রকৃত শক্তি হলো কৃষকের পরিচয়, ব্যাংক হিসাব, সঞ্চয়, উৎপাদন, ঋণ, বাজার, ঝুঁকি ও ভবিষ্যৎ অর্থায়নের তথ্যকে একটি সুসংগঠিত কাঠামোয় আনা। কৃষি উপকরণ, সেচ, ঋণ, বিমা, প্রশিক্ষণ ও বাজারতথ্য যদি কৃষকের প্রয়োজনের সঙ্গে সমন্বিতভাবে পৌঁছানো যায়, তাহলে এটি একটি কার্যকর আর্থিক হাতিয়ারে পরিণত হতে পারে।

কৃষির মৌলিক সমস্যাÑ ব্যয় আগে, আয় পরে। বীজ, সার, সেচ, শ্রম, কৃষিযন্ত্র, মাছের পোনা বা পশুখাদ্যের ব্যয় শুরুতেই করতে হয়; আয় আসে উৎপাদিত পণ্য বিক্রির পর। এই সময়ের ব্যবধান পূরণ না হলে কৃষক মহাজন, আড়তদার বা উপকরণ সরবরাহকারীর ওপর নির্ভরশীল হয়ে পড়েন। তাই সমস্যা শুধু ঋণের অভাব নয়; প্রয়োজন সঠিক কৃষকের কাছে, সঠিক সময়ে, সঠিক পরিমাণে ও ন্যায্য শর্তে অর্থ পৌঁছানো। তবে কার্ড থাকলেই স্বয়ংক্রিয় ঋণের অধিকার তৈরি হবে না। তথ্য যাচাই, পরিশোধক্ষমতা ও প্রযোজ্য নীতিমালার ভিত্তিতেই দায়িত্বশীল অর্থায়ন নিশ্চিত করতে হবে।

এই ব্যবস্থার সঙ্গে Web-based Agri-Credit MIS যুক্ত করা গেলে কার্ডের তথ্য বাস্তব কৃষিঋণ ব্যবস্থাপনায় ব্যবহার করা সহজ হবে। কৃষকের উৎপাদন, ব্যাংকিং, ঋণ ও পরিশোধের তথ্য সমন্বিত থাকলে তার প্রয়োজন শনাক্ত করা, ঋণ প্রস্তাবের অগ্রগতি অনুসরণ, সময়মতো অর্থায়ন এবং পরিশোধের অবস্থা পর্যবেক্ষণ করা সহজ হবে। MIS-এর একটি গুরুত্বপূর্ণ দিক হওয়া উচিত জবাবদিহি। কৃষকের তথ্য শুধু সংগ্রহ করলেই হবে না; কোন পর্যায়ে আবেদন আটকে আছে, কেন আটকে আছে, কে দায়িত্বে আছেন এবং কত সময়ে সিদ্ধান্ত হয়েছেÑ এসবও অনুসরণযোগ্য হতে হবে। একই সঙ্গে তথ্যের নিরাপত্তা, প্রবেশাধিকার ও ব্যবহার সম্পর্কে স্পষ্ট নীতিমালা থাকা জরুরি।

প্রথম শর্ত প্রকৃত কৃষক শনাক্ত করা। শুধু জমির মালিকানা দিয়ে কৃষক নির্ধারণ করলে বর্গাচাষি, লিজচাষি এবং জমি ছাড়াই মাছ, গবাদিপশু, হাঁস-মুরগি বা কৃষিভিত্তিক কাজে যুক্ত উৎপাদক বাদ পড়তে পারেন। তাই জমি বা লিজের তথ্যের সঙ্গে উৎপাদন ও প্রয়োজনীয় আর্থিক তথ্য যুক্ত করে একটি বাস্তবসম্মত অর্থনৈতিক পরিচয় তৈরি করা প্রয়োজন। একই সঙ্গে তথ্য নির্ভুল ও হালনাগাদ রাখতে হবে। কার্ডকে কৃষক হওয়ার একমাত্র শর্ত করা যাবে না।

গ্রামীণ অর্থনীতি কেবল ফসল উৎপাদনে সীমাবদ্ধ নয়। মাছচাষ, গবাদিপশু, দুধ, ডিম, হাঁস-মুরগি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং কৃষিভিত্তিক ক্ষুদ্র উদ্যোগও এর গুরুত্বপূর্ণ অংশ। তাই কার্ডভিত্তিক ব্যবস্থাকে সমগ্র কৃষি ও গ্রামীণ উৎপাদনব্যবস্থার সঙ্গে যুক্ত করা প্রয়োজন। একই সঙ্গে কৃষকের আয় যেন শুধু উৎপাদনের ওপর নির্ভর না করে, মূল্য সংযোজন, প্রক্রিয়াজাতকরণ ও স্থানীয় উদ্যোক্তা কার্যক্রমের সঙ্গেও যুক্ত হয়, সেদিকেও নজর দেওয়া দরকার। কৃষির আরেক বাস্তবতা হলো ঝুঁকি। বন্যা, নদীভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা, খরা ও অতিবৃষ্টি উৎপাদন ও আয়কে সরাসরি আঘাত করে। তাই দুর্যোগের কারণে কৃষককে অর্থায়ন থেকে বাদ না দিয়ে তার ঝুঁকির ধরন অনুযায়ী অর্থায়ন ও পুনরুদ্ধারের সুযোগ থাকা প্রয়োজন।

নারী ও তরুণদের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ। হাঁস-মুরগি, গবাদিপশু, সবজি, প্রক্রিয়াজাতকরণ ও ক্ষুদ্র উদ্যোগে নারীর অবদানকে নিজস্ব আর্থিক পরিচয়ের মাধ্যমে দৃশ্যমান করা দরকার। তরুণদের কৃষিযন্ত্রের সেবা, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন, বাজারসংযোগ ও তথ্যসেবায় উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করা যেতে পারে। প্রত্যেক কৃষকের নিজস্ব ট্রাক্টর বা হারভেস্টার থাকা জরুরি নয়; কৃষকগোষ্ঠী বা উদ্যোক্তার মাধ্যমে ভাড়াভিত্তিক যন্ত্রসেবা নিশ্চিত করাই অধিক কার্যকর হতে পারে। একইভাবে কৃষক সংগঠন বা সমবায়ের মাধ্যমে উপকরণ কেনা, যন্ত্র ব্যবহার, সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণে সম্মিলিত ক্ষমতা বাড়ানো সম্ভব। তবে সংগঠন যেন কৃষকের শক্তি হয়, নতুন কোনো মধ্যস্বত্বভোগী কাঠামো না হয়ে ওঠে, এটি নিশ্চিত করা জরুরি। 

এই ব্যবস্থার সবচেয়ে মূল্যবান সম্পদ কার্ডটি নয়; নির্ভরযোগ্য তথ্য। কৃষককে জানতে হবে তার নামে কী তথ্য সংরক্ষিত আছে, কেন তা ব্যবহার করা হচ্ছে, কারা ব্যবহার করতে পারবেন এবং ভুল হলে কীভাবে সংশোধন করা যাবে। তথ্যনির্ভর ব্যবস্থা যেন তথ্যনির্ভর বৈষম্যে পরিণত না হয়। এখানে ব্যাংকের ভূমিকাও নতুনভাবে নির্ধারণ করা প্রয়োজন। সম্পর্ক শুধু ঋণ বিতরণ ও কিস্তি আদায়ে সীমিত না থেকে কৃষকের উৎপাদন, অর্থের প্রয়োজনের সময়, আয়, সঞ্চয়, ঝুঁকি ও পরিশোধক্ষমতাকে কেন্দ্র করে গড়ে উঠতে হবে। কৃষি মন্ত্রণালয়ের ভূমিকাও গুরুত্বপূর্ণ। কৃষি সম্প্রসারণ, উপকরণ, ভর্তুকি, প্রশিক্ষণ, সেচ, যান্ত্রিকীকরণ, বাজারতথ্য ও দুর্যোগ-পরবর্তী সহায়তার সঙ্গে কার্ডের তথ্য ও সেবা সমন্বিত হলে একই কৃষকের জন্য বিভিন্ন কর্মসূচি আরও লক্ষ্যভিত্তিকভাবে পৌঁছানো সম্ভব হবে। 

বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ নীতিমালাও নতুন বাস্তবতার সঙ্গে আরও যুগোপযোগী করা যেতে পারে। প্রকৃত কৃষক, বর্গাচাষি, লিজচাষি, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদকের জন্য প্রয়োজনভিত্তিক অর্থায়ন, উৎপাদনচক্র অনুযায়ী পরিশোধসূচি এবং দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধারভিত্তিক অর্থায়ন স্পষ্ট হলে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা থেকে ফলাফলভিত্তিক অর্থায়নে রূপ নিতে পারে। নীতিমালার মূল্যায়নেও তাই নতুন কিছু সূচক যুক্ত করা যেতে পারে। 

বর্তমান সরকারের জন্য কৃষক কার্ড শুধু একটি নতুন কর্মসূচি নয়; এটি গ্রামীণ অর্থনীতির কাঠামোগত পরিবর্তনের একটি ঐতিহাসিক সুযোগ। প্রকৃত কৃষকের নির্ভরযোগ্য অর্থনৈতিক পরিচয় তৈরি করে তার সঙ্গে ঋণ, উপকরণ, বীমা, বাজারতথ্য, সংরক্ষণ ও অন্যান্য সেবা যুক্ত করা গেলে রাষ্ট্রীয় সেবা আরও লক্ষ্যভিত্তিক হতে পারে। সাফল্যের মাপকাঠি তাই হবে তিন স্তরেÑ সেবা পৌঁছানো, অর্থায়নের ফল এবং কৃষকের জীবনের পরিবর্তন। কার্ড বিতরণ, সক্রিয় হিসাব ও ঋণপ্রাপ্তি প্রাথমিক সূচক; আয়, সঞ্চয়, উৎপাদন, ঋণ ব্যবহারের ফল ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা হবে চূড়ান্ত সূচক। এই পার্থক্যই প্রশাসনিক সাফল্যকে অর্থনৈতিক সাফল্য থেকে আলাদা করবে।

এই পরিবর্তনকে দেখতে হবে একটি ধারাবাহিকতায়Ñ সহজ ব্যাংকিং থেকে প্রয়োজনভিত্তিক অর্থায়ন, সেখান থেকে উৎপাদন ও ব্যয় ব্যবস্থাপনা, তারপর আয়, সঞ্চয়, বিনিয়োগ, ঋণ পরিশোধের সক্ষমতা এবং শেষ পর্যন্ত আর্থিক স্থিতিশীলতা। এর কোনো গুরুত্বপূর্ণ ধাপ অনুপস্থিত থাকলে শুধু প্রযুক্তিগত কাঠামোর সাফল্য কৃষকের জীবনে কাঙ্ক্ষিত ফল আনবে না। কার্ডের সঙ্গে সেবা, সেবার সঙ্গে অর্থায়ন এবং অর্থায়নের সঙ্গে উৎপাদন ও বাজারের সংযোগই হবে প্রকৃত পরিবর্তনের ভিত্তি।

শেষ পর্যন্ত প্রশ্নটি খুব সরল : ‘কতটি কার্ড?’ নয়; ‘কার্ডের মাধ্যমে কতটা পরিবর্তন?’ একজন কৃষক কার্ড পাওয়ার পরও যদি প্রয়োজনের সময়ে অর্থ না পান, সঞ্চয় গড়ে তুলতে না পারেন, উৎপাদন বাড়াতে না পারেন বা বাজারে বাধ্য হয়ে কম দামে পণ্য বিক্রি করেন, তাহলে কার্ড বিতরণের সংখ্যা বড় হলেও প্রকৃত সাফল্য অর্জিত হয়নি।

কার্ড হাতে তুলে দেওয়া সহজ; কঠিন হলো এর মাধ্যমে কৃষকের হাতে সময়মতো অর্থ, সঞ্চয়ের শক্তি, উৎপাদনের সক্ষমতা ও সংকট মোকাবিলার সামর্থ্য পৌঁছে দেওয়া। ‘কার্ডটি কতটা স্মার্টÑ তা নয়; কার্ডের কারণে কৃষকের জীবন কতটা স্মার্ট, নিরাপদ ও সক্ষম হলো?’ এই প্রশ্নের ইতিবাচক উত্তরই হবে উদ্যোগটির প্রকৃত সাফল্য।


লেখক: মহাব্যবস্থাপক, বাংলাদেশ কৃষি ব্যাংক


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা