ড. মো. মিজানুর রহমান
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৩ পিএম
ব্রিকস সম্মেলনের বিশ্বের শীর্ষ নেতারা, ইনসেটে ড. মো. মিজানুর রহমান। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
ব্রিকস ঘিরে গত এক দশকের আন্তর্জাতিক আলোচনায় এমন প্রত্যাশা তৈরি হয়েছে যে, এটি একদিন পশ্চিমা নেতৃত্বাধীন বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থার পূর্ণাঙ্গ বিকল্প হয়ে উঠতে পারে। ডলারের আধিপত্য, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোতে উন্নয়নশীল বিশ্বের সীমিত প্রতিনিধিত্ব এবং বৈশ্বিক অর্থনীতিতে উদীয়মান শক্তিগুলোর ক্রমবর্ধমান প্রভাব এই প্রত্যাশাকে আরও জোরালো করেছে। কিন্তু উচ্চাকাঙ্ক্ষা ও বাস্তব সক্ষমতা এক বিষয় নয়। ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত অষ্টাদশ ব্রিকস শীর্ষ সম্মেলন সেই ব্যবধানটিই আবার স্পষ্ট করেছে।
ব্রিকসের যাত্রা শুরু হয়েছিল ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনকে নিয়ে। পরে দক্ষিণ আফ্রিকার অন্তর্ভুক্তি এবং সাম্প্রতিক সম্প্রসারণে এর পরিসর আরও বেড়েছে। এর মূল লক্ষ্য ছিল গুরুত্বপূর্ণ উদীয়মান অর্থনীতিগুলোকে একটি প্লাটফর্মে আনা এবং আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিত্ব বাড়ানোর দাবি। তাই ব্রিকস শুধু অর্থনৈতিক জোট নয়Ñ এটি পশ্চিমা শক্তির বাইরে থাকা বড় অর্থনীতিগুলোর জন্য নিজেদের স্বার্থ, উন্নয়ন অগ্রাধিকার ও বৈশ্বিক শাসনব্যবস্থা সংস্কারের দাবি তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক মঞ্চ।
ব্রিকসের সাফল্য বিচার করতে হলে আবেগের পরিবর্তে প্রতিষ্ঠান ও বাস্তব ফলাফল দেখতে হবে। এ ক্ষেত্রে নতুন উন্নয়ন ব্যাংক একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। ব্রিকসের উদ্যোগে প্রতিষ্ঠিত এই ব্যাংকের লক্ষ্য উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামো ও টেকসই উন্নয়ন প্রকল্পে অর্থায়ন। ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ প্রায় ৪২ দশমিক ৯ বিলিয়ন ডলারের অর্থায়ন অনুমোদিত হয়েছে ১৩৯টি প্রকল্পে; বাংলাদেশে তিনটি প্রকল্পে অনুমোদিত অর্থায়ন প্রায় ৪৫ কোটি ডলার। এটি অবশ্যই উল্লেখযোগ্য অর্জন। তবে নতুন উন্নয়ন ব্যাংককে আইএমএফ বা বিশ্বব্যাংকের সরাসরি বিকল্প হিসেবে দেখা বাস্তবসম্মত নয়। আইএমএফ মূলত বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতায় সহায়তা করে, আর বিশ্বব্যাংক দীর্ঘমেয়াদি উন্নয়ন অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের সদস্যভিত্তি, মূলধন, বৈশ্বিক আর্থিক সংযোগ ও প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা অনেক বিস্তৃত। নতুন উন্নয়ন ব্যাংক তাই বরং একটি অতিরিক্ত ও বিকল্প উন্নয়ন অর্থায়ন উৎস হিসেবে গুরুত্বপূর্ণ।
ব্রিকসের বড় অর্জন সম্ভবত কোনো একক ব্যাংক বা অর্থপ্রদান ব্যবস্থা নয়, বরং বৈশ্বিক অর্থনৈতিক শাসনব্যবস্থায় একটি বিকল্প কণ্ঠস্বর প্রতিষ্ঠা করা। কিন্তু সেই কণ্ঠস্বরকে কার্যকর শক্তিতে রূপ দিতে প্রয়োজন প্রাতিষ্ঠানিক সমন্বয়, পারস্পরিক আস্থা, প্রযুক্তিগত সক্ষমতা ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সংহতি। নয়াদিল্লি সম্মেলন এই বাস্তবতারই একটি উদাহরণ। সম্মেলনে অর্থনৈতিক অংশীদারত্ব গভীর করা, ২০৩০ সালের অর্থনৈতিক অংশীদারত্ব কৌশল এগিয়ে নেওয়া, স্থানীয় মুদ্রায় বাণিজ্য ও বিনিয়োগ এবং আন্তঃদেশীয় অর্থপ্রদানের ব্যবস্থা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে দীর্ঘদিন আলোচিত অভিন্ন ব্রিকস মুদ্রা চালুর কোনো সিদ্ধান্ত হয়নি। বরং স্থানীয় মুদ্রায় লেনদেন এবং বিভিন্ন অর্থপ্রদান ব্যবস্থার পারস্পরিক সংযোগের দিকে জোর দেওয়া হয়েছে। অর্থাৎ ব্রিকস আপাতত ডলারের বিকল্প কোনো একক মুদ্রা তৈরির চেয়ে ডলারের ওপর নির্ভরতা কমানোর অবকাঠামো তৈরির পথে এগোচ্ছে।
এই বৈচিত্র্যই ব্রিকসের শক্তি ও সীমাবদ্ধতা উভয়ই। চীন, ভারত, রাশিয়া, ব্রাজিল এবং মধ্যপ্রাচ্যের সদস্যদের অর্থনৈতিক ও কৌশলগত সক্ষমতা বড় হলেও তাদের স্বার্থ সব ক্ষেত্রে অভিন্ন নয়; ভারত ও চীনের কৌশলগত প্রতিযোগিতা এর সবচেয়ে স্পষ্ট উদাহরণ। অর্থপ্রদানের অবকাঠামো নিয়েও প্রযুক্তি, তথ্যনিরাপত্তা, আর্থিক সার্বভৌমত্ব এবং নিয়ন্ত্রণের প্রশ্ন রয়েছে। রাশিয়ার জন্য পশ্চিমা নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে বিকল্প অর্থপ্রদান ব্যবস্থা গুরুত্বপূর্ণ হলেও ভারতের অগ্রাধিকার হলো চীন, রাশিয়া ও পশ্চিমা অর্থনীতির সঙ্গে সম্পর্কের মধ্যে কৌশলগত ভারসাম্য বজায় রাখা। ফলে ব্রিকসের নেতৃত্বে ভারতের প্রধান চ্যালেঞ্জ হলো ভিন্ন স্বার্থের দেশগুলোকে কতটা বাস্তবায়নযোগ্য কর্মসূচির মধ্যে রাখা যায়।
নয়াদিল্লি সম্মেলনের মূল্যায়ন তাই শুধু ঘোষণাপত্র বা সম্মেলন আয়োজনের সাফল্য দিয়ে করা যথেষ্ট নয়। সদস্য ও আমন্ত্রিতদের অংশগ্রহণেও কিছুটা বৈচিত্র্য ছিল, যা ব্রিকসের অভ্যন্তরীণ সীমাবদ্ধতার ইঙ্গিত দেয়। মূল পরীক্ষা হবে ঘোষিত উদ্যোগগুলো কতটা বাস্তবায়িত হয়। ব্রিকস যত সম্প্রসারিত হচ্ছে, ঐকমত্য তৈরির চ্যালেঞ্জও তত বাড়ছে। ফলে সম্মেলনের অর্জনকে অস্বীকার করার কারণ নেই, তবে এটিকে বৈশ্বিক অর্থব্যবস্থার তাৎক্ষণিক পরিবর্তন হিসেবেও দেখা যায় না; এটি সম্ভাবনা ও সীমাবদ্ধতা মিলিয়ে একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া।
এই বৃহত্তর আন্তর্জাতিক বাস্তবতায় বাংলাদেশের অবস্থানও গুরুত্বপূর্ণ। নয়াদিল্লি সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ না করার বিষয়টি শুধু একটি সফর বাতিল হিসেবে দেখলে এর কূটনৈতিক তাৎপর্য পুরোপুরি বোঝা যাবে না। আমন্ত্রণের প্রকৃতি নিয়েও ঢাকা ও নয়াদিল্লির বক্তব্যে পার্থক্য রয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল, আমন্ত্রণটি প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে; অন্যদিকে ভারত জানিয়েছিল, তারেক রহমান দুটি পৃথক আমন্ত্রণ পেয়েছিলেনÑ একটি দ্বিপক্ষীয় সফরের জন্য এবং অন্যটি বিমসটেকের সভাপতি হিসেবে ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য।
বাংলাদেশ ব্রিকস সম্মেলনে অংশ নিলে উদীয়মান অর্থনীতির নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ, নতুন উন্নয়ন ব্যাংকের অর্থায়ন, স্থানীয় মুদ্রায় বাণিজ্য ও ভবিষ্যৎ আন্তঃদেশীয় অর্থপ্রদানের সম্ভাবনা এবং ভারতের সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগের সুযোগ তৈরি হতে পারত। বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশের উপস্থিতিরও আলাদা কূটনৈতিক গুরুত্ব ছিল। না যাওয়ায় এসব তাৎক্ষণিক যোগাযোগ ও সম্ভাব্য সুযোগের একটি অংশ হাতছাড়া হয়েছে। তবে একই সঙ্গে রাষ্ট্রীয় মর্যাদা, পারস্পরিক সমতা এবং ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের কাঠামোর প্রশ্নও বিবেচ্য। বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আমন্ত্রণের ধরনকে অনেকে মর্যাদার প্রশ্ন হিসেবে দেখেছেন। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ও বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তার অবস্থান নিয়েও ঢাকার উদ্বেগ রয়েছে; সম্ভাব্য ভারত সফরের পরিবেশ নিয়ে বাংলাদেশ প্রত্যর্পণসহ কিছু বিষয়ে ভারতের পদক্ষেপ চেয়েছে। এসব বাস্তবতা দুই দেশের সম্পর্ককে আরও সংবেদনশীল করেছে। তবে ব্রিকসে অংশগ্রহণ না করার অর্থ ব্রিকসকে উপেক্ষা করা নয়। স্থানীয় মুদ্রাভিত্তিক বাণিজ্য, আন্তঃদেশীয় অর্থপ্রদান এবং নতুন উন্নয়ন ব্যাংকের অর্থায়ন ভবিষ্যতে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করতে পারে। একইভাবে ভারত বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশী, বাণিজ্যিক অংশীদার এবং যোগাযোগ, জ্বালানি ও আঞ্চলিক সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশীদার।
এই ক্ষেত্রে বিমসটেকের গুরুত্বও বিশেষ। বাংলাদেশ বর্তমানে এর সভাপতির দায়িত্বে রয়েছে। ফলে বঙ্গোপসাগরকেন্দ্রিক বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বিমসটেককে কার্যকরভাবে ব্যবহার করা যেতে পারে। ব্রিকস, বিমসটেক কিংবা দ্বিপক্ষীয় সম্পর্কÑ কোনো একটি কাঠামোর ওপর অতিরিক্ত নির্ভর না করে প্রতিটি মঞ্চকে তার নিজস্ব অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব অনুযায়ী ব্যবহার করাই হবে অধিক কার্যকর পথ।
সুতরাং ব্রিকস সম্মেলনে বাংলাদেশের না যাওয়াকে যেমন নিছক কূটনৈতিক বর্জন বলা যায় না, তেমনি একে সম্পূর্ণ কূটনৈতিক সাফল্যও বলা যায় না। এতে কিছু বহুপাক্ষিক যোগাযোগ ও সম্ভাব্য অর্থনৈতিক সুযোগ হাতছাড়া হয়েছে; একই সঙ্গে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের বর্তমান সংবেদনশীলতায় বাংলাদেশ মর্যাদা, সমতা ও দ্বিপক্ষীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার একটি বার্তা দিয়েছেÑ এমন ব্যাখ্যাও করা যায়।
ভবিষ্যতে প্রধানমন্ত্রীর ভারত সফর হলে সেটি কেবল সৌজন্য সফর না হয়ে সীমান্ত, পানি, বাণিজ্য, জ্বালানি, যোগাযোগ, নিরাপত্তা ও প্রত্যর্পণসহ সুস্পষ্ট দ্বিপক্ষীয় এজেন্ডাভিত্তিক হওয়া বাংলাদেশের স্বার্থের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ। একইভাবে ব্রিকসসহ সব আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অংশগ্রহণ নির্ধারিত হওয়া উচিত আবেগ দিয়ে নয়, বরং অর্থনৈতিক সুযোগ, বাণিজ্যিক স্বার্থ, উন্নয়ন অর্থায়ন ও কৌশলগত প্রয়োজনের ভিত্তিতে। বাংলাদেশের জন্য মূল শিক্ষাÑ কোনো একটি শক্তি বা জোটের ওপর অতিরিক্ত নির্ভরতা নয়; বরং জাতীয় স্বার্থকে কেন্দ্র করে ভারসাম্যপূর্ণ, বহুমুখী ও মর্যাদাভিত্তিক পররাষ্ট্রনীতি।
শেষ বিচারে ব্রিকসের নয়াদিল্লি সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলোÑ বিশ্বব্যবস্থা পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং সেই পরিবর্তন বাস্তবায়নের সক্ষমতা এক নয়। ব্রিকসের অর্থনৈতিক ও রাজনৈতিক ওজন অস্বীকার করা যায় না। নতুন উন্নয়ন ব্যাংক একটি কার্যকর প্রতিষ্ঠান হিসেবে এগিয়েছে, স্থানীয় মুদ্রায় লেনদেনের আলোচনা বাস্তব পর্যায়ে এসেছে, আন্তঃদেশীয় অর্থপ্রদানের নতুন কাঠামো নিয়ে কাজ এগোচ্ছে এবং উন্নয়নশীল দেশগুলোর অধিকতর প্রতিনিধিত্বের প্রশ্নটি আন্তর্জাতিক আলোচনায় শক্তিশালী হয়েছে। কিন্তু এসব অর্জন এখনও ব্রিকসকে আইএমএফ, বিশ্বব্যাংক বা ডলারের পূর্ণাঙ্গ বিকল্প বলা যায় না।
বরং ব্রিকস এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে তার ভবিষ্যৎ নির্ধারিত হবে ঘোষণার উচ্চতা দিয়ে নয়, বাস্তবায়নের গভীরতা দিয়ে। সদস্য দেশগুলো যদি পারস্পরিক আস্থা বাড়াতে পারে, স্থানীয় মুদ্রার লেনদেনকে বাস্তব অর্থনৈতিক ভিত্তি দিতে পারে, আন্তঃদেশীয় অর্থপ্রদানের নিরাপদ ও নিরপেক্ষ ব্যবস্থা গড়ে তুলতে পারে এবং নতুন উন্নয়ন ব্যাংকের সক্ষমতা আরও বাড়াতে পারে, তাহলে ব্রিকসের গুরুত্ব নিঃসন্দেহে বৃদ্ধি পাবে। বিপরীতে, যদি অভ্যন্তরীণ প্রতিযোগিতা ও ভূ-রাজনৈতিক বিভাজন সহযোগিতাকে অতিক্রম করে, তা হলে এর বিশাল অর্থনৈতিক আকার সত্ত্বেও প্রাতিষ্ঠানিক প্রভাব সীমিত থাকতে পারে।
বাংলাদেশের জন্য তাই পথটি আরও পরিষ্কার। কোনো শক্তিকেন্দ্রের অনুসারী হওয়া নয়, আবার কোনো শক্তিকেন্দ্রকে অস্বীকার করাও নয়; বরং জাতীয় স্বার্থকে কেন্দ্র করে ভারসাম্যপূর্ণ, বহুমুখী ও মর্যাদাভিত্তিক কূটনীতি। ভারতের সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতা, চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও কৌশলগত যোগাযোগ, রাশিয়া ও মধ্যপ্রাচ্যের সঙ্গে স্বার্থভিত্তিক সম্পর্ক এবং ব্রিকস-বিমসটেকসহ বহুপাক্ষিক মঞ্চে সক্রিয় অংশগ্রহণÑ সবকিছুর কেন্দ্রবিন্দু হওয়া উচিত বাংলাদেশের নিজস্ব স্বার্থ। নয়াদিল্লি সম্মেলন সেই পথে কিছু অগ্রগতি দেখিয়েছে, কিন্তু চূড়ান্ত সাফল্যের প্রমাণ এখনও সামনে আসেনি। আর বাংলাদেশের জন্য মূল শিক্ষা হলো, পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় সবচেয়ে নিরাপদ অবস্থান কোনো একক শক্তির ছায়ায় নয়; বরং এমন এক কূটনৈতিক সক্ষমতার মধ্যে, যেখানে বাংলাদেশ প্রত্যেক পক্ষের সঙ্গে সম্পর্ক রাখবে, কিন্তু নিজের সিদ্ধান্তের অধিকার ও জাতীয় স্বার্থের নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখবে।
লেখক: অর্থনীতিবিদ, গবেষক ও কলামিস্ট