× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিন্নাহকে ঘিরে অহেতুক বিতর্ক

মহিউদ্দিন খান মোহন

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১০ পিএম

মহিউদ্দিন খান মোহন। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

মহিউদ্দিন খান মোহন। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

হঠাৎ করেই পাকিস্তান-রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহকে ঘিরে দেশে বিতর্ক চলছে। এ বিতর্কের সূত্রপাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় তার ছবি উত্তোলনকে কেন্দ্র করে। তারপর সে ছবি নামিয়ে ফেলা এবং পদদলিত করার মধ্য দিয়ে বিতর্ক চরম আকার ধারণ করে। সে বিতর্কে ছাত্র সংগঠনগুলো থেকে শুরু করে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষও শামিল হয়েছে।

এমনকি সরকারদলীয় একজন সংসদ সদস্যও তাতে নিজেকে জড়িয়েছেন। তিনি যেহেতু একজন বীর মুক্তিযোদ্ধা তাই তার এ বিষয়ে মন্তব্য অস্বাভাবিক নয়। তবে জিন্নাহর পিতৃকুলের পেশা কী ছিল, তার আদি পুরুষ মুসলমান না হিন্দু ছিল, এসব তথ্য উদগিরণ অনেকের কাছেই বাহুল্য বিবেচিত হয়েছে। কেননা, এই উপমহাদেশে আমরা যারা মুসলমান হিসেবে পরিচিত, গবেষণা করলে দেখা যাবে, তাদের প্রায় সবার আদিপুরুষই ছিল অমুসলিম। সুতরাং মুহাম্মদ আলী জিন্নাহর আদিপুরুষ যদি অমুসলিম হয়েও থাকে, তাতে উপমহাদেশের রাজনীতিতে এই কীর্তিমান মানুষটির ভূমিকা বা অবদান ম্লান হয়ে যায় না। এসব ছাপিয়ে যে প্রশ্নটি বড় হয়ে দেখা দিয়েছে তাহলো, নিস্তরঙ্গ রাজনৈতিক পরিবেশে ডাকসু সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহকে ঠাঁই দেওয়া এবং পাশাপাশি বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলা কীসের ইঙ্গিত? এসব নানা প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সচেতন সমাজে। 

অস্বীকার করা যাবে না, মুহাম্মদ আলী জিন্নাহ উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল জ্যোতিষ্ক। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ও মুসলমানদের জন্য পৃথক আবাসভূমি প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অবদান অবিস্মরণীয়। তবে ১৯৪০ সালের ২৩ মার্চ নিখিল ভারত মুসলিম লীগের লাহোর সম্মেলনে শেরেবাংলা একে ফজলুল হকের ভারতবর্ষ ভাগের ক্ষেত্রে ‘মুসলিম অধ্যুষিত অঞ্চলসমূহ নিয়ে একাধিক স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র’ প্রতিষ্ঠার বিষয়টি শেষতক অবিকৃত থাকেনি। বরং সেখানে একাধিক বাদ দিয়ে ‘একটি রাষ্ট্র’ প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়। যদিও জিন্নাহর এই পরিকল্পনার সঙ্গে একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দীসহ বাংলার অধিকাংশ নেতা একমত ছিলেন না। কিন্তু ব্রিটিশ শাসনের অবসানকল্পে তারা সে প্রস্তাবে সায় দিতে বাধ্য হন এবং পাকিস্তান প্রতিষ্ঠিত হয়।

