গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
কোনো বিশেষ কাজের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান যখন নিজেই অক্ষমতায় ভোগে, তখন সে ক্ষেত্রে অগ্রগতি দূরের কথা, ফলাফল হয় পশ্চাদমুখী। আমাদের দেশে এমন দৃষ্টান্তের অভাব নেই। সরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের স্ব স্ব ক্ষেত্রে অদক্ষতা, অকর্মণ্যতা ও অদূরদর্শিতার কারণে জাতীয় অগ্রগতি অনেক সময় মুখ থুবড়ে পড়ে। দেশের প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান, কূপ খনন, উত্তোলন ও উত্তোলিত গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠানটি কাজের ক্ষেত্রে কাঙ্ক্ষিত সক্ষমতা দেখাতে পারেনি। এ না পারার পেছনে রয়েছে নানাবিধ কারণ। সেসব কারণের মধ্যে সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগের অভাবই প্রধান। তা ছাড়া স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকায় এর কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতি ও অনিয়মে লিপ্ত হয়েছে। বাপেক্সের অভ্যন্তরে সংঘটিত নানা অনিয়মের খবর মাঝেমধ্যেই গণমাধ্যমে প্রকাশ পায়। এসব কারণে রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানটি কাযত অথর্বে পরিণত হয়েছে।
গতকাল প্রতিদিনের বাংলাদেশ ‘সক্ষমতার অক্ষমতায় ধুঁকছে বাপেক্স’ শীর্ষক বিশেষ প্রতিবেদনে প্রতিষ্ঠানটির কর্মক্ষমতার অভাবের বিস্তারিত তুলে ধরেছে। সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক ও কারিগরি সীমাবদ্ধতা ও আমলাতান্ত্রিক জটিলতা বাপেক্সের বড় প্রতিবন্ধক। বিশেষজ্ঞগণের অভিমত, দেশে বর্তমানে চলমান গ্যাস সংকট থেকে উত্তরণের ক্ষেত্রে আমদানি-নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই। সরকারও অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির ওপর জোর দিচ্ছে। আর দেশীয় উৎস থেকে গ্যাস উত্তোলন তথা উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে বাপেক্সেই একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। কিন্তু প্রতিষ্ঠানটির কাজকর্মের হালহকিকতে তেমন আশাবাদী হওয়া যাচ্ছে না। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই গ্যাস সমস্যার সমাধানের লক্ষ্যে উৎপাদন বৃদ্ধিকল্পে ১০০টি কূপ খননের উদ্যোগ নিয়েছিল। ২০২৮ সালের মধ্যে এসব কূপ খনন সম্পন্ন করা হবেÑ সরকারের পক্ষ থেকে তেমন পরিকল্পনার কথাও বলা হয়েছিল। কিন্তু এ ক্ষেত্রে বাপেক্সের পারফরমেন্স অত্যন্ত হতাশাজনক। সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী তিন বছরে (২০২৬-২০২৮) ১০০ কূপ খননের পরিকল্পনার কথা জানানো হলেও গত ছয় মাসে বাপেক্স মাত্র তিনটি কূপ খননের অনুমোদন দিতে পেরেছে। আর এ তিনটি কূপই খনন করবে বাপেক্স। এ হারে যদি বাপেক্স কূপ খননের অনুমোদন দিতে থাকে, তাহলে নির্ধারিত তিন বছরে সাকুল্যে ১৮টি কূপ খননের অনুমোদন দিতে পারবে। এ সংখ্যা লক্ষ্যমাত্রার কত শতাংশ সে হিসাবে গিয়ে লাভ নেই। তবে এটা বাপেক্সের কর্মদক্ষতার প্রতিফলন এ কথা বলা অত্যুক্তি হবে না। চলমান স্থবিরতা থেকে যদি বাপেক্সকে বের করে কর্মক্ষম ও সচল করা না যায়, তা হলে গ্যাসকূপ খননের লক্ষ্যমাত্রা পূরণ সোনার হরিণ হয়েই থাকবে।
সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ অধিবেশনে বলেছেন, ২০৩০-৩১ সালের মধ্যে নতুন ১৫০টি কূপ খনন করা হবে। অপরদিকে পেট্রোবাংলার একটি সূত্র প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছে, গ্যাসের উৎপাদন ও সরবরাহ বাড়াতে ১০০ কূপ খননের পরিকল্পনাটি বিগত সময়ের। তবে পরিকল্পনাটি নতুন করে সাজানো হয়েছে। এই ১০০টির মধ্যে ৬৯টি অনুসন্ধান কূপ, বাকি ৩১টি বিদ্যমান কূপগুলোর ওয়ার্কওভার। অর্থাৎ ৩১ কূপকে সংস্কারের মাধ্যমে পুনরায় উৎপাদনে সক্ষম করে তোলা হবে বা উৎপাদন বৃদ্ধি করা হবে। প্রতিবেদনে বলা হয়েছে, এ পরিকল্পনা নেওয়া হয়েছে ২০২৮ সাল নাগাদ জাতীয় গ্রিডে দৈনিক আরও ১৩৫ কোটি ঘনফুট গ্যাস সংযুক্ত করার লক্ষ্যে। পেট্রোবাংলার পরিকল্পনা অনুযায়ী প্রতিবছর ৩০টি কূপ খনন করতে হবে। তারা দেশীয় রিগ ও বিদেশি কোম্পানির ভাড়াকৃত রিগ দিয়ে এ খনন কাজ করতে আগ্রহী। সংস্থাটির একাধিক কর্মকর্তা অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে জনিয়েছেন, কূপ খননের লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারার অন্যতম কারণ কারিগরি সক্ষমতার অভাব।
দেশের বর্তমান গ্যাস সংকটের প্রধান কারণ যে উৎপাদনে ঘাটতি ও আমদানি-নির্ভরতা তা কারও অজানা নয়। এ ক্ষেত্রে সম্ভাবনার কথাও বলেছেন বিশেষজ্ঞগণ। ইতঃপূর্বে তারা বলেছেন, বঙ্গোপসাগরে যে বিপুল পরিমাণ গ্যাসের মজুদ রয়েছে, তা উত্তোলন করা গেলে বাংলাদেশ গ্যাসে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সক্ষম হবে। পাশাপাশি কমে যাবে আমদানি-নির্ভরতা। কিন্তু এ ক্ষেত্রে বাপেক্সের অক্ষমতা বাংলাদেশকে পিছিয়ে রেখেছে। অসমর্থিত সূত্র মতে, সাগরের গ্যাস উত্তোলনে বাংলাদেশের সময়ক্ষেপণের সুযোগে নিকট প্রতিবেশী দুটি দেশ কৌশলে তা তুলে নিচ্ছে। বঙ্গোপসাগরের গ্যাস তুলতে বাংলাদেশের অক্ষমতা বা বিলম্বের সুযোগে প্রতিবেশী দেশ দুটি সে ভান্ডার খালি করতে থাকবে। সরকারের উচিত অবিলম্বে বঙ্গোপসাগরের গ্যাস উত্তোলনের নিমিত্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। যদি দেশীয় প্রতিষ্ঠান বাপেক্সের এ কাজ করার সক্ষমতা না থাকে, সে ক্ষেত্রে জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিদেশি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া যেতে পারে।
বর্তমান সংকট নিরসন ও ভবিষ্যৎ সমস্যা মোকাবিলাকে এখন অগ্রাধিকার দিতে হবে। দেশীয় কোম্পানির অক্ষমতার জন্য জাতীয় সংকটকে তীব্র হতে দেওয়া বাঞ্ছনীয় নয়। তাই বাপেক্সকে প্রয়োজীয় সাপোর্ট দিয়ে সচল ও সক্ষম করে তুলতে হবে, যাতে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে বিদেশি কোম্পানির ওপর নির্ভর করতে না হয়।