গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
জ্বালানি তেলের দাম আবারও বাড়িয়েছে সরকার। গত রবিবার জারি করা এক প্রজ্ঞাপনে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। এতে ডিজেলের দাম ১১৫ থেকে বেড়ে ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ থেকে ১৬০ টাকা, অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা এবং কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা হয়েছে। সোমবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
উল্লেখ্য, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এটি তৃতীয় দফা জ্বালানি মূল্যবৃদ্ধি। বছরের শুরু থেকে হিসাব করলে চার ধরনের জ্বালানির দাম সর্বোচ্চ প্রায় ৩৬ শতাংশ পর্যন্ত বেড়েছে। উল্লেখ্য, সরকার গত ১৮ এপ্রিল প্রথম দফা এবং জুন মাসের মাঝামাঝি দ্বিতীয় দফা কোনো প্রজ্ঞাপন ছাড়াই জ্বালানির দাম বাড়িয়েছিল।
গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এ ‘বাড়ল আরও ব্যয়ের ভার’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খাতে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। দূরপাল্লার যাত্রায় স্থানভেদে ১০০ টাকা অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। একই অবস্থা পণ্য পরিবহনেও। বেনাপোল স্থলবন্দরে ভাড়া নিয়ে ট্রাক চালকদের সঙ্গে আমদানিকারক ও ব্যবসায়ীদের মধ্যে বচসা হয়েছে।
জানা গেছে, চট্টগ্রাম পর্যন্ত ট্রাকপ্রতি ভাড়া ২৭-২৮ হাজার টাকা থাকলেও এক রাতের ব্যবধানে তা বেড়ে হয়েছে ৩৪-৩৫ হাজার টাকা। এদিকে নিত্যপণ্যের মূল্য বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ী ও ক্রেতারা। পণ্য উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত প্রতিটি ধাপেই খরচ বেড়ে যাবে জ্বালানির এই মূল্যবৃদ্ধিতে। অতীতেও দেখা গেছে, জ্বালানি তেলের দাম বাড়ানো হলে তার চাপ পড়ে গরিব ও সীমিত আয়ের মানুষজনের ওপর। বিশ্লেষকরা বলছেন, সরকার এর আগে বিদ্যুতের দাম বাড়িয়েছে। এখন তেলের দাম বাড়াল। এরপর হয়তো গ্যাসের দামও বাড়াবে। আর এ ত্রিমুখী বৃদ্ধির চাপে পিষ্ট হবে জনজীবন।
জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। এ বিষয়ে তারা পৃথক বিবৃতি দিয়েছে। দাম বৃদ্ধির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলও করেছে তারা। এ কথা সত্য যে, জ্বালানির দাম বৃদ্ধি সমাজ ও অর্থনীতির বিভিন্ন স্তরে নানা ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সাধারণ ভোক্তারা এ সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে। সরকারের বক্তব্য, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ও পরিবহন ব্যয় ব্যাপকভাবে বেড়েছে। একই সঙ্গে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের লোকসান, ভর্তুকির চাপ এবং জ্বালানি পাচারের ঝুঁকিও মূল্য সমন্বয়ের পেছনে কাজ করেছে। বর্তমান দাম বৃদ্ধির পরও ডিজেলে ভর্তুকির প্রয়োজন থাকতে পারে। এসব সরকারি ভাষ্য। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন অন্য জায়গায়Ñ এই অতিরিক্ত ব্যয়ের ভার শেষ পর্যন্ত তাদেরই বহন করতে হবে।
মনে রাখতে হবে, জ্বালানি মূল্যবৃদ্ধির প্রভাব শুধু জ্বালানি খাতেই সীমাবদ্ধ থাকে না, এটি সামগ্রিক জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও অবশ্যম্ভাবী প্রতিক্রিয়া সৃষ্টি করে। উদ্বেগের বিষয় হলো, মূল্যবৃদ্ধির অভিঘাত সবার ওপর সমানভাবে পড়ে না। সীমিত আয়ের মানুষ, দিনমজুর, পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী ও অনানুষ্ঠানিক খাতের কর্মীরা বাড়তি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আয় বাড়াতে পারেন না। এ কথা সত্য, জ্বালানির মূল্যবৃদ্ধি পরিবহন ও উৎপাদন ব্যয় বাড়িয়ে মূল্যস্ফীতির চাপ দীর্ঘায়িত করতে পারে। অন্যদিকে, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা উপেক্ষা করাও সরকারের জন্য সহজ নয়। বাংলাদেশ জ্বালানি আমদানি-নির্ভর দেশ। বিশ্ববাজারে মূল্য ও পরিবহন ব্যয় বাড়লে তার প্রভাব রাষ্ট্রীয় আমদানি ব্যয় এবং বৈদেশিক মুদ্রার ওপর পড়ে। তাই প্রশ্নটি শুধু ‘দাম বাড়ানো হলো কি না’Ñ এখানেই সীমাবদ্ধ থাকা উচিত নয়। দেখা দরকার, এই বোঝা কীভাবে জনগণের ওপর কম চাপিয়ে সামলানো যায়।
আমরা মনে করি, নিত্য প্রয়োজনীয় এ দ্রব্যটির হঠাৎ মূল্যবৃদ্ধি জনমনে ক্ষোভ তৈরি করা স্বাভাবিক। তবে এর কারণ সম্পর্কে সরকারের স্পষ্ট ও যুক্তিসঙ্গত ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। সরকারের পক্ষ থেকে জনগণকে তা অবহিত না করে সরকার-সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্ভট কথাবার্তা জনক্ষোভ প্রশমনের পরিবর্তে আরও বাড়িয়ে দিতে পারে। সেজন্য আন্তর্জাতিক বাজারের মূল্য পরিস্থিতি, আমদানি ব্যয়, কর-শুল্ক, বিপিসির লোকসান ও ভর্তুকির প্রকৃত হিসাব জনসমক্ষে স্পষ্টভাবে তুলে ধরা অতীব জরুরি। কারণ জ্বালানির মূল্যবৃদ্ধি কেবল একটি পণ্যের দাম বাড়ার ঘটনা নয়, এর প্রতিটি টাকা শেষ পর্যন্ত মানুষের দৈনন্দিন জীবনের হিসাবের সঙ্গে যুক্ত। তাই জ্বালানির মূল্য নির্ধারণে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা জরুরি। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যবৃদ্ধির প্রভাব কমাতে নিম্ন-আয়ের মানুষের জন্য সহায়তা, গণপরিবহনের ভাড়া নিয়ন্ত্রণ এবং বাজার সিন্ডিকেট রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া গুরুত্বপূর্ণ। এটা মানতেই হবে, দফায় দফায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মানুষের ওপর ব্যয়ের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিচ্ছে, যা বহন করা তাদের জন্য দুঃসাধ্য হয়ে উঠছে। ইতোমধ্যে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের আয়-ব্যয়ের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। ঠিক সে সময়ে জ্বালানির মূল্যবৃদ্ধি ‘বোঝার ওপর শাকের আঁটি’সম অনুভূত হওয়াই স্বাভাবিক। এক কথায় এ সিদ্ধান্ত জনবান্ধব বলে মেনে নেওয়া যায় না। তাই বিদ্যমান পরিস্থিতির প্রেক্ষাপটে সরকারের উচিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনা করা।