মুহাম্মদ আলী জিন্নাহ তার সময়ে একজন তীক্ষ্ন মেধাসম্পন্ন রাজনীতিবিদ ছিলেন। চলনে-বলনে স্মার্ট ও ইংরেজি ভাষায় পারদর্শী জিন্নাহ সে সময় ভারতীয় অনেক রাজনীতিকের ঈর্ষারও পাত্র ছিলেন। জিন্নাহ তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য হিসেবে (১৯০৪)। নিজের নেতৃত্ব প্রতিষ্ঠায় অভিলাষী জিন্নাহ ব্যর্থ মনোরথ হয়ে পরে ১৯১৩ সালে যোগ দেন মুসলিম লীগে। কিন্তু সাম্প্রদায়িক রাজনীতির বিভেদে ত্যক্তবিরক্ত ও আশাহত জিন্নাহ ১৯৩০ সালে বিলেতে গমন এবং আইন ব্যবসায়ে পুরোপুরি আত্মনিয়োগ করেন। পরে উপমহাদেশের নেতৃত্বশূন্য মুসলমানদের নেতৃত্বদানের জন্য মহাকবি আল্লামা ইকবালসহ অন্য অনেকের পরামর্শে পুনরায় ভারতে আগমন করেন। ইতিহাস মতে, মহাকবি আল্লামা ইকবালের পরামর্শে সেদিন জিন্নাহর ভারতে পুনঃপ্রত্যাবর্তন উপমহাদেশের রাজনীতির চালচিত্র পাল্টে দিয়েছিল। ওই সময়ে মুসলিম লীগের দুর্দিন চলছিল। দলটির প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহর ইন্তেকালের পর মুসলিম লীগ নেতৃত্বশূন্যতায় ভুগছিল। মহাত্মা মোহনদাশ করমচাঁদ গান্ধী, নেতাজী সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, মওলানা আবুল কালাম আজাদ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মতো জাঁদরেল কংগ্রেস নেতাদের মুখোমুখি দাঁড়ানোর মতো সর্বভারতীয় কোনো মুসলমান নেতা তখন মুসলিম লীগে ছিল না। তারাও মুহাম্মদ আলী জিন্নাহকে মুসলিম লীগের নেতৃত্ব গ্রহণের আহ্বান জানান। উল্লেখ্য, মুহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগে যোগ দিয়েছিলেন দলটি প্রতিষ্ঠার সাত বছর পরে ১৯১৩ সালে। হিন্দু-মুসলিম ঐক্যের রাজনীতিতে বিশ্বাসী জিন্নাহ বেশ কয়েক বছর একই সঙ্গে কংগ্রেস ও মুসলিম লীগের সদস্য ছিলেন। পরে তিনি কংগ্রেস ত্যাগ করেন। জিন্নাহর কংগ্রেস ত্যাগ ও মুসলিম লীগের নেতৃত্ব গ্রহণের জন্য অনেকে গান্ধীর ঈর্ষাপরায়ণতাকে দায়ী করেন। কোনো কোনো ঐতিহাসিকের মতে, গান্ধীর কারণে জিন্নাহ সবচেয়ে যোগ্য হওয়া সত্ত্বেও নিখিল ভারত কংগ্রেসের সভাপতি হতে পারেননি। গান্ধীর সমালোচকরা এটাও বলেন যে, তার ঈর্ষার শিকার হয়ে ভারতবর্ষের আরও একজন নেতা কংগ্রেস থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। সে প্রসঙ্গ এখন থাক।

বর্তমান প্রসঙ্গে ফিরে আসি। ইসলামী ছাত্রশিবির নিয়ন্ত্রিত ডাকসু নেতারা কেন সংগ্রহশালায় জিন্নাহর ছবি স্থাপনের ব্যর্থ চেষ্টা করলেন, তা অনেকেরই বোধগম্য নয়। কোন যুক্তিতে ওখানে পাকিস্তানের প্রতিষ্ঠাতার ছবি স্থান পাবে, সে ব্যাখ্যা তারা দেননি। কেউ কেউ এটা বলার চেষ্টা করছেন যে, ১৯৪৭ সালের ভারত ভাগের মাধ্যমে তৎকালীন পূর্ব বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ায় আমরা বর্তমান স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাই জিন্নাহ আমাদের জন্য নমস্য ব্যক্তি। এটা অবশ্য স্বীকায যে, সেদিন যদি পূর্ব বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত না হতো, তাহলে ভৌগোলিকভাবে আজকের বাংলাদেশ সৃষ্টি হয়তো হতো না। এখানে জিন্নাহর অবদান অবশ্যই স্বীকার্য। কিন্তু প্রশ্ন হলো, সেদিন মুহাম্মদ আলী জিন্নাহ আজকের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পরিকল্পনা থেকেই কি পূর্ব বাংলাকে পাকিস্তানের প্রদেশ করার উদ্যোগ নিয়েছিলেন? অবশ্যই নয়। বরং তার পরিকল্পনায় পূর্ব বাংলা নবগঠিত রাষ্ট্র পাকিস্তানের একটি প্রদেশ হিসেবেই স্থান পেয়েছিল। ফলে জিন্নাহ না হলে আমরা আজকের বাংলাদেশ পেতাম না, এ ধরনের যুক্তি ইতিহাসের কষ্টিপাথরের পরীক্ষায় টেকে না। 

ঐতিহাসিক তথ্যমতে, মুহাম্মদ আলী জিন্নাহ কখনোই ভারতবর্ষ ভাগ করার পক্ষপাতী ছিলেন না। তিনি অবিভক্ত ভারতের মধ্যে থেকেই মুসলমানদের অধিকার আদায়ের পক্ষে অবস্থান নিয়েছিলেন। বরং সত্য এটাই যে, ভারতীয় কংগ্রেসের কট্টর হিন্দুবাদী নেতাদের কারণেই ভারত ভাগ হয়েছিল। যদিও ঐতিহাসিকদের একটি অংশ জিন্নাহকে তার দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগের জন্য দায়ী করে থাকেন। তবে চল্লিশের দশকের মধ্যভাগ থেকে পরপর কয়েকটি হিন্দু-মুসলিম দাঙ্গা মুহাম্মদ আলী জিন্নাহর দ্বি-জাতি তত্ত্বের যথার্থতা প্রমাণের জন্য যথেষ্ট। জিন্নাহ এবং সমসাময়িক মুসলিম নেতারা কেন ১৯৪৭ সালে তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের পরিকল্পনা মতো ভারত ভাগ মেনে নিয়েছিলেন তার বিশদ বর্ণনা এতদ-সংক্রান্ত বিভিন্ন পুস্তকে আছে। সেসব বিষয়ে এখানে আলোচনা নিষ্প্রয়োজন। শুধু এটুকু বলা প্রয়োজন যে, জিন্নাহর অসুস্থতা চরমে পৌঁছায় তিনি তার জীবদ্দশায় মুসলমানদের পৃথক আবাসভূমি প্রতিষ্ঠা করে যেতে চেয়েছিলেন। যেহেতু মুহাম্মদ আলী জিন্নাহর সমকক্ষ মুসলমান কোনো রাজনীতিবিদ সে সময়ে ভারত উপমহাদেশে ছিল না, তাই তার ইচ্ছাকেই সবাই মেনে নিতে বাধ্য হয়েছিলেন। লক্ষ্য ছিল দুটিÑ এক. ব্রিটিশ শাসনের অবসান, দুই. হিন্দুদের কর্তৃত্বমুক্ত স্বাধীন দেশ প্রতিষ্ঠা; যেখানে দীর্ঘদিনের বঞ্চিত ও নিযাতিত মুসলমানরা তাদের আত্মনিয়ন্ত্রণাধিকার পাবে।

ঐতিহাসিক সত্যকে স্বীকার করলে এটা মানতেই হবে যে, মুহাম্মদ আলী জিন্নাহর দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে পূর্ব পাকিস্তানের জন্ম না হলে ভৌগোলিকভাবে আজকের বাংলাদেশ হতো না। সেজন্য জিন্নাহ সাহেবকে বাংলাদেশের ‘আদি জন্মদাতা’ বা ‘স্বপ্নদ্রষ্টা’ বলা যাবে না কোনো বিচারেই। কেননা, দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগের প্রস্তাব উত্থাপনের সময় তিনি নিশ্চয়ই আজকের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেননি। উপমহাদেশের রাজনীতিতে মুহাম্মদ আলী জিন্নাহর স্থান ইতিহাসে নির্দিষ্ট হয়ে গেছে। কেউ ইচ্ছে করলে তাকে সেখান থেকে সরাতে পারবে না, আবার যেটা তার প্রাপ্য নয়, সেটাও তাকে দেওয়া যাবে না। ভারতবর্ষ থেকে ব্রিটিশ শাসনের অবসান ও মুসলমানদের জন্য পৃথক আবাসভূমি প্রতিষ্ঠায় অবদানের জন্য জিন্নাহ প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব সন্দেহ নেই। তবে বাংলাদেশের কোনো জাতীয় প্রতিষ্ঠানে তার প্রতিকৃতি প্রদর্শন গ্রহণীয় হতে পারে না। সবচেয়ে ন্যক্কারজনক যে কাজটি ডাকসুতে ঘটেছে, তাহলো, জিন্নাহর ছবি তুলতে গিয়ে শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণ। এর মধ্য দিয়ে ঘটনার হোতারা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও চিন্তা-চেতনার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে এই রাজনৈতিক গোষ্ঠী ও তাদের বশংবদরা নানাভাবে একাত্তরের মুক্তিযুদ্ধের মহিমাকে ম্লান করার অপচেষ্টা শেুরু করে। জাতীয় সংগীত ও জাতীয় পতাকা পরিবর্তনের মতো ধৃষ্টতাপূর্ণ দাবি তুলতেও তারা দ্বিধা করেনি। তারা একাত্তরের মুক্তিযুদ্ধকে ভারতের স্বার্থে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার ‘ষড়যন্ত্র’ বলারও দুঃসাহস দেখিয়েছে। যদিও দেশের স্বাধীনতাপ্রিয় মানুষের প্রতিবাদ-প্রতিক্রিয়া দেখে তারা বায়ু নিষ্ক্রান্ত বেলুনের মতোই চুপসে গেছে। তবে তারা যে তাদের মিশন থেকে এতটুকু সরে যায়নি, ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি উত্তোলন তার জ্বলন্ত প্রমাণ। 

এ অপকর্মটির মাধ্যমে সংশ্লিষ্ট সংগঠনটি জিন্নাহকে বরং অপদস্থ করেছে। তাকে মাথায় তুলতে গিয়ে পদতলে পিষ্ট করিয়েছে। জিন্নাহর মতো একজন ঐতিহাসিক ব্যক্তিত্বের এই অবমাননা অত্যন্ত বেদনাদায়ক। তার চেয়ে বেশি বিস্ময়কর এই ঘটনায় অনাবশ্যকভাবে ক্ষমতাসীন বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের জড়িয়ে যাওয়া। দায়িত্বশীল ছাত্র প্রতিষ্ঠান হিসেবে একটি বিবৃতি দিয়ে ঘটনার নিন্দা-প্রতিবাদ জানানোই যেখানে যথেষ্ট ছিল, সেখানে প্রতিবাদ মিছিল নিয়ে ডাকসু ভাবনে যাওয়া মোটেই সুবিবেচনাপ্রসূত কাজ হয়নি। সস্তা জনপ্রিয়তা অর্জন বা কথিত দায়িত্বশীলতা প্রদর্শন করতে গিয়ে এহেন বালখিল্য কর্মকাণ্ড কখনও শুভ ফল বয়ে আনে না। 

সচেতন ব্যক্তিরা বর্তমানে অত্যন্ত উদ্বিগ্ন। তাদের উদ্বেগের কারণ চব্বিশের জুলাই গণআন্দোলনের পক্ষশক্তির মধ্যে ক্রমবর্ধমান দূরত্ব। বলতে দ্বিধা নেই, সংকীর্ণ দলীয় দৃ্ষ্টিভঙ্গির দ্বারা চালিত হয়ে সরকারি ও বিরোধী দল নিজেদের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করছে। তারা হয়তো ভুলেই গেছে, তাদের কর্মকাণ্ড জনসাধারণকে পেছনের দিকে ঠেলে দিতে পারে, ‘তাহলে ওরা কী দোষ করেছিল’Ñ এই ভাবনায়। স্মরণ করিয়ে দিতে চাই, স্বাধীনতার পরে ক্ষমতাসীন আওয়ামী লীগের গণবিরোধী কর্মকাণ্ডই জনগণের একটি অংশকে ভাবতে বাধ্য করেছিলÑ ‘তাহলে তো পাকিস্তানই ভালো ছিল।’ তেমনি চব্বিশের গণঅভ্যুত্থানের পক্ষশক্তির একাংশের কর্মকাণ্ডে যেন জনমনে এ ভাবনার জন্ম না দেয়, গণঅভ্যুত্থানটি ছিল বাংলাদেশের মধ্যে পাকিস্তানের পুনর্বাসনের উদ্দেশ্যে, সে বিষয়ে সতর্ক থাকা অবশ্যক। 


লেখক: সহকারী সম্পাদক, প্রতিদিনের বাংলাদেশ 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা