× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মশার রাজ্যে আমরা

আমানুর রহমান

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫৫ পিএম

মশা। ছবি: পুরকর পেস্ট

মশা। ছবি: পুরকর পেস্ট

মানবদেহের প্রতি মশার আকর্ষণ নিছক কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি নিখুঁত বৈজ্ঞানিক ও জৈব রাসায়নিক প্রক্রিয়ার ফল। অনেকেই মনে করেন, রক্তের মিষ্টতা বা বিশেষ কোনো রক্তের গ্রুপের কারণেই হয়তো মশা নির্দিষ্ট কাউকে বেশি কামড়ায়। তবে আধুনিক চিকিৎসাবিজ্ঞান ও প্রাণিবিদ্যার গবেষণায় প্রচলিত এই ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি মেলেনি।

বিজ্ঞান বলছে, মানুষকে লক্ষ্যবস্তু বানাতে স্ত্রী মশা অত্যন্ত সুনির্দিষ্ট ও জটিল কিছু সংকেত অনুসরণ করে। এর প্রথম ধাপটিই হলো বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইডের উপস্থিতি শনাক্ত করা। শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে আমাদের দেহ থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড প্রায় ১০ মিটার দূর থেকেই মশা নিখুঁতভাবে টের পায়। বাতাসে মিশে থাকা অদৃশ্য এই রাসায়নিক সংকেতই দূরের মশাকে জানিয়ে দেয় যে আশপাশে তার খাদ্যের বিশাল এক আধার অপেক্ষা করছে।

কার্বন ডাই-অক্সাইডের পথ ধরে কাছে আসার পর মশা তার দ্বিতীয় সংকেত হিসেবে মানুষের শরীরের উত্তাপকে লক্ষ্য করে। যেসব মানুষের শরীরের তাপমাত্রা তুলনামূলক বেশি, মশা তাদের প্রতি অধিক আকৃষ্ট হয়। উদাহরণস্বরূপ, যারা নিয়মিত ব্যায়াম বা কায়িক পরিশ্রম করেন, তাদের শরীরে রক্ত সঞ্চালন ও ঘামের পরিমাণ বেড়ে যায়। দ্রুত শ্বাস-প্রশ্বাসের কারণে তখন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ ও দেহের তাপমাত্রাÑ উভয়ই বৃদ্ধি পায়, যা মশাকে দারুণভাবে প্রলুব্ধ করে। ঠিক একই কারণে গর্ভবতী নারীদের প্রতিও মশা বেশি আকৃষ্ট হয়। গর্ভকালীন শরীরের অভ্যন্তরীণ বিপাকীয় কার্যক্রম বেড়ে যাওয়ায় দেহ থেকে তুলনামূলক বেশি তাপ ও কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়। আবার যাদের শারীরিক গঠন অপেক্ষাকৃত বড়, তাদের দেহ স্বাভাবিক নিয়মেই বেশি তাপ উৎপন্ন করে বলে তারাও সহজে মশার নজরে পড়ে যান।

মশা যখন মানুষের শরীরের একেবারে কাছাকাছি চলে আসে, তখন কার্যকর হয় তার তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেতÑ শরীরের নিজস্ব গন্ধ। আমাদের ত্বকে কোটি কোটি উপকারী ব্যাকটেরিয়া বাস করে, যা ত্বকের বিভিন্ন উপাদান ভেঙে বাতাসে পাঁচ শতাধিক রাসায়নিক পদার্থ ছড়িয়ে দেয়। এই বিপুল পরিমাণ রাসায়নিকের মধ্যে অ্যামোনিয়া, ল্যাকটিক অ্যাসিড এবং বিশেষ করে কার্বক্সিলিক অ্যাসিড মশাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। 

মশার আকর্ষণের এই বৈজ্ঞানিক হিসাব-নিকাশের পাশাপাশি আধুনিক নগরায়ণও মশার আচরণে এক ভয়াবহ পরিবর্তন নিয়ে এসেছে। সাধারণত ডেঙ্গু ও চিকনগুনিয়ার মতো প্রাণঘাতী রোগের বাহক এডিস মশা দিনের বেলায় বেশি সক্রিয় থাকে। কৃত্রিম আলোর উপস্থিতিতে এডিস মশা রাতকে দিন ভেবে ভুল করে এবং তাদের স্বাভাবিক শিকার-প্রক্রিয়া অব্যাহত রাখে। ফলে রাতের বেলাতেও আলোকিত পরিবেশে তারা মানুষের শরীরের উত্তাপ ও ঘ্রাণ শনাক্ত করে অত্যন্ত সক্রিয়ভাবে আক্রমণ চালাতে সক্ষম হয়।

দিন শেষে মশা আপনাকে কতটা পছন্দ করছে বা আপনার শরীর কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছে, তা আসল কথা নয়; বড় শঙ্কার বিষয় হলোÑ মশা ডেঙ্গু বা ম্যালেরিয়ার মতো মারাত্মক রোগ ছড়িয়ে দিতে পারে। তাই আধুনিক নগরজীবনের পরিবর্তিত আলো-আঁধারির বাস্তবতায়, কেবল দিনের বেলায় নয়, রাতেও মশারি বা মশক নিবারক (মসকুইটো রিপেলেন্ট) ব্যবহারের মাধ্যমে নিজেদের সুরক্ষিত রাখার কোনো বিকল্প নেই।

লেখক: শিক্ষার্থী, হাবিবুল্লাহ বাহার কলেজ, শান্তিনগর, ঢাকা

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা