× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবি নজরুলের লেখা ও আজকের বাস্তবতা

ড. হাফিজ রহমান

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪১ পিএম

কবি নজরুলের লেখা ও আজকের বাস্তবতা

কবি কাজী নজরুল ইসলাম যুগোত্তর ও কালোত্তর কবি। তার লেখনী সমকাল ও একালে সমান গুরুত্বপূর্ণ। আজ থেকে ঠিক একশ বছর আগে তথা ১৯২৬ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসে তার যেসব লেখা প্রকাশিত হয়, তা আজও সমাজ-রাষ্ট্র ও দেশের প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিক্ষেত্রেও এক শতাব্দী আগে লেখা কবির সাহিত্যকর্ম অসাধারণভাবে কার্যকর বলেই প্রতীয়মান হচ্ছে। মানবতা, সাম্য-ন্যায়, অসাম্প্রদায়িকতা, প্রেম-দ্রোহ একশ বছর আগেও যেমন পৃথিবীর জন্য ব্যাপক প্রয়োজন ছিল, তেমনি আছে আজও। কবি নজরুল ১৯২৬ সালের ভাদ্র/আগস্ট-সেপ্টেম্বর মাসে প্রকাশ করেন, প্রবন্ধ : মন্দির মসজিদ, হিন্দু মুসলমান, কবিতা : অভিযান। আশ্বিন/সেপ্টেম্বর-অক্টোবর মাসে প্রকাশিত হয় : কাণ্ডারী হঁশিয়ার-এর স্বরলিপি, কবিতা : অনামিকা, সর্বসহা, যা শত্রু পরে পরে, প্রবন্ধ সংকলন (সরকার কর্তৃক বাজেয়াপ্ত) : দুর্দিনের যাত্রী। ‘দুর্দিনের যাত্রী’ প্রবন্ধ সংকলনে ছিল : আমরা লক্ষ্মীছাড়ার দল, তুড়ী বাঁশির ডাক, মোরা সবাই স্বাধীন, সবাই রাজা, স্বাগত, মেয় ভুখা হুঁ, পথিক! তুমি পথ হারাইয়াছ? ও আমি সৈনিক। কবিতা ও গানের সংকলন (২৫ অক্টোবর ১৯২৬) : সর্বহারা। সর্বহারা-তে ছিল : সর্বহারা, কৃষাণের গান, শ্রমিকের গান, ধীবরদের গান, ছাত্রদলের গান, কাণ্ডারী হুঁশিয়ার, ফরিয়াদ, আমার কৈফিয়ৎ, প্রার্থনা ও গোকুল নাগ। 

কবি নজরুলের প্রবন্ধ ‘মন্দির মসজিদ’ ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারের প্রাচীর ভেঙে সর্বজনীন মানবতাবাদী চেতনা অর্জনের উদাত্ত আহ্বান। উপাসনালয়ের চেয়ে মানুষের হৃদয় ও সাম্যই যে পরম সত্য, তা-ই এতে প্রতিফলিত হয়েছে। ‘হিন্দু মুসলমান’ হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের অখণ্ড ঐক্য ও সম্প্রীতির বন্ধন এতে বর্ণিত। একই দেশের সন্তান হিসেবে ধর্মীয় বিভেদ ভুলে ঐক্যবদ্ধ না হলে যে শোষণমুক্তি অসম্ভব, সে কথাই ফুটে উঠেছে। ‘অভিযান’ স্থবিরতা, পরাধীনতা ও জরাজীর্ণ সমাজব্যবস্থা উপড়ে ফেলে নতুন বিশ্ব গড়ার বিপ্লবগাথা। অন্যায়ের বিরুদ্ধে জয়ী হতে তরুণসমাজকে নির্ভীক যাত্রায় এগিয়ে যেতে এই কবিতায় দুর্দান্তভাবে অনুপ্রাণিত করা হয়েছে।

‘দুর্দিনের যাত্রী’ গ্রন্থটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়। এই গ্রন্থের অন্তর্গত ‘আমরা লক্ষ্মীছাড়ার দল’ এ বর্ণিত হয়েছে জরাজীর্ণ সমাজ-সংসারের শৃঙ্খল ভেঙে বাঁধনহারা তরুণদের দুর্জয় ও প্রগতিশীল প্রাণশক্তির জয়গান। ‘তুড়ী বাঁশীর ডাক’ এ বিধৃত হয়েছে অলসতা ঝেড়ে ফেলে অত্যাচার ও পরাধীনতার বিরুদ্ধে অবিলম্বে বিপ্লবে ঝাঁপিয়ে পড়ার অপরাজেয় আহ্বান। ‘মোরা সবাই স্বাধীন, সবাই রাজা’ জাতি-ধর্ম-শ্রেণিভেদমুক্ত সাম্যবাদী চেতনা এবং সব মানুষের সমান মর্যাদা ও স্বাধীনতার ঘোষণা। ‘স্বাগত’ তে নতুন আলো, সত্য ও যুগান্তকারী পরিবর্তনকে সানন্দ বরণে উদাত্ত মানসিকতা। ‘মেয় ভুখা হুঁ’ তে বঞ্চনা ও অর্থনৈতিক বৈষম্যের শিকার বুভুক্ষু সাধারণ মানুষের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ। ‘পথিক! তুমি পথ হারাইয়াছ’তে মোহ ও বিভ্রান্তিতে পথভ্রষ্ট মানুষকে সত্য, ত্যাগ ও আত্মোপলব্ধির সঠিক পথে আহ্বান। এবং ‘আমি সৈনিক’ এ অন্যায়-অবিচারের বিরুদ্ধে সত্য ও মানবতা রক্ষায় আজীবন লড়াই করার বীরত্বব্যঞ্জক অঙ্গীকার ঘোষিত হয়েছে।

‘সর্বহারা’-র অন্তর্ভুক্ত কবিতা ও গানগুলো মূলত শোষিত মানুষের জাগরণ, প্রগতি এবং মানবিকতার জয়গান। ‘সর্বহারা’ কবিতাটি শোষিত, বঞ্চনার শিকার ও নিঃস্ব মানুষের বিপ্লবের বার্তা নিয়ে রচিত। এতে নিপীড়িত সর্বহারা শ্রেণিকে তাদের দাসত্বের শৃঙ্খল ভেঙে আত্মমর্যাদা ও অধিকার ছিনিয়ে আনার উদাত্ত আহ্বান জানানো হয়েছে। আর ‘কৃষাণের গান’ কবিতায় কৃষকের মর্যাদার বিষয়টি তুলে ধরা হয়েছে। যে কৃষকরা কঠোর পরিশ্রমে পুরো পৃথিবীর অন্ন জোগায়, তারাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত, নিগৃহীত, ঘৃণিত ও শোষিত। এই কবিতায় কৃষকদের এই অবদানকে স্বীকৃতি দিয়ে তাদের অধিকার সচেতন করা এবং শোষণমুক্ত সমাজ গঠনের ডাক দিয়েছেন কবি। ‘শ্রমিকের গান’ এটি শ্রমজীবী মানুষের অসীম শক্তি, ত্যাগ ও অবদানের বন্দনা। 

পুঁজিপতি শ্রেণির অন্যায় শোষণের বিরুদ্ধে শ্রমিকের ঐক্যবদ্ধ প্রতিরোধ এবং তাদের শ্রমে গড়ে ওঠা পৃথিবীতে নিজেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দীপ্ত শপথ এতে ফুটে উঠেছে। জীবনসংগ্রাম ও নদী-সমুদ্রের প্রতিকূলতার সাথে লড়াই করে বেঁচে থাকা ধীবর বা জেলেদের দুর্জয় জীবনধারা ‘ধীবরদের গান’ শীর্ষক কবিতার বিষয়বস্তু। জীবনের চরম ঝড়-ঝঞ্ঝা পার হয়ে সামাজিক বৈষম্যের বিরুদ্ধে অনড় থাকার মানসিকতা এতে প্রকাশিত হয়েছে। ‘ছাত্রদলের গান’ এ তরুণ ও ছাত্রসমাজের নবীন প্রাণশক্তি ও বিপ্লবের অফুরন্ত সম্ভাবনা গীত হয়েছে। জরাজীর্ণ, কুসংস্কারাচ্ছন্ন ও পরাধীন সমাজকে ভেঙে নতুন, সাম্যবাদী ও প্রগতিশীল বিশ্ব গড়ার প্রধান চালিকাশক্তি হলো ছাত্রসমাজ। ‘কাণ্ডারী হুঁশিয়ার’ কবির অবিশ্বাস্য সৃষ্টি। কবিতাটির প্রতিটি বর্ণ মানবতার শক্তিশালী ও দৃঢ়-অটল উচ্চারণ। এই কবিতা নিঃসন্দেহে জাতীয় সংকটময় মুহূর্তে দেশ, সমাজ ও রাষ্ট্রনেতাদের দায়িত্ববোধ সম্পর্কে সতর্কবার্তা। ধর্মীয় ও সামাজিক বিভেদ ভুলে পরাধীনতা ও অন্যায়ের সাগরে হাবুডুবু খাওয়া জাতিকে মুক্ত করতে কান্ডারিদের সর্বোচ্চ আত্মত্যাগে প্রস্তুত থাকার আহ্বান এতে অসংকোচে ঘোষিত হয়েছে। 

‘ফরিয়াদ’ কবিতা সমাজে বিরাজমান চরম বৈষম্য, ভণ্ডামি ও মানবসৃষ্ট নিপীড়নের বিরুদ্ধে স্রষ্টার দরবারে তীব্র আকুতি ও অভিযোগ। প্রবঞ্চিত ও মজলুমের অবর্ণনীয় যন্ত্রণা প্রকাশ করে সার্বিক মুক্তি ও জালিমের বিচারের জন্য করুণাময়ের সাহায্য কামনা করা হয়েছে। ‘আমার কৈফিয়ৎ’ নজরুলের নিজস্ব কাব্যদর্শন ও আত্মপক্ষ সমর্থনের কবিতা হলেও এর একটি সর্বজনীনতা ও বিশ্বজনীনতা রয়েছে। কোনো বিশেষ রাজনৈতিক দলের তোষামোদ না করে কেবল নিপীড়িত মানুষের পক্ষে কথা বলা এবং সত্য, ন্যায় ও মানবতাবোধ প্রতিষ্ঠার জন্যই কবি লেখনী ধারণ করেছেন, এরই স্পষ্ট ব্যাখ্যা এতে রয়েছে। ‘প্রার্থনা’ স্রষ্টার প্রতি গভীর শ্রদ্ধা, আত্মসমর্পণ ও আত্মশুদ্ধির এক আকুল মিনতি। পাপাচার, বঞ্চনা ও কুসংস্কার থেকে মানবজাতিকে মুক্ত করতে এবং সত্যের পথে চলার জন্য স্রষ্টার করুণা ও সত্য আলো কামনা করা হয়েছে। ‘গোকুল নাগ’ কবির সাহিত্যিক বন্ধু গোকুলচন্দ্র নাগের অকালপ্রয়াণে রচিত অপার আবেগঘন শ্রদ্ধাঞ্জলি। বন্ধুর শিল্পভাবনা, মানবপ্রেম এবং দৈহিক প্রয়াণ ঘটলেও তার সৃষ্টিশীল কর্মের মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকার কথা এতে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়েছে। এখানে কবির অসাম্প্রদায়িক মানসিকতার পরিচয় পাওয়া যায়।

কাজী নজরুল ইসলামের ওপরে বর্ণিত প্রবন্ধ, কবিতা ও গানে সাম্যবাদ, প্রগতি, অসাম্প্রদায়িকতা এবং নিপীড়িত মানুষের মুক্তির প্রদীপ্ত আহ্বান ধ্বনিত হয়েছে। ‘মন্দির মসজিদ’ ও ‘হিন্দু মুসলমান’ প্রবন্ধে তিনি ধর্মান্ধতা ও গোঁড়ামি ভুলে অখণ্ড অসাম্প্রদায়িক ঐক্য প্রতিষ্ঠা এবং মানুষের হৃদয়কে উপাসনালয়ের চেয়েও বড় স্থান দেওয়ার বার্তা দিয়েছেন। ‘দুর্দিনের যাত্রী’ গ্রন্থের বিভিন্ন রচনা ও ‘অভিযান’ কবিতায় অলসতা ও জরাজীর্ণতা ভেঙে শৃঙ্খলমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে তরুণ সমাজকে বিপ্লবে ঝাঁপিয়ে পড়ার প্রেরণা জোগানো হয়েছে। ‘সর্বহারা’ কাব্যগ্রন্থের কবিতাগুলোতে মূলত কৃষক, শ্রমিক, ধীবর ও ছাত্রসমাজসহ সব বঞ্চিত শ্রেণির সংগ্রাম, অধিকার সচেতনতা ও জাগরণের কথা বলা হয়েছে। ‘কাণ্ডারী হুঁশিয়ার’-এ জাতিগত সংকটকালে নেতাদের দায়িত্ববোধ ও আত্মত্যাগের আহ্বান জানানো হয়েছে, আর ‘আমার কৈফিয়ৎ’-এ কোনো রাজনৈতিক দলের তোষামোদ না করে কেবল নিপীড়িত মানুষের পক্ষে কলম ধরার কথা ব্যক্ত হয়েছে। পাশাপাশি, ‘ফরিয়াদ’ ও ‘প্রার্থনা’-য় সামাজিক বৈষম্যের বিরুদ্ধে স্রষ্টার নিকট আকুতি এবং ‘গোকুল নাগ’-এ বন্ধুর প্রতি আবেগঘন স্মরণাঞ্জলি ফুটে উঠেছে। সেই ১৯২৬ সালে কবি যেসব বিষয়ের বিরুদ্ধে কলম ধরেছেন, আজও আমাদের সমাজে তার পরিবর্তন আসেনি। মানুষ এসব পড়ছে। বলছে। ভুলছে। কিন্তু ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে বাস্তবায়ন করছে না। এটাই করুণ বাস্তবতা। শুধু আমাদের দেশ নয়, এই বিশ্বভুবনের সর্বত্রই সাম্য ও অসাম্প্রদায়িকতার বড়ই করুণ দশা!

তাই আমাদের দেশসহ সমগ্র বিশ্ব সাম্যবাদ, প্রগতি, অসাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা ও গোঁড়ামি এবং নিপীড়িত মানুষের মুক্তির পথ খুঁজছে। আজও কৃষক, শ্রমিক, ধীবর ও ছাত্রসমাজসহ সব বঞ্চিত শ্রেণি একশ বছর আগের মতোই রয়েছে। আজও জাতিগত সংকটকালে নেতাদের দায়িত্ববোধ ও আত্মত্যাগের চরম ঘাটতি দেখা যায়। এখনও সারা বিশ্বে সামাজিক বৈষম্য ভয়াবহরূপে বিদ্যমান। এসব থেকে মুক্তি পেতে গেলে সকল প্রকার কুসংস্কার, ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা, অসাম্য, বৈষম্যের দেয়াল ভেঙে শৃঙ্খলমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে তরুণ-যুবক সমাজকে প্রয়োজনে বিপ্লবে ঝাঁপিয়ে পড়তে হবে। শত বছর পরে এসেও তাই বাংলাদেশের জাতীয় কবি, মানবতার কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম অবিসংবাদিতভাবে প্রাসঙ্গিক। 

লেখক: শিল্পকলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত গীতিকার ও নজরুল গবেষক

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা