× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সর্বজনীন পেনশন স্কিম: নতুন লক্ষ্য, নতুন প্রত্যাশা

মো. মোয়াজ্জেম হোসেন বাদল

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১২:২১ পিএম

 মোয়াজ্জেম হোসেন বাদল। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

মোয়াজ্জেম হোসেন বাদল। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

বার্ধক্য জীবনের অনিবার্য বাস্তবতা। কর্মজীবনে আয় থাকলেও অবসর বা কর্মক্ষমতা কমে যাওয়ার পর নিয়মিত আয়ের নিশ্চয়তা না থাকলে জীবনের শেষ অধ্যায়টি অনেকের জন্য অনিশ্চয়তায় ভরা। বিশেষ করে, বাংলাদেশের বিপুলসংখ্যক মানুষ আনুষ্ঠানিক চাকরির বাইরে কাজ করেন। তাদের বড় একটি অংশের জন্য অবসরের পর নির্দিষ্ট আয় বা প্রাতিষ্ঠানিক পেনশনের ব্যবস্থা নেই। এই বাস্তবতায় সরকারের সর্বজনীন পেনশন স্কিম শুধু একটি আর্থিক কর্মসূচি নয়, দীর্ঘমেয়াদে এটি সামাজিক নিরাপত্তার গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠতে পারে। এই লক্ষ্য সামনে রেখে সর্বজনীন পেনশন স্কিমে আবারও গতি আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের নতুন লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে দেশের প্রায় ৪ কোটি পরিবারের অন্তত একজন সদস্যকে এই ব্যবস্থার আওতায় নিয়ে আসা। লক্ষ্য স্থির থাকলে নিঃসন্দেহে এটি হতে পারে সময়োপযোগী সামাজিক ও অর্থনৈতিক উদ্যোগ। 

এ কথা সত্য, বার্ধক্যে আর্থিক নিরাপত্তা মানুষের মৌলিক প্রত্যাশাগুলোর একটি। যে কারণে বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে প্রবীণদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বজনীন পেনশন স্কিম ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বাংলাদেশে ২০২৩ সালে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু হয়। এতে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতাÑ এই চারটি স্কিমের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে পেনশনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এইজ পেনশন স্কিমের মাধ্যমে দরিদ্র ও বয়স্ক নাগরিকদের মাসিক আর্থিক সহায়তা দেওয়া হয়। এটি জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির অংশ। ব্রাজিলে বিপিসি কর্মসূচির মাধ্যমে নির্দিষ্ট বয়সের দরিদ্র প্রবীণদের নিয়মিত নগদ সহায়তা দেওয়া হয়, যদিও এটি প্রচলিত অবদানভিত্তিক পেনশন নয়। দক্ষিণ আফ্রিকায় ওলডার পারসন গ্রেন্ট দরিদ্র প্রবীণদের জন্য একটি রাষ্ট্রীয় সামাজিক পেনশন, যা আয়-ভিত্তিক যোগ্যতার মাধ্যমে প্রদান করা হয়। বলিভিয়ায় রেনটা ডিগনিডেড প্রায় সব প্রবীণ নাগরিকের জন্য একটি অ-অবদানভিত্তিক পেনশন ব্যবস্থা, যা বার্ধক্যে ন্যূনতম আয় নিশ্চিত করতে সহায়তা করে। এসব উদ্যোগের মূল লক্ষ্য হলো বার্ধক্যে দারিদ্র্য হ্রাস, ন্যূনতম আয় নিশ্চিতকরণ এবং সামাজিক সুরক্ষা সম্প্রসারণ। 

একসময় বাংলাদেশে ‘পেনশন’শব্দটি মূলত সরকারি চাকরিজীবীদের অবসরকালীন সুবিধার সঙ্গে সম্পর্কিত ছিল। কিন্তু শ্রমবাজারের পরিবর্তনের সঙ্গে সেই ধারণা আর যথেষ্ট নয়। বেসরকারি চাকরি, ক্ষুদ্র ব্যবসা, স্ব-কর্মসংস্থান, কৃষি, পরিবহন, প্রবাসী কর্মসংস্থানÑ সব মিলিয়ে দেশের অর্থনীতিতে কাজ করা মানুষের বড় অংশের অবসরকালীন আয় নিশ্চিত করার কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেই। জাতীয় পেনশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১৮ থেকে ৫০ বছর বয়সী অংশগ্রহণকারীরা ৬০ বছর বয়স পর্যন্ত চাঁদা দেন। ৫০ বছরের বেশি বয়সীরা অন্তত ১০ বছর চাঁদা দিয়ে পেনশন পাওয়ার সুযোগ পান। বাংলাদেশি নাগরিক দেশে বা বিদেশে অবস্থান করলেও নির্দিষ্ট ব্যবস্থার আওতায় এতে অংশ নিতে পারেন। অর্থাৎ পেনশনকে শুধু ‘বৃদ্ধ বয়সের বিষয়’হিসেবে দেখলে ভুল হবে। বরং কর্মজীবনের শুরু থেকেই অবসরকালীন আর্থিক পরিকল্পনার অংশ হিসেবে বিষয়টি বিবেচনা করা প্রয়োজন।

২০৩০ সালের মধ্যে প্রায় ৪ কোটি পরিবারের অন্তত একজন সদস্যকে সর্বজনীন পেনশনের আওতায় আনার লক্ষ্যটি সংখ্যার বিচারে বড়। এর অর্থ শুধু নতুন হিসাব খোলা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের মধ্যে দীর্ঘমেয়াদি সঞ্চয়ের অভ্যাস তৈরি করা, নিয়মিত চাঁদা দেওয়ার সক্ষমতা বাড়ানো এবং পেনশন সম্পর্কে আস্থা তৈরি করা। এই লক্ষ্য বাস্তবায়নে ব্যাংকিং খাতকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখা হচ্ছে। সরকারি পর্যায়ে ব্যাংকগুলোর মাধ্যমে কর্মী ও গ্রাহকদের স্কিমে যুক্ত করার ওপরও জোর দেওয়া হয়েছে। সরকারি ব্যাংকের শাখাগুলোতে পেনশন-সংক্রান্ত নির্দিষ্ট ডেস্ক চালুর বিষয়েও নির্দেশনার কথা প্রকাশিত হয়েছে। এটি গুরুত্বপূর্ণ কারণ দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ব্যাংকের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। ফলে সঠিক প্রচার ও সহজ সেবা নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের কাছে পেনশন ব্যবস্থাকে পৌঁছে দেওয়া তুলনামূলকভাবে সহজ হতে পারে।

সর্বজনীন পেনশন স্কিমের আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো অর্থ জমা ও লেনদেনের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিস্তৃত অংশগ্রহণ। বর্তমানে ৪৫টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে চাঁদা জমা দেওয়ার ব্যবস্থা রয়েছে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমেও অর্থ প্রদান করা যায়। ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকেও নিবন্ধন-সংক্রান্ত সেবা নেওয়ার সুযোগ রয়েছে। এই অবকাঠামোকে আরও কার্যকর করা গেলে স্কিমটির বড় বাধাগুলো অনেকটাই কমানো সম্ভব।

সর্বজনীন পেনশন ব্যবস্থায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য আলাদা স্কিম রাখা হয়েছে। ‘সমতা’নিম্ন-আয়ের মানুষের জন্য, ‘সুরক্ষা’স্বকর্মসংস্থান বা অনানুষ্ঠানিক খাতের মানুষের জন্য, ‘প্রগতি’বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য এবং ‘প্রবাস’বিদেশে কর্মরত বাংলাদেশিদের জন্য চালু রয়েছে। এখানেই স্কিমটির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যÑ একটি নির্দিষ্ট চাকরির কাঠামোর মধ্যে না থেকেও ভবিষ্যতের জন্য পেনশন পরিকল্পনায় যুক্ত হওয়ার সুযোগ। বিশেষ করে, অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের ক্ষেত্রে বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ তাদের অনেকেরই চাকরির সঙ্গে কোনো ভবিষ্যৎ অবসর সুবিধা যুক্ত থাকে না। একজন রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানি, ফ্রিল্যান্সার কিংবা স্ব-নিয়োজিত পেশাজীবী কর্মক্ষম থাকা অবস্থায় নিয়মিত সঞ্চয় করতে পারলে ভবিষ্যতে সেটি একটি নির্দিষ্ট আয়ের ভিত্তি তৈরি করতে পারে।

আসলে পেনশন স্কিমে নাম লেখানোই শেষ কথা নয়। বরং দীর্ঘ সময় নিয়মিত চাঁদা দেওয়া হচ্ছে কি নাÑ সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক মানুষ স্বল্পমেয়াদি প্রয়োজনকে দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনার চেয়ে বেশি গুরুত্ব দেন। মাস শেষে আয়-ব্যয়ের হিসাব মেলাতে গিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় পিছিয়ে যায়। কিন্তু অবসরকালীন নিরাপত্তার ক্ষেত্রে সময় একটি বড় সম্পদ। কর্মজীবনের শুরুতে অল্প অল্প করে সঞ্চয় করার সুযোগ থাকলে দীর্ঘ সময়ের ব্যবধানে তা গুরুত্বপূর্ণ আর্থিক ভিত্তি তৈরি করতে পারে। তাই অংশগ্রহণের আগে নিজের আয়, পারিবারিক ব্যয়, ঋণের দায়, ভবিষ্যৎ প্রয়োজন এবং নিয়মিত চাঁদা দেওয়ার সক্ষমতা বিবেচনা করা জরুরি।

যেকোনো দীর্ঘমেয়াদি আর্থিক কর্মসূচির সাফল্যের জন্য মানুষের আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেনশন যেহেতু কয়েক বছর নয়, কয়েক দশকের পরিকল্পনা, তাই অংশগ্রহণকারীদের কাছে হিসাবের স্বচ্ছতা, অর্থের ব্যবস্থাপনা, মুনাফা বা বিনিয়োগের তথ্য এবং ভবিষ্যৎ সুবিধা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার। জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইটে স্কিম, আইন ও বিধিমালা, নিবন্ধন এবং অন্যান্য তথ্য দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষের হেল্পডেস্ক নম্বরও প্রকাশ করা হয়েছে। এখানে সাধারণ মানুষের জন্য একটি সতর্কতা জরুরিÑ পেনশন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট বা অনির্ভরযোগ্য ব্যক্তির কথার ওপর নির্ভর না করে কর্তৃপক্ষের অনুমোদিত তথ্য যাচাই করা উচিত।

২০৩০ সালের লক্ষ্য পূরণ করতে হলে শুধু প্রচারাভিযান যথেষ্ট হবে না। প্রথমত, মানুষের কাছে সহজ ভাষায় বোঝাতে হবেÑ কে অংশ নিতে পারবেন, কত টাকা দিতে হবে, কতদিন দিতে হবে এবং ভবিষ্যতে কীভাবে সুবিধা পাওয়া যাবে। দ্বিতীয়ত, প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সেবার আওতায় আনতে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সমন্বিত ব্যবহার বাড়ানো দরকার। তৃতীয়ত, অংশগ্রহণকারীর হিসাব ব্যবস্থাপনা আরও সহজ ও স্বচ্ছ হওয়া প্রয়োজন। মানুষ যেন নিজের জমা, হিসাবের অবস্থা ও প্রয়োজনীয় তথ্য সহজেই জানতে পারেন। চতুর্থত, বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে কর্মীদের পেনশন পরিকল্পনায় উৎসাহিত করা প্রয়োজন। কারণ প্রাতিষ্ঠানিকভাবে কর্মীরা যুক্ত হলে নিয়মিত চাঁদা দেওয়ার ধারাবাহিকতা বজায় রাখা সহজ হতে পারে।

৪ কোটি পরিবারের অন্তত একজন সদস্যকে পেনশনের আওতায় আনার লক্ষ্যটি বাস্তবায়িত হলে এর সামাজিক প্রভাব শুধু ওই ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। একটি পরিবারের একজন সদস্যের অবসরকালীন আয় নিশ্চিত হওয়ার অর্থ হলো ভবিষ্যতে সেই পরিবারকে সম্পূর্ণভাবে সন্তান বা আত্মীয়স্বজনের ওপর নির্ভর করতে না হওয়ার সম্ভাবনা তৈরি হওয়া। তবে পেনশন কোনো দ্রুত লাভের ব্যবস্থা নয়। এটি মূলত দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তার পরিকল্পনা। তাই আজকের আয় থেকে সামর্থ্য অনুযায়ী একটি অংশ ভবিষ্যতের জন্য আলাদা করার মানসিকতা তৈরি করাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের জনসংখ্যাগত পরিবর্তনের সঙ্গে সঙ্গে আগামী দশকগুলোতে বয়স্ক মানুষের সংখ্যা বাড়বে। এ অবস্থায় বার্ধক্যের আর্থিক নিরাপত্তা শুধু ব্যক্তিগত সমস্যা নয়Ñ এটি জাতীয় সামাজিক নিরাপত্তারও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এশীয় উন্নয়ন ব্যাংকের একটি নথিতেও বাংলাদেশের ক্রমবর্ধমান বয়স্ক জনগোষ্ঠীর প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদি বার্ধক্যকালীন আয়-নিরাপত্তার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে। সর্বজনীন পেনশন সেই দীর্ঘমেয়াদি প্রস্তুতির একটি কাঠামো হতে পারে। তবে এর সাফল্য নির্ভর করবে তিনটি বিষয়ের ওপরÑ মানুষের অংশগ্রহণ, নিয়মিত চাঁদা প্রদান এবং ব্যবস্থাপনার ওপর আস্থা।

তাই পেনশনকে শুধু সরকারের একটি প্রকল্প হিসেবে না দেখে প্রত্যেক কর্মক্ষম মানুষের ব্যক্তিগত আর্থিক পরিকল্পনার অংশ হিসেবে দেখা দরকার। বার্ধক্য এক দিনে আসে না; কর্মজীবনের প্রতিটি বছর পেরিয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে যেতে হয়। একইভাবে বার্ধক্যের আর্থিক নিরাপত্তাও এক দিনে তৈরি হয় না। আজকের ছোট্ট পরিকল্পনা ও নিয়মিত সঞ্চয়ই আগামী দিনের বড় নিরাপত্তার ভিত্তি হতে পারে।

সরকারের সর্বজনীন পেনশন স্কিমে ৪ কোটি পরিবারের লক্ষ্য কেবল একটি সরকারি পরিসংখ্যান নয়, এটি দেশের মানুষের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবার একটি সুযোগ। আমরা চাই, সর্বজনীন পেনশন সত্যিকার অর্থেই সর্বজনীন হয়ে উঠুকÑ নিরাপদ বার্ধক্যের নিশ্চয়তা পাক দেশের কোটি কোটি মানুষ। উদ্যোগটি সফল হোকÑ এটাই আমাদের প্রত্যাশা।


লেখক: কলামিস্ট ও শিল্প-উদ্যোক্তা

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা