প্রতীকী ছবি
ন্যায়বিচারের আশায় মানুষ আদালতের দ্বারস্থ হয়। রাষ্ট্রের আইন, বিচারকের বিবেচনা এবং আদালতের নথিপত্রের ওপর আস্থা রেখেই একজন নাগরিক তার শেষ আশ্রয় খোঁজেন বিচারালয়ে। সেই আদালত প্রাঙ্গণেই যদি সংঘবদ্ধ প্রতারণা, জালিয়াতি ও নথি চুরির মতো গুরুতর অভিযোগ ওঠে তা কেবল নিছক কয়েকটি বিচ্ছিন্ন অপরাধের ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। আর এসব কিছু ঘটছে বিচারব্যবস্থার নাকের ডগায়Ñ যা সমগ্র আইনি প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলেছে। এতে মানুষ হারাচ্ছে ন্যায়বিচার পাওয়ার অধিকার।
শুরুতে ভাড়াটে আসামির প্রসঙ্গটি। এতে প্রকৃত আসামির বদলে অন্য কাউকে হাজির করার মাধ্যমে আদালতপাড়ায় প্রতারণার ফাঁদ পেতেছে সংঘব্দ্ধ প্রতারক চক্র। গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এ ‘টাকায় সাজানো আসামি’Ñ শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে আদালতপাড়ায় দালালদের দৌরাত্ম্যের চিত্র। প্রতিবেদনে বলা হয়েছে, ২৯ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল নাসরিন শিকদার নামের এক নারীর বিরুদ্ধে। কিন্তু আদালতে আত্মসমর্পণ করতে আসেন ‘নাসরিন’ পরিচয় দেওয়া ‘মনোয়ারা’ নামের অন্য এক নারী। আইনজীবীর মাধ্যমে জামিন আবেদনও করেন তিনি। কিন্তু শুনানির সময় বিচারকের তীক্ষ্ণ প্রশ্নে তার আসল পরিচয় বেরিয়ে আসে। আদালতে দাখিল করা পরিচয়পত্রে নাম-ঠিকানা নাসরিনের থাকলেও ছবিটি ছিল মনোয়ারার। পরে জানা যায়, এক আইনজীবী কিছু টাকার প্রলোভন দেখিয়ে ভাড়াটে আসামি হিসেবে তাকে হাজির করেছিলেন। ঘটনাটি গত ২৫ জুনের ঢাকার চতুর্থ মহানগর দায়রা জজ আদালতের।
গত ফেব্রুয়ারি মাসে একটি মামলায় মামুন মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। শুধু নামের মিল থাকার কারণে চার মাস বিনাদোষে কারাভোগ করেন তিনি। পরে পুলিশি তদন্তে তার নির্দোষ হওয়ার বিষয়টি উঠে আসে। একইভাবে খিলগাঁও থানার একটি অস্ত্র মামলার পলাতক আসামি তানভীর নামে একজনকে খালাস করে দেওয়ার চুক্তি করেন আইনজীবীর সহকারী দাবি করা আনোয়ারুল হক নামে এক প্রতারক। প্রথমে সে আসামির পরিবারকে একটি ভুয়া খালাসের আদেশের কপি দেয়। পরে আদালত থেকে আসল আসামির হাজিরার সমন গেলে জালিয়াতি ফাঁস হয়। ঘটনাগুলো প্রমাণ করেÑ এভাবে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যাচ্ছে।
প্রতিবেদনে ঢাকার আদালতপাড়ায় বিচারকের সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া নথি তৈরির অভিযোগ কিংবা এজলাস থেকে মামলার গুরুত্বপূর্ণ নথি চুরির মতো ঘটনাগুলোও উঠে আসে, যা অত্যন্ত উদ্বেগজনক। আমরা মনে করি, আদালতের নথি শুধু কাগজের সমষ্টি নয়, এগুলো একটি মামলার ইতিহাস, সাক্ষ্য-প্রমাণ, আদেশ ও বিচারিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ দলিল। এসব নথির নিরাপত্তা বিঘ্নিত হলে একটি মামলার ফলাফলই শুধু প্রভাবিত হতে পারে না, ক্ষতিগ্রস্ত হতে পারে বিচারপ্রার্থীর মৌলিক অধিকারও। প্রশ্ন হলো এ ধরনের অনিয়ম সংঘটিত হওয়ার সুযোগ তৈরি হয় কীভাবে? আমরা জানি আদালত একটি কঠোর নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থার অধীন প্রতিষ্ঠান। সেখানে কে প্রবেশ করতে পারেন, কারা নথি সংরক্ষণ ও পরিবহন করেন, জাল সিল বা স্বাক্ষর কীভাবে ব্যবহার করা সম্ভব হয় কিংবা একজন ভাড়াটে ব্যক্তি কীভাবে প্রকৃত আসামির পরিবর্তে আদালতে হাজির হতে পারেনÑ এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করা জরুরি।
বিশেষ করে বিচারক এবং আইনজীবীদের চোখের সামনে এই চক্রগুলো কীভাবে বছরের পর বছর সক্রিয় থাকে, তারও অনুসন্ধান হওয়া জরুরি। আমরা মনে করি, এই ধরনের অপরাধের পেছনে কেবল বাইরের দালাল বা প্রতারক চক্রই এককভাবে দায়ী নয়। আদালতের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী এবং অসাধু আইন সংশ্লিষ্ট ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ যোগসাজশ ছাড়া এজলাস থেকে মামলার মূল নথি চুরি বা বিচারকের স্বাক্ষর জাল করা কোনোভাবেই সম্ভব নয়। শর্ষের ভেতরের এই ভূত তাড়ানো না গেলে শুধু বাইরের দালাল ধরে আদালতপাড়াকে অপরাধমুক্ত করা যাবে না। বিচার বিভাগের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে হলে এই চক্রের শেকড় উপড়ে ফেলতে হবে। আদালত মানুষের শেষ আশ্রয়। সেই আশ্রয়ের দরজায় যদি প্রতারণার ছায়া পড়ে, তা দূর করার দায়িত্ব রাষ্ট্রের। বলা বাহুল্য, বিচারালয়ের পবিত্রতা রক্ষা করা ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার মৌলিক শর্ত। তাই আদালতের নথি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো দরকার। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ নথির ডিজিটাল রেকর্ড, প্রবেশ ও নথি চলাচলের নির্ভরযোগ্য ট্র্যাকিং, সিল-স্বাক্ষর ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ এবং সংবেদনশীল নথি সংরক্ষণে জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলা জরুরি। পাশাপাশি আদালত প্রাঙ্গণে আইনজীবী, কর্মকর্তা, কর্মচারী ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তির প্রবেশ ও কার্যক্রমের ক্ষেত্রেও কার্যকর নজরদারি প্রয়োজন।
আদালত যদি প্রতারণার নিরাপদ ক্ষেত্র হয়ে ওঠে, তাহলে শুধু কয়েকজন বিচারপ্রার্থী নয়, ক্ষতিগ্রস্ত হবে পুরো বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা। তাই আদালতপাড়াকে এই দুষ্টচক্রমুক্ত করতে হলে অবিলম্বে সমন্বিত ও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ন্যায়বিচারের শেষ আশ্রয় আদালত যেন জালিয়াতির আখড়ায় পরিণত না হয়। আইনের শাসনের প্রতি মানুষের আস্থা যেন না হারায়। আমরা বিশ্বাস করি, উচ্চ আদালত এবং আইন মন্ত্রণালয় এই বিচারিক অরাজকতা বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করবেন। আদালতপাড়াকে দালাল ও প্রতারকমুক্ত করে সাধারণ মানুষের ন্যায়বিচারপ্রাপ্তির নিশ্চয়তা বিধানই এখন মুখ্য বিষয়।